Home Blog Page 54

টিভিতে আজকের খেলা: ১৪ আগষ্ট ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিন আজ। সকাল সাড়ে ৬টায় শুরু হবে খেলা। চলছে ১০০ বলের ক্রিকেট দ্য হানড্রেড।

ক্রিকেট
ডারউইন টেস্ট-২য় দিন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সকাল ৬-৩০ মি., ট্যাপম্যাড ও স্টার স্পোর্টস ১

২য় ওয়ানডে
বাংলাদেশ অ–২৩ দল–মালয়েশিয়া
সকাল ৯-৩০ মি., টি স্পোর্টস

দ্য হানড্রেড
সাউদার্ন-লিডস (নারী)
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ২

ম্যানচেস্টার-লিডস (পুরুষ)
রাত ১১টা, স্টার স্পোর্টস ২

ফুটবল
ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপ
উলভস-ব্ল্যাকবার্ন
রাত ১টা, ফ্যানকোড

রোমাতে যোগ দিয়েছেন মোলিনা

0

স্পেনে চার মৌসুম কাটানোর পর আবার ইতালিতে ফিরলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা রাইটব্যাক নাহুয়েল মলিনা। আতলেতিকো মাদ্রিদ থেকে এএস রোমাতে যোগ দিয়েছেন এই ২৮ বছর বয়সী তারকা।

চার বছরের চুক্তিতে রোমায় যোগ দিচ্ছে এই তারকা রাইটব্যাক। এতে ইতালিয়ান ক্লাবটিকে খরচ করতে হয়েছে ১৭ থেকে ১৮ মিলিয়ন ইউরো। এর মধ্যে ১৩ মিলিয়ন ইউরো ফি এবং বাকি ৪-৫ মিলিয়ন ইউরো বিভিন্ন বোনাস ও পারফরম্যান্স-ভিত্তিক শর্তের (অ্যাড-অনস) ওপর পূরণ সাপেক্ষে পাবে।

২৮ বছর বয়সী মলিনা ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত রোমার সঙ্গে চুক্তি করেছেন। তার বার্ষিক বেতন হবে ২৭.৫ লাখ ইউরো, এর সঙ্গে বোনাস হিসেবে আরো ৭.৫ লাখ ইউরো পাওয়ার সুযোগ রয়েছে।

ক্লাবটি জানিয়েছে, আতলেতিকো নাহুয়েল মলিনাকে স্থায়ীভাবে দলে নেওয়ার ঘোষণা দিতে পেরে আনন্দিত। তিনি রোমার হয়ে ২০ নম্বর জার্সি পরবেন।

রোমে স্বাগতম, নাহুয়েল!

উদিনেস এবং আতলেতিকো মাদ্রিদের হয়ে খেলার সময় মলিনা ইউরোপের সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪৯ ম্যাচ খেলেছেন এবং ১৯টি গোল করেছেন।

২৮ বছর বয়সী এই রাইট-ব্যাক আর্জেন্টিনার হয়ে ৬৫টি ম্যাচ খেলেছেন এবং দুটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি শিরোপা জেতেন। এছাড়াও তিনি দুটি কোপা আমেরিকা (২০২১, ২০২৪) জিতেছেন। 

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের প্রথম দিনটা স্বপ্নের মতো কাটালো বাংলাদেশ

0

অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে ডারউইন টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। জবাবে ১ উইকেটে ৯৬ রান তুলে স্বাগতিকদের চেয়ে ১০২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনের পুরো আলোটাই কেড়ে নেন হাসান মাহমুদ। ডানহাতি এই পেসার ৫৫ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট, যা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। তাকে যোগ্য সঙ্গ দেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী, দুজনই নেন ২টি করে উইকেট। টেস্ট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষের ১০টি উইকেটই ভাগাভাগি করে নিলেন বাংলাদেশের পেসাররা।

