এশিয়ান গেমস ক্রিকেটে কোয়ার্টার ফাইনালের টিকিট পেতে জয়ের বিকল্প ছিল না ওমান এর। তবে বৃষ্টির কারণে মালয়েশিয়ার বিপক্ষে মাঠেই নামতে পারেনি তারা। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি হয়েছে দুই দলের মধ্যে। তাতেই বিদায় নিশ্চিত হয়েছে ওমানের। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে মালয়েশিয়া।
শনিবার নিশিনে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ওমান ও মালয়েশিয়ার। কিন্তু টানা বৃষ্টির কারণে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে মালয়েশিয়া। ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ হংকং, চায়না। আর ১ পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।
আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। ‘বি’ গ্রুপের ফল অনুযায়ী, এখন কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ হংকং, চায়না।
বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে একবারই মুখোমুখি হয়েছিল। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
এদিকে শনিবার বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে নেপাল ও জাপানের ম্যাচও। ফলে জাপানের বিদায় নিশ্চিত হয়েছে। কোয়ার্টার ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর আফগানিস্তান খেলবে ভারতের বিপক্ষে।
সোমবার ভোরে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও হংকং। একই দিন বেলা ১১টায় খেলবে ভারত ও আফগানিস্তান।




