Home Blog Page 15

বাংলাদেশের বিপক্ষে অঘটন ঘটাতে চায় আমিরাতের নারীরা

0

নারী এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরাতের সামনে কঠিন চ্যালেঞ্জ। প্রতিপক্ষ বাংলাদেশ। তবে এই ম্যাচে শুধু জয় নয়, ইতিহাস গড়ার হাতছানি দেখছে আমিরাত। বাংলাদেশকে হারাতে পারলে প্রথমবারের মতো এশিয়া কাপের নকআউট পর্বে ওঠার সুযোগ তৈরি হবে তাদের।

দুবাইয়ে গ্রুপ ‘বি’-এর ম্যাচটি শুরু হবে আজ রাত সাড়ে ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

এশিয়া কাপে আমিরাত এখনো নবীন দল। ২০২২ সালে প্রথমবারের মতো টুর্নামেন্টে খেলতে নেমেছিল তারা। অভিষেক আসরেই মালয়েশিয়াকে হারিয়ে চমক দেখিয়েছিল দলটি। পরের আসরে অবশ্য কঠিন গ্রুপে পড়ে কোনো জয় পায়নি তারা। ভারত, পাকিস্তান ও নেপালের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হয়েছিল আমিরাতকে।

তবে এবার বদলে যাওয়া দল নিয়েই এশিয়া কাপে এসেছে আমিরাত। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার কাছে হারলেও পরের ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। সেই জয়ের পরই শেষ চারে ওঠার স্বপ্ন দেখতে শুরু করেছে দলটি।

অন্যদিকে বাংলাদেশের সমীকরণও পরিষ্কার। আজ আমিরাতকে হারাতে পারলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে নিগার সুলতানা জ্যোতির দল। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে যায় তারা। সেই জয়ে শ্রীলঙ্কা নিশ্চিত করেছে শেষ চার।

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ ও আমিরাত—দুই দলেরই পয়েন্ট ২। তবে নেট রানরেটে এগিয়ে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে জয়ই দুই দলের জন্য গুরুত্বপূর্ণ। যে দল জিতবে, তারাই সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে।

কাগজে-কলমে অবশ্য বাংলাদেশের চেয়ে অনেকটাই পিছিয়ে আমিরাত। কিন্তু নকআউট পর্বের স্বপ্ন সামনে রেখে আজ অঘটন ঘটানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে তারা। বাংলাদেশের জন্য তাই ম্যাচটি সহজ হওয়ার সুযোগ নেই।

হারের পর জরিমানা বাংলাদেশ নারী দলের

0

শ্রীলঙ্কার বিপক্ষে নারী এশিয়া কাপের ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত সময়ে এক ওভার কম বল করায় দলের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

দুবাইয়ে রোববার অনুষ্ঠিত নারী এশিয়া কাপের গ্রুপ ‘বি’র ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেনি। সময়ের অনুমোদিত ছাড় হিসাব করার পরও বাংলাদেশ এক ওভার পিছিয়ে ছিল বলে ম্যাচ রেফারিরা নিশ্চিত করেন।

এ ঘটনায় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এমিরেটস ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারির সদস্য জি এস লক্ষ্মী এই শাস্তি দেন।

আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড় সহায়তাকারী কর্মীদের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বল করার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। সেই নিয়মেই বাংলাদেশের ওপর এই শাস্তি আরোপ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে নিগার সুলতানা জ্যোতি দোষ স্বীকার করে নেন এবং প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগটি আনেন মাঠের দুই আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমায়রা ফারাহ। তাদের সঙ্গে তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসানও অভিযোগ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। নারী এশিয়া কাপে গুরুত্বপূর্ণ ম্যাচে ধীর ওভার রেটের কারণে এই জরিমানা বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তির।

বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরক অভিযোগ, পেয়েছেন মেরে ফেলার হুমকি!

