Home Blog Page 74

কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

0

ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বৃহস্পতিবার যৌথভাবে এই তথ্য নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।

আগামী ৩ অক্টোবর কলকাতার ঐতিহ্যবাহী সল্ট লেক স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা। ম্যাচের সময়সূচি পরে জানানো হবে।
ভারতীয় ফুটবলের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

১৯৯২ সালে ফিফা র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এত উচ্চ র‌্যাঙ্কিংধারী কোনো দলের বিপক্ষে এখনও মাঠে নামেনি ভারত। এর আগে ২০১১ সালে একই স্টেডিয়ামে লিওনেল মেসির আর্জেন্টিনা খেললেও তাদের প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবার প্রথমবারের মতো ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানিয়েছে, অস্ট্রেলিয়া সফর শেষ করেই ভারতে যাবে দলটি। ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর কলকাতায় এসে ভারতের বিপক্ষে মাঠে নামবে।

এক বিবৃতিতে সিবিএফ জানায়, ভারতের মতো ফুটবলপ্রেমী দেশে খেলতে পারা তাদের জন্য বিশেষ আনন্দের। ব্রাজিলের বাইরে সবচেয়ে বড় সমর্থকগোষ্ঠীগুলোর একটি রয়েছে ভারতে। বহু প্রজন্ম ধরে ভারতীয় ফুটবলপ্রেমীরা ব্রাজিলিয়ান ফুটবলকে ভালোবেসে এসেছে, তাই সেই সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছে দলটি।

এই ম্যাচে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির পাশাপাশি ভিনিসিয়ুস জুনিয়র, এনদ্রিক, মাতিয়াস কুনহা, মারকিনিওস ও ব্রুনো গিমারায়েসের মতো তারকাদের দেখা যেতে পারে। তবে এটি যেহেতু প্রীতি ম্যাচ, তাই সব তারকা মাঠে নামবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ব্রাজিলের মতো ফুটবল পরাশক্তির বিপক্ষে মাঠে নামার সুযোগ ভারতীয় ফুটবলের জন্য যেমন বড় প্রাপ্তি, তেমনি কলকাতার দর্শকদের জন্যও হতে যাচ্ছে বিরল এক ফুটবল উৎসব।

দেড় বছর পর জাতীয় দলে ফিরলেন হকি তারকা জিমি, এশিয়ান গেমস ক্যাম্পে নতুন সুযোগ

0

দীর্ঘ দেড় বছর পর আবারও বাংলাদেশ জাতীয় হকি দলের ক্যাম্পে ডাক পেয়েছেন দেশের অন্যতম অভিজ্ঞ খেলোয়াড় ও সাবেক অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠনের পর সিলেকশন কমিটির প্রথম সভায় এশিয়ান গেমসকে সামনে রেখে ছয়জন নতুন খেলোয়াড়কে ক্যাম্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম জিমি।

বাংলাদেশ হকির অন্যতম সফল খেলোয়াড় জিমি গত দেড় বছর জাতীয় দলের বাইরে ছিলেন। আগের ফেডারেশনের সময় ট্রায়াল বা ক্যাম্পে সুযোগ না পেয়েই বাদ পড়েছিলেন তিনি। সে সময় ৩২ বছরের বেশি বয়সী খেলোয়াড়দের জাতীয় দলের জন্য বিবেচনা না করার অলিখিত নীতির কারণে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে উপেক্ষা করা হয়েছিল। বিষয়টি নিয়ে ক্রীড়াঙ্গনে ব্যাপক সমালোচনা হলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।

আবার জাতীয় দলে ফেরার সুযোগ পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ৩৮ বছর বয়সী এই হকি তারকা।

