Home Blog Page 56

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক রাখতে চায় ফিফা

0

খেলায় মাত্র তিন মিনিটের বিরতি, অথচ সেখানেই বিজ্ঞাপন থেকে শত শত কোটি ডলারের সম্ভাবনা! ২০২৬ বিশ্বকাপে প্রতি অর্ধে তিন মিনিটের হাইড্রেশন ব্রেককে ঘিরে সম্প্রচারকারীদের বিপুল বিজ্ঞাপন আয় ফিফার নজর কেড়েছে। তাই ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপেও এই বিরতি বাধ্যতামূলক রাখার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ।

২০২৬ বিশ্বকাপে খেলোয়াড়দের পানি পান ও শরীর ঠান্ডা রাখার সুযোগ দিতে প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে তিন মিনিট করে খেলা বন্ধ রাখার নিয়ম চালু করেছিল ফিফা। আবহাওয়া বা তাপমাত্রা যেমনই হোক, প্রতিটি ম্যাচেই ছিল এই বিরতি। ফিফার ব্যাখ্যা ছিল, খেলোয়াড়দের স্বাস্থ্য ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত।

তবে মাঠের সেই স্বস্তির তিন মিনিট দ্রুতই সম্প্রচার ব্যবসার জন্য হয়ে ওঠে মূল্যবান বিজ্ঞাপনের সময়। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব পাওয়া ফক্স স্পোর্টস এই বিরতিতে বিজ্ঞাপন দেখিয়ে বিপুল অর্থ আয় করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। শুধু এই তিন মিনিটের বিরতিকে ঘিরেই ফক্সের বিজ্ঞাপন আয় প্রায় ২৫ কোটি ডলার হতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
ম্যাচের গুরুত্ব অনুযায়ী ৩০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য প্রায় ২ লাখ থেকে ৭ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত নেওয়া হয়েছে। ফলে খেলোয়াড়দের পানি পানের জন্য তৈরি হওয়া বিরতিই পরিণত হয়েছে সম্প্রচারকারীদের জন্য বড় বাণিজ্যিক সুযোগে।

এই অভিজ্ঞতার পর ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের নতুন চুক্তিতে প্রতি অর্ধে বাধ্যতামূলক তিন মিনিটের বিরতির শর্ত যুক্ত করার কথা ভাবছে ফিফা। এমনটা হলে ভবিষ্যতের বিশ্বকাপেও নির্দিষ্ট সময়ের জন্য ম্যাচ থামবে এবং সেই সময় বিজ্ঞাপনের জন্য আগেই নিশ্চিতভাবে বিক্রি করা যাবে।

২০২৬ বিশ্বকাপ শেষে ফিফার প্রধান বৈশ্বিক ফুটবল উন্নয়ন কর্মকর্তা আর্সেন ওয়েঙ্গার অবশ্য জানিয়েছিলেন, হাইড্রেশন ব্রেক ম্যাচের ফল কিংবা খেলার প্রবাহে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। তবে ভবিষ্যতের বিশ্বকাপেও এই ব্যবস্থা থাকবে কি না, তখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন তিনি।

এখন সেই সিদ্ধান্তে বাণিজ্যিক হিসাবও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব ঘিরে ইতিমধ্যেই বড় প্রতিযোগিতা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে নেটফ্লিক্স, ডিজনি ও ইউটিউবের পাশাপাশি আমাজন ও অ্যাপলও আগ্রহী বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে।

প্রতিবেদনগুলো বলছে, প্রতিটি বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনতে প্রতিষ্ঠানগুলো ১৫০ কোটি থেকে ২০০ কোটি ডলার পর্যন্ত বাজেট ধরছে। ফিফা যুক্তরাষ্ট্রে ইংরেজি ও স্প্যানিশ ভাষার সম্প্রচারস্বত্ব একসঙ্গে বিক্রির পরিকল্পনাও করছে। এতে স্বত্বের মূল্য আরও বাড়তে পারে।