0

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচ হারের পর বাংলাদেশ দলের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জেরার্ড জোন্সকে। বরখাস্ত হওয়ার চার দিন পর বাংলাদেশে তাঁর কাজের সময়কার অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন এই কোচ। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে ফেসবুকে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে জোন্স দাবি করেছেন, বাংলাদেশে কাজ করার সময় ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য ফাঁসের পাশাপাশি মেরে ফেলার হুমকিও পেয়েছেন তিনি।

জোন্স লিখেছেন, ‘ফুটবলের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করা ন্যায্য। কিন্তু ব্যক্তিগত আক্রমণ, ব্যক্তিগত তথ্য ফাঁস এবং মেরে ফেলার হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি কিছু বাজে বার্তা পেয়েছি, আমার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে এবং মেরে ফেলার হুমকিও পেয়েছি। আমি একজন স্বামী, একজন বাবা এবং একজন সন্তান।’

তবে জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দিষ্ট কারণ জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এক বিজ্ঞপ্তিতে শুধু বলা হয়েছে, এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বের দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাঁর সঙ্গে করা চুক্তি বাতিল করেছে বাফুফে।

বাফুফের একটি সূত্র অবশ্য জানিয়েছিল, ফল বিপর্যয়ের পাশাপাশি গত ১৯ আগস্ট টিম হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনাও জোন্সকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। ওই দিন দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। পরে জোন্স নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন।

বাংলাদেশে নিজের কাজকে অবশ্য শুধু ম্যাচের ফল দিয়ে বিচার করতে রাজি নন জোন্স। তাঁর দাবি, জাতীয় দলের ফলাফলের পাশাপাশি যুব উন্নয়ন, কোচ তৈরি, প্রতিভা শনাক্তকরণ এবং প্রবাসী খেলোয়াড়দের নিয়ে কাজ করার মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছিল তাঁর।

জোন্স লিখেছেন, ‘বাংলাদেশে আমি শুধু জাতীয় দলের ফলাফল নিয়ে কাজ করতে যাইনি। যুব উন্নয়ন, কোচ তৈরি, প্রতিভা শনাক্তকরণ এবং প্রবাসী খেলোয়াড়দের নিয়ে কাজ করার মতো বৃহত্তর পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় ছিল খুব কম।’

বাংলাদেশ দলের সঙ্গে প্রায় নয় সপ্তাহ কাজ করার সুযোগ পেয়েছিলেন জোন্স। এই সময়ে অনুশীলনে দলের বেশ কিছু উন্নতি দেখেছিলেন বলে দাবি তাঁর। তাঁর মতে, বল দখল, আক্রমণে বৈচিত্র্য, বক্সে প্রবেশ, হাই প্রেসিং ও কাউন্টার প্রেসিংয়ে দল ভালো করছিল। তবে প্রতিযোগিতামূলক ম্যাচে অনুশীলনের সেই পরিকল্পনা ধরে রাখতে পারেনি বাংলাদেশ।

জোন্সের ভাষায়, ‘অনুশীলনে আমরা যে ফুটবল তৈরি করেছিলাম, মাঠে সেটি ধারাবাহিকভাবে খেলতে পারিনি। দলটি আমাদের প্রস্তুতির সময় যে নীতিগুলো তৈরি করেছিল, তার তুলনায় অনেকটাই অচেনা হয়ে গিয়েছিল।’

বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ঘোষণা আফগানিস্তানের

0

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি আগেই নিশ্চিত হয়েছিল। অপেক্ষা ছিল ওয়ানডে সিরিজের ধরন নিয়ে-দ্বিপক্ষীয় সিরিজ হবে, নাকি তাতে যোগ দেবে অন্য কোনো দল। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান হয়েছে। জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশ ও আফগানিস্তানকে অংশগ্রহণ করিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আগামী ৯ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের এই সফর। এরপর ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টুর্নামেন্টের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে। নিজেদের হোম সিরিজের ম্যাচগুলো নিয়মিতই আরব আমিরাতের বিভিন্ন ভেন্যুতে আয়োজন করে আফগানিস্তান।

১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ১৯ অক্টোবর আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ অক্টোবর আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ। লিগ পর্বে প্রতিটি দল একবার করে পরস্পরের মুখোমুখি হওয়ার পর ২৩ অক্টোবর হবে ফাইনাল।

ত্রিদেশীয় সিরিজ শেষ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ অক্টোবর শুরু হবে সেই সিরিজ। এরপর দুই দলের মধ্যে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ, যার প্রথমটি মাঠে গড়াবে ৫ নভেম্বর।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান মনে করেন, এই সিরিজগুলোর মাধ্যমে বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও দৃঢ় হবে।

