Home Blog Page 65

টিভিতে আজকের খেলা: ০৬ আগস্ট ২০২৬

ঢাকায় চলছে বাংলাদেশ ফুটসাল লিগ। ইংল্যান্ডে চলছে ১০০ বলের ক্রিকেট দ্য হানড্রেড।

ফুটসাল
বাংলাদেশ ফুটসাল লিগ
বেলা ২–৩০ মি.. টি স্পোর্টস

দ্য হানড্রেড
লন্ডন স্পিরিট-এমআই লন্ডন (নারী)
রাত ৮টা, স্টার স্পোর্টস ২

লন্ডন স্পিরিট-এমআই লন্ডন (পুরুষ)
রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস ২

এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্প শুরু, আগামীকাল উদ্বোধন

জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান প্যারা গেমস ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণকে সফল করতে জাতীয় পর্যায়ের প্রস্তুতি শুরু করেছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি বাংলাদেশ)। আসন্ন আসরকে সামনে রেখে দেশের সম্ভাবনাময় প্যারা ক্রীড়াবিদদের নিয়ে জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

এই প্রশিক্ষণ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে আগামীকাল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের কার্যক্রম শুরু হবে।

এনপিসি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন ডিসিপ্লিনের প্যারা ক্রীড়াবিদরা অংশ নেবেন। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য তাদের শারীরিক সক্ষমতা, কারিগরি দক্ষতা, মানসিক প্রস্তুতি এবং প্রতিযোগিতামূলক পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। অভিজ্ঞ কোচ ও প্রশিক্ষকদের তত্ত্বাবধানে ক্রীড়াবিদদের নিবিড় অনুশীলনের সুযোগ দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘমেয়াদি ও সুশৃঙ্খল প্রস্তুতি আন্তর্জাতিক আসরে ভালো ফল অর্জনের অন্যতম পূর্বশর্ত। সেই লক্ষ্য থেকেই এশিয়ান প্যারা গেমসকে সামনে রেখে সময়ের আগেই প্রশিক্ষণ ক্যাম্প শুরু করা হয়েছে। এর মাধ্যমে ক্রীড়াবিদদের সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি প্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনাও বাস্তবায়ন করা হবে।

আগামী ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এশিয়ান প্যারা গেমসে বাংলাদেশের ক্রীড়াবিদরা বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে তাদের সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সাফল্য বয়ে আনার লক্ষ্য নিয়েই এগোচ্ছে এনপিসি বাংলাদেশ।

ইন্ডোরে বিকেএসপি নারী ও পুরুষ ফুটসালারদের গোল উৎসব

ফুটসাল লিগ বাংলাদেশ ২০২৫-২৬

বাংলাদেশ ফুটসাল লিগের ৫১তম ম্যাচে বিকেএসপির নারী ফুটসাল দল ৯-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে আনসার ভিডিপি দলকে। ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলে বিকেএসসি বিশেষ করে রাইট উইংয়ে রিংকি ও মিরার বোঝাপড়ায় দুর্দান্ত ফিনিশিংয়ে ৩৪ সেকেন্ডেই প্রথম গোল পায় বিকেএসপি নারী ফুটসাল দল। এর পরের গল্প শুধুই বেকেএসপির ফুটসালারদের।

বিকেএসপির অয়ন্ত বালা এগিয়ে যাচ্ছেন বল নিয়ে

মাঝমাঠে অধিনায়ক ইতি লেফট উইংয়ে অয়ন্ত বালাদের মুহুর্মুহু আক্রমন ঠেকাতে হিমশিম খায় আনসার ভিডিপি নারী ফুটসালাররা। প্রথমার্ধে ৪-১ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় বিকেএসপি। দ্বিতীয়ার্ধে এসে আনসার ভিডিপি কিক ইন থেকে অধিনায়াক ক্রানুচিং মারমা গোল করে ভিডিপি শিবিরে স্বস্তি ফিরিয়ে আনলেও তা ছিল সাময়িক, এরপর মামনি, অংম্রাচিং মফুই আর ফমিরা চেষ্টা করেও গোলের দেখা পায়নি। বিপরীতে বিকেএসপির বদলি খেলায়োরদের মধ্যে আফরিন জাহান, রুপা আর সাদিয়ারা অসাধারন কম্বিনেশন গড়ে থ্রু পাস দিতে থাকেন রিংকিকে আক্রমন ভাগে, রিংকি, মিরা আর অয়ন্তের চমৎকার রসায়নে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বিকেএসপির মেয়েরা।  

আনসার ভিডিপির অধিনায়ক উচাথোই মারমা বল নিয়ে আক্রমনে যাচ্ছেন

দিনের ২য় ম্যাচে পুরুষদের লড়াইয়েও বিকেএসপির ফুটসালারদের জয় ছিল অনুমেয়, আনসার ভিডিপির বিপক্ষে। প্রথম মিনিটেই আকাশ ডান প্রান্তে ম্যাচের প্রথম আক্রমনকে গোলে রুপান্তর করেন আনসার ভিডিপির খেলোয়াড়দের কোন কিছু বুঝে উঠার আগেই। এরপর বিকেএসপির রাহাত ২য় গোল করে ব্যবধান দিগুন করলে গোল পরিশোধে আনসার ভিডিপি মরিয়া হয়ে খেলতে থাকে বিশেষ করে ভিডিপির অধিনায়ক উচা, চাই চিং মং, রাশেদ ও রাকিবরা কিন্তু ফিনিশিং টাচে ব্যর্থ হওয়ায় ০-৩ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে দর্শকদের একাংশ

তবে দ্বিতীয়ার্ধের শুরুটা হয়েছে দু-দলের সমানে সমান আক্রমন ধরে রেখে আনসার ভিডিপির বেশ কয়েকটি আক্রমন ছিল গোল পাওয়ার মত বিশেষ করে বদলি খেলোয়াড় দেবু রাইট উইংয়ে বেশ কয়েকটি দুরপাল্লার শট নিলেও গোল রক্ষক তাসিন সাহেব অসাধারন সেভ করলে গোল বিঞ্চত হয় আনসার ভিডিপি। অবশেষে ৩১ মিনিটে সংঘবন্ধ আক্রমন থেকে রাকিব দলের পক্ষে প্রথম গোল করে গোল খরা কাটালে আশা জেগে উঠে বিডিপিদের। আনসার আক্রমনের পর আক্রমন করেও ২য় গোলের দেখা পাওয়া হয়নি অন্যদিকে ২য় অর্ধে বিকেএসপির আক্রমনের ধার কিছুটা হলেও কম ছিল বিমেষ করে শেষ ৫ মিনিট প্রতি আক্রমন নির্ভর খেলার কারনে আর গোলের দেখা পায়নি বিকেএসপি। তবে শেষ মিনিটে পেনাল্টি থেকে আনসার ভিডিপির রাকিব নিজের ২য় এবং দলের ২য় গোল করলে ২-৩ গোলে পরাজয় নিয়েই কোর্ট ছাড়তে হয় আনসার ভিডিপির খেলোয়াড়দের।  

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, বদলে যাওয়া ফরম্যাটে কঠিন পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজের

0

২০২৭ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রায় এক মাসব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৩ মার্চ পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের সময়সূচি চূড়ান্ত করলেও, এখনো আসরের আয়োজক দেশ বা ভেন্যু নির্ধারণ করেনি।

আগামী বিশ্বকাপকে সামনে রেখে আইসিসি নতুন যে প্রতিযোগিতা কাঠামো ঘোষণা করেছে, তাতে বাছাইপর্বের গুরুত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেড়ে গেছে। এবার ১০ দলের বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ১৪ দলের বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেবে। তবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলোর বিশ্বকাপ স্বপ্ন তখনই শেষ হবে না।

এই তিন দলকে খেলতে হবে নতুন সংযোজিত সুপার সিরিজ পর্বে। সেখানে তারা মূল বিশ্বকাপে আগে থেকেই নিশ্চিত হওয়া কয়েকটি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই পর্বের সেরা দলটি শেষ পর্যন্ত ১২ দলের মূল গ্রুপ পর্বে জায়গা নিশ্চিত করবে। ফলে এবার বিশ্বকাপে ওঠার পথ আগের তুলনায় আরও জটিল এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যুতে বসবে বৈশ্বিক ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেবে মোট ১০টি দল। এর মধ্যে থাকবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ওয়ানডে র‌্যাঙ্কিং অনুযায়ী স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েকে বাদ দিয়ে সবচেয়ে নিচের অবস্থানে থাকা দুটি পূর্ণ সদস্য দেশ। এছাড়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং বিশ্বকাপ বাছাই প্লে-অফ থেকে উঠে আসা চারটি দলও খেলবে এই টুর্নামেন্টে।

প্লে-অফ পর্বেও থাকছে কঠিন লড়াই। সেখানে অংশ নেবে লিগ-২-এর নিচের চারটি দল এবং চ্যালেঞ্জ লিগ থেকে উঠে আসা চারটি দল। মোট আট দলের এই প্রতিযোগিতা থেকে সেরা চারটি দল জায়গা করে নেবে মূল বাছাইপর্বে। যদিও প্লে-অফের ফরম্যাট এখনো চূড়ান্ত করেনি আইসিসি।

চ্যালেঞ্জ লিগে অংশ নেবে ১২টি দল। তাদের দু’টি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি দল তিনটি করে রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলবে। দুই গ্রুপের সেরা দুটি করে মোট চারটি দল খেলবে বাছাই প্লে-অফে।

এদিকে বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার লড়াইয়ে সবচেয়ে বেশি চাপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বর্তমানে তারা ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বরে অবস্থান করছে। নির্ধারিত কাট-অফ তারিখের আগে ক্যারিবীয়দের হাতে রয়েছে ভারতের বিপক্ষে মাত্র দু’টি ওয়ানডে ম্যাচ। সেই সিরিজের ফলের পাশাপাশি আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের ফলও ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যদি আয়ারল্যান্ড আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারে এবং ওয়েস্ট ইন্ডিজ ভারতের বিপক্ষে দুটি ম্যাচই জিতে যায়, তাহলে ক্যারিবীয়দের শীর্ষ আটে ওঠার সুযোগ তৈরি হতে পারে। তবে আফগানিস্তান সিরিজ জিতে গেলে ওয়েস্ট ইন্ডিজকে প্রায় নিশ্চিতভাবেই বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে।

২০২৩ সালের বিশ্বকাপেও বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে সুপার ওভারে নেদারল্যান্ডসের কাছে হেরে বিশ্বকাপের মূল পর্বে জায়গা হারিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই তিক্ত স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে ক্যারিবীয়দের। এবারও তাদের সামনে একই ধরনের কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

সব মিলিয়ে ২০২৭ বিশ্বকাপের নতুন ফরম্যাট বিশ্ব ক্রিকেটে যোগ করেছে নতুন উত্তেজনা। একই সঙ্গে ছোট দলগুলোর জন্য তৈরি হয়েছে বড় মঞ্চে জায়গা করে নেওয়ার সুযোগ, আর ঐতিহ্যবাহী দলগুলোর জন্য বেড়েছে বিশ্বকাপে জায়গা ধরে রাখার চাপ।

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু

ম্যাচ চলাকালে প্রচণ্ড বৃষ্টি। তখন মাঠে ফুটবল খেলছে দুটি দল। কিন্তু হঠাৎ খেলোয়াড়দের আশপাশে এক তীব্র আলোর ঝলকানিতে আলোকিত মাঠ। তারপর কানফাটা বিকট শব্দ। আলো নিভতেই আগুন ও ধোঁয়ার মেঘ বাতাসে ছড়িয়ে পড়ে। এক হৃদয়বিদারক দৃশ্য!

থাইল্যান্ডের এক স্থানীয় ম্যাচ চলাকালে এমনই ভয়াবহ বজ্রপাতে শোকের ছায়া নেমে এলো ফুটবল মাঠে। মাত্র ২৪ বছর বয়সী ফুটবলার সাফওয়ান আওয়ায়ে বজ্রপাতের বিধ্বংসী শক্তির শিকার হন। আতঙ্কিত খেলোয়াড় ও দর্শকরা ছুটোছুটি করতে থাকেন।

আর ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি ভয়াবহ বজ্রপাত আঘাত করল খেলোয়াড়দের কাছেই। সাফওয়ানের সতীর্থরা দ্রুত তার সাহায্যে এগিয়ে আসেন। তাকে চিৎ করে শুইয়ে দিয়ে বাঁচাতে চেষ্টা করেন। দ্রুত স্ট্রেচার আনা হয়। হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি সাফওয়ানকে।

পুলিশ প্রধান থুন সিরিখুন্তের বরাত দিয়ে বারনামা প্রতিবেদনে জানায়, জরুরি চিকিৎসক দলের প্রাণান্তকর চেষ্টাতেও বাঁচতে পারেননি সাফওয়ান। বজ্রপাতের আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে তার।

থাইল্যান্ডের দক্ষিণের শহর সুঙ্গাই গোলকের সান্তিফাপ স্টেডিয়ামে গোলক এফএ কাপে থাই-মালয়েশিয়ান দল সামকোল্টস ও আবু নং সিরিন মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে মর্মান্তিক ঘটনায় আরও ১২ ফুটবলার আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাদের প্রত্যেককে হাসপাতালে নেওয়া হয়েছে।