অর্থাৎ বিশ্বকাপের লড়াই এখন শুধু মাঠের ৯০ মিনিটে সীমাবদ্ধ নেই। সম্প্রচারস্বত্ব, বিজ্ঞাপন আর বিপুল অর্থের হিসাবও হয়ে উঠেছে টুর্নামেন্টের বড় অংশ। আর সেই বাণিজ্যিক সমীকরণে খেলোয়াড়দের পানি পানের তিন মিনিটের বিরতিও এখন ফিফার কাছে হতে পারে কোটি কোটি ডলারের সম্পদ।

আইপিএলে খেলা ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেপ্তার

0

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মঙ্গলবার হুগলির মগরা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।

অভিষেকের বিরুদ্ধে অভিযোগটি করেছেন কর্নাটকের এক তরুণী। গত ২৩ জুন মগরা থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অভিযোগকারীর দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তার সম্পর্ক ছিল। তাদের মধ্যে বিয়ের পরিকল্পনাও ছিল এবং একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তারা।

তবে প্রায় দেড় বছর আগে তাদের সম্পর্কে সমস্যা তৈরি হয়। বিষয়টি তখন থানা পর্যন্ত গড়ালেও অভিযোগ দায়ের করা হয়নি। পরে ওই তরুণী আবার মগরা থানায় অভিযোগ করেন।

অভিযোগ দায়েরের পরও পুলিশ ব্যবস্থা না নেওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। এরপর আদালত অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেন। সেই নির্দেশের পরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে অভিযোগের বিষয়ে অভিষেকের বক্তব্য বা মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সামনে আসেনি। ফলে আদালতে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়া পর্যন্ত বিষয়টি অভিযোগ হিসেবেই বিবেচিত হবে।

ক্রিকেট মাঠে অবশ্য গত দুই মৌসুমে নজর কেড়েছেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইপিএলে সুযোগ পান তিনি। গত মৌসুমে তাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, উয়েফার ডাকে ফিফা রেফারি ওমর আরতান

বিশ্বকাপ ২০২৬

অস্ট্রিয়ার সালজবুর্গ বিমান বন্দরে পা রাখার পর অনেক দর্শক এগিয়ে এসে সেলফি তুললেন, যেন নায়ক বেশে ফিরলেন রেফারি ওমর আরতান। বিশ্বকাপের খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন কিন্তু আমেরিকা ভিসা না দেয়ায় যেতে পারেননি ৩৪ বছর বয়সী ওমর আরতান। তবে দেশে তাকে দেয়া হয়েছিল রাজকীয় সংবর্ধনা। ‘বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা মেলেনি, তবে উয়েফার ডাকে ফিফা রেফারি ওমর আরতান’ পা রেখেছেন ইউরোপে।

বিশ্বকাপের আগে ওমর আরতান হয়তো ভাবতেই পারেননি এমন একটা সময় তিনি পার করেবেন। যুক্তরাষ্ট্র থেকে ব্রাত্য হওয়ার পর ইউরোপ তাঁকে এভাবে বরণ করে নেবে? বিশ্বকাপের দুঃখ এত তাড়াতাড়ি তিনি ভুলতে পারবেন। তবে বিশ্বকাপের পর তিনি বসে থাকেননি সোমালি লিগ, কুয়েত প্রিমিয়ার লিগ সহ খেলা পরিচালনার মধ্যেই ছিলেন।

