বুমরাহ’র উইকেট প্রাপ্তির দিন জয় পেলো মুম্বাই

বুমরাহ’র উইকেট প্রাপ্তির দিন জয় পেলো মুম্বাই

প্রথম বলেই উইকেট নিয়ে জসপ্রিত বুমরাহ তাঁর খরা কাটালেন।

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে অবশেষে উইকেটের দেখা পেলেন পেসার জসপ্রিত বুমরাহ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট তুলে নিয়েছেন তিনি। আর ম্যাচেও বুমরাহ’র উইকেট প্রাপ্তির দিন জয় পেলো মুম্বাই ইন্ডিয়ান্স।

সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত ম্যাচে গুজরাট টাইটান্সকে ৯৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে এগিয়ে দেন তিলক ভার্মা। তার অপরাজিত সেঞ্চুরিতে নির্ধারিত ২০ ওভারে ১৯৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স গুটিয়ে যায় মাত্র ১০০ রানে।

এই জয়ের আগে টানা চার ম্যাচে হারের মুখ দেখেছিল মুম্বাই। মৌসুমের শুরুটা জয় দিয়ে করলেও দ্রুতই ছন্দ হারায় পাঁচবারের চ্যাম্পিয়ন দলটি। তবে এই জয়ে তারা আবারও ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে। গুরুত্বপূর্ণ এই দুই পয়েন্ট যোগ হওয়ায় পয়েন্ট টেবিলের তলানি থেকে এক লাফে সপ্তম স্থানে উঠে এসেছে হার্ডিক পান্ডিয়ার দল।

উইকেট খরা কাটিয়ে দুর্দান্ত সূচনা বুমরাহ’র

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকেও ম্যাচটি ছিল বুমরাহ’র জন্য বিশেষ। আসরের প্রথম পাঁচ ম্যাচে কোনো উইকেট না পাওয়া এই অভিজ্ঞ পেসার অবশেষে নিজের ছন্দ ফিরে পান। গুজরাটের ইনিংসের প্রথম বলেই সুইং করিয়ে সাই সুদর্শনকে আউট করে দলকে এনে দেন দুর্দান্ত সূচনা। যদিও পরে আর কোনো উইকেট যোগ করতে পারেননি তিনি, তিন ওভারে দিয়েছেন ১৫ রান।

তবে বোলিংয়ে আসল ধস নামান ইম্প্যাক্ট প্লেয়ার অশ্বিন কুমার। বাঁহাতি এই পেসার চার ওভারে ২৪ রান খরচায় চারটি উইকেট নিয়ে গুজরাটের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া আফগান গজনফার ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার দু’টি করে উইকেট শিকার করেন।

ম্যাচের নায়ক অবশ্য তিলাক ভার্মা। পাঁচ নম্বরে নেমে ইনিংসের শুরুতে ধীরস্থির থাকলেও পরে আক্রমণাত্মক রূপ নেন তিনি। মাত্র ৪৫ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। তার ইনিংসে ছিল সাতটি ছক্কা ও আটটি চার। আইপিএলে এটিই তার প্রথম সেঞ্চুরি, যা তাকে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয়।

সব মিলিয়ে ব্যাট-বল দুই বিভাগেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। এই জয়ে তাদের আত্মবিশ্বাস যেমন বেড়েছে, তেমনি আসরের পরবর্তী ম্যাচগুলোতে আরও শক্তভাবে ফিরে আসার ইঙ্গিতও দিয়েছে দলটি।

সংক্ষিপ্ত স্কোর:

Exit mobile version