থাইল্যান্ডে ভয়াবহ বজ্রপাতের ঘটনা নতুন নয়। রোগ নিয়ন্ত্রণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটিতে বজ্রপাতে অন্তত ২৮৩ জন মারা গেছেন।

ইস্তাম্বুলে সালাহ, বিমানবন্দরে উচ্ছ্বসিত সমর্থকদের রাজকীয় অভ্যর্থনা

0

মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর পথে বড় অগ্রগতি করেছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইস্তাম্বুলে পৌঁছেছেন এই অভিজ্ঞ ফুটবলার। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হন শত শত সমর্থক, যারা উচ্ছ্বাসে ভাসিয়ে দেন ‘মিশরের রাজা’কে।

সমর্থকদের ভালোবাসার জবাবে সালাহও উচ্ছ্বাস প্রকাশ করেন। ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “ট্রাবজোন, তোমরা কি প্রস্তুত? আমি তোমাদের গর্জন শুনতে পাচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে।”

বিশ্বকাপ মিশন শেষ করে গ্রিসের মাইকোনোস দ্বীপে ছুটি কাটাচ্ছিলেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেখান থেকেই ব্যক্তিগত বিমানে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। যাত্রাপথের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ট্রাবজোনস্পোর।

ক্লাবের প্রকাশিত ছবিতে সালাহকে ট্রাবজোনস্পোরের জার্সি পরে দেখা যায়। জার্সিতে ছিল ৬১ নম্বর, যা ট্রাবজোন শহর এবং ক্লাবটির ঐতিহাসিক পরিচয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া বিমানে ধারণ করা সালাহর একটি ভিডিওবার্তাও প্রকাশ করেছে ক্লাবটি।

এর আগে সালাহর সম্ভাব্য গন্তব্য হিসেবে তুরস্কের আরেক ক্লাব বেসিকতাসের নাম জোরালোভাবে শোনা গেলেও শেষ পর্যন্ত সেই আলোচনা আর এগোয়নি। এরপর ট্রাবজোনস্পোর আনুষ্ঠানিকভাবে জানায়, সালাহকে দলে নেওয়ার বিষয়ে তারা আলোচনা শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ক্লাবটি জানায়, মোহাম্মদ সালাহর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা চলছে এবং চুক্তির প্রক্রিয়া এগিয়ে নিতে তিনি ইস্তাম্বুলে পৌঁছাবেন। একই সঙ্গে সমর্থকদের বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানানোর আহ্বানও জানানো হয়।

সালাহকে ঘিরে সমর্থকদের উন্মাদনা আরও বাড়াতে ট্রাবজোনস্পোর একটি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি ভিডিও প্রকাশ করে। সেখানে মিশরের পিরামিড থেকে যাত্রা শুরু করে দৃশ্যপট গিয়ে শেষ হয় ক্লাবটির ৪১ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন পাপারা পার্ক স্টেডিয়ামে।

গত মার্চে জানা যায়, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। এরপর থেকেই তাঁর নতুন ঠিকানা নিয়ে শুরু হয় জোর আলোচনা। একসময় সৌদি আরবের ক্লাবগুলোকে সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হলেও শেষ পর্যন্ত তুরস্কের ট্রাবজোনস্পোরই মিশরীয় এই তারকাকে দলে ভেড়ানোর সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেছে।

দ্য হান্ড্রেড টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ালেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম

0

ব্যক্তিগত কারণে দ্য হান্ড্রেডের বাকি আসর থেকে সরে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার এইডেন মার্করাম। ইতোমধ্যে তিনি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। তাঁর অনুপস্থিতিতে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের নেতৃত্ব দেবেন ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। একই সঙ্গে মার্করামের পরিবর্তে দলে নেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে।

বুধবার এক বিবৃতিতে ম্যানচেস্টার সুপার জায়ান্টস জানায়, ব্যক্তিগত কারণেই মার্করাম দেশে ফিরে গেছেন এবং চলতি মৌসুমে তিনি আর দলের হয়ে খেলবেন না। ক্লাবের পক্ষ থেকে তাঁর প্রতি শুভকামনা জানিয়ে বলা হয়েছে, টুর্নামেন্টে দলের জন্য দেওয়া অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানানো হচ্ছে।

