Home Blog Page 37

বার্সায় যাওয়া হচ্ছেনা আলভারেজের!

0

অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার বিষয়ে ২০২৬ বিশ্বকাপ চলাকালেই আগ্রহ প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। এরপর তার জন্য একাধিক ক্লাবের মাঠে নামার পরিস্থিতি দেখা গেলেও, তিনি বার্সেলোনায় যাওয়ার ইচ্ছা স্পষ্টভাবে জানিয়ে দেন। ফলে অ্যাতলেটিকোর সঙ্গে আলাপটা অবশিষ্ট ছিল স্রেফ বার্সার। কিন্তু অনেক নাটকীয়তার পর ক্লাবটির কাছে আলভারেজকে বিক্রি না করার কথা বলে দিয়েছে মাদ্রিদের দলটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাতলেটিকো নিজেদের অবস্থান থেকে একচুলও নড়ছে না। তারা আলভারেজকে বার্সেলোনার কাছে বিক্রি না করার সিদ্ধান্তে অটল। গত সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে খোদ অ্যাতলেটিকো সমর্থকদের দুয়ো শুনেছিলেন এই আলবিসেলেস্তে ফরোয়ার্ড, এরপর ক্লাবটির পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে উঠলেও কর্মকর্তা মিগেল আনহেল গিল মারিন ও মাতেউ আলেমানির অবস্থান স্পষ্ট। আলভারেজকে আর্সেনালের কাছে বিক্রি করতে রাজি তারা, কিন্তু বার্সেলোনার কাছে নয়।

আলভারেজকে যে দলে ভেড়ানো সম্ভব হবে না তা বুঝে গেছে বার্সেলোনাও। বেশ কিছুদিন ধরেই তারা অ্যাতলেটিকোর অনড় অবস্থান আঁচ করতে পারছিল। বিশ্বকাপের সময় আলভারেজও প্রকাশ্যে দলবদলের পক্ষে কথা বলেছিলেন এবং তার জন্য দল পরিবর্তন করাই ভালো হতে পারে বলে বার্তা ছিল। তবে অ্যাতলেটিকোর কঠোর অবস্থানের কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে নেওয়ার সম্ভাবনা এখন বার্সার জন্য কার্যত শেষ।

আলভারেজকে না পাওয়ায় বার্সেলোনা ‘প্ল্যান বি’ সক্রিয় করবে বলে উল্লেখ করেছে মার্কা। সেই পরিকল্পনায় অবশ্য নতুন কোনো খেলোয়াড়কে দলে নেওয়া হচ্ছে না। কোচ হ্যান্সি ফ্লিক ও স্পোর্টিং ডিরেক্টর ডেকো সিদ্ধান্ত নিয়েছেন, এই গ্রীষ্মের দলবদলে নতুন কোনো স্ট্রাইকার আনবেন না। শেষ মুহূর্তে বিশেষ কোনো সুযোগ তৈরি না হলে বর্তমান স্কোয়াড নিয়েই মৌসুম চালিয়ে যাবে কাতালানরা। দলবদলের বাজার বন্ধ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি থাকায় এমন সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনাও খুব কম।

এদিকে, আলভারেজকে পেতে চায় আর্সেনাল। ভিনিসিয়ুস জুনিয়রের জন্য তারা বড় অঙ্কের অর্থ লগ্নি করতে রাজি হলেও, শেষ পর্যন্ত ‍নতুন চুক্তি সেরে রিয়াল মাদ্রিদেই থেকে গেছেন এই ব্রাজিল তারকা। বড় কোনো ফরোয়ার্ড নিতে চাওয়া আর্সেনাল এখনও ওই জায়গায় উপযুক্ত কাউকে পায়নি। আলভারেজকে পেলে আর ভাবনা অনেকটাই কেটে যাবে কোচ মিকেল আর্তেতার। যদিও আলভারেজ এখনও বার্সেলোনা ছাড়া ক্লাবের কথা ভাবছেন না।

বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ম্যাচ, স্পন্সর মিললে সরকার সহযোগিতা করবে- ক্রীড়া প্রতিমন্ত্রী

0

বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা কম হচ্ছেনা কিন্তু এখনও কোন কুল কিনারা হয়নি। ব্রাজিল দলের বাংলাদেশে সম্ভাব্য সফর নিয়ে আলোচনা প্রাথমিক পর্যায়েই পড়ে রয়েছে যদিও ব্রাজিলের ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল বাংলাদেশের ভেন্যু পরিদর্শন করে খেলতে সম্মতি প্রকাশ করছে। ব্রাজিল দল আসলে তার বিপুল ব্যয় সরকার বহন করতে পারবে না। বাংলাদেশ-ব্রাজিল ফুটবল ম্যাচে স্পন্সর মিললে সরকার আনুষঙ্গিক সহযোগীতা দেবে বলে জানিয়েছেন- ক্রীড়া প্রতিমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মঙ্গলবার রাজধানীর মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে সারা দেশে বক্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাংলাদেশে-ব্রাজিল ফুটবল ম্যাচ নিয়ে আমিনুল হক বলেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে এবং এটা নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোন আলোচনা হয়নি। তিনি বলেন, ‘ব্রাজিল দল যদি বাংলাদেশে এসে আমাদের দলের সঙ্গে খেলে, তাহলে তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির বিষয় হবে। মন্ত্রী বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে এবং সম্ভাব্য ব্যয়ের বিষয়টিও উঠে এসেছে।

প্রতিমন্ত্রী আরো বলেন বলেন, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারকে বর্তমানে বড় ধরনের ব্যয় হচ্ছে। তাই একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করা সম্ভব নয়।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। যদি স্পন্সর এনে বাফুফে আয়োজনের প্রয়োজনীয় ব্যয় মেটাতে পারে, তাহলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা সম্ভব হবে।  

সারকথা: উপরের বিষয় থেকে বোঝা যাচ্ছে যে ব্রাজিল ফুটবল দলের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হলেও তা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ব্রাজিলের ৯০ সদস্য বিশিষ্ট দলের সফর বাস্তবায়নে আয়োজনের ব্যয় ও অর্থায়নের বিষয়টি বড় চিন্তার বিষয় বাফুফের কাছে।

তৃষ্ণার চোটে বড় ধাক্কা, এশিয়া কাপের দলে নতুন মুখ ফারজানা

0

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চোটের কারণে দুই আসর থেকেই ছিটকে গেছেন বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা। তার বদলে প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৭ বছর বয়সী ডানহাতি পেসার ফারজানা ইসমিন।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তৃষ্ণার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমআরআই পরীক্ষায় তার ডান উরুতে গ্রেড-টু টিয়ার ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তৃষ্ণার প্রায় চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। ফলে আগামী ২৬ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপে তাকে পাচ্ছে না বাংলাদেশ। একই কারণে ২০২৬ সালের এশিয়ান গেমসেও দলের বাইরে থাকতে হবে এই পেসারকে।

তৃষ্ণার জায়গায় দলে আসা ফারজানা ইসমিনের জন্য এটি বড় সুযোগ। মাত্র ১৭ বছর বয়সেই জাতীয় দলের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি। এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি এই ডানহাতি পেসারের। এশিয়া কাপের মতো বড় মঞ্চে সুযোগ পেলে সেটিই হতে পারে তার আন্তর্জাতিক ক্রিকেটে পথচলার শুরু।

এদিকে এশিয়া কাপের উদ্দেশে বুধবার বিকেলে দুবাইয়ের পথে রওনা হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলটির নেতৃত্বে থাকবেন নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন নাহিদা আক্তার।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, শর্না আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, শানজিদা আক্তার মাগলা ও ফারজানা ইসমিন।

তৃষ্ণার অনুপস্থিতিতে বাংলাদেশের পেস আক্রমণে কিছুটা হলেও ঘাটতি তৈরি হবে। বাঁহাতি পেসার হিসেবে নতুন বলে আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন তৃষ্ণা। তার জায়গায় তরুণ ফারজানাকে দলে নেওয়ায় এখন তার ওপরও থাকবে বাড়তি প্রত্যাশা।

এশিয়া কাপের পরই রয়েছে এশিয়ান গেমসের ব্যস্ততা। ফলে তৃষ্ণার চোট শুধু একটি টুর্নামেন্ট নয়, বাংলাদেশের পরবর্তী গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সূচিতেও প্রভাব ফেলছে। তবে চার থেকে ছয় সপ্তাহের পুনর্বাসন শেষে দ্রুত মাঠে ফেরার অপেক্ষায় থাকবেন এই বাঁহাতি পেসার।

