Home Blog Page 53

টিভিতে আজকের খেলা: ১৬ আগষ্ট ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের চতুর্থ দিন আজ। গলে চলছে শ্রীলঙ্কা-ভারত টেস্ট। লা লিগায় আজ দুটি ম্যাচ।

ক্রিকেট
ডারউইন টেস্ট-৪র্থ দিন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সকাল ৬-৩০ মি., ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১

গল টেস্ট-২য় দিন
শ্রীলঙ্কা-ভারত
সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ১

৩য় ওয়ানডে
বাংলাদেশ অ-২৩-মালয়েশিয়া
সকাল ৯–৩০ মি., টি স্পোর্টস

ফুটবল
লা লিগা

রেসিং-ভিয়ারিয়াল
রাত ৯টা, বিগিন অ্যাপ

এসপানিওল-লেভান্তে
রাত ১১টা, বিগিন অ্যাপ

আমাদের ঘুরে দাড়ানোর বিশ্বাস ছিল – মিরাজ

0

দীর্ঘ দুই দশকের বিরতি দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেছ বাংলাদেশ। দাপটের সাথে প্রথম ইনিংস শেষ করেছে টাইগাররা, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অজিরা। তবে এ ম্যাচের আগে তিনদিনের এক প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। সেখান থেকে এ ম্যাচ পর্যন্ত যাত্রার চড়াই-উৎরাইয়ের কথা তৃতীয় দিনের সংবাদ সম্মেলনে জানালেন মেহেদী হাসান মিরাজ। 

ডারউইনে অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৭৫.৫ ওভারে ২৬৩ রানের পর ৯২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে সবকিছু পিছনে ফেলে বেশ ভালোভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরু করে বাংলাদেশ। তৃতীয় দিনে ৬৭ রানে এগিয় দিন শেষ করে সফরকারীরা, পরবর্তীতে সংবাদ সম্মেলনে মিরাজ সেই কথাগুলোই জানিয়েছেন।

সে ম্যাচ হেরে চিন্তায় পড়ে গেলেও নিজেদের উপর বিশ্বাস রেখেছিল বাংলাদেশ, এমনটাই জানালেন মিরাজ। তিনি বলেছেন, ‘প্রস্তুতির সেই ম্যাচের পরিস্থিতি নিয়ে আমরা কিছুটা চিন্তিত ছিলাম। কিন্তু তারপরেও আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা আরও ভালো করতে পারি।’

‘আমাদের সবার বিশ্বাস ছিল যে, আমরা ঘুরে দাঁড়াতে পারি এবং ভালো ক্রিকেট খেলতে পারি। প্রত্যেকটা খেলোয়াড়ের ভেতরেই এই আত্মবিশ্বাসটা ছিল। এই সিরিজটা উপভোগ করার চেষ্টা করছি। দিনশেষে ফলাফল কি হবে সেটা পরের বিষয়। তবে এই পরিবেশে উপভোগ করার চেষ্টা করছি সবাই।’

ডারউইনে কিছুটা এগিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। স্বাগতিক অজিরা ৪ উইকেট হারিয়ে এখন পর্যন্ত ১৬১ রান তুলেছে। চতুর্থ দিন সকালে বাংলাদেশের বোলিং কেমন হয় সেটাই এখন দেখার বিষয়।

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চেলসির বড় জয়

0

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে সহজে জয় তুলে নিয়েছে চেলসি। ম্যাচটিতে ব্রাজিলিয়ার তারকা জোয়াও পেদ্রোর জোড়া গোলে চেলসি ৩-১ ব্যবধানে স্প্যানিশ ক্লাবটিকে হারিয়েছে।

লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটি নতুন কোচ জাবি আলোনসোর প্রথম হোম ম্যাচ ছিল। প্রাক-মৌসুমের এই দুর্দান্ত জয়ে প্রিমিয়ার লীগের নতুন আসর শুরুর আগে নিজেদের শক্তিমত্তার জানান দিল লন্ডনের ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেলসি। ম্যাচের ১১তম মিনিটে ক্লাবের নতুন রেকর্ড সাইনিং মর্গান রজার্স চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন।

তবে প্রথমার্ধেই রিয়াল সোসিয়েদাদের জন আরামবুরু গোল করে ম্যাচে ১-১ ব্যবধানে সমতা ফেরান।

বিরতির পর নিজের জাত চেনান চেলসি তারকা জোয়াও পেদ্রো। তার দুর্দান্ত দুটি গোল স্প্যানিশ দলটির ম্যাচ থেকে ছিটকে দেয়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা।

এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়া ও এশিয়া সফরের মিশ্র পারফরম্যান্সের পর চেলসি তাদের প্রাক-মৌসুমের প্রস্তুতি এক দারুণ জয়ের সাথে শেষ করল।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে টটেনহ্যামের বড় জয়

0

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে জার্মান ক্লাব টিএসজি হফেনহাইমকে ৩-০ ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠ নতুন কোচ রবার্তো দে জার্বির অধীনে দারুণ ফুটবল উপহার দেয় স্পার্সরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৩৫ মিনিটে অ্যান্ডি রবার্টসনের চমৎকার ক্রস এবং স্যান্ড্রো টোনালির নিখুঁত পাস থেকে প্রথম গোলটি করে দলকে এগিয়ে নেন রিচার্লিসন। 

দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে ম্যাথিস তেলের অ্যাসিস্ট থেকে দারুণ ফিনিশিংয়ে দলের ব্যবধান দ্বিগুণ করেন মিকি মুর। আবারও ম্যাথিস তেলে মাঝ মাঠ থেকে দ্রুত গতিতে ডি-বক্সে ডোকার আগে ডান দিকে বল ঠেলে দিলে দারুণ ফিনিশিংয়ে জোড়া গোলে করেন মিকি মুর।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রেখে বড় জয় নিশ্চিত করে ইংলিশ ক্লাবটি। নতুন মৌসুম শুরুর আগে দলের এমন পারফরম্যান্স কোচ দে জার্বিকে বেশ স্বস্তি দেবে।

প্রাক-মৌসুম ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামীকাল, ১৬ আগস্ট দুটি আবারো মুখোমুখি হবে। তবে টটেনহ্যামের ট্রেনিং গ্রাউন্ড ‘হটস্পার ওয়ে’তে এই ম্যাচটি কোনো দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে।

ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষেও এগিয়ে টাইগাররা

0

প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। দুইশ রান করার আগেই সব উইকেট হারিয়ে তীব্র সমালোচনা আর কটাক্ষের শিকার হন তাদের ব্যাটাররা। বোলাররাও বিশেষ কোনো সুবিধা করতে পারেননি। জশ হ্যাজলউড যদিও ১৩ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরে ছয় উইকেট নিয়ে সাফল্য পেয়েছেন। কিন্তু তার এই অর্জন ছাপিয়ে বাংলাদেশ ব্যাটিংয়েও বাজিমাত করেছে। বিদেশের মাটিতে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়াকে চেপে ধরতে পেরেছে তারা। কিন্তু দারুণভাবে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। বাংলাদেশের একপেশে লড়াই এখন রোমাঞ্চকর কিছুর দিকে এগোচ্ছে।

অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিয়ে দিন শেষ করেছে। ২২৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ইনিংসের মতো ভরাডুবি দেখেনি। বাংলাদেশ প্রায় দুই সেশনে চার উইকেট নিয়ে কিছুটা চাপ তৈরি করেছিল। কিন্তু শেষ সেশনে দারুণ প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। ৬৭ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করে তারা লড়াইয়ের মানসিকতা ফিরে পাচ্ছে।

অস্ট্রেলিয়ার ১৯৮ রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪২৬ রান করে। তানজিদ হাসানের সেঞ্চুরি ও নাজমুল হোসেন শান্তর হাফ সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজের ফিফটিতে তারা শক্ত অবস্থানে থেকে ইনিংস শেষ করে। শনিবার তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ লাঞ্চের পরপর অলআউট হয়। এদিন চার উইকেট হাতে নিয়ে নেমেছিল সফরকারীরা। চারটি উইকেটই নেন জশ হ্যাজলউড। এই অস্ট্রেলিয়ান পেসার ৬ উইকেট নেন।

অস্ট্রেলিয়া চাপ নিয়ে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের গতির কাছে ৩৭ রানে ২ উইকেট হারায়। জেক ওয়েদারাল্ডন বোল্ড হয়ে ডাক মারেন। আরেক ওপেনার ট্র্যাভিস হেডও বোল্ড হন। এরপর মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন। 

৪২৬ রান করে অস্ট্রেলিয়াকে ২২৮ রানে পেছনে ফেলল বাংলাদেশ

0

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে ৪২৬ রানে অলআউট হয়েছে সফরকারীরা। ফলে প্রথম ইনিংসেই অস্ট্রেলিয়ার চেয়ে ২২৮ রানের বিশাল লিড পেয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের এই ইনিংসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ১৯৭ বলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বাঁহাতি এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম টেস্ট সেঞ্চুরি। তানজিদের ইনিংসে ছিল আটটি চার ও একটি ছক্কা।

