Home Blog Page 33

অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে’ বিশ্বাস তালহার

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছিল বাংলাদেশ। যদিও সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে তারা। তবে পুরো সফরে বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের বোলিংয়ে দেখা গেছে সম্ভাবনার ঝলক। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে দ্রুতই আবার দেশটির আমন্ত্রণ পাওয়ার আশা প্রকাশ করেছেন বাংলাদেশের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

শুক্রবার রাতে দেশে ফেরার পর ডারউইনে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের স্মৃতি ফিরে দেখেছেন তালহা। তাঁর বিশ্বাস ছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে।

তালহা বলেন, ‘আশা ছিল অস্ট্রেলিয়াকে হারাতে পারব। এই বিশ্বাস নিয়েই গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথম টেস্টের আগে ভালো প্রস্তুতি ছিল। সবাই ভালোভাবে মানিয়ে নিয়েছিল। অবশ্য প্রস্তুতি ম্যাচে আমরা ভালো করতে পারিনি। তখন হয়তো সবাই একটু চিন্তিত ছিলেন, অস্ট্রেলিয়ার সঙ্গে কী হবে।’

প্রস্তুতি ম্যাচের ব্যর্থতাকে অবশ্য দলের আসল সামর্থ্যের প্রতিফলন মনে করেননি তালহা। তাঁর মতে, সেটি ছিল দলের একটি খারাপ দিন। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই ভালো কিছু করার বিশ্বাস ছিল দলের।

‘কিন্তু আমাদের এই বিশ্বাস ছিল, ওইটা হয়তো একটা বাজে দিন গেছে। আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে ভালো কিছু করতে পারব। সবাই দেখেছেন, আমরা কীভাবে প্রথম ম্যাচে দাপট দেখিয়ে জিতেছি,’ বলেন বাংলাদেশের পেস বোলিং কোচ।

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকেই টেস্টে হারানোর অভিজ্ঞতা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন তালহা। দেশে ফিরে সেই অনুভূতিই এখন দলের মধ্যে কাজ করছে।

তালহা বলেন, ‘অনেকদিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা যে ভালো করে আসতে পেরেছি, এটা বড় ব্যাপার। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো একদমই সহজ কোনো ব্যাপার নয়। এখানে আমরা সবাই ভালো ফিল করছি। যে অভিজ্ঞতা হয়েছে, তাতে বিশ্বাস জন্মেছে যে যেকোনো দলকে হারাতে পারি। এটা খুবই জরুরি।’

ডারউইনে প্রথম টেস্ট জয়ের দিন সকালের ড্রেসিংরুমের আবহের কথাও জানিয়েছেন তালহা। তাঁর ভাষায়, সেই সময়ের আবেগ ও অভিজ্ঞতা পুরোপুরি ভাষায় প্রকাশ করা কঠিন।

‘কিছু অভিজ্ঞতা, কিছু ইমোশন-এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জয়, দুনিয়ার বড় বড় মিডিয়াও অনেক কিছু বলছে, তারাও এটা প্রকাশ করেছে,’ বলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সাফল্যের পর আগামী বছর আবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হবে বলে আশাবাদী তালহা। তবে এবার শুধু ডারউইন বা ম্যাকাই নয়, আরও বড় ভেন্যুতে খেলার প্রত্যাশা তাঁর।

‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, সেটা আপনারা ভালো বলতে পারবেন। যেকোনো সফরের আগে আমরা এগুলো বলে যাই, তবে বিশ্বাস করি যে আমরা ভালো কিছু করতে পারব। দল অনেক ভালো শেপে আছে। সবাই বিশ্বাস করছে যে আমরা বাইরেও গিয়ে ভালো করতে পারি। আমার মনে হয়, অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন-ম্যাকাইতে ডাকবে না, আমরা ভালো ভালো ভেন্যুতে খেলতে পারব-আশা করি,’ বলেন তালহা জুবায়ের।

টেস্ট ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় নিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল।

0

বাংলাদেশ দলের অস্ট্রেলিয়া সফর

টেস্ট ম্যাচ জিততে চাই প্রতিপক্ষের ২০টি উইকেট তুলে নেওয়া। ঢাকায় নেমে জাতীয় দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের বলেন বাংলাদেশের পেস বোলিং ইউনিট দলের মধ্যে এখন সেই আত্মবিশ্বাস তৈরি করেছে।

অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট জয় ও সিরিজ ড্র এর ঐতিহাসিক সাফল্যের পর গতকাল রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তালহা এসব কথা বলেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে বাংলাদেশ। প্রথম টেস্টে ডারউইনে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ তবে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ব্যাটসম্যানরা দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার কারণে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের।

ম্যাকাইয়ে ২য় টেস্টে হারলেও অস্ট্রেলিয়রা মাটিতে টেস্ট জয় বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন। এর আগে বাংলাদেশ বিদেশের মাটিতে সবচেয়ে বড় টেস্ট জয় পেয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে। তবে টেস্ট জয়ের ইতিহাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউন টেস্ট জয়ই সবচেয়ে বড়া জয় তাতে কোন সন্দেহে নেই।

অস্ট্রেলিয়াকে হারানো আমাদের জন্য বিশাল ব্যাপার। এই জয় বিশ্ব ক্রিকেটকে বার্তা দিয়েছে যে, আমরা যে কোনো দলকে হারাতে পারি- তালহা জুবায়ের, বাংলাদেশের বোলিং কোচ।

নেইমারের সহায়তায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত সান্তোস

0

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের জন্য বড় স্বস্তি। নেইমারের পরিবারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টসের আর্থিক সহায়তায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে ক্লাবটি। ফলে আবারও নতুন খেলোয়াড় নিবন্ধন ও ট্রান্সফার মার্কেটে কাজ করার সুযোগ পাচ্ছে সান্তোস।

জুলাই থেকে এই নিষেধাজ্ঞার কারণে নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারছিল না ক্লাবটি। মিডফিল্ডার জ্যাঁ লুকাসকে ঘিরে এএস মোনাকো (AS Monaco) এর পাওনা ১ কোটি ২০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল, অর্থাৎ প্রায় ২৩ লাখ মার্কিন ডলারের দেনা পরিশোধ না করায় ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়ে সান্তোস।

গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের পরিবারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টস সেই অর্থ পরিশোধে সহায়তা করে। বিনিময়ে সান্তোস ও এনআর স্পোর্টস যৌথভাবে ক্লাবের জার্সিতে অবিক্রীত স্পনসরশিপ স্পেস বাজারজাত করবে।

বৃহস্পতিবার সান্তোস আনুষ্ঠানিকভাবে জানায়, ট্রান্সফার ব্যান তুলে নেওয়া হয়েছে এবং ক্লাব এখন আবার ট্রান্সফার মার্কেটে সক্রিয় হতে পারবে।

নিষেধাজ্ঞা কাটায় নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর পথও খুলেছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে সাবেক জুভেন্টাস এফসি মিডফিল্ডার আর্থার মেলোর নাম সামনে এসেছে। ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার বিষয়ে তার সঙ্গে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে মাঠের লড়াইয়ে সান্তোসের পরিস্থিতি এখনও কঠিন। ক্লাবটির মোট দেনা প্রায় ১ কোটি ৩০ লাখ পাউন্ড এবং ব্রাজিলিয়ান সিরি ‘আ’র অবনমন অঞ্চলের ওপরে তাদের ব্যবধান মাত্র দুই পয়েন্ট।

এই অবস্থায় সপ্তাহান্তে করিনথিয়ান্স এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ডার্বিতে নামবে সান্তোস। ম্যাচটিতে নেইমারের শুরুর একাদশে ফেরার সম্ভাবনাও রয়েছে। পালমেইরাসের কাছে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারের ম্যাচে ছিলেন না তিনি।

এখন সান্তোসকে একদিকে অবনমন এড়াতে লিগে পয়েন্ট সংগ্রহ করতে হবে, অন্যদিকে Palmeiras-এর বিপক্ষে তিন গোলের ঘাটতিও পুষিয়ে নিতে হবে। মাঠের বাইরে নেইমারের পরিবারের সহায়তায় বড় বাধা সরেছে, এবার মাঠের লড়াইয়ে দলকে উদ্ধারের দায়িত্ব নেইমারের নিজের।

ফিফার নিষেধাজ্ঞা মুক্ত বসুন্ধরা কিংস, খেলতে পারবে বাংলাদেশ লিগে

0

অবশেষে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে ৬ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বাংলাদেশের দুটি ক্লাব ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংসকে এই নিষেধাজ্ঞা দিয়েছিল যার কারনে আটকে ছিল বাংলাদেশ লিগ এর দলবল। ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হয়ে বাংলাদেশ লিগে খেলতে বসুন্ধনা কিংস এর আর কোন বাধা নেই।

ঢাকা আবাহনীর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৬ বারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১৪ টি নিষেধাজ্ঞা ছিল ফিফার। আবাহনী লিঃ আগেই নিষেধাজ্ঞা মুক্ত হয়েছিল ঝুলে ছিল কেবল কিংসদের ভাগ্য। গতকাল রাতে সেগুলো উঠে গেলে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত বাফুফে ক্লাব লাইসেন্সিংয়ের সময় বাড়ানোর ফলে কিংসরা এখন থেকে মুক্ত হয়ে দলবদলে অংশ নিতে পারবে ৫বারের ফেডারেশন কাপজয়ীরা।

ঢাকা আবাহনী আগেই দলবদলে অংশ নিয়ে নাইজেরিয়ার হয়ে ২০১৪ বিশ্বকাপ খেলা ফুটবলারসহ ৪ বিদেশিকে দলে ভিড়িয়েছ। অন্যদিকে আরেক পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব দলবদলে আগে থেকেই সজাগ। বসুন্ধরা কিংসের ফাহিম, সাদ, সোহেল রানা, ইমানুয়েল সানডেরা সাদাকালোতে নাম লিখিয়েছেন আগেই, তবে কিংসরাও বসে নেই মিডফিল্ডে ৩৪ বছর বয়সী নেপালি তারকা রোহিত চন্দকে ইতি মধ্যেই দলে নিয়েছে। 

অপরদিকে আবাহনী ও বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞা তুলতে পারলেও ফকিরেরপুল ইয়াং মেনস ক্লাব এখনও তাদের একটি ফিফা নিষেধাজ্ঞা তুলতে পারেনি। যদি ১ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করতে পারে তাহলে তারা ক্লাব লাইসেন্স করে ৩ সেপ্টেম্বরের মধ্যে দলবদল করতে পারবে, বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের ‘বাংলাদেশ লিগে’ খেলা এই ক্লাবটি।  

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে আবারও হারালো নামিবিয়া

0

ট্রাম্পেলম্যান-ফ্রাইলিঙ্কের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে হারাল নামিবিয়া

ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয় দিয়ে করেছে নামিবিয়া। শুক্রবার উইন্ডহুকে দক্ষিণ আফ্রিকাকে ১৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। ১৬৩ রানের লক্ষ্য দিয়ে প্রোটিয়াদের ১৪৫ রানে ৯ উইকেটে আটকে দেয় তারা।

এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের অপরাজিত রেকর্ড ধরে রাখল নামিবিয়া। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে এটি নামিবিয়ার দ্বিতীয় জয়। সাত ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অবশ্য পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামেনি। এর আগে ২০২৫ সালের ১১ অক্টোবর দক্ষিণ আফ্রিকাকে চার উইকেট হারিয়েছিলো নামিবিয়া।

শুক্রবারের ম্যাচে, টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে নামিবিয়া। জান ফ্রাইলিঙ্ক ও লরেন স্টিনক্যাম্প পাওয়ারপ্লেতে যোগ করেন ৫৭ রান। প্রথম উইকেট জুটিতে ১০ ওভারের মধ্যেই আসে ৮৪ রান। তবে স্টিনক্যাম্প ৪১ রানে অধিনায়ক বিজর্ন ফোর্টুইনের বলে বোল্ড হওয়ার পরই ছন্দপতন ঘটে স্বাগতিকদের।

ফ্রাইলিঙ্ক অবশ্য নিজের সুযোগ পুরোপুরি কাজে লাগান। ১৩ রানে ক্যাচ হওয়ার সুযোগ পেয়েও বেঁচে যান তিনি। এরপর ডেওয়াল্ড ব্রেভিসকে সোজা ছক্কা মেরে পূর্ণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮২ বলে ৬০ রান করে আউট হন ফ্রাইলিঙ্ক। নামিবিয়া শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে।

দক্ষিণ আফ্রিকার হয়ে প্রেনেলান সুব্রায়েন ৩২ রানে নেন ৩ উইকেট। বিজর্ন ফোর্টুইন ১৭ রানে নেন ২ উইকেট। ব্রেভিসও পান ২ উইকেট। তবে বোলিংয়ের সময় লুথো সিপামলা দ্বিতীয় ওভারের মাঝপথে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। তার চোটের অবস্থা পরে মেডিকেল দল মূল্যায়ন করবে।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৪ রান। নামিবিয়ার তরুণ পেসার জ্যাক ব্রাসেল ও ১৮ বছর বয়সী ম্যাক্স হেইঙ্গো শুরুতেই গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। ব্রাসেল আউট করেন জর্ডান হারম্যানকে, আর রুবেন ট্রাম্পেলম্যানের বলে লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ক্যাচ দেন। এরপর হেইঙ্গোর বলে বোল্ড হন টনি ডি জর্জি। ২ ওভার শেষে হেইঙ্গোর বোলিং বিশ্লেষণ ছিল ১/৮।

তবে একপ্রান্তে দুর্দান্ত লড়াই চালিয়ে যান ডেওয়াল্ড ব্রেভিস। শুরুতে ২০ বলে ১৯ রানে আটকে থাকলেও প্রয়োজনীয় রানরেট ১০ ছাড়িয়ে গেলে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। নামিবিয়ার অভিজ্ঞ স্পিনার বার্নার্ড শল্টজের এক ওভারে ১৮ রান তুলে নেন ব্রেভিস। এরপর হেইঙ্গোর বলে টানা দুই ছক্কা মেরে ৩৯ বলে ফিফটি পূর্ণ করেন। জেজে স্মিটকেও ছক্কা হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন তিনি।

শেষ পর্যন্ত ৫০ বলে ৭৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ব্রেভিস। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা। তবে অন্য প্রান্তে তেমন কোনো ব্যাটার তাকে সঙ্গ দিতে পারেননি। অভিষেক ম্যাচে ডুয়ান ইয়ানসেন অপরাজিত ২৫ রান করেন।

ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ট্রাম্পেলম্যান। তার এক ওভারে প্রথম পাঁচ বলে মাত্র ৪ রান নেওয়ার পর শেষ বলে ফুলটস পেয়ে ব্রেভিস লেগ সাইডে খেলতে গিয়ে শর্ট থার্ডে ক্যাচ দেন। সেখানে দুর্দান্ত লাফিয়ে ক্যাচ নেন ব্রাসেল। ব্রেভিসের বিদায়ে দক্ষিণ আফ্রিকার জয়ের আশাও শেষ হয়ে যায়।

শেষ দুই ওভারে তাদের প্রয়োজন ছিল ৩১ রান। এর আগের ওভারে জেরহার্ড এরাসমাস মাত্র ৩ রান দিয়ে বিজর্ন ফোর্টুইনকে আউট করেন। ফলে শেষ ওভারে দরকার পড়ে ২৮ রান। জেজে স্মিট শেষ ওভারে টানা দুই বলে দুই উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ করে দেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংস থামে ৯ উইকেটে ১৪৫ রানে। নামিবিয়ার হয়ে ট্রাম্পেলম্যান ২৪ রানে ৩ উইকেট এবং জেজে স্মিট ৩১ রানে ৩ উইকেট নেন।

ফলে ১৮ রানের জয় নিয়ে সাত ম্যাচের ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা করল নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা এবার প্রথম পয়েন্টের সন্ধানে আজ শনিবার সন্ধ্যা ৬টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

ইমরান খানের চিকিৎসা নিয়ে পাশে দাঁড়ালেন প্যাট কামিন্স

0

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করার দাবিতে এবার সমর্থন জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের চলমান উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি বলেছেন, ইমরান খান যেন একজন মানুষের প্রাপ্য মর্যাদা ও যথাযথ চিকিৎসা পান।

সম্প্রতি ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে চিঠি পাঠান ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কদের স্বাক্ষর ছিল ওই চিঠিতে। এর আগে গত ফেব্রুয়ারিতেও একই ধরনের আবেদন জানিয়েছিলেন ১৪ সাবেক অধিনায়ক। তবে সেই আবেদনের কোনো জবাব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এবার সেই উদ্যোগের সঙ্গে যোগ দিলেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক কামিন্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক গ্রেগ চ্যাপেলের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের সঙ্গে তিনিও এই দাবিতে সমর্থন জানাচ্ছেন।

কামিন্স আরও বলেন, আদালতের নির্দেশে ইমরান খানের যে চিকিৎসা মূল্যায়ন হওয়ার কথা, সেটি যেন যথাযথভাবে সম্পন্ন করা হয়। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগ অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, প্রত্যেক মানুষের মতো ইমরান খানও সম্মান ও মর্যাদার সঙ্গে আচরণ পাওয়ার অধিকার রাখেন।

২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান। দুর্নীতির মামলায় দণ্ডিত হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। সাম্প্রতিক সময়ে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ায় চিকিৎসার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ইমরানের পরিবারের পক্ষ থেকেও উন্নত চিকিৎসার দাবি জানানো হয়েছে।

গত সপ্তাহে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। তবে তাকে সরকারি হাসপাতাল পিআইএমএসে নেওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

ইমরানের চিকিৎসা নিয়ে প্রকাশ্যে অবস্থান নেওয়া প্যাট কামিন্সই প্রথম সক্রিয় কোনো আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক। এর মধ্যেই ইমরানের ছেলেেদের একটি সাক্ষাৎকার প্রচারের ঘটনায় স্কাই স্পোর্টসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

তবে পাকিস্তান সরকার ইমরানকে কারাগারে নির্যাতন বা পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। সরকারের দাবি, বন্দী হওয়ার পর থেকে পরিবার, আইনজীবী ও চিকিৎসকদের মাধ্যমে ইমরানের সঙ্গে ৯০০টিরও বেশি সাক্ষাৎ হয়েছে।

ব্যাটিং ব্যর্থতায় লর্ডস টেস্টে ব্যাকফুটে পাকিস্তান

0

লর্ডস টেস্টের দ্বিতীয় দিনটা ছিল ইংল্যান্ডের বোলারদের দাপটের। অলিভার রবিনসন ও জোফরা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১১০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে প্রথম ইনিংসে ১৮০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৮১ রান তুলেছে স্বাগতিকরা। সব মিলিয়ে পাকিস্তানের চেয়ে ২৬১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড।

দিনের শুরুতে ৯ উইকেটে ২৪৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে গাস অ্যাটকিনসন ও জশ টাং ৪৭ রান যোগ করে দলকে ২৯০ রানে পৌঁছে দেন। অ্যাটকিনসন ৪৫ রান করে আউট হলেও টাং অপরাজিত থাকেন ৩০ রানে।

এরপর বল হাতে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান রবিনসন ও আর্চার। শুরুতেই শান মাসুদকে ফিরিয়ে দেন আর্চার। এরপর ৯২ মাইল গতির বাউন্সারে আবদুল্লাহ শফিককে চাপে রাখেন তিনি। ১৬ রানে ২ উইকেট হারিয়ে মধ্যাহ্নভোজে যায় পাকিস্তান।

অধিনায়ক হিসেবে দলে ফেরা বাবর আজমও বড় ইনিংস খেলতে পারেননি। মাত্র ৮ রান করে জশ টাংয়ের বলে ক্যাচ দেন তিনি। এরপর রবিনসনের সুইং ও সিম মুভমেন্টের সামনে টিকতে পারেননি সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। দুজনকেই এলবিডব্লিউ করেন ইংলিশ পেসার।

অন্যদিকে ৯২ থেকে ৯৪ মাইল গতির বাউন্সারে পাকিস্তানি ব্যাটারদের ক্রমাগত চাপে রাখেন আর্চার। শেষ পর্যন্ত উসমানকে বোল্ড করে উইকেটের খাতা খোলেন তিনি। তবে আজান আওয়াইস এক প্রান্ত আগলে রাখেন। ১০৬ বল মোকাবিলা করে ৪৬ রান করেন এই ওপেনার। শেষ পর্যন্ত রবিনসনের বাউন্সারে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর রবিনসন একই ওভারে খুররম শাহজাদকে ফিরিয়ে পাকিস্তানের লেজ গুটিয়ে দেন। শেষ উইকেট হিসেবে মোহাম্মদ আব্বাসকে বোল্ড করে পাকিস্তানের ইনিংস শেষ করেন আর্চার। ৩৭.২ ওভারে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

রবিনসন ১৩ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৪ উইকেট, যার মধ্যে ছিল ছয়টি মেডেন। আর্চার ১১.২ ওভারে ২৬ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। বেন ডাকেট দ্রুত ফিরে যান। এরপর জর্ডান কক্সকে এলবিডব্লিউ করেন খুররম শাহজাদ। তবে এমিলিও গে ও জো রুট মিলে ৪৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন। শেষদিকে রুটও মোহাম্মদ আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন।

শেষ বিকেলে মোহাম্মদ আলীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন জো রুট

আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ হলে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড। এমিলিও গে ৩০ ও হ্যারি ব্রুক ৭ রানে অপরাজিত আছেন। ফলে ম্যাচে এখন স্পষ্ট নিয়ন্ত্রণ ইংল্যান্ডের হাতে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

ইংল্যান্ড: ২৯০ & ৮১/৩

  • আব্বাস ৪/৭৩, শাহজাদ ২/২৬

পাকিস্তান: ১১০

  • আজান আওয়াইস ৪৬
  • রবিনসন ৪/১১, আর্চার ৩/২৬

ইংল্যান্ড এগিয়ে: ২৬১ রানে
দিন শেষ: ইংল্যান্ড ৮১/৩

  • এমিলিও গে ৩০*, হ্যারি ব্রুক ৭*

টিভিতে আজকের খেলা, ২৯ আগস্ট ২০২৬

প্রতিদিনের মতো আজও নানা ক্রীড়া আয়োজন থাকছে টেলিভিশনের পর্দায়। ক্রিকেট থেকে ফুটবল, দিনভর থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ। এসব ম্যাচের মধ্যে কোনটি কখন অনুষ্ঠিত হবে এবং কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক আজকের খেলার সূচি।

ক্রিকেট

ইংল্যান্ড-পাকিস্তান
দ্বিতীয় টেস্ট তৃতীয় দিন
সরাসরি বিকাল ৪টা সনি টেন ২

নারী এশিয়া কাপ
শ্রীলঙ্কা-সংযুক্ত আরব আমিরাত
সরাসরি রাত ৮টা ৩০ মিনিট
টি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ
নাটিংহাম ফরেস্ট-লিভারপুল
সরাসরি বিকাল ৫টা ৩০ মিনিট

বোনমাউথ-এভারটন
সরাসরি রাত ৮টা

টটেনহাম-নিউ ক্যাসল
সরাসরি রাত ১০টা ৩০ মিনিট
স্টার স্পোর্টস ৩

এশিয়ান গেমসের আগেই আবাসন সংকটে জাপান, কমতে পারে অংশগ্রহণকারীর সংখ্যা

0

এশিয়ান গেমস শুরু হওয়ার আগেই বড় ধরনের আবাসন সংকটে পড়েছে আয়োজক জাপান। প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যক অ্যাথলেট ও কর্মকর্তা অংশ নেওয়ায় থাকার ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার কাছে অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর অনুরোধও জানিয়েছে জাপানি আয়োজক কমিটি।

প্রাথমিক পরিকল্পনায় প্রায় ১৫ হাজার অ্যাথলেট ও কর্মকর্তার জন্য আবাসন এবং বাজেট নির্ধারণ করেছিল আয়োজকরা। কিন্তু পরবর্তীতে টেকবল ও প্যাডেলের মতো নতুন কয়েকটি ইভেন্ট যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজারে দাঁড়িয়েছে। বাড়তি দুই হাজার অংশগ্রহণকারীর জন্য প্রয়োজনীয় অর্থ ও থাকার জায়গা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

সমস্যা সামাল দিতে অতিরিক্ত অংশগ্রহণকারীদের নিজেদের উদ্যোগে থাকার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে আয়োজকরা। এবারের আসরে প্রচলিত অর্থে কোনো বড় অ্যাথলেটস ভিলেজও থাকছে না। বিকল্প হিসেবে একটি ক্রুজ শিপে প্রায় চার থেকে পাঁচ হাজার অ্যাথলেটের থাকার ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর পাশাপাশি অস্থায়ী কন্টেইনারভিত্তিক আবাসন, বিভিন্ন হোটেল এবং টোকিওর কিছু আবাসিক সুবিধাও ব্যবহার করা হচ্ছে। এতসব বিকল্প ব্যবস্থা নেওয়ার পরও বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর আবাসন নিশ্চিত করা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

শুধু আবাসন নয়, ক্রিকেটের ভেন্যু নিয়েও দেখা দিয়েছে নতুন বিতর্ক। নাগোয়ার কোরোগো স্পোর্টস পার্ককে ক্রিকেট ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে। এর আগে জায়গাটি মূলত বেসবল মাঠ হিসেবে ব্যবহৃত হতো। ক্রিকেটের জন্য ভেন্যুটির প্রস্তুতি ও মান নিয়ে আপত্তি তুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্য সদস্যদের মধ্যেও মাঠের মান নিয়ে অসন্তোষ রয়েছে বলে জানা গেছে।

সবকিছু মিলিয়ে এশিয়ান গেমস শুরুর আগেই আয়োজক জাপানের সামনে দেখা দিয়েছে একাধিক চ্যালেঞ্জ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি প্রিফেকচারের নাগোয়া ও আশপাশের এলাকায় বসবে ২০২৬ এশিয়ান গেমসের আসর। নির্ধারিত সময়ের আগে আবাসন ও ভেন্যু-সংক্রান্ত সমস্যাগুলো কতটা সফলভাবে সামাল দিতে পারে আয়োজকরা, এখন সেটিই দেখার বিষয়।

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

0

সেপ্টেম্বরের পরিবর্তে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, আজ ২৮ আগস্টই বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। কিন্তু দুই দেশের মধ্যকার সাদা বলের সিরিজটি নির্ধারিত সময়ে হবে কি না, তা নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। এর মধ্যেই ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নতুন সূচি অনুযায়ী আগামী বছরের শুরুতে সিরিজটি আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এএনআই জানিয়েছে, সেপ্টেম্বরের সফর নিয়ে জটিলতা থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরের শুরুর দিকে নতুন একটি সময় খুঁজছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো কোনো তারিখ চূড়ান্ত হয়নি।

আগের পরিকল্পনা অনুযায়ী, ভারত বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও হওয়ার কথা ছিল ম্যাচগুলো। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি এই সূচির কথা জানিয়েছিল। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

ভারত সিরিজের সম্ভাব্য সময় পরিবর্তন নিয়ে সম্প্রতি কথা বলেছেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। তার ভাষ্য, দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং আলোচনার ভিত্তিতে সূচির তারিখে পরিবর্তন আসতে পারে।

এর আগে, ২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। পরে সেই সফর পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। কিন্তু নিরাপত্তাসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজন নিয়ে আবারও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কেও সাম্প্রতিক সময়ে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। ২০২২ সালের পর আর বাংলাদেশ সফরে আসেনি ভারত। রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্কের প্রভাব ক্রিকেটেও পড়ে। ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। এছাড়া আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স, কেকেআর, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাও দুই দেশের ক্রিকেট মহলে আলোচনার জন্ম দেয়।

তবে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বরে ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজনের আলোচনা এগোয়। এখন সেই সিরিজই নতুন করে জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা দেখা দিয়েছে।

সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ-ভারত সিরিজ মাঠে গড়াতে পারে। তবে সিরিজের চূড়ান্ত তারিখ ও সূচি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসার অপেক্ষায় থাকতে হবে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের।