ঢাকা টেস্টে জয়ের লক্ষ্যেই নামবে পাকিস্তান । বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে এখনো লড়াইয়ে আছে পাকিস্তান। ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল পঞ্চম দিনে। চতুর্থ দিনের খেলা শেষে দুই দলের দিক থেকেই জয়ের আত্মবিশ্বাসের কথা শোনা গেছে।
পাকিস্তানের ব্যাটার সালমান আলি আগা জানিয়েছেন, তাদের লক্ষ্য একটাই, ম্যাচ জেতা। তার মতে, বাংলাদেশ যদি ২৬০ রানের মতো লক্ষ্য দেয় এবং হাতে ৭০ ওভারের কাছাকাছি সময় থাকে, তাহলে তারা তা তাড়া করতে প্রস্তুত থাকবে। তবে বাংলাদেশ এত বড় ঝুঁকি নেবে বলে তিনি মনে করেন না।
সালমান বলেন, যদি প্রতিপক্ষ দুই সেশন ব্যাট করে প্রায় ২৫০ রানের লক্ষ্য দেয়, তাহলে পাকিস্তান অবশ্যই প্রথমে জয়ের দিকেই তাকাবে। পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে পরে পরিকল্পনা বদলানো হবে, তবে এখন তাদের একমাত্র লক্ষ্য জয়।
বাংলাদেশের ব্যাটিং নিয়েও মন্তব্য করেন তিনি। তার ধারণা, বড় সংগ্রহ গড়তে গেলে স্বাগতিকদের আরও অন্তত ১২০ রান করতে হবে, আর সেটা করতে হলে ঝুঁকি নিতে হবে। ব্যক্তিগত ভাবে তিনি চান বাংলাদেশ সেই ঝুঁকি নিক, কারণ তাতে ম্যাচটি দুই দলের জন্যই উন্মুক্ত হয়ে যাবে। তবে তার বিশ্বাস, বাংলাদেশ হয়তো এতটা আক্রমণাত্মক পথে যাবে না।
বৃষ্টির পর রান তোলার গতি নিয়েও কথা বলেন সালমান। তিনি জানান, দীর্ঘ বিরতির পর দ্রুত রান আসেনি, যদিও সেটাই তিনি প্রত্যাশা করছিলেন। তার ধারণা, শেষ দিনে বাংলাদেশ হয়তো কিছুটা দ্রুত রান তুলতে চাইবে এবং পাকিস্তানের সামনে একটি লক্ষ্য দাঁড় করাবে। এখন অপেক্ষা আগামীকালের খেলার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















