বাবরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা পাকিস্তানের। বাংলাদেশ সিরিজে না থাকা বাবর আজম, শাদাব খান ও নাসিম শাহ ফিরেছেন দলে, চোটের কারণে নেই ফখর জামান ও সাইম আইয়ুব। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ৩০ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। গত মার্চ মাসে বাংলাদেশ সফরে পাকিস্তানের ওয়ানডে দলে না থাকা কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে আবারও দলে ফিরিয়েছে নির্বাচকরা। দলে ফিরেছেন বাবর আজম, নাসিম শাহ, শাদাব খান ও সুফিয়ান মুকিম। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন সালমান আলী আঘা।
এদিকে আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস ও রোহাইল নাজির এই তিন ক্রিকেটার প্রথমবারের মতো পাকিস্তানের ওয়ানডে দলে ডাক পেয়েছেন। তারা এখনো আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক করেননি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে মুহাম্মদ গাজি ঘোরি ও রোহাইল নাজিরকে। অসুস্থতার কারণে উসমান খানকে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে পিসিবি।
অন্যদিকে চোটের কারণে বাইরে থাকা ফখর জামান ও সাইম আইয়ুব এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। পিসিবির মেডিকেল প্যানেলের তত্ত্বাবধানে তাদের পুনর্বাসন কার্যক্রম চলবে। পাকিস্তান দল আজ (শুক্রবার) ইসলামাবাদে একত্রিত হবে। আগামী ২৩ মে থেকে কোচিং স্টাফের অধীনে অনুশীলন শুরু করবে তারা। প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন মাইক হেসন।
অন্যদিকে অস্ট্রেলিয়া দলও ২৩ মে ইসলামাবাদে পৌঁছাবে। সিরিজের আগে তারা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ৩০ মে থেকে ৪ জুন পর্যন্ত। প্রথম ম্যাচ হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে গাদ্দাফি স্টেডিয়ামে। পাকিস্তান সিরিজ শেষে অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে।
অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তান ওয়ানডে স্কোয়াড- শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলী আঘা (সহ-অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হুসাইন ও সুফিয়ান মুকিম।
সিরিজ সূচি (সব ম্যাচ পাকিস্তানের স্থানীয় সময় বিকেল ৪:৩০টায় শুরু)-
৩০ মে -প্রথম ওয়ানডে, রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম
২ জুন – দ্বিতীয় ওয়ানডে, গাদ্দাফি স্টেডিয়াম
৪ জুন -তৃতীয় ওয়ানডে, গাদ্দাফি স্টেডিয়াম
