অস্ট্রেলিয়া ম্যাচের পর আইসিসির তিরস্কার পেলেন নাহিদ রানা । অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশের পেসার নাহিদ রানাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। একই সঙ্গে তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গের দায়ে নাহিদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায় বর্তমানে তার মোট ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে দুই।
ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। ওই ওভারে জশ ইংলিশকে আউট করার পর নাহিদ তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান। এছাড়া তিনি অনুপযুক্ত ভাষাও ব্যবহার করেন বলে উল্লেখ করেছে আইসিসি। সংস্থাটির মতে, এই আচরণ প্রতিপক্ষ ব্যাটারের মধ্যে আক্রমণাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত।
তবে নাহিদ রানা অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সদস্য প্রকাশ ভাটের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান নাহিদের বিরুদ্ধে অভিযোগ আনেন।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। আর সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











