কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলতে যাচ্ছে না যুক্তরাষ্ট্র

কাতারে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ! নিরাপত্তা শঙ্কায় কাতারে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে সশস্ত্র সংঘাতের আশঙ্কা এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ইউএস সকার।

আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হওয়ার কথা ৪৮ দলের এই বিশ্বকাপ। ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত আয়োজকদের জন্য নতুন পরিস্থিতি তৈরি করেছে।

ভ্রমণের বিষয়ে সতর্কতা

গত ২৩ অক্টোবর কাতার ভ্রমণের বিষয়ে তৃতীয় স্তরের সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এতে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়। সম্ভাব্য সশস্ত্র সংঘাতের ঝুঁকির পাশাপাশি প্রতিবেশী সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার বিষয়টিও সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছিল।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

বুধবার খেলোয়াড়দের পাঠানো এক চিঠিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানায় ইউএস সকার। সেখানে বলা হয়, বর্তমান পরিস্থিতি, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কতা এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের বিষয়ে দেওয়া নির্দেশনার কারণে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না। খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

দল ঘোষণা যুক্তরাষ্ট্রের

এর আগে গত সপ্তাহে অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ অ্যালেক্স আলদাজ বিশ্বকাপের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছিলেন। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ ছিল চিলি ও আলজেরিয়া।

গত বছরও কাতারে অনুষ্ঠিত হয়েছিল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সেবার শেষ ষোলোতে ওঠার আগের রাউন্ড, অর্থাৎ শেষ ৩২ থেকে বিদায় নিয়েছিল যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, ২০২৪ সালে ফিফা ঘোষণা করেছিল, ২০২৫ থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর অনূর্ধ্ব-১৭ পুরুষ বিশ্বকাপ আয়োজন করবে কাতার। এবারের আসরেও ৪৮টি দলের অংশ নেওয়ার কথা রয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles