Home Blog Page 62

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

প্রিটোরিয়ায় ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকাকে (ইউএসএসএ) ৭ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকদের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ২৮.১ ওভারেই পেরিয়ে যায় বাংলাদেশ। হাতে ছিল ৭ উইকেট।

বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন পেস বোলিং অলরাউন্ডার চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। ৬.৫ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন ২১ বছর বয়সী এই অলরাউন্ডার। তাঁর বোলিংয়েই মাঝের ওভারে ছন্দ হারায় ইউএসএসএ। পরে রান তাড়ায় অধিনায়ক শাহাদাত হোসেন ও ইরফান শুক্কুরের ব্যাটে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ইউএসএসএ। তবে দ্বিতীয় উইকেটে লুডউইচ শুল্ড ও ডেভিড টিগারের ১০৫ বলে ১১৯ রানের জুটি দলটিকে বড় সংগ্রহের আশা দেখায়। শুল্ড ৫৭ বলে ৫১ রান করে ইকবাল হোসেন ইমনের বলে থার্ড ম্যানে ইফতেখার হোসেন ইফতির হাতে ক্যাচ দিয়ে ফেরেন।

এরপর ৫৭ বলে ৭২ রান করা টিগারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার সামিউন বশির রাতুল। এই জুটি ভাঙার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ইউএসএসএ। শেষ ৯ উইকেট তারা হারায় মাত্র ৪০ রানে। ৩৪ ওভারেই গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। তিন ওভারের মধ্যেই মাহফিজুল ইসলাম ও হাবিবুর রহমান সোহানের উইকেট হারায় তারা। ১১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলকে সামাল দেন অধিনায়ক শাহাদাত ও ইফতেখার। তৃতীয় উইকেটে ৬৭ রান যোগ করেন তাঁরা। ২২ বলে ১৭ রান করে ইফতেখার আউট হলে ভাঙে এই জুটি।

এরপর আর কোনো বিপদ হতে দেননি শাহাদাত ও ইরফান শুক্কুর। দুজনের ৮৯ রানের অপরাজিত জুটিতে দ্রুতই ম্যাচ শেষ করে বাংলাদেশ।

অধিনায়ক শাহাদাত খেলেন ৫৬ বলে ৭৩ রানের দুর্দান্ত ইনিংস। তাঁর ব্যাট থেকে আসে ১২টি চার ও একটি ছক্কা। অন্যদিকে ইরফান শুক্কুর মাত্র ৩৯ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা।

এই জয়ে তিন দলের প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নিল বাংলাদেশ ইমার্জিং দল। দক্ষিণ আফ্রিকার এই দলটির বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়।

সংক্ষিপ্ত স্কোর
ইউএসএসএ: ৩৩.৫ ওভারে ১৬৬/১০
বাংলাদেশ ইমার্জিং: ২১.৫ ওভারে ১৬৭/৩
ফল: বাংলাদেশ ইমার্জিং ৭ উইকেটে জয়ী।

অস্ট্রেলিয়ায় তাইজুলের চোট নিয়ে স্বস্তির খবর

অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন তাইজুল ইসলাম। তবে বাংলাদেশ দলের বাঁহাতি এই স্পিনারের চোট গুরুতর নয় বলে জানিয়েছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তাঁর আশা, ১৩ আগস্ট শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগেই ফিট হয়ে উঠবেন তাইজুল।

ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান তাইজুল। কোরি রকিচেলির বলে এলবিডব্লিউ হওয়ার আগে ১৫ বলে ১০ রান করেন তিনি। আঙুলে ব্যথা নিয়েই নিজের ব্যাটিং শেষ করেন এই বাঁহাতি স্পিনার।

চোটের কারণে এরপর আর প্রথম ইনিংসে বল করতে পারেননি তাইজুল। তাঁর বদলি হিসেবে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বোলিং করেন মুশফিক হাসান।

তাইজুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি বলেন, ‘ব্যাটিং করার সময় তাইজুল ইসলাম বোলিং ফিঙ্গারে ব্যথা পেয়েছেন। এরপর থেকে আমরা আঙুলটি ব্যান্ডেজ করে রেখেছিলাম। গতকাল পুরো দিন তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল। আবারও পর্যবেক্ষণ করা হয়েছে। এখন ফোলা ও ব্যথা কমে গেছে। আশা করছি, প্রথম টেস্টের আগেই সে ফিট হয়ে যাবে।’

তাইজুলকে নিয়ে স্বস্তির খবর এলেও অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিতে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ইনিংসের লিডসহ অস্ট্রেলিয়া একাদশের কাছে শেষ পর্যন্ত ইনিংস ও ৩৪ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগে তাইজুলের ফিট হয়ে ওঠা বাংলাদেশের জন্য স্বস্তির খবরই হয়ে এসেছে।

বাফুফের পাইপ লাইনে আরো ৫ প্রবাসী ফুটবলার

0

প্রবাসী ফুটবলার

বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলার আসা শুরু হয়েছিল অধিনায়ক জামাল ভুঁইয়াকে দিয়ে এরপর তারিক কাজি। তার পরের অধ্যায়টা শুরু হয় হামজা চৌধুরীর আগমনে, বর্তমানে শমিত সোম, ফাহিমদুল ইসলামরা তো এখন লাল-সবুজের তারকা ফুটবলার। মূলতঃ হামজা চেীধুরীর জাতীয় দলে অন্তর্ভুক্তির পরই দেশের ফুটবলে তৈরী হয় নতুন জোয়ার আর সেই জোয়ারে ভেসে আসছে ইউরোপ, আমেরিকা থেকে ফুটবলের নতুন নতুন ফুটবল ভেলা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম তিনি এই প্রবাসী ফুটবলার দলে ভিড়ানোর অন্যতম কারিগর তিনি বিভিন্ন দেশের প্রবাসীদের সাথে যোগাযোগ করে দেশের ফুটবলকে সমৃদ্ধ করার চেষ্টা করছেন। তার কথায় বোঝা যাচ্ছে ‘বাফুফের পাইপ লাইনে আরো ৫ প্রবাসী ফুটবলার’ রয়েছে যারা সবুজ সংকেতের অপেক্ষায়।

ফারহান আলী ওয়াহিদ

যেসব প্রবাসী ইউরোপ-আমেরিকাতে বসবাস করছেন তাদের মধ্যে থাকা প্রবাসী ফুটবলাররা এখন স্বপ্ন দেখছেন বাংলাদেশের জার্সি গায়ে জড়ানোর। এরই মধ্যে বয়সভিত্তি দলে বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যোগ দিয়েছেন। আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপের আগে আরও পাঁচ প্রবাসী ফুটবলার দেখা যেতে পারে বলে জানিয়েছেন ফাহাদ করিম।

ফিফা উইন্ডো: সেপ্টেম্বর ফিফা উইন্ডো এবং সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রবাসী ফুটবলার যোগ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বর্তমানে অনেকটাই চূড়ান্ত হয়েছে ফুলহামের উইঙ্গার ফারহান আলী এবং ইংল্যান্ডে খেলা ফরোয়ার্ড জায়ান হাকিমের, তাদের ব্যাপারে ফিফা ও এএফসি থেকে প্রয়োজনীয় অনুমোদনের অপেক্ষায় আছে বাফুফে। কিছুদিনের মধ্যে এ দুই প্রবাসীর বাংলাদেশি হওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এছাড়া আরও তিন ফুটবলারের মধ্যে ২জন ইংল্যান্ডের এবং একজন জাপানের বলে জানিয়েছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম।

বাংলাদেশ ফুটবল কোচ টমাস ডুলি নতুনদের ট্রায়ালে ডাকেন কিনা, সেটার অপেক্ষায় আছে ফেডারেশন। যে কারণে ৩জনের নাম এখনই প্রকাশ করতে চাচ্ছেন না ফাহাদ করিম, ‘সাফ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত স্কোয়াডে ৫ প্রবাসীর মধ্যে কোচ কয়জনকে নেবেন, সেটা তাঁর এখতিয়ার। তবে আমি বলতে পারি, এই পাঁচজন বাফুফের ক্যাম্পে থাকবেন।’

ফাহাদ করিমের এই চেষ্টা সফল হলে আমার মনে হয় দেশের ফুটবল নতুন একটা লুক পাবে এবং দক্ষিন এশিয়ার সেরা টিম হওয়ার ব্যাপারে আর কোন সন্দেহ থাকবেনা আর তখন প্রধান লক্ষ হবে এশিয়া কাপে খেলা তারপর…..

৫৪ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে বাংলাদেশের হার

ডারউইনে অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতিটা দুঃস্বপ্নের মতো হলো বাংলাদেশের। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৯২ রানে পিছিয়ে পড়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে অস্ট্রেলিয়ার তুলনামূলক অনভিজ্ঞ একাদশের কাছে ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

দুই টেস্টের সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে এমন ব্যাটিং বিপর্যয় নিশ্চয়ই চিন্তার কারণ হয়ে দাঁড়াবে বাংলাদেশের জন্য। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২ ওভারের মধ্যে অলআউট হয়ে যাওয়াটা আরও হতাশার।

ডারউইনে আগে ব্যাট করে বাংলাদেশ প্রথম ইনিংসে তুলেছিল ২৬৩ রান। জবাবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ ৩৫৫ রান করে। তাতে ৯২ রানের লিড পায় স্বাগতিক দল। সেই লিড পুষিয়ে নিয়ে অন্তত প্রতিপক্ষের সামনে জয়ের লক্ষ্য দাঁড় করানোর সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ২১.৬ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের ব্যাটিং ধসের মূল কারিগর ২২ বছর বয়সী বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। মাত্র ১১ ওভার বল করে ২৫ রান খরচায় ৮ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের আট ব্যাটারই তাঁর শিকার হয়েছেন।

গতকাল দ্বিতীয় ইনিংসের শুরুতেই সাদমান ইসলামকে ৬ রানে ফিরিয়ে ধসের শুরু করেন থম্পসন। এরপর মুমিনুল হক ৬ রান করে তাঁর বলে বোল্ড হন।শনিবার দিনের খেলা শুরু হওয়ার পরও বাংলাদেশের ব্যাটিংয়ে কোনো উন্নতি দেখা যায়নি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোনো রান না করেই এলবিডব্লিউ হয়ে ফেরেন। সৌম্য সরকার করেন ৫ রান, মুশফিকুর রহিম ফেরেন ২ রান করে—দুজনকেই আউট করেন থম্পসন।

বাংলাদেশের স্কোর ৩৬ রানে পৌঁছাতেই চার উইকেট পড়ে যায়। এরপর তানজিদ হাসান তামিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ২২ রান করে তিনিই হন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু তাঁর বিদায়ের পর বাংলাদেশের ইনিংস আর বেশিক্ষণ টেকেনি।

অমিত হাসান ৪ রান করে কোরি রকিচোলির বলে ক্যাচ দেন। এরপর মেহেদী হাসান মিরাজও দ্রুত ফিরে গেলে ৪৫ রানেই বাংলাদেশের ছয় উইকেট পড়ে যায়।

শেষ দিকে হাসান মাহমুদ ২ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাঁকে সঙ্গ দেওয়ার মতো আর কেউ ছিলেন না। তাসকিন আহমেদ ও এবাদত হোসেনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন থম্পসন।

অস্ট্রেলিয়া একাদশের বোলারদের মধ্যে থম্পসনের ৮ উইকেটের সঙ্গে রকিচোলি নিয়েছেন ২ উইকেট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের আগে বাংলাদেশের জন্য প্রস্তুতি ম্যাচটি ছিল নিজেদের ঝালিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ। কিন্তু প্রথম ইনিংসে ২৬৩ রানের পর দ্বিতীয় ইনিংসে ৫৪ রানে অলআউট হওয়ায় ব্যাটিং নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হলো। মূল সিরিজ শুরুর আগে সেই প্রশ্নের উত্তর খুঁজতে হবে শান্ত, মুশফিকদেরই।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস ২৬৩/১০
সিএ একাদশ প্রথম ইনিংস ৩৫৫/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ৫৪/১০
সিএ ইনিংস ও ৩৮ রানে জয়ী

রদ্রিকে পেতে বার্সার ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি নয় ম্যানসিটি

0

ম্যানচেস্টার সিটির মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রদ্রিকে দলে ফেরানোর চেষ্টা জোরদার করেছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটি রদ্রিকে পেতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে বার্সেলোনার প্রস্তাব করা প্রায় ৫০ মিলিয়ন ইউরোর প্যাকেজে এখনো সম্মতি দেয়নি ইংলিশ ক্লাবটি। দুই পক্ষের মধ্যে আলোচনা এগোলেও, বর্তমান প্রস্তাবে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

রদ্রিকে ঘিরে দলবদলের বাজারে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বার্সেলোনা দীর্ঘদিন ধরেই স্প্যানিশ এই মিডফিল্ডারের প্রতি আগ্রহী। এবার সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে ম্যানচেস্টার সিটির সঙ্গে সরাসরি আলোচনায় বসেছে কাতালান ক্লাবটি। দুই ক্লাবের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং রদ্রির সম্ভাব্য দলবদলের বিভিন্ন দিক নিয়ে দর-কষাকষি চলছে।

তবে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তির কাছাকাছি পৌঁছাতে পারেনি দুই পক্ষ। বার্সেলোনার পক্ষ থেকে প্রায় ৫০ মিলিয়ন ইউরোর একটি প্যাকেজ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ম্যানচেস্টার সিটি সেই প্রস্তাবে সন্তুষ্ট নয়। ইংলিশ ক্লাবটি আরও উন্নত আর্থিক প্রস্তাবের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। ফলে বার্সেলোনাকে এখন নতুন করে প্রস্তাব সাজাতে হতে পারে।

রদ্রির ব্যক্তিগত ইচ্ছা অবশ্য আলোচনাটিকে অন্য মাত্রা দিয়েছে। স্প্যানিশ এই মিডফিল্ডার বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী বলে জানা গেছে। তাঁর পছন্দের বিষয়টি ম্যানচেস্টার সিটিরও অজানা নয়। ফলে ক্লাব দু’টির মধ্যে আলোচনায় রদ্রির ইচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সিটি এখনই কম দামে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে ছেড়ে দিতে চাইছে না।

ম্যানচেস্টার সিটির সঙ্গে রদ্রির সম্পর্কও বেশ গুরুত্বপূর্ণ। সিটির মাঝমাঠের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে দীর্ঘদিন ধরে দলের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ তিনি। তাঁর বল নিয়ন্ত্রণ, পাসিং, খেলা নিয়ন্ত্রণের ক্ষমতা এবং রক্ষণে অবদান পেপ গার্দিওলার কৌশলে বিশেষ গুরুত্ব বহন করে। তাই তাঁকে ছাড়তে হলে সিটি আর্থিকভাবে লাভজনক একটি চুক্তি নিশ্চিত করতে চাইবে এটাই স্বাভাবিক।

অন্যদিকে, বার্সেলোনার দিক থেকে রদ্রিকে দলে ফেরানোর আগ্রহের পেছনে রয়েছে মাঝমাঠে একজন অভিজ্ঞ ও নির্ভরযোগ্য খেলোয়াড়কে পাওয়ার আকাঙ্ক্ষা। বার্সেলোনার ফুটবল দর্শনের সঙ্গে রদ্রির খেলার ধরনও বেশ মানানসই বলে মনে করা হয়। ফলে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন কাতালান ক্লাবটির মাঝমাঠকে নতুন মাত্রা দিতে পারে।

রদ্রিকে নিয়ে বার্সেলোনার সঙ্গে আলোচনা চললেও ভবিষ্যতের পরিকল্পনাও থামিয়ে রাখেনি ম্যানচেস্টার সিটি। বরং একই সময়ে নতুন এক তরুণ মিডফিল্ডারকে দলে ভেড়ানোর পথে অনেকটাই এগিয়ে গেছে গার্দিওলার দল। ফরাসি ক্লাব লিলের তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে দলে নেওয়ার জন্য চুক্তির শেষ ধাপের আলোচনা চলছে।

মরক্কান বংশোদ্ভূত এই মিডফিল্ডারকে নিয়ে ম্যানচেস্টার সিটি ও লিলের মধ্যে সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। শুধু ক্লাব পর্যায়ের আলোচনাই নয়, বুয়াদ্দির প্রতিনিধিদের সঙ্গেও যোগাযোগ শুরু করেছে সিটি। খেলোয়াড়টির জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়েছে ইংলিশ ক্লাবটি।

বুয়াদ্দিকে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে। তরুণ এই মিডফিল্ডারকে দলে এনে ধীরে ধীরে বড় দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে পারে সিটি। বিশেষ করে রদ্রিকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে একজন সম্ভাবনাময় মিডফিল্ডারকে দলে নেওয়ার উদ্যোগ সিটির ভবিষ্যৎ পরিকল্পনারই ইঙ্গিত দিচ্ছে।

ফলে একই সময়ে দুই ধরনের দলবদল পরিকল্পনা এগিয়ে নিচ্ছে ম্যানচেস্টার সিটি। একদিকে রদ্রিকে ধরে রাখার চেষ্টা এবং বার্সেলোনার প্রস্তাব নিয়ে দর-কষাকষি, অন্যদিকে ভবিষ্যতের জন্য বুয়াদ্দির মতো তরুণ প্রতিভাকে দলে আনার উদ্যোগ। এতে বোঝা যাচ্ছে, রদ্রির ভবিষ্যৎ নিয়ে সিটি কোনো ঝুঁকি নিতে চাইছে না।

