৯ বছর আগে প্রথম শ্রেণির ক্রিকেট শুরু করা নাঈমের ৩০০ উইকেট শিকারের মাইলফলক অর্জন করেছেন। ডানহাতি এই অফস্পিনার চারদিনের ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে মঙ্গলবার এই কৃতিত্ব দেখিয়েছেন। নাঈম হাসান এজন্য খেলেছেন ৭৫টি লঙ্গার ভার্সন ম্যাচ।
২৬ বছর বয়সি নাঈমের ৩০০ উইকেট শিকারের মাইফলক ছুঁতে একটিই শিকার প্রয়োজন ছিল। এই ম্যাচে নামার আগে তার ঝুলিতে ছিল ৭৪ ম্যাচে ২৯৯ উইকেট। সাদমান ইসলাম অনিকের উইকেট নিয়ে নাঈম পূর্ণ করেন ৩০০।
মাত্র ১৮ বছর ছুঁই ছুঁই বয়সে টেস্ট অভিষেক হয় নাঈমের। তবে নিয়মিত একাদশে জায়গা হয়নি স্পিনারদের আধিক্য থাকার কারণে। দুই বাঁহাতি সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম নিয়মিত ছিলেন একাদশে। পাশাপাশি অফস্পিন অলরাউন্ডার হিসেবে নাঈমের তুলনায় অপরিহার্যতা বেশি ছিল মেহেদি হাসান মিরাজের।

আট বছরে তাই মাত্র ১৪টি টেস্ট খেলার সুযোগ পেয়েছেন নাঈম। ৪৮ উইকেট শিকার করেছেন তিনি টেস্টে। প্রথম শ্রেণিতে বাকি ২৫২ উইকেট ৬১টি চারদিনের লঙ্গার ভার্সন ম্যাচে। আড়াই বছর পর মঙ্গলবার মাঠে গড়িয়েছে লাল বলের আসর বিসিএল। যেখানে প্রথম দিনেই মাইলফলক ছুঁয়েছেন স্পিনার নাঈম।
নাঈমের ৩০০ উইকেট নিয়ে রাজিনের বক্তব্য
নিয়মিত টেস্ট খেলতে না পারা নাঈমকে দুর্ভাগা মনে করেন কোচ রাজিন সালেহ। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক মনে করেন, প্রতিদ্বন্দ্বিতায় মিরাজের চেয়ে পিছিয়ে থাকার কারণেই এখন পর্যন্ত মাত্র ১৪টি টেস্ট খেলা হয়েছে নাঈমের।
সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রাজিন বলেন, ‘আমি বলব সে (নাঈম) দুর্ভাগা। সে ভালো বোলার অবশ্যই। তবে ওর সমতুল্য যে আছে, তাকেও দেখতে হবে। মিরাজও ভালো বোলার এবং পরীক্ষিত। ঐ জায়গায় নাঈম একটু দুর্ভাগা, সুযোগ কম পাচ্ছে। অবশ্যই সামনে সুযোগ আসবে, আশা করি সে সুযোগ পাবে এবং টেস্ট দলকে সার্ভিস দিবে।’
সামনে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট আছে বাংলাদেশের। এরপর টেস্ট দল যাবে অস্ট্রেলিয়া সফরে। তার আগে চলমান বিসিএল ভালো প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন পূর্বাঞ্চলের কোচ, ‘অবশ্যই, এটা ভালো প্রস্তুতি। সামনে যেহেতু টেস্ট আছে। মানিয়ে নেওয়ার বিষয় আছে। এই টুর্নামেন্ট দিয়ে টেস্টের ভালো প্রস্তুতি হবে।’
ঘরের মাটিতে অবশ্য টেস্ট সিরিজে এখন নাঈমের জন্য সুযোগ পাওয়ার সম্ভাবনা বেড়েছে। কারণ, সাকিব আল হাসান এখন টেস্ট দলের বিবেচনায় নেই। তবে দেশের বাইরে, বিশেষ করে এশিয়ার বাইরে টেস্ট সিরিজের দলে জায়গা পাওয়া নিয়ে আছে সংশয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