এর আগে টস জিতে উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তবে প্রথম ঘণ্টার শেষ দিকেই জোড়া আঘাত হানেন হাসান। ৪৫ রানের উদ্বোধনী জুটি ভেঙে ফেরান জ্যাক ওয়েদারাল্ড (২৩) ও ট্রাভিস হেডকে (২২)। মধ্যাহ্ন বিরতির ঠিক আগে মার্নাস লাবুশেনকে ইবাদত এবং ক্যামেরন গ্রিনকে তাসকিন সাজঘরে পাঠালে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

দ্বিতীয় সেশনে স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারি ৫৫ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে কেয়ারিকে (১৯) বোল্ড করে এই জুটি ভাঙেন ইবাদত। এরপর নতুন স্পেলে ফিরে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে দ্রুত সাজঘরের পথ দেখান হাসান। একপ্রান্ত আগলে রাখা স্মিথ ৭১ রান করে হাসানের শর্ট বলে ক্যাচ তুলে দিলে শেষ হয় অজিদের মূল প্রতিরোধ। শেষ পর্যন্ত ৫৩ ওভারে ১৯৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই জীবন পান তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই নাথান লায়ন সহজ ক্যাচ মিস করলে বেঁচে যান তিনি। তবে অন্য ওপেনার সাদমান ইসলাম (২০) বেশি দূর এগোতে পারেননি, মিচেল স্টার্কের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন।

এরপর উইকেটে এসে ইতিবাচক ব্যাটিং শুরু করেন মুমিনুল হক। তামিমকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময়টা নিরাপদেই কাটিয়ে দেন তিনি। প্রথম দিন শেষে মুমিনুল ৩৫ ও তামিম ৩২ রানে অপরাজিত আছেন। তাদের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে আসে মূল্যবান ৬০ রান। 

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট, শুরুতেই হাসানের আঘাত

0

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ম্যাচের শুরুতেই বল হাতে দুর্দান্ত বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন পেসার হাসান মাহমুদ।

বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে প্রথম সেশনের শুরুতেই অস্ট্রেলিয়ার দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ১৬ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ৫৫ রান। দুই উইকেটই হাসান মাহমুদের।

অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক টেস্ট খেলতে নামা জেক উইথেরাল্ডকে ২৩ রানে ফেরান হাসান। এরপর তার শিকার হন বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড। ২২ রান করে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। ফলে মাত্র ৫৫ রানেই দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে অস্ট্রেলিয়া।

ট্রাভিস হেডকে আউট করে বাংলাদেশের বোলার ও ফিল্ডারদের উল্লাস

হেডের বিদায়ের পর ক্রিজে এসেছেন স্টিভ স্মিথ। অন্য প্রান্তে আছেন মার্নাস লাবুশেন। দুজনই এখনো রানের খাতা খোলেননি। বাংলাদেশের পেসাররা নতুন বলে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বেশ ভালোভাবেই পরীক্ষা নিচ্ছেন। প্রথম ১০ ওভারে বাংলাদেশের পেসারদের সামনে অস্ট্রেলীয় ব্যাটাররা ছিলেন অসহায়। এ সময়ে তারা ২১টি ভুল শট খেলতে বাধ্য হন।

এই ম্যাচটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। অর্থাৎ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে ফিরেছে টাইগাররা। ২০০৩ সালের সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ, আর এবারও দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল।

ডারউইনের মারারা স্টেডিয়ামেও ফিরেছে টেস্ট ক্রিকেট। ২০০৪ সালের পর এই মাঠে আবার টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। এই সিরিজে অস্ট্রেলিয়া তাদের শক্তিশালী পেস আক্রমণ নিয়ে মাঠে নেমেছে। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডের সঙ্গে আছেন অভিজ্ঞ অফস্পিনার নাথান লায়ন। এক বছরেরও বেশি সময় পর অস্ট্রেলিয়ার এই ‘ফ্যাব ফোর’ বোলিং ইউনিট একসঙ্গে টেস্টে খেলছে।

