কোচের সিদ্ধান্তে ক্ষুব্ধ রোনালদো – ছেড়ে গেলেন ক্যাম্প

পর্তুগাল জাতীয় দলের কোচ জর্জ জেসুস বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আবারও বেঞ্চে রাখার পরিকল্পনার কথা জানানোর পর জাতীয় দলের ক্যাম্প ছেড়ে গেছেন ৪১ বছর বয়সী এই তারকা। বুধবার এক বিবৃতিতে রোনালদো নিজেই ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনই বিস্তারিত জানাননি তিনি। পরে এ বিষয়ে সবকিছু জানাবেন বলে জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, জাতীয় দলের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলেই তিনি ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন,

উপযুক্ত সময়ে পর্তুগালের মানুষের কাছে জাতীয় দল ছাড়ার কারণ গুলো জানাব। আমি সবসময় যে জাতীয় দলকে নিবেদিত ভাবে প্রতিনিধিত্ব করেছি, তার প্রতি আমার সম্মান অটুট থাকবে। এখন পর্তুগাল ও আমার সব সতীর্থের জন্য শুভকামনা জানাতে চাই।

এর আগে কোচ জেসুস জানিয়েছিলেন, ডেনমার্কের বিপক্ষে ম্যাচে রোনালদোকে শুরু থেকে খেলানোর পরিকল্পনা নেই তার। সবকিছু পরিকল্পনা মতো চললে গনসালো রামোসই আক্রমণ ভাগে শুরু করবেন বলে জানান তিনি।

জেসুস বলেন, প্রতিটি খেলোয়াড়ই জানে সিদ্ধান্তটা কোচ নেন। রোনালদোও জানে আমি যে সিদ্ধান্ত নেব, সে সেটি মেনে নেবে। রোনালদোর প্রয়োজন হলে ম্যাচের কোনো এক পর্যায়ে তাকে মাঠে নামানো হতে পারে বলেও জানান পর্তুগালের কোচ। যদি আমাদের রোনালদোকে প্রয়োজন হয়, সে খেলবে। প্রয়োজন না হলে খেলবে না,বলেন জেসুস।

গত রোববার নরওয়ের বিপক্ষে পর্তুগালের ২-১ গোলের জয়ের ম্যাচেও খেলেননি রোনালদো। এরপর থেকে দলের সঙ্গে অনুশীলনেও দেখা যায়নি তাকে। ফলে কোচের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুরু হয়। জেসুস অবশ্য রোনালদোর সঙ্গে কোনো দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। তার দাবি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো খেলোয়াড়ই তাকে প্রভাবিত করতে পারেন না।

রোনালদোকে নরওয়ের বিপক্ষে খেলানোর সম্ভাবনার কথা আগে জানিয়েছিলেন জেসুস। কিন্তু ম্যাচের পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি। দীর্ঘ সময় রোনালদোকে ওয়ার্ম-আপ করানোর পরও খেলানোর সুযোগ না দেওয়াটা ভুল ছিল বলেও স্বীকার করেন কোচ। তবে এ ঘটনায় রোনালদোর কাছে ক্ষমা চাননি তিনি।

জেসুস বলেন,

আমি যা চাই প্রতিশ্রুতি দিতে পারি, কারণ আমি কোচ। কোনো খেলোয়াড় আমার হয়ে সিদ্ধান্ত নেবে না। একই সঙ্গে রোনালদোর মতো ক্যারিয়ার ও মর্যাদার খেলোয়াড়কে কোচদের পক্ষ থেকে কিছুটা ভিন্ন ধরনের মনোযোগ দেওয়া উচিত বলেও স্বীকার করেছেন তিনি।

জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

রোনালদো বর্তমানে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা। পর্তুগালের হয়ে তার গোলসংখ্যা ১৪৬। পাশাপাশি ক্যারিয়ারে ১,০০০ গোলের মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন তিনি।

এমন পরিস্থিতিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনায় তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে রোনালদো বা পর্তুগিজ ফুটবল ফেডারেশন, কেউই তার জাতীয় দল থেকে অবসরের কথা জানায়নি।

রোনালদোকে ছাড়াই পরবর্তী ম্যাচ

পর্তুগিজ ফুটবল ফেডারেশন জানিয়েছে, রোনালদো ক্যাম্প ছেড়েছেন এবং বাকি ২৪ খেলোয়াড়কে নিয়ে দলের প্রস্তুতি অব্যাহত থাকবে। জাতীয় দলের আসন্ন ম্যাচগুলোর দিকে পুরো মনোযোগ দেওয়ার কথাও জানিয়েছে তারা। উয়েফা নেশন্স লিগে এখন পর্যন্ত দারুণ অবস্থানে রয়েছে পর্তুগাল। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ৪’-এর শীর্ষে তারা। ডেনমার্ক ও নরওয়ের সংগ্রহ ৩ পয়েন্ট করে, আর ওয়েলস এখনো পয়েন্টের দেখা পায়নি। বৃহস্পতিবার ডেনমার্কের বিপক্ষে খেলবে পর্তুগাল। এরপর রোববার নিজেদের মাঠে আবার নরওয়ের মুখোমুখি হবে তারা।

রোনালদোর ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত বর্তমান আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পরও বহাল থাকবে কি না, তা এখনো পরিষ্কার নয়। এদিকে রোনালদোর এই ঘটনা সামনে আসার সময়ই তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য বিদায়ী ম্যাচের সামনে দাঁড়িয়ে আছেন। ফলে ফুটবল বিশ্বের দুই মহাতারকার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েই নতুন করে আলোচনা শুরু হয়েছে।

spot_imgspot_img
spot_img

Related Articles