তানজিদের সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মমিনুল ৪৯ রানে আউট হওয়ার আগে তানজিদের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েন। এরপর তানজিদ ও শান্তর ব্যাটে আসে আরও ৯৩ রানের জুটি। শান্ত ১২৬ বলে ৮৪ রানের পরিণত ইনিংস খেলেন।

তবে ২৯৭ রানে শান্ত ফেরার পর দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। লিটন দাস ও মুশফিকুর রহিমও অল্প সময়ের ব্যবধানে ফিরে গেলে ৩০৮ রানে ৬ উইকেট হারায় সফরকারীরা। তখন মনে হচ্ছিল, অস্ট্রেলিয়া হয়তো ম্যাচে ফিরছে।

নাজমুল হোসেন শান্ত

কিন্তু মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায় সেই আশা পূরণ হয়নি। সপ্তম উইকেটে দুজনের ৪৩ রানের জুটি বাংলাদেশকে আবারও নিরাপদ অবস্থানে নিয়ে যায়। শেষ পর্যন্ত মিরাজের ৬৫ রানের সঙ্গে নিচের সারির ব্যাটারদের অবদানে ৪২৬ রানে থামে বাংলাদেশের ইনিংস। তৃতীয় দিনের সকালে ইনিংসের শেষ উইকেটটি নেন জশ হ্যাজলউড; তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৬ উইকেটে ৮৯ রান।

এর আগে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা ৬ উইকেটের বোলিংয়ে অস্ট্রেলিয়া মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায়। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নেন দুটি করে উইকেট। বাংলাদেশের পেসাররা মিলে অস্ট্রেলিয়ার ১০ উইকেট নেওয়ায় প্রথম দিন থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় সফরকারীদের হাতে।

এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সামনে ম্যাচ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। প্রথম ইনিংসে ২২৮ রানে পিছিয়ে থেকে শুরু করবে স্বাগতিকরা। বাংলাদেশের লক্ষ্যও পরিষ্কার-দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা এবং ডারউইনে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করা।

টিভিতে আজকের খেলা: ১৫ আগষ্ট ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিন আজ। গলে শুরু হচ্ছে শ্রীলঙ্কা-ভারত টেস্ট। লা লিগাও মাঠে গড়াবে আজ।

ক্রিকেট
ডারউইন টেস্ট-৩য় দিন

বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সকাল ৬-৩০ মি., ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১

গল টেস্ট-১ম দিন
শ্রীলঙ্কা-ভারত
সকাল ১০-৩০ মি., সনি স্পোর্টস ১

ফুটবল
লা লিগা

আলাভেস-হেতাফে
রাত ১১-৩০ মি., বিগিন অ্যাপ

সেভিয়া-ভায়েকানো
রাত ১-৩০ মি., বিগিন অ্যাপ

অস্ট্রেলিয়াকে টপকে বাংলাদেশের লিড

0

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে দুর্দান্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রান পেরিয়ে গেছে সফরকারীরা। ৫৫ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০১ রান। ফলে অস্ট্রেলিয়ার চেয়ে ৩ রানে এগিয়ে গেছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশের এই লড়াইয়ের মূল নায়ক তানজিদ হাসান। দুর্দান্ত ব্যাটিংয়ে ৮৮ রানে অপরাজিত আছেন তিনি। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাঁর সংগ্রহ ৩৩ রান। দুজনের ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে বড় লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

দিনের শুরুতে অবশ্য গুরুত্বপূর্ণ একটি উইকেট হারায় বাংলাদেশ। প্রথম দিন শেষে ৩৫ রানে অপরাজিত থাকা মমিনুল হক দ্বিতীয় দিনের শুরুতে ৪৯ রান করে ফিরে যান। অল্পের জন্য ফিফটি পাওয়া হয়নি তাঁর। তবে মমিনুলের বিদায়ের পরও বাংলাদেশের রান তোলার গতি থামেনি।

এর আগে প্রথম দিন হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং ধসের প্রধান কারিগর ছিলেন হাসান। তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন নেন দুটি করে উইকেট। বাংলাদেশের পেসাররা একসঙ্গে প্রতিপক্ষের ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন দ্বিতীয়বারের মতো।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজের ট্রফি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুটা অবশ্য ছিল সতর্ক। প্রথম দিন সাদমান ইসলাম ২০ রান করে মিচেল স্টার্কের বলে আউট হন। এরপর তানজিদ ও মমিনুল মিলে সামাল দেন পরিস্থিতি। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১ উইকেটে ৯৬ রান।