অন্যদিকে বাংলাদেশের জন্য শুরুটা আশাব্যঞ্জক। নতুন বলে হাসানের ধারালো বোলিংয়ে অস্ট্রেলিয়ার দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে ম্যাচের প্রথম দিকেই নিজেদের উপস্থিতি জানান দিয়েছে বাংলাদেশ।

নেদারল্যান্ডসের কোচ জাভি, লক্ষ্য বিশ্বকাপ-ইউরো

0

রোনাল্ড কোম্যানের বিদায়ের পর নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ। ৪৬ বছর বয়সী এই স্প্যানিশ কোচ চার বছরের চুক্তিতে ডাচদের দায়িত্ব নিয়েছেন। তাঁর অধীনে ২০২৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০৩০ বিশ্বকাপে নিজেদের সেরা অবস্থানে নেওয়াই এখন নেদারল্যান্ডসের প্রধান লক্ষ্য।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি নেদারল্যান্ডস। শেষ ৩২-এর ম্যাচে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় তারা। হতাশাজনক সেই বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়েন কোম্যান। তাঁর জায়গায় জাভিকে নিয়োগ দিয়ে নতুন পথচলার সিদ্ধান্ত নিয়েছে ডাচ ফুটবল ফেডারেশন।

নতুন দায়িত্ব পেয়ে জাভি বলেছেন, নেদারল্যান্ডসের প্রধান কোচ হওয়া তাঁর জন্য ‘অসাধারণ সম্মানের’। বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় বেড়ে ওঠার সময় ডাচ ফুটবলের দুই কিংবদন্তি ইয়োহান ক্রুইফ ও রিনুস মিশেলসের দর্শনের গভীর প্রভাব তাঁর ওপর পড়েছিল। কোচ হিসেবে নিজের ফুটবল দর্শনের সঙ্গে ডাচ ফুটবলের ঐতিহ্যের মিলও দেখছেন তিনি।

জাভির ভাষায়, নেদারল্যান্ডসের ফুটবল সংস্কৃতি ও আক্রমণাত্মক, বল দখলভিত্তিক এবং সৃজনশীল ফুটবলের দর্শন তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। তাঁর লক্ষ্য শুধু জয় নয়, এমনভাবে জয় পাওয়া, যা খেলোয়াড় ও সমর্থকদের আনন্দ দেবে।

জাভি হার্নান্দেজ

মজার ব্যাপার হলো, বার্সেলোনায়ও কোম্যানের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জাভি। ২০২১ সালে কঠিন সময়ে ন্যু ক্যাম্পের দায়িত্ব নিয়ে পরের মৌসুমেই বার্সাকে লা লিগা শিরোপা এনে দেন তিনি। ২০২৩ সালে জেতেন স্প্যানিশ সুপার কাপও। তবে ২০২৩-২৪ মৌসুমে কোনো শিরোপা না জেতায় তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় হান্সি ফ্লিককে।

খেলোয়াড় হিসেবে জাভির ক্যারিয়ার ছিল সাফল্যে ভরা। স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। কোচিংয়ে তাঁর যাত্রা শুরু হয় কাতারের আল সাদে ২০১৯ সালে। সেখানে সাতটি ট্রফি জয়ের পর বার্সেলোনায় ফেরেন।

বার্সেলোনা ছাড়ার পর দুই বছর কোচিংয়ের বাইরে ছিলেন জাভি। বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের প্রস্তাব পেলেও এতদিন কোনোটি গ্রহণ করেননি। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। এবার সেই সুযোগই পেলেন নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়ে। ডাচ ফুটবলের ঐতিহ্য আর জাভির দখলভিত্তিক আক্রমণাত্মক দর্শনের সমন্বয়ে নতুন যুগের স্বপ্ন দেখছে ‘অরেঞ্জ’রা।