ওমর আরতান

বাবাকে ছোট বেলায় হারানো ওমর আরতান মায়ের কাছ থেকেও দুরে থেকে মানুষ হয়েছেন। ২০১৮ সালে প্রথম ফিফার তালিকা ভুক্ত হোন আরতান, এরপর ২০২৪ সালে আফ্রিকা কাপ অব নেশন্স লিগের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছেন, এছাড়া প্রথম সোমালিয়ার রেফারি হিসেবে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগও পরিচালনা করেছেন। ২০২৫ সালে তিনি বর্ষসেরা আফ্রিকান রেফারি হওয়ার পর ধাপে ধাপে উন্নতি করার পর ২০২৬ সালে পেয়েছিলেন বিশ্বকাপ ম্যাচ পরিচালনার সুসংবাদ। মূলতঃ বিশ্বকাপে ব্রাত্য হওয়ার পরপরই উয়েফা তাকে আশ্বাস দিয়ে রেখেছিল সুপার কাপের ম্যাচ পরিচালনার কথা যা এখন আরতানের কাছে বাস্তব সত্যি।  

তবে ওমর আরতান প্রথম রেফারি যিনি উয়েফার বাইরে থেকে উয়েফার ম্যাচ পরিচালনা করবেন তার উয়েফায় প্রথম ম্যাচ হল পিএসজি বনাম অ্যাষ্টন ভিলা। ওমর একেবারে পাড়ার মাঠ থেকে উঠে আসা ফুটবল রেফারি যিনি স্বপ্ন দেখেছিলেন ফুটবলার হবেন কিন্তু তা সম্ভব না হওয়ায় বেছে নিয়েছিলেন মাঠে থাকার পথ। তিনি আজ সফল একজন রেফারি ‍যিনি আফ্রিকা মহাদেশের রেফারিদের ফ্ল্যাগের সুবাস ছড়াবেন ইউরোপ মহাদেশে।  

 সারকথা: রেফারি ওমর আরতান তরুণদের জন্য পরামর্শ দিতে গিয়ে বলেছেন, ‘আমি যদি পারি, যে কেউ পারবে। যা চান, তা-ই করতে পারেন। “স্বপ্ন দেখা কখনো বন্ধ করবেন না। রেফারি হতে চাইলে সেটাই সবচেয়ে ভালো কাজ-কেউ বাধা দিলেও থেমে যাবেন না। প্রতিদিন নতুন কিছু শিখুন, দক্ষতায় নিজেকে শাণিত করুন।”

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, শাস্তি পেলেন আজমতউল্লাহ ওমরজাই

0

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে তিরস্কার করেছে আইসিসি। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের দায়ে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

শুক্রবার ব্রেডিতে আফগানিস্তানের ইনিংসের ৪১তম ওভারে আউট হওয়ার সিদ্ধান্ত দেন আম্পায়ার। কিন্তু সিদ্ধান্ত মেনে নিতে না পেরে দীর্ঘ সময় ক্রিজে অবস্থান করেন ওমরজাই। পাশাপাশি অঙ্গভঙ্গির মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি।

এই আচরণকে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ধারায় আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা প্রতিবাদ দেখানোকে অপরাধ হিসেবে গণ্য করা হয়।

ঘটনাটির পর ওমরজাই নিজের অপরাধ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি প্যানেলের ডিন কসকারের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অন-ফিল্ড আম্পায়ার গ্যারেথ মরিসন ও রোলি ব্ল্যাক, তৃতীয় আম্পায়ার জনি কেনেডি এবং চতুর্থ আম্পায়ার জর্জ ব্রলি তার বিরুদ্ধে অভিযোগ আনেন।

গত ২৪ মাসে এটিই ওমরজাইয়ের প্রথম অপরাধ। তাই তার শাস্তি হিসেবে শুধু আনুষ্ঠানিক তিরস্কার এবং একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট।

কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুইটি সাসপেনশন পয়েন্ট হলে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষেধাজ্ঞা পেতে পারেন সংশ্লিষ্ট খেলোয়াড়। তবে ডিমেরিট পয়েন্ট ২৪ মাস পর খেলোয়াড়ের রেকর্ড থেকে মুছে যায়।

এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের প্রস্তুতিতে রাজশাহী স্টার্স

0

বাংলাদেশ নারী ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসি এবার দেশের ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সামনে। এশিয়ার শীর্ষ নারী ক্লাব প্রতিযোগিতা এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশের এই ক্লাবটির।