অন্যদিকে, ফারজানার জন্য এটি নিজের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ। বয়স মাত্র ১৭, আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই—তবুও জাতীয় দলের সঙ্গে বড় মঞ্চে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে চোটের কারণে। এখন অনুশীলনে নিজের সামর্থ্য দেখিয়ে একাদশে জায়গা করে নেওয়াই হবে তার প্রধান চ্যালেঞ্জ।

তৃষ্ণার চোটে হতাশা থাকলেও নতুন মুখ ফারজানাকে নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বাংলাদেশ শিবিরে। এশিয়া কাপের মঞ্চে এই তরুণ পেসার কতটা নিজেকে মেলে ধরতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।

আসিয়ান কাপে বাংলাদেশের ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা

0

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় প্রথম ‘ফিফা আসিয়ান কাপ’কে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। নতুন প্রধান কোচ টমাস ডুলির অধীনে এই দল নিয়েই শুরু হচ্ছে আসন্ন ক্যাম্প। আগামী পরশু থেকে জাতীয় দলের প্রস্তুতি শুরু হওয়ার কথা রয়েছে।

বাফুফের ঘোষিত প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে কেবল দেশের ঘরোয়া ফুটবলে খেলছেন এমন ফুটবলারদের। বিদেশি লিগে ব্যস্ত থাকা খেলোয়াড়দের এই তালিকায় রাখা হয়নি। পরবর্তী সময়ে তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে।

বিদেশে খেলা জাতীয় দলের পরিচিত মুখদের মধ্যে বর্তমানে হামজা চৌধুরী, শমিত সোম, তারিক কাজী, জায়ান আহমেদ ও ফাহমিদুল ইসলাম রয়েছেন। তারা নিজেদের ক্লাবের ব্যস্ততা শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন।

সৌরভ দেওয়ান

ঘোষিত ২৮ জনের মধ্যে তিনজনের এখনো জাতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি। ফরোয়ার্ড সৌরভ দেওয়ান ও মিনহাজুল করিমের পাশাপাশি এই তালিকায় রয়েছেন ডিফেন্ডার আবদুল্লাহ ওমর। তাদের সামনে এবার জাতীয় দলে নিজেদের প্রমাণের সুযোগ।

প্রথমবারের মতো আসিয়ান কাপ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে ঘিরে এবারই প্রথম আয়োজিত হচ্ছে ফিফা আসিয়ান কাপ। মূলত ফিফা আরব কাপের আদলে এই প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। গত বছর এ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পর চলতি বছরের ফিফা কংগ্রেসে টুর্নামেন্টটি আনুষ্ঠানিক অনুমোদন পায়।

আসিয়ান অঞ্চলের ১১টি দেশের পাশাপাশি চীন, ভারত ও হংকংকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে ভারত ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। একইভাবে চীনও নাম প্রত্যাহার করে নেয়। পরে চীনের জায়গায় পাকিস্তানকে অন্তর্ভুক্ত করা হয়। আর ভারতের পরিবর্তে সুযোগ পায় বাংলাদেশ।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে আসিয়ান কাপ। চারটি দল নিয়ে গঠিত দুটি গ্রুপে হবে প্রতিযোগিতা।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

ডুলির নতুন অধ্যায়ের শুরু

আসিয়ান কাপ দিয়েই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে টমাস ডুলির নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। নতুন কোচের অধীনে ঘরোয়া ফুটবলের খেলোয়াড়দের নিয়ে প্রথম ধাপের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ।

বিদেশি লিগে থাকা খেলোয়াড়েরা পরে যোগ দিলে দলটির শক্তি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। ফলে জাকার্তায় আসরের মূল পর্বে নামার আগে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন ডুলি।

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান, আনিসুর রহমান।

ডিফেন্ডার: তপু বর্মণ, শাকিল আহাদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, মনজুরুর রহমান।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা সিনিয়র, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন, কাজেম শাহ।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, মিনহাজুল করিম, রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, সৌরভ দেওয়ান, রাব্বি হোসেন।