ভিলার স্বপ্ন ভেঙে পিএসজির সুপার কাপ জয়

0

ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমের পর্দা উঠল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) আরেকটি ট্রফি জয়ের মধ্য দিয়ে। উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ফরাসি ক্লাবটি। গত মৌসুমে পাঁচটি ট্রফি জয়ের পর নতুন মৌসুমেও প্রথম সুযোগেই শিরোপার স্বাদ পেল লুইস এনরিকের দল।

অস্ট্রিয়ার সালজবুর্গে বুধবার রাতে ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াই ছিল জমজমাট। ২০ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন খভিচা কাভারাসখেলিয়া। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে দুর্দান্ত এক শটে অ্যাস্টন ভিলার গোলরক্ষককে পরাস্ত করেন জর্জিয়ান ফরোয়ার্ড। উয়েফা সুপার কাপে গোল করা প্রথম জর্জিয়ান খেলোয়াড়ও হলেন তিনি। ইউরোপিয়ান প্রতিযোগিতায় শেষ ১০ ম্যাচে এটি তাঁর অষ্টম গোল।

তবে প্রথমার্ধের শেষদিকে সমতায় ফেরে ভিলা। ১৭ বছর বয়সী ব্রায়ান মাদজো দুর্দান্ত ভলিতে পিএসজির জালে বল পাঠান। ভিলার জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেকেই গোল করে ইতিহাস গড়েন এই তরুণ। ফিফার নিবন্ধন-সংক্রান্ত জটিলতার কারণে তাঁর অভিষেক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) সিদ্ধান্তে খেলার অনুমতি পান তিনি।

উয়েফা কাপ হাতে প্যারিস সেন্ত জার্মেইয়ের খেলোয়াড়রা

দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য বদলে দেন দেজিরে দুয়ে। ৬১ মিনিটে উসমান দেম্বেলের পাস ধরে ভিলার রক্ষণ ভেঙে বাঁ পায়ের শটে দূরের পোস্টের কোণ খুঁজে নেন তিনি। প্রথমে অফসাইডের কারণে গোল বাতিল করা হলেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনার পর গোলটি বৈধ ঘোষণা করা হয়। ভিলার ডিফেন্ডার মাত্তি ক্যাশই দুয়েকে অনসাইডে রেখেছিলেন।

শেষ পর্যন্ত সেই গোলই পিএসজির শিরোপা নিশ্চিত করে। বিশ্বকাপ শেষে মাত্র সোমবার অনুশীলনে ফেরা দুয়েকে একাদশে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন এনরিকে, যার পূর্ণ প্রতিদান দিয়েছেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড।

এই জয়ে রিয়াল মাদ্রিদের পর প্রথম দল হিসেবে টানা দুই বছর উয়েফা সুপার কাপ জয়ের কীর্তি গড়ল পিএসজি। আর ভিলা কোচ উনাই এমেরির জন্য সুপার কাপে এটি টানা চতুর্থ হার- আগের তিনটি এসেছিল সেভিয়া ও ভিয়ারিয়ালের হয়ে।

পিএসজির সামনে এখন আরও শিরোপার হাতছানি। রোববার ফ্রান্সের লিগ ও কাপজয়ী দলের লড়াই ত্রফে দে শ্যাম্পিয়নে লঁসের মুখোমুখি হবে তারা। নতুন মৌসুমের সম্ভাব্য ছয় শিরোপার পথে ইতিমধ্যে প্রথমটি নিজেদের করে নিয়েছে প্যারিসের ক্লাবটি।

টিভিতে আজকের খেলা: ১৩ আগষ্ট ২০২৬

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ১ম টেস্টের প্রথম দিন আজ। সকালে সাড়ে ৬টায় শুরু হবে খেলা। চলছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু।

ক্রিকেট
ডারউইন টেস্ট-১ম দিন
বাংলাদেশ-অস্ট্রেলিয়া
সকাল ৬-৩০ মি., ট্যাপম্যাড, স্টার স্পোর্টস ১ ও টেন ক্রিকেট