মালয়েশিয়ায় আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে টুর্নামেন্টের প্রাথমিক পর্ব। সেই লক্ষ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রাজশাহী স্টার্স। মঙ্গলবার ঢাকার কমলাপুর স্টেডিয়ামে নিজেদের তৃতীয় অনুশীলন সেশন সম্পন্ন করেছে দলটি।

প্রধান কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে রোদেলা আবহাওয়ার মধ্যেও দীর্ঘ সময় অনুশীলন করেন খেলোয়াড়েরা। প্রথম দুই দিনের অনুশীলনে মূলত শারীরিক সক্ষমতা ও দলীয় সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হলেও মঙ্গলবারের সেশনে ম্যাচ পরিস্থিতিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। পাসিং, খেলোয়াড়দের অবস্থান, আক্রমণভাগের সমন্বয় এবং ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, এসব বিষয় নিয়ে কাজ করেন কোচিং স্টাফরা।

এদিকে দলের সঙ্গে যোগ দিয়েছেন নেপালের ডিফেন্ডার বিমলা বি কে। আন্তর্জাতিক মঞ্চে রাজশাহী স্টার্সের রক্ষণভাগকে শক্তিশালী করতে তার ওপরও থাকবে বাড়তি দায়িত্ব।

সহকারী কোচ মো. জহির ইকবাল জানিয়েছেন, প্রস্তুতি নিয়ে দল আশাবাদী। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই অনুশীলন চালিয়ে যাচ্ছে তারা। খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না দিয়ে ধাপে ধাপে প্রস্তুতি এগিয়ে নেওয়ার লক্ষ্য তাদের।

রাজশাহী স্টার্সের আক্রমণভাগের বড় ভরসা আলপি আক্তার। সর্বশেষ বাংলাদেশ নারী ফুটবল লিগে দলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। এশিয়ার মঞ্চেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান এই ফরোয়ার্ড। নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে পারফর্ম করাই তার লক্ষ্য।

আগামী ১৭ আগস্ট মালয়েশিয়ায় শুরু হতে যাওয়া প্রাথমিক পর্বে ভালো ফল করে মূল পর্বে জায়গা করে নেওয়াই এখন রাজশাহী স্টার্সের প্রধান লক্ষ্য। বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের জন্য এটি শুধু একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা নয়, বরং নিজেদের সক্ষমতা প্রমাণেরও বড় সুযোগ।

রাজশাহী স্টার্সে যোগ দিতে ঢাকায় নেপালের ডিফেন্ডার বিমলা বিকি

0

বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন রাজশাহী স্টার্স এফসির হয়ে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের ঐতিহাসিক অভিযানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন নেপালের ডিফেন্ডার বিমলা বিকি। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমলাকে স্বাগত জানান রাজশাহী স্টার্সের টিম ম্যানেজার ও সহকারী কোচ। এটি ক্লাবটির হয়ে বিমলার দ্বিতীয় মেয়াদ। এর আগে রাজশাহী স্টার্সের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে নেপালের এই ডিফেন্ডারের।

বাংলাদেশ ও রাজশাহীর জন্য এবারই প্রথম এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে অংশ নেওয়ার সুযোগ এসেছে। ফলে এশিয়ার অন্যতম বড় নারী ক্লাব ফুটবল প্রতিযোগিতার মঞ্চে খেলতে পারাকে বিশেষ সম্মানের বলে মনে করছেন বিমলা।

ঢাকায় পৌঁছে তিনি বলেন, রাজশাহীর হয়ে দ্বিতীয়বার খেলতে পেরে তিনি আনন্দিত। তবে এবার এএফসি প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় তাঁর উচ্ছ্বাস আরও বেশি। রাজশাহী ও বাংলাদেশের জন্য প্রথমবারের মতো এত বড় মঞ্চে খেলার সুযোগ পাওয়াকে তিনি গর্বের বিষয় হিসেবেও উল্লেখ করেন।