এক বিবৃতিতে নাসিব খান বলেন, ‘আফগানিস্তান জাতীয় দলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের এই গুরুত্বপূর্ণ সময়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। বিভিন্ন সংস্করণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলা আমাদের খেলোয়াড়দের মূল্যবান প্রতিযোগিতামূলক সুযোগ দেবে এবং আমাদের সমর্থকদের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের একটি উত্তেজনাপূর্ণ সময় উপহার দেবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় দলকে নিয়মিত উচ্চমানের আন্তর্জাতিক ক্রিকেট উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিই। এই গুরুত্বপূর্ণ সূচিগুলো সম্ভব করে তোলার ক্ষেত্রে তাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।’

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে সেখানে এবারই প্রথম টেস্ট খেলতে নামবে তারা। বিষয়টিকে লাল বলের ক্রিকেটে নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ এবং ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান-উভয় দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ ক্রিকেট মৌসুমের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিই। সংযুক্ত আরব আমিরাতে আমাদের ক্রিকেটারদের জন্য এটিই হবে লাল বলের ক্রিকেটের প্রথম অভিজ্ঞতা।’

আফগানিস্তানের বিপক্ষে এই সফরকে চ্যালেঞ্জ হিসেবেও দেখছেন বিসিবির প্রধান নির্বাহী। তাঁর ভাষায়, ‘এই কন্ডিশনে আফগানিস্তান বরাবরই ভালো খেলে। তাদের বিপক্ষে নিজেদের চ্যালেঞ্জ জানানোর এটি একটি চমৎকার সুযোগ। এই সফর ও ত্রিদেশীয় সিরিজ আয়োজনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। আশা করি, দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি টুর্নামেন্ট হবে।’

এদিকে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ঠাসা আন্তর্জাতিক সূচি। এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হবে ২৯ সেপ্টেম্বর। সেই আসর শেষ হওয়ার পরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

এর মধ্যেই ১৮ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ফাইনালে উঠলে ২৩ অক্টোবরের ম্যাচ শেষে দেশে ফিরবে তারা। এরপর ২৮ অক্টোবর থেকে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। সিরিজটি শেষ হবে ৯ নভেম্বর।

এরপরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট। সফরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৩ ডিসেম্বর শেষ হবে সেই সফর।

এরপর প্রায় দেড় থেকে দুই মাস জাতীয় দলের আন্তর্জাতিক ব্যস্ততা থাকবে না। ওই সময়ে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকবেন ক্রিকেটাররা। যদিও ভারতের বিপক্ষে স্থগিত হওয়া সিরিজটি আগামী জানুয়ারিতে আয়োজনের আলোচনা চলছে, তবে এখনো সেটি হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়।

এরপর আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ইংল্যান্ডের। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে সেই সফর।

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রধান কোচ সালাউদ্দিন

0

আসন্ন এশিয়ান গেমসে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল অংশ নেবে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে। তবে এই টুর্নামেন্টে জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স দায়িত্বে থাকছেন না। তাঁর পরিবর্তে দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

২০২৪ সালের শেষ দিকে জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হন সালাউদ্দিন। গত বছরের নভেম্বরে ব্যক্তিগত কারণে কোচিং প্যানেল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তবে ক্রিকেটারদের নিয়ে নিবিড়ভাবে কাজ করা এবং দলের উন্নতিতে তাঁর অবদানের কথা বিবেচনায় রেখে তাঁকে ধরে রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার সাময়িকভাবে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বও পাচ্ছেন সালাউদ্দিন। এশিয়ান গেমসে বাংলাদেশের ম্যাচ সংখ্যা খুব বেশি নয়, তবে দায়িত্বটা গুরুত্বপূর্ণ। টেস্ট খেলুড়ে দল হিসেবে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালে ওঠার সুযোগ থাকবে।

লিটন দাসের নেতৃত্বে মূল জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই এশিয়ান গেমসে যাবে বাংলাদেশ। ১৫ সদস্যের দলে লিটনের সঙ্গে আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জাপানের আইচি প্রিফেকচার ও নাগোয়া শহরে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট। বাংলাদেশ ছাড়াও এতে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, স্বাগতিক জাপান, নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান।

বাংলাদেশের প্রথম ম্যাচ ২৯ সেপ্টেম্বর। কোয়ার্টার ফাইনালে লিটনদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। এই গ্রুপে আছে হংকং, মালয়েশিয়া ও ওমান। কোয়ার্টার ফাইনাল পেরোতে পারলে ১ অক্টোবর সেমিফাইনাল এবং ৩ অক্টোবর পদক নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।

