বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত ৫০তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মো. মিনহাজ উদ্দিন। নয় রাউন্ডের খেলায় সাড়ে সাত পয়েন্ট অর্জন করে শিরোপা জিতেছেন তিনি।

সাত পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় হয়েছেন বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ। একই পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস।
ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ষষ্ঠ থেকে অষ্টম স্থান অর্জন করেছেন যথাক্রমে ক্যান্ডিডেট মাস্টার মো. মাছুম হোসেন, সিলেটের ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ।

সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে নবম থেকে দ্বাদশ স্থান অর্জন করেছেন রায়ান রশিদ মুগ্ধ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মো. শরীফ হোসেন, সাধারণ বীমা করপোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ এবং বাংলাদেশ পুলিশ দাবা ক্লাবের তাশরিক সায়হান শান। শীর্ষ ১২-তে জায়গা করে নিয়ে তাঁরা জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
এদিকে সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে ত্রয়োদশ থেকে ষোড়শ স্থান অর্জন করেছেন যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান এবং ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম।
সোমবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রতিযোগিতার নবম ও শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে এবং আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার মো. শরীফ হোসেনকে পরাজিত করেন। এ ছাড়া ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দিব্য দাস গুপ্তকে, ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে এবং ক্যান্ডিডেট মাস্টার মো. আবু হানিফ ফয়সাল হোসেনকে হারান।
শেষ রাউন্ডে জয় পেয়েছেন ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ও রায়ান রশিদ মুগ্ধও। ইকরামুল হক সিয়াম পরাজিত করেন ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদকে এবং রায়ান রশিদ মুগ্ধ হারান মেহেরাব হোসেন আয়াজকে। অন্যদিকে সাকলাইন মোস্তফা সাজিদ ও সুব্রত বিশ্বাস, চঞ্চল কুমার ঘোষ ও মো. মাছুম হোসেন, শেখ নাসির আহমেদ ও খন্দকার আমিনুল ইসলাম এবং তাশরিক সায়হান শান ও মোহাম্মদ শাকের উল্লাহর মধ্যকার খেলা ড্র হয়।
এই প্রতিযোগিতার মধ্য দিয়ে রায়ান রশিদ মুগ্ধ ও তাশরিক সায়হান শান প্রথমবারের মতো জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন।
প্রতিযোগিতার শীর্ষ ১২ খেলোয়াড়ের সঙ্গে গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সরাসরি জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে অংশ নেবেন।
নয় রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপে ৫১ জন বাছাইকৃত খেলোয়াড় অংশগ্রহণ করেন।


