বাংলাদেশে আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি । টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পর দীর্ঘ সময় বাংলাদেশকে সমর্থন দিয়ে এসেছে পাকিস্তান। সে সময় বাংলাদেশের অবস্থানের প্রতি সংহতিও জানিয়েছিল তারা। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেটের সম্পর্কেও তৈরি হয়েছে বাড়তি উষ্ণতা।
এবার প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকভি। কোনো আনুষ্ঠানিক আলোচনার জন্য নয়, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা মাঠে বসে দেখতে মিরপুরে উপস্থিত থাকবেন তিনি।
আগামীকাল শুক্রবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিসিবি সূত্র নিশ্চিত করেছে, ম্যাচের প্রথম দিনই স্টেডিয়ামে থাকবেন সফরকারী দলের বোর্ড প্রধান। পাকিস্তান ক্রিকেট বোর্ড আগেই বিসিবিকে জানিয়েছিল, এই সিরিজে তাদের ১০ থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে।
এই সফরে নাকভির সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা না থাকলেও বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সঙ্গে তার সাক্ষাৎ হতে পারে।
বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই সিরিজ দিয়েই প্রথমবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। সবশেষ টেস্টে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয় পেয়েছিল বাংলাদেশ। নতুন চক্রে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চায় তারা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















