এশিয়ান গেমসে নতুন অধিনায়ক পেল পাকিস্তান

এশিয়ান গেমসে নতুন অধিনায়ক পেল পাকিস্তান

পাকিস্তান দলে নেতৃত্বের দায়িত্ব পেলেন ফারহান।

এশিয়ান গেমসে নতুন অধিনায়ক পেল পাকিস্তান , নতুন অধিনায়ক নিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান; নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ ব্যাটার সাহিবজাদা ফারহান।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমস। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইভেন্ট শুরু হবে ২৪ সেপ্টেম্বর, আর পদক নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। ১০ দলের এই প্রতিযোগিতা আয়োজন করা হবে আইচি প্রিফেকচারের কোরোগি অ্যাথলেটিক পার্কে।

দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া ৩০ বছর বয়সী ফারহান পাকিস্তানের হয়ে ৪৬টি – টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি দুটি সেঞ্চুরি ও ১০টি ফিফটির সাহায্যে ১,৩০৫ রান করেছেন। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল সামাদকে, যার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ সংখ্যা পাঁচ।

তরুণদের ওপর ভরসা রাখল পাকিস্তান

পিসিবির ঘোষিত স্কোয়াডে বেশ কয়েকজন পরিচিত মুখের পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন উদীয়মান ক্রিকেটারও। আবরার আহমেদ, সাইম আইয়ুব, আরাফাত মিনহাস, হাসান নওয়াজ ও সুফিয়ান মোকিমদের মতো ক্রিকেটাররা রয়েছেন দলে। এদিকে আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত এবং সাদ মাসুদ এখনো পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না করলেও তাদের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা।

এবার এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে লাহোরে ১৫ জুন থেকে শুরু হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) হোয়াইট-বল ক্যাম্পেও অংশ নেবেন স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটার। ঘোষিত ১৫ সদস্যের দলের মধ্যে ১৪ জন এই ক্যাম্পে থাকবেন।

পাকিস্তানের নতুন প্রধান কোচ মাইক হেসনের অধীনে এটি হতে যাচ্ছে অন্যতম বড় বহুজাতিক আসর। তাই দল নির্বাচনে ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক অভিজ্ঞতার মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করেছে পিসিবি।

এশিয়ান গেমসের জন্য পাকিস্তান দলঃ সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আবদুল সামাদ (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরাফাত মিনহাস, হায়দার আলী, হাসান নওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মদ সালমান মির্জা, সাদ মাসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মোকিম ও উসমান খান (উইকেটকিপার)।

কোচিং ও সাপোর্ট স্টাফঃ মাইক হেসন (প্রধান কোচ), অ্যাশলি নফকে (বোলিং কোচ), শেন ম্যাকডারমট (ফিল্ডিং কোচ), মোহাম্মদ তাহির (ফিজিওথেরাপিস্ট), ইমরান উল্লাহ (ট্রেইনার) এবং উসমান হাশমি (অ্যানালিস্ট ও টিম অপারেশনস সমন্বয়ক)।

Exit mobile version