জিমি বলেন, ‘সিলেকশন কমিটি আমাকে বিবেচনা করেছে। এখন নিজের যোগ্যতা আবারও প্রমাণ করার সুযোগ পেলাম। মাঠে নেমে সেরাটা দিতে চাই। গত দেড় বছরে যারা হকি ও খেলোয়াড়দের স্বার্থে আমার পাশে দাঁড়িয়েছেন, আমি মনে করি এই সিদ্ধান্তে তাদের আনন্দই সবচেয়ে বেশি।’

আগামীকাল বাংলাদেশে পৌঁছাবেন জার্মান কোচ গেরহার্ড পিটার। এর আগেও তার অধীনে খেলেছেন জিমি। তবে এবার নতুন করে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।

‘শনিবার থেকে অনুশীলন শুরু হবে। পিটারের সঙ্গে আগেও কাজ করেছি, কিন্তু এবার সবকিছুই নতুনভাবে শুরু করতে চাই,’ বলেন জিমি।

গত ৫ জুলাই সাবেক জাতীয় খেলোয়াড় ও কোচ মশিউর রহমান বিপ্লবের অধীনে শুরু হয় জাতীয় দলের ক্যাম্প। পরে নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর গঠিত হয় তিন সদস্যের সিলেকশন কমিটি।

সিলেকশন কমিটির সদস্য ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরই প্রতিশ্রুতি দিয়েছিলাম, জাতীয় দলে কোনো বৈষম্য থাকবে না। তাই গত এক-দেড় বছরে যোগ্যতা থাকা সত্ত্বেও যারা সুযোগ পায়নি, তাদের মধ্য থেকে ছয়জনকে ক্যাম্পে ডাকার সিদ্ধান্ত হয়েছে।’

নতুন করে ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা হলেন আবু সাঈদ নিপ্পন, মো. নাইম উদ্দিন, মো. শিশির, পুস্পর খীসা মিমো, রাসেল মাহমুদ জিমি এবং শহিদুল হক সৈকত।

ফেডারেশনের ভাষ্য, এশিয়ান গেমসের মতো গুরুত্বপূর্ণ আসরে দেশের সেরা ফল অর্জনের লক্ষ্যেই অভিজ্ঞতা ও পারফরম্যান্সের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নতুন অ্যাডহক কমিটিতে সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন জিমি। তবে ফেডারেশনের দাবি, জাতীয় দলে তার প্রত্যাবর্তন হয়েছে শুধুমাত্র পারফরম্যান্স ও ফিটনেসের ভিত্তিতে। নিজেও ক্যারিয়ারের শেষ অধ্যায়টা স্মরণীয় করে রাখতে চান এই কিংবদন্তি।

জিমি বলেন, ‘অনেক বছর ধরে দেশ-বিদেশে হকি খেলেছি। এখন চাই মাঠ থেকেই সুন্দরভাবে বিদায় নিতে।’

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে শান্তর প্রত্যাশা

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে আজ উড়াল দেবে টাইগাররা। এই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে এবং দ্বিতীয় টেস্টটি হবে ২২ আগস্ট ম্যাকাইতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ জিতবে, ড্র করবে নাকি শুধু সম্মান নিয়ে ফিরবে-এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তবে তিনি পরিষ্কার করে দিয়েছেন, দলের মূল লক্ষ্য হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া। গতকাল বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে প্রশ্নোত্তর পর্ব শুরুর আগেই সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেন শান্ত। জানতে চান, অস্ট্রেলিয়া সফরে সংবাদমাধ্যমের প্রত্যাশা কী। একজন সাংবাদিক ‘ভালো খেলা’র কথা বললে শান্ত হেসে বলেন, ‘আমি এমন কথা বললে পছন্দ হতো?’