দ্বিতীয় দিনে মমিনুলের বিদায়ের পর তানজিদ-শান্ত জুটি এখন দলকে এগিয়ে নিচ্ছে। ৮৮ রানে অপরাজিত তানজিদ সেঞ্চুরির দ্বারপ্রান্তে। অন্য প্রান্তে শান্তও ক্রমে সেট হয়ে উঠছেন। ফলে বাংলাদেশের সামনে এখন শুধু লিড নেওয়া নয়, অস্ট্রেলিয়ার ওপর বড় চাপ তৈরি করার সুযোগও রয়েছে।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে বাংলাদেশের শুরুটা যে শুধু ভালো, তা নয়-ডারউইনে এখন ম্যাচের নিয়ন্ত্রণও ধীরে ধীরে সফরকারীদের হাতে চলে আসছে।

আর্সেনাল-সিটির সঙ্গে লড়তে আরও শক্তি চান ইউনাইটেড কোচ

0

দলবদলের বাজারে ইতিমধ্যে ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। নতুন খেলোয়াড়ে দল সমৃদ্ধ হয়েছে। তারপরও দল নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন কোচ মাইকেল ক্যারিক। দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগে আরও কয়েকজন খেলোয়াড় দলে ভেড়ানোর প্রয়োজনীয়তার কথা স্পষ্টভাবেই জানিয়েছেন ইংলিশ ক্লাবটির কোচ।

১ সেপ্টেম্বর দলবদলের প্রক্রিয়া শেষ হবে। হাতে রয়েছে তিন সপ্তাহেরও কম সময়। এর মধ্যেই স্কোয়াডের আরও কিছু জায়গা শক্তিশালী করতে চান ক্যারিক। প্রাক্-মৌসুমে আয়ারল্যান্ডের কাউন্টি কিলডেয়ারে দলের অনুশীলন ক্যাম্প থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইতিমধ্যে আসা খেলোয়াড়দের নিয়ে তাঁরা সন্তুষ্ট হলেও উন্নতির চেষ্টা থামবে না।

চেলসি থেকে আন্দ্রে সান্তোস এবং অ্যাস্টন ভিলা থেকে ইউরি তিলেমানসকে দলে ভিড়িয়ে এখন পর্যন্ত ৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ইউনাইটেড। কারিকের মতে, নতুন খেলোয়াড়েরা দলের ভারসাম্য, মান এবং কাঙ্ক্ষিত পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এনেছেন। তবে সেখানেই থামতে চান না তিনি।

মাইকেল ক্যারিক

ক্যারিক বলেন, ‘আমরা সব সময় উন্নতি করতে চাই। আরও চাই, আমাদের আরও দরকার। কীভাবে দলকে আরও ভালো করা যায়, সেটাই আমরা খুঁজতে থাকি। এই প্রক্রিয়া কখনো থামে না।’

ইউনাইটেডের অগ্রাধিকারের তালিকায় এখন একজন নতুন লেফট-ব্যাক রয়েছে। নিউক্যাসল ইউনাইটেডের লুইস হলকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে ক্লাবটি। একই সঙ্গে মাঝমাঠেও আরও একজন খেলোয়াড় আনার চেষ্টা চলছে। ক্যাসেমিরো দল ছাড়ার পর এবং ম্যানুয়েল উগার্তে হাঁটুর লিগামেন্টের চোটে দীর্ঘ সময়ের জন্য ছিটকে যাওয়ায় মিডফিল্ডে নতুন খেলোয়াড়ের প্রয়োজনীয়তা বেড়েছে।

তবে ঠিক কতজন খেলোয়াড় প্রয়োজন, সে বিষয়ে কোনো সংখ্যা নির্ধারণ করতে চাননি ক্যারিক। তাঁর মতে, নতুন খেলোয়াড় এমন হতে হবে, যিনি সত্যিকার অর্থে দলের মান বাড়াবেন-হোক সেটি গুণগত উন্নতি কিংবা বেঞ্চের গভীরতা।

