Home Blog Page 49

টিভিতে আজকের খেলা: ১৯ আগষ্ট ২০২৬

হেডিংলিতে আজ শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট। গলে চলছে শ্রীলঙ্কা-ভারত প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকায় চার দিনের ম্যাচ খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

ক্রিকেট
গল টেস্ট-৫ম দিন

শ্রীলঙ্কা-ভারত
সকাল ১০-১৫ মি., সনি স্পোর্টস ১

হেডিংলি টেস্ট-১ম দিন
ইংল্যান্ড-পাকিস্তান
বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫

চার দিনের ম্যাচ (ইমার্জিং)
বাংলাদেশ-দ. আফ্রিকা
বেলা ১-৩০ মি., ইউটিউব/ক্রিকেটসাউথআফ্রিকা

হকি
বিশ্বকাপ
বেলা ১-৩০ মি., টি স্পোর্টস

ফুটবল
লা লিগা
আতলেতিকো-মালাগা
রাত ১টা, বিগিন অ্যাপ

বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার!

0

দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন ভারতীয় অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ। ব্যাটারের সজোরে খেলা স্ট্রেট ড্রাইভ সরাসরি তার গালে আঘাত হানলে তিনি মাঠে লুটিয়ে পড়েন। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়

ইস্ট দিল্লি রাইডার্স ও নিউ দিল্লি টাইগার্সের মধ্যকার ম্যাচ চলাকালে প্রতিপক্ষের রান তাড়ায় ইনিংসের ১৮তম ওভারে এ অঘটন ঘটে। বোলার আশিস মিনার করা একটি ডেলিভারিতে নিউ দিল্লির তরুণ ব্যাটার লক্ষ্য থারেজা সোজা ব্যাটে একটি জোরালো স্ট্রেট ড্রাইভ খেলেন।

উড়ে আসা বলটি মাটিতে ড্রপ খাওয়ার কোনো সুযোগ না পেয়ে সরাসরি অন-ফিল্ড আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজের ডান গালের পাশে কানের ঠিক নিচে সজোরে আঘাত করে। বলের মারাত্মক আঘাতে মুহূর্তের মধ্যেই গালে হাত দিয়ে পিচে বসে পড়েন ধর্মেশ।

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন ব্যাটার থারেজাও। নিজের শটে আম্পায়ার আহত হয়েছেন দেখে মাথায় হাত দিয়ে উইকেটে বসে পড়েন তিনি। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটার ও ফিল্ডাররা দ্রুত ভরদ্বাজের দিকে ছুটে আসেন। মুহূর্তেই মাঠের খেলার উত্তাপ রূপ নেয় চরম উৎকণ্ঠায়।

প্রাথমিকভাবে আঘাতের ভয়াবহতা পুরোপুরি স্পষ্ট না হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভরদ্বাজের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। তৎক্ষণাৎ তাকে দিল্লির একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রয়োজনীয় প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ

0

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন নাঈম শেখ। তবে যখনই জাতীয় দলে ডাক পান তখনই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন এই ওপেনার। তবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন সিরিজে ভালো করে আবারো জাতীয় দলে ফিরতে চান নাঈম।

দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন বলেন, ‘এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই জায়গায় ভালো করে অবশ্যই জাতীয় দলের ফেরার লক্ষ্য থাকবে। ব্যক্তিগত লক্ষ্যটা এখন খোলাসা করতে চাচ্ছি না। নিজের মতো করে পরিকল্পনা করছি। দলকে জেতানোই সবচেয়ে বড় লক্ষ্য।’

নিজের খেলার ধরন নিয়ে এই বাঁহাতি ব্যাটার বলেন, ‘ওখানে প্রথমে (সাউথ আফ্রিকায়) দুইটি চার দিনের ম্যাচ এবং তারপর ওয়ানডে ম্যাচ আছে। চেষ্টা থাকবে পরিস্থিতি অনুযায়ী খেলার। যেভাবে এতদিন প্রস্তুতি নিয়েছি, ওটা যেন ঠিকভাবে মেলে ধরতে পারি, এটাই লক্ষ্য থাকবে।’

