হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ। মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের দিনে ব্যাটিংয়ের সময় মাথায় বলের আঘাত পেয়েছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। ম্যাচ শেষে রাতেই তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবার মিরাজের শারীরিক অবস্থার সর্বশেষ জানালেন টিম ম্যানেজার নাফিস ইকবাল।
শুক্রবার বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় মিরাজকে দিয়ে সুখবরই দিয়েছেন নাফিস। জানিয়েছেন, পর্যবেক্ষণ পর্ব শেষে ওয়ানডে দলের অধিনায়ককে বাসায় পাঠানো হয়েছে। তবে তিনি ম্যাচের আগের দিন অনুশীলন করবেন কি না বা তৃতীয় ম্যাচ খেলতে পারবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন ফিজিও-ট্রেনাররা। ভিডিও বার্তায় নাফিস বলেন, ‘ওয়ানডে ক্যাপ্টেন মিরাজের সর্বশেষ আপডেট হলো-সে বাসায় ফিরেছে। এভারকেয়ার হাসপাতালে পর্যবেক্ষণে ছিল প্রায় ১২ ঘণ্টার মতো। আপনারা জানেন একটা বাউন্সারে তার মাথায় বল লেগেছিল। এরপর ওর একটু বমি হয় যা দুশ্চিন্তা জাগিয়েছিল। তবে খেলা চালিয়ে যায় এবং খেলা শেষ হওয়ার পরপর বিসিবির চিকিৎসক-ফিজিও সবাই মিলে সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’
হাসপাতালে পাঠানোর আগে অবশ্য মিরাজ কোনো শারীরিক সমস্যা বোধ করেননি। এরপরও ঝুঁকি না নিয়ে ফিজিও ও ট্রেনারের পরামর্শে তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে তাকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা, দুই দফা স্ক্যান করানো হয়। নাফিস জানান, ‘যদিও সে ভালোই অনুভব করছিল। এভারকেয়ারে তার স্ক্যান করানো হয়। প্রথম স্ক্যানে রিপোর্ট মাশাআল্লাহ ভালো আসে। আজও রিপোর্ট ভালো আসায় তাকে রিলিজ দেওয়া হয়েছে।
আজ অনুশীলন করবে কিনা এ ব্যাপারে নিশ্চিত নই। ডাক্তার ও ফিজিও অবশ্যই যোগাযোগ করবে এবং এভেইলেবিলিটির ব্যাপারে কাল আলাপ করা যাবে।’ বল হাতে এই সিরিজে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে বড় অবদান ছিল অধিনায়ক মিরাজের। ১৪৪ রানে মোসাদ্দেক হোসেন সৈকত বিদায় নিলে মিরাজ ক্রিজে নেমে ২২ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন।
তবে এ সময় বলের আঘাত লাগে তার মাথায়। সেবাশুশ্রূষার পরও উঠে না গিয়ে ব্যাটিং চালিয়ে যান। কনকাশনের শঙ্কা থেকে মিরাজকে ম্যাচ শেষ হতেই মেডিকেল টিম নিয়ে যায় হাসপাতালে। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা করা হয়। সিরিজ জয় নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচ হয়ে উঠেছে আনুষ্ঠানিকতার। তাই বিশ্রাম প্রয়োজন হলে সিরিজের শেষ ম্যাচে না-ও দেখা যেতে পারে তাকে। ইতোমধ্যে বিশ্রামের জন্য জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ‘ছুটি’ নিয়েছেন এই অলরাউন্ডার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