এদিকে দলবদলে ইউনাইটেডের আর্থিক অবস্থাও আগের তুলনায় স্বস্তিদায়ক। রাসমুস হয়লুন্ডকে নাপোলির কাছে স্থায়ীভাবে বিক্রি, রাদেক ভিতেকের মিডলসব্রোতে যাওয়া এবং ম্যাসন গ্রিনউড মার্শেই থেকে ফেনারবাখে যাওয়ায় পাওয়া সেল-অন অর্থ মিলিয়ে এবারের গ্রীষ্মে ক্লাবটির নিট খরচ প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, দলবদলের শেষ সপ্তাহগুলোতে খরচ করার মতো অর্থ ইউনাইটেডের হাতে রয়েছে। টটেনহামের ৮৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাবের সমান অর্থ দেওয়ার সামর্থ্যও ছিল ক্লাবটির, তবে শেষ পর্যন্ত মাতেউস ফার্নান্দেসকে নিয়ে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় তারা।

বন্ধুত্বের ম্যাচে তিক্ততা, শুটআউটের আগেই মাঠ ছাড়ল ফুলহাম

0

প্রাক্-মৌসুমের ম্যাচ। নামের মধ্যেই যেন বন্ধুত্বের প্রতিশ্রুতি। কিন্তু মাঠে নামার পর সেই বন্ধুত্বের আবরণটা ধীরে ধীরে খুলে গেল, বেরিয়ে এলো উত্তেজনা, ক্ষোভ আর এক অদ্ভুত বিতর্ক। স্পেনের মালাগার বিপক্ষে ফুলহামের ম্যাচ শেষ হলো এমন এক ঘটনায়, যার চিত্রনাট্য হয়তো কোনো প্রস্তুতি ম্যাচের জন্য কেউই লিখতে চাইবেন না।

বুধবার মালাগার বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর পেনাল্টি শুটআউটের আগেই মাঠ ছেড়ে যায় ইংলিশ ক্লাব ফুলহাম। ম্যাচের শেষ বাঁশির আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ মুহূর্তে মালাগা সমতাসূচক গোল করার পর দুই দলের মধ্যে তৈরি হয় শুটআউট নিয়ে মতবিরোধ। আর সেই মতবিরোধই শেষ পর্যন্ত ম্যাচের আসল গল্প হয়ে দাঁড়ায়।

৯০ মিনিটে গোল করে ২-২ সমতা ফেরায় লা লিগার দল মালাগা। এরপর তাদের দাবি ছিল, ম্যাচের ফল নির্ধারণে পেনাল্টি শুটআউট হওয়ার কথা। কিন্তু ফুলহামের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। ইংলিশ ক্লাবটির দাবি, ম্যাচের আগে দুই দলই সম্মত হয়েছিল- ৯০ মিনিটে খেলা সমতায় শেষ হলে কোনো পেনাল্টি শুটআউট হবে না।

ফুলহামের খেলোয়াড়রা

বিতর্কের মধ্যেই মালাগার খেলোয়াড়েরা পেনাল্টি নিতে এগিয়ে যান। গোলরক্ষকহীন প্রায় ফাঁকা গোলে বল পাঠিয়ে তারা নিজেদের জয়ের দাবি করে এবং জিতে নেয় ‘কোস্তা দেল সোল’ ট্রফি। অন্যদিকে ফুলহাম তখন মাঠে নেই।

ম্যাচের শেষদিকে উত্তেজনার আরেক অধ্যায় শুরু হয়েছিল ফুলহাম কোচ আলভারো আরবেলোয়াকে ঘিরে। রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন তিনি। মার্কো সিলভার বিদায়ের পর গ্রীষ্মে ফুলহামের দায়িত্ব নেওয়া আরবেলোয়ার জন্য নতুন ক্লাবে এটি ছিল এমন এক প্রাক্-মৌসুম অভিজ্ঞতা, যা নিশ্চয়ই তিনি স্মৃতির পাতায় সোনালি অক্ষরে লিখবেন না।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করে ফুলহাম। ক্লাবটি জানায়, ম্যাচের আগে দুই দল সম্মত হয়েছিল-ড্র হলে পেনাল্টি শুটআউট হবে না। অর্থাৎ তাদের দৃষ্টিতে ২-২ ফলেই ম্যাচ শেষ হওয়ার কথা।

মালাগার বক্তব্য অবশ্য ভিন্ন। স্প্যানিশ ক্লাবটি বলেছে, শুটআউট নির্ধারিত ছিল। ফুলহাম মাঠ ছেড়ে যায় এই দাবি করে যে, ম্যাচের চুক্তিতে পেনাল্টি শুটআউটের কোনো কথা ছিল না।