‘সত্যি বলতে এত লম্বা চিন্তা করছি না। শুধু এই সিরিজটা খেলতে যাচ্ছি। উপভোগ করে এই সিরিজটা যেন ভালো খেলতে পারি, জিততে পারি-এই সিরিজটাতেই মনোযোগ আছে।’-যোগ করেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলবেননা বাবর আজম

0

ইংল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় ডান হাতে চোট পান বাবর আজম। তখনই শঙ্কা জেগেছিল লিডসের হেডিংলিতে প্রথম টেস্টে পাকিস্তানের অধিনায়ক হয়তো খেলতে পারবেন না।

শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। আগামীকাল (১৯ আগস্ট) শুরু হতে চলা হেডিংলি টেস্ট থেকে ছিটকে গেলেন বাবর। তার অনুপস্থিতিতে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আগা। আজ মঙ্গলবার পাকিস্তান টেস্ট দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত শুক্রবার (১৪ আগস্ট) কাউন্টি সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একটি বাউন্সার সামলাতে গিয়ে ডান হাতে আঘাত লাগে বাবরের। একই হাতে এ মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে দ্বিতীয় টেস্টেও চোট পান তিনি।

প্রথম টেস্ট থেকে বাবরের ছিটকে পড়া নিশ্চিত করে সরফরাজ বলেছেন, ‘সে ব্যথা অনুভব করছে। চিকিৎসক দল তাকে পর্যবেক্ষণ রেখেছে।

আশা করি দ্বিতীয় টেস্টে সে খেলতে পারবে।’

গত জুলাইয়ে আবারো পাকিস্তানের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান বাবর আজম। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে তার নেতৃত্বে সিরিজ ড্র করে পাকিস্তান। লিডসে তার অনুপস্থিতি স্বাভাবিকভাবেই দলের জন্য বড় ধাক্কা। 

ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পাওয়া সালমানের জন্য এটি নতুন অভিজ্ঞতা

সাদা বলের ক্রিকেটে পাকিস্তানকে নেতৃত্ব দিলেও এবারই প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নামবেন তিনি।

স্প্যানিশ ফুটবল কোচ নিয়োগ দিল মোহামেডান

0

নতুন ফুটবল মৌসুম

চ্যাম্পিয়ন হতে শুধু বড় বাজেটের দল গড়েই থামেনি মোহামেডান স্পোর্টিং ক্লাব, নতুন মৌসুমের শুরু থেকেই বিদেশি কোচও নিয়োগ দিয়েছে। নতুন কোচ বিগ বাজেটের মতই বিগ নামের আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিশ  এই কোচের নাম হল ফার্নান্দো আন্দ্রেস সান্তিয়াগো ভারেলা। আজ মোহামেডান ক্লাব ভবনে ৫৩ বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

ভারেলা উয়েফা প্রো লাইসেন্সধারী কোচ, তাঁর কোচিং ক্যারিয়ারের বড় অংশই কেটেছে ভারতে। ২০১৮ সালে দেশটির গোকুলাম কেরালায় যোগ দিয়ে প্রথম মৌসুমেই দলকে কেরালা প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন, আর পরের মৌসুমে জেতান ডুরান্ড কাপের ট্রফি।

২০২০ সালে ক্লাবের সঙ্গে বেতন নিয়ে বনিবোনা ও আই-লিগের পারফরম্যান্সের কারণে গোকুলাম ছেড়ে দায়িত্ব নেন গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সের আর সর্বশেষ কোচ হিসেবে কাজ করেছেন স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায়।

ভারেলার ফুটবল পান্ডিত্য বেশ ভালই আছে বলে মনে হয় কারণ আর্জেন্টিনার বুয়েনস এইরেসে জন্ম নেওয়া ভারেলা ফুটবলের ওপর ‘ফুটবল ইন্টেলিজেন্ট’ নামে একটি বইও লিখেছেন। দীর্ঘদিন ধরে স্পেনে বসবাস ভারেলা তাই স্প্যানিশ কোচ হিসেবেই এসেছেন মোহামেডান শিবিরে।  

তানজিদ-ব্রুককে হারিয়ে জুলাইয়ের সেরা তারকা গ্রিভস

বাংলাদেশের তানজিদ হাসান তামিম ও ইংল্যান্ডের হ্যারি ব্রুককে পেছনে ফেলে আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। জুলাইয়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেয়েছেন ক্যারিবীয় ক্রিকেটার।

গত জুলাই মাসে টেস্ট ক্রিকেটে দারুণ ছন্দে ছিলেন গ্রিভস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছেন ১৮০ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচটি ড্র হলেও শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর পাকিস্তানের বিপক্ষে টারুবা টেস্টে বল হাতে আরও উজ্জ্বল ছিলেন গ্রিভস। ম্যাচটিতে ৭ উইকেট নিয়ে পাকিস্তানকে ১২০ রানে অলআউট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। শেষ পর্যন্ত ৯০ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

জুলাইয়ে দুই টেস্ট খেলে গ্রিভসের ব্যাট থেকে এসেছে ২১৫ রান, সঙ্গে নিয়েছেন ৮ উইকেট। দুই টেস্টেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই অলরাউন্ডার। এ ছাড়া জুলাইয়ে দুটি ওয়ানডে খেলে করেছেন ৩২ রান। আইসিসিকে দেওয়া এক বিবৃতিতে গ্রিভস বলেছেন, ‘ঘরের মাঠে খেলতে গিয়ে আমার একটি স্মরণীয় মাস কেটেছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ব্যাট ও বল-দুই বিভাগেই অবদান রাখতে পারার বিষয়টি আমার জন্য বিশেষভাবে আনন্দের।’

টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্স নিয়ে গ্রিভস আরও বলেন, ‘টেস্ট ক্রিকেটে প্রভাব রাখা পারফরম্যান্স সব সময়ই আমি দারুণভাবে মনে রাখব, বিশেষ করে যখন সেগুলো আমাদের ঘরের দর্শকদের সামনে আসে। দলের হয়ে কিছু গুরুত্বপূর্ণ পারফরম্যান্সে নিজের ভূমিকা রাখতে পেরে আমি আনন্দিত। আশা করি, ভবিষ্যতেও আমি এমন জরুরি অবদান রাখতে পারব।’ সতীর্থ ও দলের স্টাফদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে গ্রিভস বলেন, ‘সতীর্থ ও দলের স্টাফদের সহযোগিতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। আগামী মাসগুলোতে এই ধারাবাহিকতা আরও এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি।’

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ২য় টেস্টের প্রথম দিনের সবটিকিট শেষ!

0

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাকাই টেস্ট

ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনানাতেও তাহলে থাকছে বাংলাদেশী সমর্থকদের সরব উপস্থিতি, ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে পরাজিত করে বাংলাদেশ যেমন প্রশংসায় ভাসছে তেমনী তীব্র সমালোচনায় পড়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর জন্য ইতি মধ্যেই নানা কৌশল নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন অস্ট্রেলিয়ান কোচ। তবে অস্ট্রেলিয়ায় প্রবাসি বাংলাদেশী ও অস্ট্রেলিয়ান সাধারণ ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহও বেশ বেড়েছে ২য় টেস্ট নিয়ে। আর সে জন্যই বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব সাধারণ টিকিট বিক্রি হয়ে গেছে।

ডারউইন টেস্টে এমন দৃশ্য দেখা গেছে ২০ বার

ডারউইন টেস্ট: ডারউইন টেস্ট হেরে অস্ট্রেলিয়ান ক্রিকেট যেন সম্বিত ফিরে পেয়েছে, নিজ দেশের ক্রিকেট সমর্থক আর মিডিয়ার তীব্র সমালোচনার সম্মুখীন হয়ে ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াডে পরিবর্তন আনা হয়েছে, বাদ পড়েছে ওপেনার জেক ওয়েদারাল্ড। বিপরীত চিত্রে বাংলাদেশ দল নিয়ে অস্ট্রেলিয়ানদের আগ্রহও বেড়েছে।  

আগামী শনিবার গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই টেস্টের প্রথম দিনের টিকিট বিক্রি নিয়ে বলা হয়েছে, ‘এনআরএমএ ইনস্যুরেন্স ম্যাকাই টেস্টে প্রথম দিনের সাধারণ টিকিট সব বিক্রি হয়ে গেছে।’

অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু: বাংলাদেশের বিপক্ষে ২য় টেস্টে ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা। স্টেডিয়ামের আসন সংখ্যা ১০ হাজার। ডারউইন টেস্ট হারার পর অস্ট্রেলিয়া সিরিজ বাঁচাতে ম্যাকাই টেস্টকে পাখির চোখ করেছে। তবে ২য় থেকে ৪র্থ দিনের টিকটি পাওয়া যাচ্ছে। অস্ট্রেলিয়ায় প্রবাসী ভারতীয় সম্প্রদায়ের সাময়িকী ‘দ্য ইন্ডিয়ান সান’ জানিয়েছে, ম্যাকাই টেস্টে দ্বিতীয় দিনের সব টিকিট বিক্রিও শেষ হওয়ার পথে।

সারকথা: ম্যাকাই টেস্ট স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য যেমন ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তেমনী বাংলাদেশের জন্য টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলার স্বপ্ন হয়েছে। বাকিটা সময়ই বলে দিবে, তবে এই টেস্টে অস্ট্রেলিয়া মরণ কামড় দিয়ে টেস্ট জিততে চাইবে তাই বাংলাদেশকে আত্নতুষ্টিতে না ভুগে প্রথম টেস্টের পারফরম্যান্স ধরে রেখে ভাল করার চেষ্টা করতে হবে।

বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর টেস্টে অস্ট্রেলিয়া দলে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে ৯ উইকেটের বড় পরাজয়ের পর দ্বিতীয় টেস্টের আগে দলে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে ওপেনিংয়ে জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়ে দলে ফেরানো হয়েছে ম্যাথিউ রেনশকে।

ডারউইনে প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থতার পরই ওয়েদারাল্ডের জায়গা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়লেন এই বাঁহাতি ব্যাটার। তার পরিবর্তে দলে জায়গা পাওয়া রেনশ ২০২৩ সালের পর প্রথমবার টেস্ট খেলার অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টটি রেনশর জন্য হতে যাচ্ছে ক্যারিয়ারের ১৫তম টেস্ট। সিরিজের জন্য স্ট্যান্ডবাই হিসেবে থাকা এই ব্যাটার ব্রিসবেনে দলের সঙ্গে অনুশীলনও করেছেন। গত মৌসুমে শেফিল্ড শিল্ডে তিনটি সেঞ্চুরিসহ ৪৯.৯০ গড়ে রান করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সের ধারাবাহিকতায় সাদা বলের ক্রিকেটেও অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন।

টেস্টে রেনশর ব্যাটিং গড় ২৯.৩১। ২০১৭ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে তার সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান। এবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফেরার সুযোগ পেলে নিজেকে প্রমাণের বড় মঞ্চই পাচ্ছেন তিনি।

অন্যদিকে, ডারউইনে নিজের শহরের মাঠে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ওয়েদারাল্ড করেছিলেন ২৩ ও শূন্য রান। ১২ ইনিংসের ক্যারিয়ারে তার গড় নেমে এসেছে ২০.৩৬-এ। ইংল্যান্ডের বিপক্ষে এলবিডব্লিউ ও বোল্ড হওয়ার সমস্যার পর নিজের ব্যাটিং টেকনিকে কিছু পরিবর্তন এনেছিলেন তিনি। তাতেও প্রত্যাশিত ফল না আসায় মাত্র একটি টেস্টের পরই দল থেকে বাদ পড়তে হলো তাকে।

অ্যাশেজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের সময় ট্রাভিস হেডের সঙ্গে ওয়েদারাল্ডের কয়েকটি ভালো উদ্বোধনী জুটি ছিল। সেই সাফল্যের পর গত এপ্রিলে জাতীয় চুক্তিতেও জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের ব্যর্থতা তার জন্য কাল হয়ে দাঁড়াল।

ওপেনিংয়ে হেডের সঙ্গী হিসেবে রেনশ ছাড়াও জশ ইংলিসের নাম বিবেচনায় রয়েছে। ডারউইনে ১৩ সদস্যের স্কোয়াডে থাকা ৩১ বছর বয়সী ইংলিস জায়গা ধরে রেখেছেন। পাঁচটি টেস্ট খেলা এই ডানহাতি ব্যাটার সাধারণত শেফিল্ড শিল্ডে পাঁচ নম্বর বা তার নিচে ব্যাট করেন। তবে ওপেনিংয়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে তার।

গত নভেম্বরে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের হয়ে ওপেন করতে নেমে ইংলিস করেছিলেন ৪০ ও অপরাজিত ১২৫ রান। তাই প্রয়োজনে তাকেও হেডের সঙ্গে ইনিংস উদ্বোধনের দায়িত্ব দেওয়া হতে পারে।

তবে প্রচলিত ব্যাটিং পজিশন বিবেচনায় রেনশই এগিয়ে। যে উত্তর কুইন্সল্যান্ডের মাঠে তার টেস্ট অভিষেক হতে যাচ্ছে, সেখানেই প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি সেঞ্চুরি রয়েছে তার।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম টেস্টে এক ও ৩১ রান করা মার্নাস লাবুশেন তিন নম্বর পজিশন ধরে রাখতে চাপে আছেন। ফলে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম তিন ব্যাটারের মধ্যে দুজনের পরিবর্তন দেখা যেতে পারে।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়ার সামনে তাই দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। অন্যদিকে বাংলাদেশের লক্ষ্য থাকবে ম্যাকাইয়ে সিরিজ নিশ্চিত করে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় তুলে নেওয়া।

অস্ট্রেলিয়া স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বেউ ওয়েবস্টার।

বিপিএল মাতিয়ে প্রথমবার আফগানিস্তান দলে ডাক পেলেন নবীর ছেলে

আসন্ন ২০২৬ এশিয়ান গেমসের জন্য অপেক্ষাকৃত অনভিজ্ঞ এবং তরুণদের প্রাধান্য দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে ছয়জন একেবারেই নতুন মুখ জায়গা পেয়েছেন। এর মধ্যে রয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলও। প্রথমবার আফগানিস্তান দলে ডাক পেলেন তিনি।

দলের নেতৃত্বের ভার থাকছে ডারউইশ রাসুলির ওপর। পাশাপাশি অভিজ্ঞ করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান দলে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখবেন। ১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি আফগানদের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গী হিসেবে আছেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে দারুণ পারফর্ম করে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিয়াল এবং টুর্নামেন্ট সেরা হওয়া পেস-অলরাউন্ডার ইসমত আলম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদা এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলও ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।

আফগানিস্তান এশিয়ান গেমস স্কোয়াড: দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত, নানগেয়ালিয়া খারোটি, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই ও আবদুল্লাহ আহমদজাই।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় নারী এশিয়া কাপ ক্রিকেট ও ২০তম এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টেই একই দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ।

নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে রাখা হয়েছে অভিজ্ঞ ও নিয়মিত মুখদের। দলে আছেন নাহিদা আক্তার, শারমিন সুলতানা ও সোবহানা মোস্তারির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

এশিয়া কাপ ও এশিয়ান গেমস সামনে রেখে দলকে বেশ ভারসাম্যপূর্ণই রেখেছে বিসিবি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেও অভিজ্ঞতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বে ভালো ফলের প্রত্যাশা থাকবে বাংলাদেশের।

চলতি মাসেই শুরু হবে দুই টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করার পাশাপাশি এশিয়ান গেমসেও পদকের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারী, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান. মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, ফারিহা ইসলাম তৃষ্ণা।