বার্সেলোনার জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ম্যানচেস্টার সিটিকে তাদের প্রস্তাবে রাজি করানো। প্রায় ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় কাতালান ক্লাবকে আরও ভালো আর্থিক প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরতে হতে পারে। তবে রদ্রির নিজের পছন্দ যদি বার্সেলোনার পক্ষেই থাকে, তাহলে সেটি দলবদলের আলোচনায় বার্সাকে কিছুটা সুবিধা দিতে পারে।

সব মিলিয়ে রদ্রিকে ঘিরে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও পরিস্থিতি দ্রুত বদলাতে পারে। বার্সেলোনা চাইছে নিজেদের পছন্দের মিডফিল্ডারকে ঘরে ফেরাতে, আর সিটি চাইছে উপযুক্ত আর্থিক সমঝোতা ছাড়া গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়তে না। এরই মধ্যে বুয়াদ্দিকে দলে আনার অগ্রগতি সিটির বিকল্প পরিকল্পনাকেও স্পষ্ট করছে।

এখন দেখার বিষয়, রদ্রির ইচ্ছা, বার্সেলোনার নতুন প্রস্তাব এবং ম্যানচেস্টার সিটির আর্থিক অবস্থান! এই তিনটি বিষয় শেষ পর্যন্ত কোন সমীকরণ তৈরি করে। রদ্রি কি ফিরবেন পুরোনো ঠিকানা বার্সেলোনায়, নাকি ম্যানচেস্টার সিটিতেই থেকে যাবেন? দলবদলের বাজারে এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

টিভিতে আজকের খেলা, ০৮ আগস্ট ২০২৬

আজ লঙ্কা প্রিমিয়ার লিগের ফাইনাল। আর প্রীতি ক্লাব ফুটবলে মাঠে নামছে চেলসি-এসি মিলান ও পিএসজি-ম্যানচেস্টার ইউনাইটেড।

১ম টি–টুয়েন্টি
বাংলাদেশ এইচপি–মালয়েশিয়া
বেলা ২টা, টি স্পোর্টস

প্রীতি ক্লাব ফুটবল
চেলসি-এসি মিলান
সন্ধ্যা ৬টা, ফ্যানকোড

পিএসজি-ম্যান ইউনাইটেড
রাত ৯টা, ফ্যানকোড

কারাবাও কাপ
কিউপিআর-মিলওয়াল
সন্ধ্যা ৭টা, ফ্যানকোড

ডার্বি কাউন্টি-লিঙ্কন সিটি
রাত ৮টা, ফ্যানকোড

সোয়ানসি-বার্মিংহাম
রাত ৮টা, ফ্যানকোড

ওয়েস্টহাম-পোর্টসমাউথ
রাত ৮টা, ফ্যানকোড

দ্য হানড্রেড
এমআই লন্ডন-ট্রেন্ট রকেটস
সন্ধ্যা ৭-৩০ মি., স্টার স্পোর্টস ২

সাউদার্ন-ম্যানচেস্টার
রাত ১১টা, স্টার স্পোর্টস ২

লঙ্কা প্রিমিয়ার লিগ: ফাইনাল
জাফনা-কলম্বো/গল
রাত ৮টা, টি স্পোর্টস

ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন অভিযোগ, ‘সম্পর্কের’ জেরে এক নারীকে অর্থ দেয়ার দাবি উয়েফার

0

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে নতুন করে গুরুতর অভিযোগ উঠেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফায় মহাসচিব থাকাকালে এক নারী কর্মকর্তার সঙ্গে তাঁর কথিত সম্পর্কের জেরে ওই নারীকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ।

তবে অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন ইনফান্তিনো। তাঁর মুখপাত্রের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। ইনফান্তিনোর বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক আচরণ বা নিয়ম ভঙ্গের অভিযোগ কখনো উয়েফা বা ফিফার কোনো কর্মী আনুষ্ঠানিকভাবে করেননি বলেও দাবি করা হয়েছে।

অন্যদিকে, উয়েফা ওই নারীকে অর্থ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির ভাষ্য, ইনফান্তিনোর সঙ্গে কথিত সম্পর্কের বিষয়টি নিয়ে নয়, বরং তাঁর চাকরি ছাড়ার সময় নিয়ম অনুযায়ী একটি ‘ডিপার্চার পেমেন্ট’ দেওয়া হয়েছিল। পাশাপাশি স্থানীয় একটি বিজনেস স্কুলে তাঁর এমবিএ কোর্সের খরচও ওই অর্থের মধ্যে ছিল বলে জানিয়েছে উয়েফা।

উয়েফা আরও বলেছে, সে সময়কার নিয়ম অনুযায়ী সব অর্থ পরিশোধ করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে সংস্থাটির নীতিমালায় পরিবর্তন আনা হয়েছে এবং বর্তমানে সেগুলো আরও কঠোর ও আধুনিক প্রতিষ্ঠানের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

এই অভিযোগ এমন এক সময়ে সামনে এলো, যখন বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা নিয়ে আগে থেকেই চাপের মুখে রয়েছেন ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ নামের ওই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল হলেও, এ নিয়ে ইউরোপীয় ফুটবল অঙ্গনে ব্যাপক অসন্তোষ তৈরি হয়। এমনকি কয়েকটি ইউরোপীয় দেশ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছে।

সম্প্রতি মরক্কোর রাবাতে ফিফার শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি সমর্থন জানানো হয়। বিতর্কিত পরিকল্পনায় ‘ভুল’ হয়েছিল বলে তিনি ক্ষমাও চেয়েছেন। তবে পদত্যাগ না করে নিজের দায়িত্বেই বহাল রয়েছেন ৫৬ বছর বয়সী এই ফিফা সভাপতি।

ইনফান্তিনো ২০০০ সালে উয়েফায় যোগ দেন এবং ২০০৯ সালে সংস্থাটির মহাসচিব হন। ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। নতুন এই অভিযোগ তাঁর ওপর রাজনৈতিক ও প্রশাসনিক চাপ আরও বাড়িয়ে দিল।

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, দেশি-বিদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে টেপ বল ক্রিকেটের এমন আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনা তৈরি করছে।

আজ শুক্রবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড (বিটিসিবি) ও পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাবের (পিএসসি) আয়োজনে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে টেপ বল ক্রিকেটে দেশীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ আরও বাড়বে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ঘটানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ফিরিয়ে এনে একটি সুস্থ জাতি গড়ে তুলতে হবে।

আমিনুল হক আরও বলেন, খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে গুণগত পরিবর্তন আনার মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য তরুণ, কিশোরসহ সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ইশরাক হোসেন, গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। কালিয়াকৈর পৌর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদের সভাপতিত্বে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান। এসময় বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ডের সভাপতি সারোয়ার হোসেন আকুল, ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনের সদস্যরা ও স্থানীয় অর্ধশতাধিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা৷

উল্লেখ্য, বাংলাদেশ টেপ বল ক্রিকেট বোর্ড আয়োজিত গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয়েছিলো টিম গ‌্যালাক্সী কু‌ড়িগ্রাম ও রোজার রাইডার্স কু‌ষ্টিয়া। খেলার প্রথমা‌র্ধে ব্যাটিংয়ে নামে টিম গ‌্যালাক্সী। নির্ধারিত ২০ ওভার‌ে তাদের সংগ্রহ ছিলো ২৫৬ রান। জবাবে রোজার রাইডার্স কু‌ষ্টিয়া ব্যাট করতে নেমে ২৪৪ রান তুলতে সমর্থ হয়। এতে ১২ রানের ব্যবধানে ম্যাচ বিজয়ী হয়েছেন টিম গ‌্যালাক্সী কু‌ড়িগ্রাম।

স্কটল্যান্ড–কানাডা ম্যাচে স্পর্শ হলো ওয়ানডে ক্রিকেটের ৫০০০তম ম্যাচের মাইলফলক।

0

ওয়ানডে ক্রিকেটের কথা

৫ জানুয়ারি ১৯৭১ সাল, ৫৫ বছর আগের গল্প! ইংল্যান্ড অস্ট্রেলিয়া সফরে সিরিজের ৩য় টেস্ট বৃষ্টির কারণে ভেস্তে গেল, অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড কর্তাদের মাথায় হাত কারণ ওই টেস্ট ম্যাচ থেকে বোর্ডের আয় হওয়ার কথা ৮০ হাজার ডলার। অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে অনুরোধ করলো একটি বাড়তি টেস্টে খেলার জন্য ইংল্যান্ড রাজি হলোনা। কিন্তু ক্ষতি পুরণের জন্য অস্ট্রেলিয়া থেমে যাওয়ার পাত্র নয়। তাই ফন্দি করে প্রস্তাব দিল একদিনের একটি ম্যাচ আয়োজন করে ক্ষতি পুষিয়ে নিতে ব্যস ইংল্যান্ড রাজি হলে খেলা হল মেলবোর্ন ক্রিকেট গ্র্রাউন্ডে। যে ম্যাচটা দেখতেই মাঠে হাজির হয়েছিল ৪৬ হাজার মানুষ। শুরু হল ওয়ানডে ক্রিকেটের যাত্রা। সেই ম্যাচ টা ৪০ ওভারের হলেও তখন ওভার ছিল ৮ বলের। এভাবেই ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু হয়েছিল আর আজ ১ থেকে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের ৫০০০তম ম্যাচ খেললো স্কটল্যান্ড-কানাডা।