হামজা-শমিতকে ছাড়াই আসিয়ান কাপে বাংলাদেশের প্রাথমিক দল

0

২৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ায় শুরু হচ্ছে ফিফা আসিয়ান কাপ। টুর্নামেন্টকে সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ থমাস ডুলি। তবে ঘোষিত তালিকায় নেই বিদেশি লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী। বাফুফে জানিয়েছে, পরবর্তী সময়ে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা।

নতুন কোচ হিসেবে ডুলির দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। গত জুনে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দল থেকে এবার বাদ পড়েছেন মিরাজুল ইসলাম ও রফিকুল ইসলাম। ফিফার নিষেধাজ্ঞার কারণে মিরাজুলকে পাওয়া যাচ্ছে না। শাস্তির কারণে দলে নেই আল আমিনও।

অন্যদিকে, গত মৌসুমে মোহামেডানের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করা সৌরভ দেওয়ান এবার জায়গা পেয়েছেন জাতীয় দলে। সান মারিনোর বিপক্ষে দলে না থাকায় যাকে নিয়ে আলোচনা হয়েছিল, সেই সৌরভকেই এবার সুযোগ দিয়েছেন ডুলি।

আসন্ন ক্যাম্প নিয়ে অবশ্য কিছুটা অনিশ্চয়তাও রয়েছে। শুরুতে বিকেএসপিতে ক্যাম্প করার পরিকল্পনা থাকলেও আবাসন সংকটের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে। ঢাকার একটি হোটেলে রেখে জাতীয় দলের অনুশীলন চালানোর পরিকল্পনা করা হয়েছে।

এদিকে, এখনো সব ক্লাব অনুশীলন শুরু না করায় খেলোয়াড় ছাড়ার বিষয়টিও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ফিফা উইন্ডোর তিন দিন আগে খেলোয়াড় ছাড়তে ক্লাবগুলো বাধ্য নয়। ফলে মৌসুম শুরুর আগেই ক্লাবের অনুশীলন ছেড়ে জাতীয় দলে যোগ দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকছেই।

আসিয়ান কাপের প্রাথমিক দল:

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, রহমত মিয়া, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, ইসা ফয়সাল, জামাল ভূঁইয়া, সোহেল রানা, হৃদয়, শেখ মোরসালিন, সৈয়দ কাজেম শাহ, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, মনজুরুর রহমান, মিনহাজুল করিম স্বাধীন, মো. ইব্রাহীম, সৌরভ দেওয়ান ও রাব্বি হোসেন রাহুলসহ আরও দুই ফুটবলার।

ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার-ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ! যে ম্যাচটি আয়োজন করতে হলে বড় অঙ্কের অর্থই খরচ হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। সে খরচ মেটাতে সরকারের দ্বারস্থ হওয়ার আভাস গতকালই দিয়েছে বাফুফে। মঙ্গলবার ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এক প্রশ্নে উত্তরে ব্রাজিলের সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই বলে জানিয়ে দিয়েছেন।

অবশ্য প্রতিমন্ত্রী বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারে পক্ষ থেকে…এ ধরনের অর্থ ব্যয় করে…যেহেতু আপনারা জানেন…বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’

পরপরই আমিনুল হক যোগ করেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধিদলের), তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’

ব্রাজিল সফরের বিষয়ে ইতিবাচক বার্তা দেওয়া এবং সরকারের কাছে বাফুফের সহযোগিতার প্রত্যাশা প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিষয়টা (ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’

এছাড়া আমিনুল হক বলেন, ‘আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এর মাধ্যমে, এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই এ কারণে, ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা…সেটা হয়তোবা পূরণ হবে। দর্শকেরা হয়তোবা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে-এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।’

এছাড়া আমিনুল হক আরও বলেন, ‘এটা একদমই প্রাথমিক পর্যায়ে আছে। এখনো বিশদভাবে আলোচনা হয়নি। আদৌ ব্রাজিল দল বাংলাদেশে আসবে কি না, সেটা নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা নেই।’

কাউন্টিতে খেলা হচ্ছে না শরীফুলের

কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পেয়েও ইংলিশ দল কেন্টের হয়ে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের পেসার শরীফুল ইসলামের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা বিবেচনায় রেখে তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আসন্ন টেস্ট সিরিজের আগে শরীফুলকে পুরোপুরি সতেজ রাখতে চায় বিসিবি।

কেন্টের হয়ে এরই মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছেন বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদ। তাঁর পর শরীফুলও দলটির হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। চারটি ম্যাচের জন্য তাঁকে চেয়েছিল কেন্ট। কিন্তু বিসিবির কাছ থেকে এনওসি না পাওয়ায় সেই সুযোগ আর কাজে লাগানো হচ্ছে না। এ বিষয়ে বিসিবি অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

শরীফুলের জায়গায় আরেক বাংলাদেশি পেসার খালেদ আহমেদকে দলে নেওয়ার গুঞ্জন রয়েছে। তবে এ ব্যাপারেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এদিকে কাউন্টিতে সুযোগ পেয়ে বল হাতে দারুণ ছন্দে আছেন হাসান মাহমুদ। চ্যাম্পিয়নশিপের পর টি-টোয়েন্টি ব্লাস্টেও আলো ছড়িয়েছেন এই পেসার। ফলে কাউন্টিতে বাংলাদেশের প্রতিনিধিত্বটা ঠিকই থাকছে। শরীফুলকে দেখা না গেলেও হাসানকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলতে দেখা যাবে।

হাসানের আগে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলেছেন সাকিব আল হাসান। এবার সেই তালিকায় নতুন করে নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন শরীফুল। তবে বিসিবির ওয়ার্কলোড ব্যবস্থাপনার সিদ্ধান্তে আপাতত সেই অপেক্ষাই করতে হচ্ছে তাঁকে।

দ. আফ্রিকাকেও ভোগাবে বাংলাদেশ-ডি ভিলিয়ার্স

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতি এখন বেশ দৃশ্যমান। দেশের মাটির গণ্ডি পেরিয়েও লাল বলের ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিচ্ছে তারা। সম্প্রতি ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে স্বাগতিকদের হারিয়ে চমকে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলবে-এমনটাই বিশ্বাস করেন সাবেক প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স।

ডি ভিলিয়ার্সের মতে, অস্ট্রেলিয়ায় সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্সই প্রমাণ করেছে, দেশের বাইরেও শক্তিশালী দলগুলোকে চ্যালেঞ্জ করার সামর্থ্য রয়েছে তাদের। ডারউইনে ১১ সেশন দাপট দেখিয়ে ৯ উইকেটে জিতেছিল বাংলাদেশ। এশিয়ার কোনো দলের অস্ট্রেলিয়ার মাটিতে দ্রুততম সময়ে টেস্ট জয়ের রেকর্ডও গড়েছিল তারা।

তবে ম্যাকাইতে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে জিতে সিরিজ ১-১ সমতায় শেষ করে স্বাগতিকেরা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ থাকলেও পুরো সিরিজের পারফরম্যান্স তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। বছরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সেই আত্মবিশ্বাসই কাজে লাগাতে চাইবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনেও বাংলাদেশ একই রকম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে। সফরের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি হলো দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে ব্যাটারদের জন্য। এখানে বল পিচে পড়ে শুধু সুইংই করে না, পাশাপাশি সিম মুভমেন্টও করে। খুব বেশি খেলোয়াড় এই পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নন। এর সামাল দেওয়া সত্যিই বেশ কঠিন।’

পেস ও সিম সহায়ক কন্ডিশনে সফল হতে হলে ব্যাটারদের ক্রিজে নিষ্ক্রিয় হয়ে পড়ে থাকলে চলবে না বলেও মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমার নিজের কথা যদি বলি, এর সামাল দেওয়ার জন্য আমার কিছু কৌশল ছিল। কখনো ক্রিজ ছেড়ে সামনে বেরিয়ে আসতাম, কখনো স্টাম্প পুরোপুরি ঢেকে রাখতাম, আবার কখনো স্টাম্প উন্মুক্ত করে খেলতাম-যেভাবে আমি পরিস্থিতি বুঝতাম।’

ডি ভিলিয়ার্সের পরামর্শ, এমন সিমিং কন্ডিশনে ব্যাটারদের পরিস্থিতি অনুযায়ী সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, ‘এই ধরনের সিমিং কন্ডিশনে এটাই আপনাকে করতে হবে। শুধু স্টাম্প ঢেকে রেখে সারাদিন টিকে থাকলেই হবে না। অবশ্যই আপনাকে সক্রিয় হতে হবে।’

আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে প্রথম টেস্ট, যা চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ম্যারাডোনার মামলায় বাবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট জমা

0

প্রয়াত আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের বিচার চলছে। এর মধ্যেই মামলায় বড় ধরনের ভুলের কথা স্বীকার করেছে একটি স্বাস্থ্য বীমা প্রতিষ্ঠান। ম্যারাডোনার বদলে তাঁর বাবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল তদন্তকারী চিকিৎসা কমিশনের কাছে।

সোমবার এএফপির নজরে আসা এক চিঠিতে সুইস মেডিক্যাল জানিয়েছে, ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ভুলবশত তাঁর নামে যে চিকিৎসা পরীক্ষার রিপোর্ট জমা দেওয়া হয়েছিল, সেগুলো আসলে তাঁর বাবা ডিয়েগো সালুসতিয়ানো ম্যারাডোনার। ২০১৫ সালে মারা যান ম্যারাডোনার বাবা।

মামলার সঙ্গে সংশ্লিষ্ট এক স্বাস্থ্যকর্মীর আইনজীবী গত সপ্তাহে বিষয়টি ধরিয়ে দেন। এরপরই ভুল স্বীকার করে সুইস মেডিক্যাল।

আর্জেন্টিনায় গত এপ্রিলের মাঝামাঝি থেকে ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে। চিকিৎসায় সম্ভাব্য অবহেলার কারণেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে—এমন অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। মস্তিষ্কে রক্তক্ষরণের অস্ত্রোপচারের প্রায় দুই সপ্তাহ পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। একই সঙ্গে তিনি অ্যাকিউট পালমোনারি এডিমায়ও আক্রান্ত ছিলেন, যে অবস্থায় ফুসফুসে তরল জমে যায়।

চলমান বিচার কার্যক্রম অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জিম্বাবুয়ের টি-২০ দলে ফিরলেন ৩৯ বছর বয়সী ক্রিমার

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও এই সংস্করণের জিম্বাবুয়ে দলে ফিরেছেন গ্রায়েম ক্রিমার। নামিবিয়ায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ৩৯ বছর বয়সী এই লেগ স্পিনার। সোমবার ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। বরাবরের মতো টি-টোয়েন্টি দলটির নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।

গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর আর কোনো স্বীকৃত ক্রিকেট খেলেননি ক্রিমার। বাঁ হাতের চোটে ভুগছিলেন তিনি। গত জুনে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাখা হলেও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তাঁর। আগামী মাসে ৪০ বছরে পা দিতে যাওয়া এই স্পিনার এবার ফিরছেন টি-টোয়েন্টিতে।

দীর্ঘ বিরতির পর গত নভেম্বরে টি-টোয়েন্টিতে ফিরেছিলেন ক্রিমার। এর আগে প্রায় আট বছর এই সংস্করণের ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। এবারও তাঁর ফেরার অপেক্ষা তাই জিম্বাবুয়ের ক্রিকেটে আলাদা আগ্রহ তৈরি করেছে।

তবে দলে নেই টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রিচার্ড এনগারাভা। কোমরের নিচের অংশের চোট থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। অস্ত্রোপচারের কারণে আরেক পেসার তানাকা চিভাঙ্গাকেও রাখা হয়নি দলে।

বাংলাদেশ ও ভারতের বিপক্ষে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে কোনো ম্যাচ খেলার সুযোগ না পাওয়া ব্রেন্ডান টেইলরও বাদ পড়েছেন। বিশ্বকাপে ওমানের বিপক্ষে ম্যাচটিই ছিল তাঁর সর্বশেষ টি-টোয়েন্টি। তবে টেস্ট ক্রিকেটে নিয়মিতই খেলছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টেও একাদশে ছিলেন তিনি।

ত্রিদেশীয় সিরিজে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে জিম্বাবুয়ে। পরদিন নামিবিয়ার মুখোমুখি হবে তারা।

প্রাথমিক পর্বে তিন দলই একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, কুন্দাই মাতিগিমু, মুজারাবানি, ডিওন মেয়ার্স, নিউম্যান নিয়ামুরি, তাফাদজাওয়া সিগা।