জাতীয় দলের নিয়মিত কোচিং কাঠামোর বাইরে গিয়ে অল্প সময়ের জন্য হলেও সালাউদ্দিনের কাঁধে এখন বড় দায়িত্ব। মূল দলের ক্রিকেটারদের নিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশকে সোনা জেতানোর লক্ষ্যে এগিয়ে নেওয়াই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ।

চ্যাম্পিয়নস লিগে আজ রিয়াল-ইন্টার মহারণ

0

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুতেই বড় ম্যাচ। মঙ্গলবার দিবাগত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলান। ইউরোপের ক্লাব ফুটবলের দুই পরাশক্তির লড়াইয়ে বাড়তি আগ্রহ তৈরি করেছে দুই দলের সঙ্গে জড়িয়ে থাকা বেশ কিছু পুরোনো গল্পও।

১৬ বছর আগে ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতিয়েছিলেন হোসে মরিনহো। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ক্রিশ্চিয়ান কিভু। সময়ের পরিক্রমায় দুজনের অবস্থান বদলেছে-মরিনহো এখন রিয়াল মাদ্রিদের কোচ, আর তাঁর সাবেক শিষ্য কিভু ইন্টারের ডাগআউটে। তাই গুরু-শিষ্যের এই লড়াইও ম্যাচটিকে দিয়েছে আলাদা মাত্রা।

রিয়াল মাদ্রিদের জন্য অবশ্য মৌসুমের শুরুটা পুরোপুরি স্বস্তির নয়। গত শুক্রবার রিয়াল বেতিসের কাছে হেরে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে তারা। এর আগে টানা দুই ম্যাচে আট গোল করা রিয়ালের আক্রমণভাগ অবশ্য এখনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি। ঘরের মাঠে ইন্টারের বিপক্ষে সেই আক্রমণভাগই পার্থক্য গড়ে দিতে পারে।

এবারের চ্যাম্পিয়নস লিগে রেকর্ড ১৬তম ইউরোপিয়ান শিরোপার লক্ষ্যে নামছে রিয়াল। নতুন ফরম্যাটের প্রতিযোগিতায় শুরুতেই কঠিন পরীক্ষার মুখে পড়ছে তারা। বার্নাব্যুতে নিজেদের সমর্থকদের সামনে সেই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে চাইবে রিয়াল।

অন্যদিকে দারুণ ছন্দে আছে ইন্টার মিলান। সিরি ‘আ’-তে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে বর্তমান ইতালিয়ান চ্যাম্পিয়নরা। সপ্তাহান্তে নাপোলির বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচে ফিরে আসে তারা। যোগ করা সময়ে লাউতারো মার্তিনেসের গোলে ৩ পয়েন্ট নিশ্চিত করে ইন্টার।

গত মৌসুমে বোদো/গ্লিমটের কাছে অপ্রত্যাশিত হারের পর এবার ইউরোপিয়ান মঞ্চে নতুন উদ্যমে শুরু করতে চায় ইন্টার। রিয়ালের মাঠে সেই শুরুটা অবশ্য সহজ হবে না।

পরিসংখ্যানেও রিয়ালের আক্রমণাত্মক সামর্থ্যের প্রমাণ রয়েছে। মরিনহোর অধীনে খেলা ৩৬টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচের ৩৫টিতেই অন্তত একটি গোল করেছিল রিয়াল। বার্নাব্যুতে তাদের সর্বশেষ পাঁচ ইউরোপিয়ান ম্যাচের চারটিতে এসেছে তিনটি করে গোল।

ইন্টারও গোলের দিক থেকে কম যায় না। সর্বশেষ ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচের ১১টিতেই অন্তত দুই গোল করেছে তারা। চলতি মৌসুমের তিন ম্যাচের দুটিতেও দুই দলই গোল করেছে এবং ম্যাচে মোট গোল হয়েছে আড়াইয়ের বেশি।

দুই দলের সাম্প্রতিক ফর্ম ও আক্রমণভাগের শক্তি বিবেচনায় বার্নাব্যুতে গোলের দেখা মিলতে পারে বেশ কয়েকবার। তবে শেষ হাসি কে হাসবে—মরিনহোর রিয়াল, নাকি কিভুর ইন্টার-সেটিই এখন দেখার।

হাসান-খালেদকে নিয়ে কেন্টের স্কোয়াড ঘোষণা

0

কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্টের হয়ে এখন পর্যন্ত তিন ম্যাচে ১৯ উইকেট নিয়েছেন তিনি। এবার তাঁর সঙ্গে দলে জায়গা পেয়েছেন আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদও। ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের পরবর্তী ম্যাচের জন্য ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে আছেন দুজনই।

সর্বশেষ ম্যাচে উস্টারশায়ারের বিপক্ষে একাদশে ছিলেন হাসান। তবে জায়গা হয়নি খালেদের। এবারও স্কোয়াডে রাখা হয়েছে তাঁকে। বিদেশি খেলোয়াড় হিসেবে দলে আছেন নিউজিল্যান্ডের কিথ ডাজনও। যদিও ম্যাচের একাদশে সর্বোচ্চ দুজন বিদেশি খেলোয়াড়কে খেলানোর সুযোগ রয়েছে।

উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে কেন্ট। পেসার ম্যাট মিলনেসকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে ফিরেছেন লেগ স্পিনার ম্যাট পার্কিনসন।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে এবার হাসানের শুরুটা হয়েছে দুর্দান্ত। তিন ম্যাচে তাঁর শিকার ১৯ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের আগে কাউন্টিতে দুই ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন এই পেসার। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী বোলিংয়ের পর কাউন্টিতে ফিরে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি, শিকার করেছেন ৭ উইকেট।

কেন্টের হয়ে এখনো অভিষেক হয়নি খালেদ আহমেদের। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। বাংলাদেশের হয়ে ১৮টি টেস্ট খেলা ৩১ বছর বয়সী এই পেসার ২০১৫ সালে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। এরপর ৭০ ম্যাচে তাঁর শিকার ১৯০ উইকেট।

ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচের আগে প্রধান কোচ অ্যাডাম হোলিয়াক ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ড্যানিয়েল বেল-ড্রামন্ড। উইকেটরক্ষকের দায়িত্বে থাকবেন ক্রিস বেঞ্জামিন।

ডার্বিশায়ারের বিপক্ষে কেন্টের স্কোয়াড : ড্যানিয়েল বেল ড্রামন্ড(অধিনায়ক), ক্রিস বেঞ্জামিন, বেন কম্পটন, জ্যাক ক্রলি, কিথ ডাজন (বিদেশী খেলোয়াড়), বার্টি ফোরম্যান, হাসান মাহমুদ (বিদেশী খেলোয়াড়), খালেদ আহমেদ (বিদেশী খেলোয়াড়), টাওয়ান্ডা মুয়েয়ে, স্যাম নর্থইস্ট, ম্যাট পার্কিনসন, ম্যাট কুইন, একাংশ সিং, গ্রান্ট স্টুয়ার্ট।

নাহিদ রানাকে বিগ ব্যাশে চায় তিন দল

0

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে খেলা হয়নি নাহিদ রানার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে পাওয়া চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে দলের সঙ্গে থাকলেও মাঠে নামতে পারেননি এই পেসার। তবে অস্ট্রেলিয়ায় তাঁর প্রতি আগ্রহ কমেনি। বরং দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে রানাকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে তিনটি দল।

রানার ঘনিষ্ঠ একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে, বিগ ব্যাশের আগামী মৌসুমে তাঁকে খেলাতে কয়েকটি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের হয়ে টেস্ট সিরিজে না খেললেও এর আগে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছিলেন রানা। সেই পারফরম্যান্সও তাঁকে নিয়ে অস্ট্রেলিয়ান দলগুলোর আগ্রহ তৈরিতে ভূমিকা রেখেছে।

রানাকে দলে নিতে আগ্রহী দলগুলোর মধ্যে রয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন রেনেগেডস ও পার্থ। বিগ ব্যাশের পরবর্তী মৌসুম সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হয়। একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) না থাকায় বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেলে রানার সামনে বিগ ব্যাশে খেলার সুযোগ তৈরি হতে পারে।

এখন পর্যন্ত সাকিব আল হাসান ও রিশাদ হোসেন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলেছেন। সুযোগ পেলে রানা হতে পারেন অস্ট্রেলিয়ার এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলা তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও ধীরে ধীরে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন রানা। সামনে আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে বাংলাদেশের। এসব সিরিজে দলে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন ২৩ বছর বয়সী এই পেসার।