১৯৭১ সালের জানুয়ারি মাসে ইতিহাসের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। ৫৫ বছর পর আজ হচ্ছে পাঁচ হাজারতম ওয়ানডে ম্যাচ। চলুন একটু চোখ বুলিয়ে দেখে নিই আন্তর্জাতিক ওয়ানডেতে ১ থেকে ৫০০০তম ম্যাচগুলো কেমন ছিল…

প্রথম ওয়ানডে ম্যাচ ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ৫ জানুয়ারি ১৯৭১ মেলবোর্ন: ১৯৭১ সালে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডের ওই সফরটাতে কোনো ওয়ানডে খেলার পরিকল্পনা ছিল না। কারণ তখনো তো ওয়ানডের প্রচলন ছিলই ছিলনা ক্রিকেটে। দুই দলের তৃতীয় টেস্টটা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর প্রায় ৮০ হাজার ডলার ক্ষতির মুখে পড়ে যায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ৪০ ওভারে ম্যাচ হলেও তখন কিন্তু প্রতি ওভারে হতো ৮ বল! সেই ম্যাচে আগে ব্যাট করে ১৯০ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৩৪.৬ ওভারে ৫ উইকেট হাতে রেখেই ওই রান তাড়া করে ফেলে অস্ট্রেলিয়া। ম্যাচের পর ডন ব্র্যাডম্যান দর্শকদের উদ্দেশে বলেছিলেন, ‘আপনারা ইতিহাসের সাক্ষী হলেন…

সর্ব কালের সেরা ব্যাটার অস্ট্রেলিয়ার স্যার ডন ব্র্যাডম্যান

১০০০তম ওয়ানডে ম্যাচ ২৫ মে ১৯৯৫, ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, নটিংহাম: ১০০০ ওয়ানডে ম্যাচ হতে প্রায় ২৪ বছর সময় লেগেছিল, আর এরই মধ্যে ওয়ানডের নিয়ম কানুন বদলেছে অনেক। ৮ বলের ৪০ ওভার, ৬ বলের ৫৫ কিংবা ৬০ ওভার-এমন অনেক কিছু শেষ করে এখন ৬ বলে ৫০ ওভারের ওয়ানডের থিতু হওয়ার পথে।নটিংহামের এই ম্যাচটা যদিও ছিল ৫৫ ওভারের, তত দিনে ৫০ ওভারের বিশ্বকাপ শুরু হলেও ইংল্যান্ডের দ্বিপক্ষীয় সিরিজ হতো এই নিয়মে। এক হাজারতম ওয়ানডেতে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ইংল্যান্ড। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৯ রান করেছিল ক্যারিবীয়রা।

২০০০তম ওয়ানডে ম্যাচ ১০ এপ্রিল ২০০৩ জিম্বাবুয়ে-পাকিস্তান, শারজা:

এক হাজার থেকে দুই হাজারে ওয়ানডে ক্রিকেট যেতে সময় লেগেছে ৮ বছরের কম সময়। এত দিনে বেশ জনপ্রিয়তাও পেয়ে যায় এই সংস্করণ। ওয়ানডেতে দুই হাজারতম ম্যচটা হয়েছিল শারজা কাপের ফাইনালে, খেলেছিল জিম্বাবুয়ে ও পাকিস্তান। এই ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান।

৩০০০তম ওয়ানডে ম্যাচ ২২ জুন, ২০১০, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া, সাউদাম্পটন:

এই ম্যাচ টা ছিল সবচেয়ে কম সময়ে এক হাজার ওয়ানডে হওয়ার রেকর্ড প্রথম ম্যাচের পর এই ঐতিহাসিক ৩০০০তম ম্যাচে এসেও দেখা এই দু-দলের মধ্যে। দিনের হিসেবে ২৬৩০ দিনের মধ্যে হয়েছে এই ২য় এক হাজার ওয়ানডে। সাউদাম্পটনের এই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছিল ইংল্যান্ড। ১ম মাচে জিতেছিল অস্ট্রেলিয়া।