চলতি বছরের মার্চে খেলোয়াড় নিলামের পর ম্যানচেস্টার সুপার জায়ান্টসের অধিনায়ক করা হয়েছিল মার্করামকে। আইপিএলের লখনউ সুপার জায়ান্টস ও এসএ২০-এর ডারবান সুপার জায়ান্টসের মতো দ্য হান্ড্রেডের এই দলটিও একই মালিকানার অধীনে হওয়ায় তিন ফ্র্যাঞ্চাইজিতেই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি।

মার্করামের নেতৃত্বে মৌসুমের শুরুটা ভালোই করেছিল ম্যানচেস্টার। প্রথম দুই ম্যাচে জয় পেলেও পরের তিনটিতে হেরে কিছুটা চাপে পড়ে দলটি। ব্যক্তিগত পারফরম্যান্সেও শুরুতে ছন্দে ছিলেন না মার্করাম। প্রথম চার ইনিংসে করেন মাত্র ৬৭ রান। তবে সর্বশেষ ম্যাচে ওভালে দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

মার্করামের অনুপস্থিতিতে দলের দায়িত্ব পাচ্ছেন জস বাটলার। দ্য হান্ড্রেডের প্রথম তিন মৌসুমে একই ফ্র্যাঞ্চাইজির (তৎকালীন ম্যানচেস্টার অরিজিনালস) অধিনায়ক ছিলেন তিনি। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর এটিই বাটলারের প্রথম অধিনায়কত্বের দায়িত্ব।

এদিকে মার্করামের বদলি হিসেবে দলে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী নিউজিল্যান্ড অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। সম্প্রতি তিনি গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন। গত বছর দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের হয়ে অংশ নিলেও খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। নির্ধারিত সময়ের কারণে ওয়েলশ ফায়ারের বিপক্ষে ম্যাচে তাঁর খেলা অনিশ্চিত হলেও গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে তাঁকে পাওয়ার আশা করছে ম্যানচেস্টার।

মার্করামের বিদায়ের ফলে চলতি আসরে প্রথমবারের মতো একাদশে পরিবর্তন আনতে হচ্ছে ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে। প্রথম পাঁচ ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছিল দলটি। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে এখন শেষ দুটি ম্যাচে ভালো ফলের বিকল্প নেই তাদের।

নতুন ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেলেন রিশাদ

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে রিশাদ হোসেনের বেশ চাহিদা বেড়েছে। তারই ধারাবাহিকতায় তিনি এবার দল পেলেন দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ।

সব ঠিক থাকলে প্রথমবারের মতো রিশাদ এই লিগে খেলবেন। সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। দলটি রিশাদের পাশাপাশি অজি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।

এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেননি, ফলে রিশাদের মাধ্যমে সেই ইতিহাসের যাত্রা ঘটতে পারে! এর আগে এসএ টোয়েন্টি লিগের সর্বশেষ মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও খেলা হয়নি। ফলে সেখানে প্রতিনিধিত্ব ছিল না বাংলাদেশের।

রিশাদ পিএসএল, বিগ ব্যাশের পর এবার এসএ টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা নিতে পারেন। এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে আয়োজিত হতে পারে বিপিএলও। আফ্রিকান টুর্নামেন্টে খেললে এবারও রিশাদকে ছাড়াই অনুষ্ঠিত হবে বিপিএল। সর্বশেষ বিপিএলে না খেলে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন অজি পেসার মাইকেল নেসার

0

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দুঃসংবাদ পেয়েছে অস্ট্রেলিয়া। অনুশীলনের সময় ডান পায়ের কাফে চোট পেয়েছেন অ্যাশেজের নায়ক পেসার মাইকেল নেসার। তবে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের আগেই সুস্থ হয়ে ফেরার ব্যাপারে আশাবাদী ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার।

প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড চোট কাটিয়ে দলে ফেরায় আগামী বৃহস্পতিবার ডারউইনে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৩ সদস্যের দলে জায়গা হয়নি নেসারের। তবে মূল পেসারদের কেউ চোটে পড়লে বিকল্প হিসেবে প্রস্তুত ছিলেন তিনি। সেই লক্ষ্যেই অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু চলতি সপ্তাহে দৌড়ানোর সময় হঠাৎ কাফে চোট পান। চিকিৎসকদের মতে, পুনর্বাসনে প্রায় এক মাস সময় লাগবে। এরপর ধীরে ধীরে বোলিংয়ের চাপ বাড়িয়ে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত করা হবে তাকে।

২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের বড় চোট পাওয়ার পর এবারই প্রথম দীর্ঘ সময় চোটমুক্ত ছিলেন নেসার। গত অ্যাশেজ সিরিজে কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে দুর্দান্ত পারফর্ম করে ১৫ উইকেট শিকার করেন তিনি। গাব্বায় ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট এবং মেলবোর্ন ও সিডনিতে দুটি চার উইকেট নেওয়ার কৃতিত্বও দেখান এই পেসার। তার পারফরম্যান্সেই ৪-১ ব্যবধানে অ্যাশেজ জেতে অস্ট্রেলিয়া।

এদিকে, অস্ট্রেলিয়ার অনুশীলন শিবিরে আরেকটি ছোট উদ্বেগের কারণ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জশ ইংলিস। অনুশীলনের সময় পিঠে খিঁচুনি অনুভব করলেও সেটি পুরোনো সমস্যার পুনরাবৃত্তি বলে জানিয়েছে দল। ফলে শনিবার ডারউইনে দলের সঙ্গে যোগ দিতে তার কোনো সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ সফরকারী দলের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে যুক্ত করা হয়েছে কুইন্সল্যান্ডের বাঁহাতি ব্যাটার জ্যাক ক্লেটনকে। লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ায় ভিক্টোরিয়ার টম রজার্সের পরিবর্তে দলে এসেছেন তিনি। প্রস্তুতি ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে নেতৃত্ব দেবেন নিউ সাউথ ওয়েলসের অভিজ্ঞ ব্যাটার কার্টিস প্যাটারসন।

মরক্কো চলে গেলেন কেপ ভার্দের কোচ

বিশ্বকাপে স্পেন-উরুগুয়ের মত শক্তিশালী বিশ্ব-জয়ীদের গ্রুপ থেকে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছিল কেপ ভার্দে। আর এই জয়ের পেছনের কারিগর হিসেব যিনি কাজ করেছিলেন তিনি হলেন কোচ বুবিস্তা। বিশ্বকাপের মত বড় মঞ্চে তিনি দলকে প্রথমবার খেলতে এসেই নিয়ে গেছেন রাউন্ড অব ৩২ এ। কেপ ভার্দের সাফল্যের পেছনের এই মানুষকে আর দেখা যাবেনা কোচ হিসেবে কারণ তিনি তার পেশাদারিত্বের জায়গা বদল করেছেন। মরক্কো চলে গেছেন কোচ বুবিস্তা সেখানে তিনি ক্লাব রেরকানের দায়িত্ব নিয়েছেন।

মরক্কো চলে গেলেন কেপ ভার্দের কোচ
রাউন্ড অব ৩২ এ আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের খেলার একটি মুহুর্ত

বিশ্বকাপের নক আউটে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিতে হয় বুবিস্তাদের। অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হারার আগে অবশ্য ৩ বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার নাভিঃশ্বাস তুলে দিয়েছিল আফ্রিকার এই দেশটি। বিশ্বকাপের চমক জাগানিয়া পারফরম্যান্সে বুঝতেই দেননি যে কেপ ভার্দে বিশ্বকাপের নতুন দল।

তবে কেপ ভার্দের এই অবিশ্বাস্য পারফরম্যান্সের নেপথ্যের নায়ক যে ছিলেন কোচ বুবিস্তা তা অস্বীকার করা যাবেনা। কিন্তু বিশ্বকাপ শেষ হতেই কেপ ভার্দের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি। ৫৬ বছর বয়সী কোচ পদত্যাগ করে সাড়ে ৬ বছরের অধ্যায় শেষ করে পাড়ি জমিয়েছেন মরক্কোতে।

২০২০ সালের জানুয়ারিতে কেপ ভার্দের দায়িত্ব নিয়েছিলেন তিনি। বুবিস্তার পদত্যাগ করার কারণ নতুন ক্লাব রেরকানে। মরক্কোর ক্লাবটির কোচ হয়েছেন তিনি। ক্লাবটির সঙ্গে তার চুক্তি হয়েছে ২ বছরের। সর্ব শেষ মৌসুমে মরক্কোর শীর্ষ লিগে রানার্সআপ হয়েছিল দলটি।

মরক্কোর ক্লাব বেরকানের দায়িত্বে ছিলেন কোচ মঈন শাবানি। তিনি তিউনিশিয়ার প্রধান কোচের দায়িত্ব পাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন বুবিস্তা।