বিশ্বকাপের স্বপ্ন পুরোণের পথে রোনালদো!

বিশ্বকাপের স্বপ্ন পুরোণের পথে রোনালদো!

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ বিশ্বকাপের পর্দা উঠবে আগামী ১১ জুন। এবার বিশ্বকাপে শিরোপা জিততে কে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন! সবশেষ আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির দীর্ঘদিনের লালিত বিশ্বকাপ জয়ের স্বপ্ন পুরোন হয়েছে ২০২২ সালে।

এবার রোনালদোকে বিশ্বকাপ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে যদি রোনালদোর হাতে ওঠে ২০২৬ ফুটবল বিশ্বকাপ ট্রফি! তবে সেটি হবে ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত। এমন স্বপ্ন এখন দেখছেন পর্তুগিজ সমর্থকেরা। আর সেই স্বপ্ন পূরণে নিজেদের উজাড় করে দিতে প্রস্তুত রোনালদো ও তার সতীর্থরা।

৪১ বছর বয়সেও অবিশ্বাস্য ফিটনেস আর অদম্য মানসিকতায় আরও একটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ‘সিআর সেভেন’। শুধু অংশগ্রহণ নয়, শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তিনি। রোনালদোর এই শেষ বিশ্বকাপকে বিশেষ করে তুলতে চান ব্রুনো ফার্নান্দেজও।

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনিকে দেয়া বিবিসি’র এক সাক্ষাৎকারে ব্রুনো বলেন, ‘দেশকে গর্বিত করতে আমি সর্বোচ্চটা দেব। ক্রিস্টিয়ানোর সঙ্গে এই শেষ বিশ্বকাপ জিততে পারলে সেটি হবে অসাধারণ। শুধু পর্তুগালের জন্য নয়, ফুটবলের জন্য সে যা করেছে, তার জন্যও সে এমন বিদায় প্রাপ্য।’

রবার্তো মার্টিনেজও মনে করেন, রোনালদোর সবচেয়ে বড় শক্তি তার মানসিক দৃঢ়তা। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৩ গোল করা এই তারকাকে নিয়ে পর্তুগাল কোচ বলেন, ‘খেলোয়াড়কে অবসর নিতে বাধ্য করে শুধু শরীর নয়, মনও। ক্রিস্টিয়ানোর মন এখনও থামতে রাজি নয়।

এদিকে আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ক্যারিয়ার নিয়েও আলোচনায় আছেন ব্রুনো। ইউনাইটেডের মিডফিল্ডারকে নিয়ে সৌদি প্রো লিগেরর আগ্রহের গুঞ্জন থাকলেও, রেড ডেভিল জানিয়েছে-এই গ্রীষ্মে কোনোভাবেই ফার্নান্দেজকে ছাড়ছে না তারা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ৪৮ দলের বিশ্বকাপ। আসর শুরুর ছয় দিন পর, আগামী ১৭ জুন ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে পর্তুগাল। ‘কে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।

Exit mobile version