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২
স্কটল্যান্ড-কানাডা
বিকেল ৪টা, ফ্যানকোড

ফুটসাল
বাংলাদেশ লিগ
বেলা ২-৩০ মি., টি স্পোর্টস

পেলের ক্লাবে সামিত শোম, নতুন ঠিকানা নিউ ইয়র্ক কসমস

0

বাংলাদেশের ফুটবলে সামিত শোমের পথচলায় যোগ হলো নতুন অধ্যায়। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসির সঙ্গে তিন বছরের অধ্যায় শেষ করে ঐতিহ্যবাহী নিউ ইয়র্ক কসমসে যোগ দিয়েছেন বাংলাদেশের এই মিডফিল্ডার।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সামিতকে দলে নেওয়ার বিষয়টি জানায় নিউ ইয়র্ক কসমস। ক্লাবটি জানিয়েছে, এমএলএস ও কানাডিয়ান প্রিমিয়ার লিগ মিলিয়ে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতা রয়েছে সামিতের। তার অভিজ্ঞতা কসমসের মাঝমাঠকে আরও শক্তিশালী করবে বলেও জানিয়েছে তারা।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামিতও। ভিডিও বার্তায় তিনি বলেন, কসমসের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুবই আনন্দিত এবং এই ক্লাবের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন।

নিউ ইয়র্ক কসমস নামটি ফুটবল ইতিহাসে বেশ পরিচিত। ১৯৭০-এর দশকে এই ক্লাবের হয়ে খেলেছেন ফুটবল কিংবদন্তি পেলে ও জার্মান তারকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পেলে ১৯৭৫ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত কসমসের হয়ে খেলেছিলেন।

কানাডিয়ান ক্লাব ক্যাভালরির সঙ্গে সামিতের তিন বছরের পথচলা শেষ হয় গত জানুয়ারিতে। এরপর ২০২৬ মৌসুমের আগে নতুন ঠিকানা খুঁজছিলেন তিনি। নিউ ইয়র্ক কসমস বর্তমানে যুক্তরাষ্ট্রের তৃতীয় স্তরের ফুটবলে খেলছে।

বাংলাদেশের জার্সিতেও সামিতের যাত্রাটা বেশ নতুন। ক্যারিয়ারের শুরুতে কানাডার হয়ে দুটি প্রীতি ম্যাচ খেললেও পরে বাবা-মায়ের শেকড়ের টানে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। গত বছর বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর লাল-সবুজ জার্সিতে অভিষেক হয় তার।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে প্রথম গোল পেতেও খুব বেশি সময় নেননি এই মিডফিল্ডার। হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের ম্যাচে বাংলাদেশের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন সামিত।
এবার পেলের সাবেক ক্লাব নিউ ইয়র্ক কসমসে নতুন চ্যালেঞ্জ। বাংলাদেশের ফুটবলের জন্যও সামিতের এই নতুন অধ্যায় হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে আরও অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ।

প্রথম ওয়ানডে ম্যাচে মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা বাংলাদেশ অনৃর্ধ ২৩ দলের

0

টি-২০ সিরিজে পরাজিত হয়ে আজ সফররত মালয়েশিয়া জাতীয় দল আজ বাংলাদেশ অনূর্ধ ২৩ দলের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও পরাজিত হয়েছে। বাংলাদেশ অনূর্ধ ২৩ দলের ২৯০ রানের জবাবে মালয়েশিয়া জাতীয় দল ২৮তম ওভারে অষ্টম উইকেট হারিয়ে শুধু সময় বাড়িয়েছে মাত্র। শেষ দুটি উইকেট তুলে নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অপেক্ষা করতে হয়েছে আরও ১৩ ওভার। তবে প্রথম ওয়ানডে ম্যাচে মালয়েশিয়াকে ১৫৩ রানে হারিয়ে সিরিজে শুভ সূচনা হয়েছে বাংলাদেশ অনৃর্ধ ২৩ দলের