পরে যখন জানানো হয়, প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেছেন দল ‘সম্মান নিয়ে ফিরতে’চায়, তখনই শুরু হয় মূল সংবাদ সম্মেলন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে কীভাবে আমরা ওখানে ভালো ক্রিকেট খেলে সম্মান অর্জন করতে পারি। যদি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে পারি, তাহলে ভবিষ্যতেও তারা আমাদের খেলতে আমন্ত্রণ জানাবে।’তবে সম্মানজনক পারফরম্যান্সের কথা বললেও জয়ের লক্ষ্য থেকে সরে আসছেন না শান্ত। তাঁর ভাষায়, ‘প্রতিটি ম্যাচই আমরা জেতার জন্য খেলি। তবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি এবং ওদের কতটা কঠিন সময় দিতে পারি, সেটাই গুরুত্বপূর্ণ।

যদি আমরা দুটি ভালো টেস্ট খেলতে পারি, তাহলে ভবিষ্যতে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে।’সিরিজের আগে প্রস্তুতি নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক। জুলাইজুড়ে বৃষ্টির কারণে অনুশীলনে ব্যাঘাত ঘটেছে বলে জানিয়েছেন তিনি। যদিও বিকল্প উপায়ে প্রস্তুতি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে দল।‘বৃষ্টির কারণে সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। তারপরও মিরপুরের উইকেট ও বোলিং মেশিন ব্যবহার করে প্রস্তুতির চেষ্টা করেছি। প্রস্তুতির দিক থেকে কিছুটা ঘাটতি তো আছেই,’ বলেন শান্ত।

অস্ট্রেলিয়া সফর বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যও বহন করছে। ২০০৩ সালের পর এই প্রথম দেশটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। প্রায় দুই যুগ অপেক্ষার অবসান ঘটছে এই সিরিজ দিয়ে। এই দীর্ঘ সময়ে বাংলাদেশের কয়েকটি প্রজন্ম অস্ট্রেলিয়ায় টেস্ট না খেলেই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছে। এমনকি ২০ বছরের বেশি টেস্ট ক্যারিয়ার আর শতাধিক ম্যাচ খেলা মুশফিকুর রহিমও এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবেন। এমন একটি ঐতিহাসিক সফরে নেতৃত্ব দিতে পারাকে সৌভাগ্যের মনে করছেন শান্ত। তিনি বলেন, ‘খুবই ভাগ্যবান যে অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে টেস্ট খেলতে পারছি।

গত ২৩ বছরে আমাদের আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল, যদিও এত দিন টেস্টে আমরা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারিনি।’বাংলাদেশের টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির কারণে সমর্থকদের প্রত্যাশাও বেড়েছে বলে মনে করেন শান্ত। তাঁর মতে, এটি দলের জন্য ইতিবাচক দিক।‘এখন বাংলাদেশের মানুষ যেকোনো দলের বিপক্ষে জয়ের আশা করে। ২৩ বছর আগে হয়তো এমন প্রত্যাশা ছিল না।

এটা আমাদের টেস্ট ক্রিকেটের বড় অর্জন,’ বলেন তিনি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেসারদের ওপরও পূর্ণ আস্থা রাখছেন বাংলাদেশ অধিনায়ক। তাঁর বিশ্বাস, দলের পেস আক্রমণ ২০ উইকেট নেওয়ার সামর্থ্য রাখে। অভিজ্ঞ দুই স্পিনারও সেই চ্যালেঞ্জে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আজ রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। যেখানে দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দেবে টাইগাররা।

আজ শুরু এশিয়ান লিজেন্ডস লিগ-২০২৬

0

জাম্বিয়ার রাজধানী লুসাকায় টুর্নামেন্টের দ্বিতীয় আসরের পর্দা উঠছে। মূলতঃ সাবেক তারকা ও কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এটি টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা। এতে এশিয়ার বিভিন্ন দেশের সাবেক ক্রিকেটাররা দলভিত্তিক অংশ নিয়ে থাকেন। এবার মোট ৬টি দল অংশ গ্রহণ করছে। শ্রীলংকা লায়ন্স বনাম আফগানিস্তান পাঠানস এর মধ্যকার খেলা দিয়ে আজ শুরু এশিয়ান লিজেন্ডস লিগ-২০২৬। বেলা ৪টায় প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