কাজাখস্তানকে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের টানা তৃতীয় জয়

0

জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত ছন্দে ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। চায়নিজ তাইপে ও পাকিস্তানের পর এবার কাজাখস্তানকেও হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে আজ কাজাখস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

এই জয়ে চ্যালেঞ্জার পুলে ৯ পয়েন্ট নিয়ে নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে বাংলাদেশের মেয়েরা। আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে তারা।

কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক সারিকা রিমন। জোড়া গোল করেছেন তিনি। বাকি দুটি গোল করেছেন লিজা আক্তার ও মোসাম্মত লিমা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সারিকা। দ্রুত গোল পাওয়ার পরও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিজা। প্রথম কোয়ার্টার শেষেই ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।

দুই গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে কাজাখস্তান। কয়েকটি আক্রমণও তৈরি করে তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগ ছিল যথেষ্ট দৃঢ়। প্রতিপক্ষের আক্রমণগুলো সামলে নেয় বাংলাদেশের মেয়েরা। ফলে দ্বিতীয় ও তৃতীয় কোয়ার্টারে আর কোনো গোল হয়নি।

শেষ কোয়ার্টারে আবারও আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। তারই ফল আসে ৪৬ মিনিটে। ফিল্ড গোল করে বাংলাদেশের ব্যবধান ৩-০ করেন লিমা। পাঁচ মিনিট পর আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। ৫১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন সারিকা। তাতেই কাজাখস্তানের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

কাজাখস্তানের বিপক্ষে বাংলাদেশের আক্রমণ

টানা তিন ম্যাচ জিতে এখন চ্যালেঞ্জার পুলের শীর্ষে বাংলাদেশ। এই পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া।

দশ দলের এই টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল এবং এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে খেলবে। চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দুই দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে। ফলে টানা তিন জয়ের পর বাংলাদেশের সামনে এখন শেষ আটে জায়গা নিশ্চিত করার সুযোগ।

এবার দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশের মেয়েরা। এর আগে ২০২৩ সালের আসরে অংশ নিয়ে নবম হয়েছিল তারা। সেই আসরের তুলনায় এবার শুরু থেকেই নিজেদের শক্তির জানান দিচ্ছে বাংলাদেশ। আগামীকাল হংকংয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালের পথ আরও পরিষ্কার হবে।

মেয়েদের জুনিয়র এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। তবে এবারের আসরে বাংলাদেশও এখন পর্যন্ত নিজেদের পারফরম্যান্সে আত্মবিশ্বাসী হওয়ার যথেষ্ট কারণ তৈরি করেছে। তিন ম্যাচে তিন জয় এবং ৯ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে থাকা দলটি এখন তাকিয়ে পরের ম্যাচের দিকে।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ : ব্রুগার বিপক্ষে কঠিন পরীক্ষায় অ্যাস্টন ভিলা

0

দুই বছর পর আবারও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মুখোমুখি হচ্ছে ক্লাব ব্রুগা ও অ্যাস্টন ভিলা। মঙ্গলবার বেলজিয়ামের জান ব্রেইডেল স্টেডিয়ামে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় নিজেদের এবারের অভিযান শুরু করবে দুই দল। গত দুই বছরে এটি হতে যাচ্ছে তাদের চতুর্থ মুখোমুখি লড়াই। ব্রুগার মাঠ জান ব্রেইডেল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১১টায়।

দুই দলের সাম্প্রতিক গল্প অবশ্য একেবারেই ভিন্ন। গত মৌসুমে প্রথম নকআউট পর্বে উঠেছিল ক্লাব ব্রুগা। অন্যদিকে অ্যাস্টন ভিলা জিতেছে ইউরোপা লিগের শিরোপা। তবে শিরোপা জয়ের পর ভিলার দলে এসেছে বড় ধরনের পরিবর্তন।

দুই বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল ভিলা। শেষ আটে পিএসজির কাছে হেরে বিদায় নেয় তারা। এরপর গত মৌসুমে ইউরোপা লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১৫ ম্যাচের ১৩টিতে জয় তুলে নেয় উনাই এমেরির দল।