মালয়েশিয়ার ৮ নম্বর ব্যাটার আহমেদ জুবাইদি জুলকিফলে দশে নামা সৈয়দ জুনাইদ খানকে নিয়ে জয় দেরি করিয়ে দেন বাংলাদেশের যুবাদের। শেষ পর্যন্ত টানা দুই ওভারে দুজনকে আউট করে প্রথম এক দিনের ম্যাচে মালয়েশিয়াকে ১৩৭ রানে অলআউট করে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ১৫৩ রানের জয় এনে দেন অফ স্পিনার শেখ পারভেজ হোসেন।, পারভেজের বোলিং ফিগার ছিল এমন ৭.৫-১-১৬-৫।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে আজ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক কালাম সিদ্দিকী। তবে শুরুটা ভাল হয়নি, মাত্র ১১ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকেই যে দলটি ২৯০ রানে পৌঁছায় তাতে বড় অবদান মোহাম্মদ আবদুল্লাহ ৯৪, আহরার আমিন ৬১, পারভেজ ৩৫ এবং কালাম এর ৩৪ রানে ভর করে ২৯০ রান করে বাংলাদেশ অ-২৩ দল।

২৯১ রান তাড়া করতে নেমে মালয়েশিয়ার শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। তবে নবম উইকেটে ৪৬ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়ের অপেক্ষা বাড়ান জুনাইদ ও জুবাইদি। ৬৬ বলে ৪২ রান করে পারভেজের বলে এলবিডব্লু হওয়া জুবাইদি মালয়েশিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেছেন, ২৬ বলে ২১ রান করে তাঁর বলেই বোল্ড হন জুনাইদ। বাংলাদেশের হয়ে ২ উইকেট করে পান মারুফ মৃধা ও স্বাধীন ইসলাম।

আগামী পরশু সিরিজের দ্বিতীয় ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনার কিকেট মাঠৈ।

সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ অ-২৩ দল: ৫০ ওভারে ২৯০/৯ (আবদুল্লাহ ৯৪, আহরার ৬১, পারভেজ ৩৫, কালাম ৩৪; আরিফ ৪/৫৩, বিজয় ২/৪৯)।
মালয়েশিয়া: ৪০.৫ ওভারে ১৩৭ (জুবাইদি ৪২, সাইফ ২১, জুনাইদ ২১; পারভেজ ৫/১৬, মারুফ ২/২০, স্বাধীন ২/৩২)।
ফল: বাংলাদেশ অ-২৩ দল ১৫৩ রানে জয়ী।
ম্যাচসেরা: শেখ পারভেজ।

বৃষ্টির বাধায় মাঠেই গড়ালনা বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ফাইনাল

0

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

 দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ইমার্জিং দল ত্রিদলীয় সিরিজের ফাইনালে উঠেছিল আগের ৪ ম্যাচের মধ্যে ৩টিতে জিতে। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ও ইউনিভার্সিটি স্পোর্ট অব সাউথ আফ্রিকা। তবে ফাইনালে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল যাদের বিপক্ষে জয় এসেছে আগের ম্যাচেও। তবে সিরিজ নির্ধারণী ফাইনাল ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি বৃষ্টির কারণে।

ম্যাচের ভেন্যু প্রিটোরিয়ায় বাংলাদেশ–দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ম্যাচটা শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় আজ বেলা দেড়টায়। কিন্তু বৃষ্টির কারণে টসও হতে পারেনি। ৪ ঘণ্টা অপেক্ষা করে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

বাংলাদেশ দলের অধিনায়ক জাকির হাসান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিছুটা হতাশার সুরে বলেন, ‘আমরা সিরিজে ধীরে ধীরে উন্নতি করছিলাম, ফাইনাল ম্যাচটার জন্য খুব করে মুখিয়ে ছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমাদের।

আগামী ১৬ আগস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চার দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল, আর ২৩ আগস্ট শুরু হবে ৪দিনের দ্বিতীয় ম্যাচ।