পর্তুগালের খেলা দুর্বল করেছে রোনালদো-অঁরি

পর্তুগালের খেলা দুর্বল করেছে রোনালদো-অঁরির

বিশ্বকাপে পর্তুগালের খেলা দুর্বল করেছে রোনালদো, এমন মন্তব্য করেছেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। চলতি বিশ্বকাপে লিওনেল মেসির হ্যাটট্রিকের পর ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে চোখ ছিল সকলের। কিন্তু গত (১৭ জুন) ডিআর কঙ্গোর বিপক্ষে পর্তুগালের উদ্বোধনী ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স উপহার দিয়েছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা।

অপেক্ষাকৃত কম শক্তিশালী আফ্রিকান দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। এমন হতাশাজনক রাতের পর আবারও রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পর্তুগাল দলের বড় একটি সমস্যার দিকে আঙুল তুলেছেন ফুটবলের অন্যতম সম্মানিত বিশ্লেষক ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি।

রোনালদোর পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে অঁরি কঠোর সমালোচনা করেন। তিনি বলেন. পর্তুগাল দলের আক্রমণভাগকে কার্যকর করার চেয়ে রোনালদো যেন নিজের গোল পাওয়ার দিকেই বেশি মনোযোগী ছিলেন, যা দলের সামগ্রিক ছন্দ নষ্ট করেছে। যে ম্যাচডেতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হলান্ড দুর্দান্ত গোল করে শিরোনাম হয়েছেন, এই ফরাসির ধারণা, রোনালদোও তাদের সঙ্গে পাল্লা দিয়ে আলোচনায় আসতে চেয়েছিলেন। কিন্তু সেই মানসিকতাই তার সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলেছে।

ফক্স স্পোর্টসের ম্যাচ-পরবর্তী আলোচনায় অঁরি আরও বলেন, ‘একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সবাই শুনুন, দলের গোল করা দরকার। আপনার গোল করা দরকার নয়।’ অঁরি যোগ করেন, ‘কারণ সে (রোনালদো) নিজেই গোল করতে চায়, তাই সে ব্যাক পাসের লাইনে চলে আসে। তখন দুই খেলোয়াড় একই জায়গায় থাকে এবং প্রতিপক্ষের জন্য রক্ষণ করা সহজ হয়ে যায়। আমার বক্তব্য হলো, দলের গোল করা দরকার, শুধু আপনার নয়।’

ম্যাচের কয়েকটি আক্রমণাত্মক মুহূর্ত বিশ্লেষণ করে অঁরি দেখান, রোনালদোর নড়াচড়া অনেক ক্ষেত্রে সতীর্থদের জন্য জায়গা তৈরি করার বদলে উল্টো জায়গা সংকুচিত করেছে। বিশেষ করে তিনি উল্লেখ করেন, ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের অবস্থানগত ভুলের কারণে পর্তুগালের প্রধান সৃজনশীল মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস তার স্বাভাবিক খেলা খেলতে পারেননি।

এছাড়া অঁরির মতে, সমস্যাটি কেবল রোনালদোর সাময়িক গোলখরা নয়; বরং পুরো আক্রমণভাগকে একজন তারকার চারপাশে ঘোরানোর মধ্যেই মূল ত্রুটি রয়েছে। ফরাসি কিংবদন্তির এই মন্তব্যের গুরুত্ব অনেক, কারণ তিনি নিজেও বিশ্বকাপজয়ী ফুটবলার এবং আধুনিক ফুটবলের অন্যতম সেরা ফরোয়ার্ডদের একজন ছিলেন। তার স্পষ্ট বক্তব্য, যদি পর্তুগাল সত্যিই ২০২৬ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে, তাহলে তাদের আরও ভারসাম্যপূর্ণ ও দলভিত্তিক ফুটবল খেলতে হবে; ৪১ বছর বয়সী রোনালদোর ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে হবে।

আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর শারীরিক সক্ষমতা ও কৌশলগত প্রভাব নিয়ে বিতর্ক এখন নতুন করে শুরু হয়েছে। আর কঙ্গোর বিপক্ষে এই ড্র পর্তুগালের সামনে একটি কঠিন প্রশ্ন তুলে ধরেছে, কীভাবে তারা তাদের প্রতিভাবান প্রজন্মকে সর্বোচ্চভাবে কাজে লাগাবে!

Exit mobile version