তবে সেই সাফল্যের বেশ কয়েকজন নায়ক এখন আর দলে নেই। গ্রীষ্মের দলবদলে ব্যাপক পরিবর্তনের পর এমেরিকে এখন অপেক্ষাকৃত তরুণ ও অনভিজ্ঞ স্কোয়াড নিয়ে নতুন করে দল গড়তে হচ্ছে।

নতুন মৌসুমেও সেই পরিবর্তনের প্রভাব স্পষ্ট। প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রাইটনের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ভিলা। এরপর ঘরের মাঠে এমেরির সাবেক ক্লাব আর্সেনালের কাছে হারে তারা। সবশেষ নবাগত হাল সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট, এমন হতাশাজনক শুরু নিয়েই চ্যাম্পিয়ন্স লিগে নামছে দলটি।

ক্লাব ব্রুগার মাঠ অবশ্য ভিলার জন্য একেবারে অপরিচিত নয়। চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে বেলজিয়ামে দুইবার খেলেছিল তারা। প্রথমবার লিগ পর্বে ১-০ গোলে হারের পর কয়েক মাস পর নকআউট পর্বে একই মাঠে ৩-১ ব্যবধানে জয় পায় ভিলা। পরে নিজেদের মাঠে ব্রুগেকে ৩-০ গোলে হারিয়েছিল তারা।

অন্যদিকে ক্লাব ব্রুগার চ্যাম্পিয়ন্স লিগ অভিজ্ঞতাও কম নয়। মঙ্গলবারের ম্যাচটি হবে গত নয় বছরে তাদের অষ্টম চ্যাম্পিয়ন্স লিগ অভিযান। সব মিলিয়ে এটি তাদের ১৩তম অংশগ্রহণ, যা বেলজিয়ামের নতুন জাতীয় রেকর্ড।

গত তিন মৌসুম ধরেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ বা লিগ পর্ব পেরিয়েছে ক্লাব ব্রুগা। গত মৌসুমে লিগ পর্বে ১৯তম হওয়ার পর নকআউট প্লে-অফে আতলেতিকো মাদ্রিদের কাছে দুই লেগ মিলিয়ে ৭-৪ গোলে হেরে বিদায় নেয় তারা।

নিজেদের মাঠে অবশ্য বেশ আক্রমণাত্মক ব্রুগে। জান ব্রেইডেল স্টেডিয়ামে সর্বশেষ সাত চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের ছয়টিতেই অন্তত তিনটি করে গোল করেছে তারা। ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের মাঠে সর্বশেষ ২২ ম্যাচে হেরেছে মাত্র তিনটিতে।

তবে ইংলিশ দলগুলোর বিপক্ষে ব্রুগার রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। ২০২৪ সালে ভিলার বিপক্ষে জয়টি ইংলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের সর্বশেষ ১৯ ম্যাচে একমাত্র জয়। এর মধ্যে ১৫ ম্যাচেই হারতে হয়েছে বেলজিয়ান ক্লাবটিকে।

ঘরোয়া লিগে অবশ্য বেশ ভালো ছন্দে আছে ব্রুগা। গত মৌসুমের বেলজিয়ান প্রো লিগ চ্যাম্পিয়নরা এবারও শুরু করেছে শক্তিশালীভাবে। পাঁচ ম্যাচে চার জয় ও এক হার নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

সব মিলিয়ে ইউরোপীয় মঞ্চে অভিজ্ঞতার দিক থেকে দুই দলই শক্তিশালী হলেও বর্তমান ফর্মে এগিয়ে ক্লাব ব্রুগা। ঘরের মাঠের সুবিধা, আক্রমণাত্মক ফুটবল ও ধারাবাহিক ঘরোয়া পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়াবে। অন্যদিকে অ্যাস্টন ভিলাকে লড়তে হবে নতুন স্কোয়াডের সঙ্গে বোঝাপড়ার ঘাটতি ও সাম্প্রতিক বাজে ফর্ম কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ নিয়ে।

তাই মঙ্গলবারের ম্যাচটি দুই দলের জন্যই হতে পারে নিজেদের অবস্থান জানান দেওয়ার বড় সুযোগ। ইউরোপের মঞ্চে নিজেদের নতুন করে প্রমাণ করতে মরিয়া অ্যাস্টন ভিলা, আর ঘরের মাঠে দুর্দান্ত শুরু করতে প্রস্তুত ক্লাব ব্রুগে।