চ্যাম্পিয়নস লিগের জন্য প্রস্তুতির সময় কম হওয়ায় চ্যালেঞ্জটা কঠিন হবে, এটিও স্বীকার করেছেন বিমলা। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তিকে সম্মান করলেও নিজেদের দুর্বল ভাবতে নারাজ তিনি।

নেপালের এই ডিফেন্ডারের লক্ষ্য, প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দেওয়া এবং জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এরপর পরবর্তী রাউন্ডে জায়গা করে নিতে চান তারা।

বিমলা বলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তবে তার মানে এই নয় যে রাজশাহী স্টার্স দুর্বল দল। প্রতিটি ম্যাচ জিতে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে যেতে চান তারা। এ জন্য সমর্থকদের সহযোগিতাও চেয়েছেন তিনি।

বাংলাদেশ নারী ফুটবল লিগের শিরোপা জয়ের পর এবার রাজশাহী স্টার্সের সামনে আরও বড় চ্যালেঞ্জ। দেশের নারী ক্লাব ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় লিখতে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগের মঞ্চে নামবে তারা। আর সেই অভিযানে নেপালের অভিজ্ঞ ডিফেন্ডার বিমলা বিকির যোগদান দলটির রক্ষণভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বকাপ ক্যাম্পেইনের ২৬ বিজয়ী পেলেন পুরস্কার

২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে গ্রাহকদের জন্য আয়োজিত চারটি ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করেছে রবি আজিয়াটা পিএলসি। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে রবির প্রধান কার্যালয়ে বিশেষ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জিয়াদ সাতারা, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এবং হেড অব মার্কেটিং মো. শওকত কাদের চৌধুরীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ২৬ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

‘মাই রবি অ্যাপে বিশ্বকাপ অন, আপনি হবেন চ্যাম্পিয়ন’ স্লোগানকে সামনে রেখে মাই রবি অ্যাপে লাইভ খেলা দেখানোর পাশাপাশি গ্রাহকদের জন্য ডিজিটাল ও নন-ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের ক্যাম্পেইন আয়োজন করে রবি। পাশাপাশি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ছিল প্রোডাক্টভিত্তিক ক্যাম্পেইনও।

অনুষ্ঠানে রবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জিয়াদ সাতারা বলেন, “ফুটবল বিশ্বকাপকে ঘিরে আমাদের ক্যাম্পেইনগুলোর লক্ষ্য ছিল গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ও আনন্দময় অভিজ্ঞতা তৈরি করা। অংশগ্রহণকারীদের বিপুল উৎসাহ ও সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ এবং গ্রাহক সম্পৃক্ততামূলক কার্যক্রমের মাধ্যমে আরও মূল্যবান ও স্মরণীয় অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

‘কুইজমাস্টার’ ক্যাম্পেইনে গ্রাহকেরা মাই রবি অ্যাপ থেকে বিশ্বকাপের পুরো সময়জুড়ে প্রতিদিন ফুটবল কুইজ খেলার সুযোগ পান। প্রতিযোগীদের লক্ষ্য ছিল বিশ্বকাপ শেষে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে লিডারবোর্ডের শীর্ষে থাকা। লিডারবোর্ডের ফলাফলের ভিত্তিতে ১১ জন বিজয়ী নির্বাচন করা হয়।

‘স্ন্যাপ উইথ গ্রাফিটি’ ক্যাম্পেইনে সারাদেশে রবির বিশ্বকাপ গ্রাফিতির সামনে ছবি তুলে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান গ্রাহকেরা। ছবিতে পাওয়া রিঅ্যাকশনের ভিত্তিতে ১১ জনকে বিজয়ী নির্বাচন করা হয়।

