নতুন মাইলফলকের খুব কাছে মেসি

ইন্টার মায়ামির জার্সিতে আবারও গোল পেলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন তারকার গোলেই জয়ের স্বপ্ন দেখছিল মায়ামি। তবে শেষ পর্যন্ত তা আর হলো না। যোগ করা সময়ে গোল করে ন্যাশভিল ২-২ গোলে ড্র ছিনিয়ে নেয়।

ন্যাশভিলের বিপক্ষে ম্যাচের আগে মায়ামির সময়টা ভালো যাচ্ছিল না। শেষ আট ম্যাচে জয় ছিল মাত্র একটি। ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থানের দৌড়ে মেসির দল পিছিয়ে পড়েছে ৯ পয়েন্ট।

মায়ামির বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটেই গোল করে ন্যাশভিলকে এগিয়ে দেন স্যাম সুরিজ। পরে রিড বেকার হুইটিংয়ের আত্মঘাতী গোলে সমতায় ফেরে মায়ামি। এরপর মেসির দুর্দান্ত গোলে লিড নেয় তারা।

ছোট ডি-বক্সের সামনে থেকে দারুণ এক ফিনিশিংয়ে বল জালে জড়ান মেসি। ইন্টার মায়ামির হয়ে এটি ছিল তাঁর ১১৪ ম্যাচে ৯৯তম গোল। অর্থাৎ ক্লাবটির হয়ে ১০০ গোলের মাইলফলক থেকে আর মাত্র এক গোল দূরে ৩৯ বছর বয়সী এই তারকা।

মায়ামির পরবর্তী ম্যাচেই সেই মাইলফলক ছোঁয়ার সুযোগ আছে মেসির। আগামী ১৭ সেপ্টেম্বর ক্যাম্পেওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলের মুখোমুখি হবে মায়ামি। ওই ম্যাচে গোল করতে পারলে আমেরিকান ফুটবলে নিজের গোলের সেঞ্চুরি পূর্ণ করবেন মেসি।

চলতি মৌসুমে এমএলএসে এটি মেসির ১৯তম গোল। এর মধ্য দিয়ে আমেরিকান ফুটবলে টানা তিন মৌসুমে অন্তত ১০টি করে গোল করার কীর্তিও গড়েছেন তিনি।

তবে ব্যক্তিগত অর্জনের আনন্দ পুরোপুরি উপভোগ করতে পারেননি মেসি। শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles