পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) থেকে নাম প্রত্যাহার করে নিলো পাকস্তিান চ্যাম্পিয়ন্স। গত বছর এই প্রতিযোগিতাকে ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্বের’ বলে অভিযোগ করে বিবৃতি দিয়েছিল পিসিবি। এই ইভেন্টে তাদের অংশ গ্রহণও বরদাশত করা হবে না বলে সতর্ক করেছিল তারা।
এবারের এই প্রতিযোগিতা খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলছে বলে অভিযোগ তাদের। ভবিষ্যতে এই ধরনের আয়োজনে পাকিস্তানের অংশ গ্রহণের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার কথা জানায় তারা। পিসিবি তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। যদিও গত বছরের টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে রানার্সআপ হওয়া পাকিস্তান দলের জন্য এনওসি আদায়ে চেষ্টা করেছিল লিগ কর্তৃপক্ষ। কিন্তু অচলাবস্থা কাটেনি।
পাকিস্তান চ্যাম্পিয়ন্স ক্রিকইনফোকে জানিয়েছে, ‘প্রয়োজনীয় অনাপত্তিপত্র দিতে অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড অটল থাকায় চলমান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) অংশ নিতে না পারার কথা দুঃখের সঙ্গে জানাচ্ছে পাকিস্তান চ্যাম্পিয়ন্স।
এই বছরের টুর্নামেন্ট শুরু হয়েছে ৩ অক্টোবর। ভারত ও অস্ট্রেলিয়া প্রথম ম্যাচ খেললেও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ স্থগিত হয়। আয়োজকরা পিসিবির সঙ্গে সমঝোতা করতে চেয়েও পারেনি। এনওসি পাওয়ার আশা নিয়েই পাকিস্তানের ম্যাচের সূচি পুনর্নির্ধারণের পরিকল্পনা করেছিল তারা। সোমবার অস্ট্রেলিয়া-পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে দলটির বিবৃতির পর পরিষ্কার হলো, বিষয়টির সুরাহা হয়নি।




