পাঁচ হাজার রানের দোরগোড়ায় মুমিনুল হক । টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম নির্ভরতার নাম মুমিনুল হক। বছরের পর বছর সাদা পোশাকে দলের ব্যাটিংয়ে ভরসার প্রতীক হয়ে থাকা এই বাঁহাতি ব্যাটার এখন দাঁড়িয়ে আছেন নতুন এক মাইলফলকের সামনে। আর ১৪১ রান করলেই টেস্টে পাঁচ হাজার রানের ক্লাবে ঢুকে যাবেন তিনি।
বাংলাদেশের ইতিহাসে এই কীর্তি গড়া তৃতীয় ব্যাটার হবেন মুমিনুল। এর আগে শুধু তামিম ইকবাল ও মুশফিকুর রহিম পাঁচ হাজার রান ছুঁয়েছেন। ৭৫ টেস্টে মুমিনুলের সংগ্রহ ৪ হাজার ৮৫৯ রান। টেস্ট ক্যারিয়ারে তার রয়েছে ১৩টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটি।
দীর্ঘ সময় ধরে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে তার ভূমিকা আলাদা করে দেখা হয়। ইনিংস গড়ার ধৈর্য, স্পিন সামলানোর দক্ষতা এবং উইকেটে থিতু হয়ে খেলাকে নিজের পক্ষে নেওয়ার সামর্থ্য তাকে দেশের সেরা টেস্ট ব্যাটারদের কাতারে রেখেছে। বর্তমানে বাংলাদেশের হয়ে নিয়মিত খেলছেন কেবল টেস্ট ফরম্যাটেই, আর এই ফরম্যাটেই তার গুরুত্ব সবচেয়ে বেশি।
বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন তামিম ইকবাল। ১২৯ ইনিংসে সেই কীর্তি গড়ে তিনিই ছিলেন দ্রুততম বাংলাদেশি ব্যাটার। পরে মুশফিকুর রহিম ১৪৯ ইনিংসে পৌঁছান পাঁচ হাজার রানে। মুমিনুল এখন পর্যন্ত খেলেছেন ১২৯ ইনিংস। ফলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজে ১৪১ রান করতে পারলে তিনি মুশফিককে ছাড়িয়ে দ্রুততম পাঁচ হাজার রানের তালিকায় এগিয়ে যাবেন।
ঘরের মাঠে মুমিনুল বরাবরই আত্মবিশ্বাসী। মিরপুরের পরিচিত উইকেটে তার ব্যাটে এসেছে বহু গুরুত্বপূর্ণ ইনিংস। সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতায় কিছুটা ভাটা পড়লেও অভিজ্ঞতা, টেস্ট মেজাজ এবং দীর্ঘ সময় ব্যাট করার সামর্থ্য তাকে এখনো দলের বড় ভরসা করে রেখেছে। পাকিস্তান সিরিজেই হয়তো বাংলাদেশের টেস্ট ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায়ের অংশ হয়ে উঠবেন তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