৪০০০তম ওয়ানডে ম্যাচ ১৭ মার্চ ২০১৮, পাপুয়া নিউগিনি-হংকং, হারারে:

৪ হাজারতম ওয়ানডেতে মুখোমুখি হয় আইসিসির দুই সহযোগী সদস্যদেশ। হারারে স্টেডিয়ামের ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইয়ের। আগে ব্যাট করে ২০০ রানে অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। তবে সেই রান তাড়া করতে নেমে ১৪২ রানে অলআউট হয়ে ৫৮ রানে হেরে যায় হংকং।

৫০০০তম ওয়ানডে ম্যাচ ৭ আগস্ট ২০২৬ ডান্ডিতে, স্কটল্যান্ড: আজ স্কটল্যান্ড ও কানাডার মধ্যে অনুষ্ঠিত হল এই ঐতিহাসিক এবং রিদমিক ডিজিটের ওয়ানডে ম্যাচটি। যদিও সেটা আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু এর দুই সহযোগী দেশের লড়াই যা হয়তো সদস্য দেশ গুলোর কাছে ততটা গুরুত্ব পূর্ণ নয় তারপরও যখন দেখবে ৫০০০তম ম্যাচ তখন একটু হলেও আলাদা ভাবে খোঁজ খবর নিতে চাইবেন আর এখানেই এই ম্যাচের আকর্ষন বা ঐতিহাসিক দিক। খেলায় স্কটল্যান্ড ৯ রানে কানাডাকে পরাজিত করে। কানাডা টস জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠালে স্কটল্যান্ড ৭ উইকেটে ২৮১ রান করে ফিনলে ম্যাককার্থির ১১২ রানে ভর করে। কানাডা সেই রান তাড়া করতে নেমে ৪৯ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭২ রান করে এই ঐতিহাসিক ম্যাচে পরাজিত হয়।

সারকথা: আসলে এই ম্যাচ কানাডা বা স্কটল্যান্ডের কাছে জয় পরাজয়ের হিসেবে গুরুত্ব বহন করবে ঠিকই আর অপরদিকে ক্রিকেট রসিকদের কাছে আমার মনে হয় ৫০০০তম ম্যাচের রিদমিক সংখ্যার কারণেই বেশী মনে থাকবে।

উয়েফার সাথে একমত, ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে

ফিফা এফএফই বিতর্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভুল স্বীকার করেও ফিফার ‘এফএফই’ বিতর্ক ঝড় থামছেই না এবার নরওয়ে ফুটবল ফেডারেশন (NFF) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে। এনএফএফ এর অভিযোগ, ইনফান্তিনোর নেতৃত্বে ফিফার সুশাসন ও স্বচ্ছতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, উয়েফার সাথে একমত হয়ে ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)

নরওয়ের অভিযোগগুলোর মধ্যে রয়েছে-

বিশ্বকাপের বাণিজ্যিক মালিকানার পরিকল্পনা: ইনফান্তিনো বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিলেন। সদস্য দেশ ও উয়েফার তীব্র বিরোধিতার মুখে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত প্রত্যাহার করতে হয়। নরওয়ের মতে, এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গোপনে নেওয়ার চেষ্টা ছিল অগ্রহণযোগ্য।

নেতৃত্বের প্রতি আস্থা হারানো: নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস বলেছেন, ইনফান্তিনোর প্রতি এখন আর প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক আস্থা নেই। তাই তাঁর নেতৃত্বে ফিফার সংস্কার সম্ভব নয়।

নৈতিক তদন্তের দাবি: নরওয়ে ফিফার এথিকস কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে বিশ্বকাপ পরিকল্পনা ছাড়াও ইনফান্তিনোর সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের দাবি জানানো হবে।

উয়েফার সঙ্গে একাত্মতা: নরওয়ে জানিয়েছে, তারা উয়েফার সংস্কার দাবির সঙ্গে একমত এবং অন্যান্য ইউরোপীয় ফুটবল ফেডারেশনকেও ইনফান্তিনোর বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান জানাবে।

সারকথা: বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা, সুশাসনের ঘাটতি এবং নেতৃত্বের প্রতি আস্থা হারানোর অভিযোগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ফিফার নৈতিকতা কমিটিতে আনুষ্ঠানিক অভিযোগও দেবে বলে দেশটি জানিয়েছে।