এছাড়াও বিশ্বকাপের ফলাফল অনুমান নিয়ে ছিল ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জ। এখানে ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন, গোল্ডেন বুট বিজয়ী ও গোল্ডেন বল বিজয়ী অনুমান করেন। কতগুলো অনুমান সঠিক হয়েছে এবং কত দ্রুত সঠিক অনুমান করা হয়েছে—এই দুই বিষয় বিবেচনা করে ৩ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর আওতায় নির্ধারিত মান্থলি প্যাক কিনে গ্রাহকেরা তাদের পছন্দের দল নির্বাচন করেন। বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল স্পেনকে নির্বাচন করা গ্রাহকদের মধ্য থেকে একজন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী হিসেবে জিতে নেন ক্যাম্পেইনের সবচেয়ে বড় পুরস্কার রয়্যাল এনফিল্ড বাইক।

সব মিলিয়ে, চারটি ক্যাম্পেইনে ২৬ জন বিজয়ী পুরস্কৃত হন। এর মধ্যে কুইজমাস্টারের ১১ জন, ‘ফটো ইন ফ্রন্ট অব গ্রাফিটি’ ক্যাম্পেইনের ১১ জন, ‘কে হবেন ফুটবলের অক্টোপাস?’ চ্যালেঞ্জের ৩ জন এবং ‘মান্থলি প্যাক বিশ্বকাপ ক্যাম্পেইন’-এর ১ জন গ্র্যান্ড প্রাইজ বিজয়ী রয়েছেন। বিজয়ীরা একজন করে পরিবারের সদস্যকে সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

সাকিব ভালো ক্রিকেটার তবে মানুষ হিসেবে ‘নষ্ট’- ডা. জাহেদ উর রহমান

0

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও ব্যক্তি সাকিবের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তাঁর ভাষায়, সাকিব একজন ভালো ক্রিকেটার হলেও মানুষ হিসেবে তিনি ‘নষ্ট ও পচে যাওয়া’।

মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিবকে নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

সাকিব দেশে ফিরলে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, দেশে ফিরলে সাকিব নিরাপত্তাহীনতায় পড়বেন বলে সরকার মনে করছে না। তবে দেশে ফেরার পর তাকে বিদ্যমান মামলাগুলো এবং সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

সাকিবের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে উপদেষ্টা বলেন, একজন ব্যক্তি হিসেবে সাকিবের মূল্যায়ন তাঁর রাজনৈতিক অবস্থানের সঙ্গেও সম্পর্কিত। শেখ হাসিনার সঙ্গে সাকিবের রাজনৈতিক ঘনিষ্ঠতার সমালোচনা করে তিনি দাবি করেন, শেখ হাসিনার সঙ্গে যারা এখনো রাজনৈতিকভাবে যুক্ত, তাদের বক্তব্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না।

সাকিব দেশে ফিরলে আইন নিজের গতিতেই চলবে বলেও স্পষ্ট করেন জাহেদ উর রহমান। তাঁর বক্তব্য অনুযায়ী, বিমানবন্দরে পৌঁছানোর পর সাকিবকে কেউ সংঘবদ্ধভাবে আক্রমণ করবে, এমন আশঙ্কা সরকার করছে না। তিনি দেশে ফিরলে নিরাপত্তার মধ্যেই আইনি অভিযোগ ও বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে পারবেন।

একইসঙ্গে সাকিবের বিভিন্ন বক্তব্যকে সরকারের বিরুদ্ধে প্রচারণা হিসেবেও উল্লেখ করেন উপদেষ্টা। তাঁর দাবি, যারা এখনো শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজেদের সম্পৃক্ত রাখছেন, তাদের বক্তব্যকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে না।

শেখ হাসিনা দেশে ফিরলে কী হবে? এ প্রশ্নেও সরকারের অবস্থান তুলে ধরেন জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকেও নিরাপত্তা দেওয়া হবে এবং প্রচলিত বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। একই সঙ্গে আদালতের মাধ্যমে তাঁর সাংবিধানিক ও আইনগত অধিকার নিশ্চিত করার কথাও জানান তিনি।

জাহেদ উর রহমান আরও বলেন, বাংলাদেশে ভবিষ্যতে কোনো ‘মাফিয়া রেজিম’ প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না। তাঁর মতে, দেশকে গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে হলে গুরুতর অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকেও আইনের অধীনে বিচার পাওয়ার সুযোগ দিতে হবে।

তিনি বলেন, অভিযোগ যত গুরুতরই হোক, কোনো নাগরিককে তাঁর সাংবিধানিক ও আইনগত অধিকার থেকে বঞ্চিত করা উচিত নয়। সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা – যেই হোন, বিচারিক প্রক্রিয়ায় প্রত্যেকের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে এবং আদালতের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

অবশেষে স্বস্তির খবর পেল বাংলাদেশ। সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। একইসাথে নিশ্চিত হয়েছে, ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে বাছাইপর্ব। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাই খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এ দফা বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি কোয়ালিফাইয়ের লড়াই চলছিল, যেখান থেকে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল বাছাইপর্ব না খেলেই।

আইসিসির নিয়মে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংইয়ে থাকা শীর্ষ ৮টি দল বিশ্বকাপে খেলার সরাসরি টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এর বাইরে থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ ৮-এ রয়েছে, তাই র‍্যাংকিংয়ের শীর্ষ ৯ দল সরাসরি যাবে বিশ্বকাপে।

বেলফাস্টে আইরিশদের হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিতের পর র‍্যাংকিংয়ের হিসেবনিকেশ বলছে, বাংলাদেশের জায়গাও পাকা। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।’

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ আছে দুটি, ভারতের বিপক্ষে। তবে ঐ দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই তাদের। তাই একদিকে যেমন বাংলাদেশের বিশ্বকাপ টিকিট নিশ্চিত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে লড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।

প্রাণনাশের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ সৌরভ পরিবার

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে গত কয়েক মাস ধরে হুমকিসংবলিত চিঠি পাঠানো হচ্ছিল। তবে সর্বশেষ চিঠিতে সৌরভ, তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি ও নিকটাত্মীয়দের প্রাণনাশের হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ। সোমবার সিএবি কার্যালয়ে আসা দুটি চিঠির মধ্যে একটি পাওয়ার পর তিনি দক্ষিণ কলকাতার ঠাকুরপুর থানায় লিখিত অভিযোগ করেন।

পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সৌরভের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকির চিঠিগুলো কোথা থেকে পাঠানো হচ্ছে এবং এর পেছনে কারা রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত ছয় মাসে বিভিন্ন সময়ে সৌরভের নামে একাধিক চিঠি এসেছে। এত দিন বিষয়টিকে তেমন গুরুত্ব না দিলেও সোমবার পাওয়া চিঠিতে সৌরভ ও তাঁর স্ত্রী ডোনাসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি থাকায় বিষয়টি গুরুতর হয়ে ওঠে।

ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা অভিযোগটিকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং তদন্ত শুরু করেছি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে চিঠিগুলো, সেগুলোর উৎস এবং কুরিয়ারের গতিপথ খতিয়ে দেখা হচ্ছে।’

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, চিঠিগুলো কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছে। এরই মধ্যে চিঠির প্রেরকের পরিচয় শনাক্ত করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজন ব্যক্তি উত্তর ২৪ পরগনা জেলার বেলঘরিয়া এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ আরও জানিয়েছে, চিঠি পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত বলে সন্দেহ করা একটি সিমকার্ডের গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কুরিয়ার সংস্থার সঙ্গে যোগাযোগ করে চিঠিগুলোর বুকিং ও সরবরাহসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

গত ছয় মাসে আসা সব চিঠি একই ব্যক্তি পাঠিয়েছেন কি না, হুমকির পেছনে কী কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না-এসব বিষয়ও তদন্ত করে দেখছে পুলিশ।

সৌরভ গাঙ্গুলি বর্তমানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। হুমকির ঘটনায় তাঁর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।