আজ শুরু এশিয়ান লিজেন্ডস লিগ-২০২৬
অধিনায়ক সাকিব আল হাসান

লিগটির মূল উদ্দেশ্য হলো অবসর নেওয়া ক্রিকেটারদের আবার মাঠে ফেরানো এবং দর্শকদের সামনে তাদের খেলার নস্টালজিয়া ফিরিয়ে আনা। সাধারণত এতে আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি বিভিন্ন দেশের সাবেক খেলোয়াড়রা অংশ নিয়ে থাকেন।

সহজভাবে বলা যায় সাবেক এশীয় ক্রিকেট তারকাদের নিয়ে আয়োজিত বিনোদনমূলক ও প্রতিযোগিতা মূলক টি-২০ লিগই হলো এশিয়ান লিজেন্ডস লিগ।

৬টি টিম: বাংলাদেশ টাইগার্স, ইন্ডিয়া রয়েলস, শ্রীলংকা লায়ন্স, আফগানিস্তান টাঠানস, পাকিস্তান প্যান্থার্স এবং এশিয়ান স্টার্স, গতবার প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল এশিয়ান স্টার্স। এই দলটিতে যেমন রয়েছে সাবেক শ্রীলংকান তিলকরত্নে দিলশান, ভারতের রবিন উথাপা আবার ইসুরু উদানার মত ক্রিকেটাররা।

বাংলাদেশ টাইগার্সঃ সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

এশিয়ান লিজেন্ডস লিগের বর্তমান চ্যাম্পিয়ন এশিয়ান স্টার্স ২০২৫ সালের প্রথম আসরের ফাইনালে ইন্ডিয়ান রয়্যালসকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জাম্বিয়ার রাজধানী লুসাকার লোটাস স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নিজেদের প্রথম খেলায় শুক্রবার ইন্ডিয়ান রয়েলসের মুখোমুখি হবে বাংলাদেশ সময় বিকেল ৫.৩০ মিনিটে।

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব

জাতীয় দলের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় কাটছে সাকিব আল হাসানের। বিভিন্ন দেশের টি-টোয়েন্টি লিগে নিয়মিত খেলার ধারাবাহিকতায় এবার এশিয়ান লিজেন্ডস লিগেও দেখা যাবে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, বাংলাদেশ টাইগার্সের অধিনায়কের দায়িত্বও পেয়েছেন তিনি।

সম্প্রতি মেজর লিগ ক্রিকেটে অংশ নেওয়ার পর বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন সাকিব। এর মধ্যেই এশিয়ান লিজেন্ডস লিগের জন্য বাংলাদেশ টাইগার্সের নেতৃত্ব তার হাতে তুলে দেওয়া হয়েছে। দলে রয়েছেন জাতীয় দলের সাবেক ও অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারও। সহ-অধিনায়ক করা হয়েছে অলক কাপালিকে।

এবারের এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে এশিয়ান স্টারস, ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান প্যান্থার্স, আফগানিস্তান পাঠানস ও শ্রীলঙ্কান লায়ন্স। ৩০ জুলাই শুরু হওয়া টুর্নামেন্টটি চলবে ১০ আগস্ট পর্যন্ত। প্রতিযোগিতার সব ম্যাচ অনুষ্ঠিত হবে জাম্বিয়ায়।

টুর্নামেন্টটিতে বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান পরিচিত ক্রিকেটারদেরও দেখা যাবে। পাকিস্তানের হয়ে খেলবেন ওয়াহাব রিয়াজ, শোয়েব মালিক ও মোহাম্মদ হাফিজ। শ্রীলঙ্কার দলে আছেন কুমার সাঙ্গাকারা ও থিসারা পেরেরা। ভারতের হয়ে মাঠে নামবেন শিখর ধাওয়ান, দীনেশ কার্তিক ও হরভজন সিং। আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবেন হজরতউল্লাহ জাজাই ও আসগর আফগান।

বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), অলক কাপালি (সহ-অধিনায়ক), নাজমুস সাদাত, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), মেহেদী মারুফ, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, মুক্তার আলী, তাপস ঘোষ, নাজমুল হোসেন মিলন, উত্তম কুমার ঘোষ, সাকলাইন সজীব, ফরহাদ হোসেন, ইমন আহমেদ, আল মামুন রাসেল ও সাদেকুর রহমান।

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

ফিফা বিশ্বকাপ

২০২৬ কবিশ্বকাপ ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংর্ঘষে জড়ানোকে কেন্দ্র করে মারামারির ঘটনাসহ টুর্নামেন্ট জুড়ে তাদের বিরুদ্ধে ওঠা আরও বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতে আর্জেন্টিনার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা।

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল শেষে উভয় দলের বিপক্ষে যে হাতাহাতি হয় তা খতিয়ে দেখতে শৃঙ্খলা ও নৈতিকতাবিষয়ক একজন প্রসিকিউটর নিয়োগ দেয় ফিফা। ফাইনালে ১-০ গোলে হারের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফ সংঘর্ষে জড়ায়। সপ্তাহব্যাপী তদন্ত শেষে ফিফা এখন অনেকটাই পরিস্কার কিছু ধারনা পেয়েছে ঘটনার। ফিফার মতে ‘শৃঙ্খলাবিধি অনুযায়ী অভিযুক্তদের নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়েছে। এরপর ফিফা শৃঙ্খলাবিধি কমিটি যথাসময়ে চূড়ান্ত সিদ্ধান্তে যথাসময়ে জানাবে।

ফাইনালের শেষ বাঁশির পর স্পেনের খেলোয়াড়েরা উদ্‌যাপনের জন্য মাঠে ছুটে যাওয়ার সময় তাদর মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাঁর মুখেও আঘাত করেন। পাশাপাশি স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকেও আঘাত করে বসেন পারেদেস।

ফিফার শৃঙ্খলাবিধির ১৪ নম্বর ধারার আওতায় প্রসিকিউটরের সুপারিশের ভিত্তিতে নাহুয়েল মলিনার বিরুদ্ধে ২টি, লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে ৩টি এবং সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে ১টি অভিযোগ তদন্ত করবে।

স্পেনের গাভির শাস্তি: মলিনা ১৪ নম্বর ধারায় খেলোয়াড় সুলভ আচরণ বিরোধী একটি অভিযোগেও শাস্তির মুখে পড়তে পারেন। একই অভিযোগ আনা হয়েছে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও। সংঘর্ষের অভিযোগ প্রমাণিত হলে ন্যূনতম তিন ম্যাচ নিষিদ্ধ হওয়ার বিধান রয়েছে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ব্যবস্থা: আর্জেন্টিনা দলের বিরুদ্ধে একাধিক ম্যাচে বিভিন্ন ধরনের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শৃঙ্খলাবিষয়ক কার্যক্রম শুরু করেছে ফিফা। অভিযোগগুলোর মধ্যে রয়েছে খেলাধুলার চেতনাবিরোধী কার্যক্রম (১৩ নম্বর ধারা), দলের অসদাচরণ (১৪ নম্বর ধারা), বৈষম্য ও বর্ণবাদী আচরণ (১৫ নম্বর ধারা) এবং ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার নিয়ম ভঙ্গ (১৭ নম্বর ধারা)।

যত অভিযোগ আর্জেন্টিনার বিরুদ্ধে: বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, নির্ধারিত সময়ের পরে ম্যাচ শুরু, দল ও দর্শকদের অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের মাঠে বিভিন্ন বস্তু নিক্ষেপের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়েও ফিফা তদন্ত করছে।

ফকল্যান্ড: বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়েরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্ব দাবি করে একটি ব্যানার প্রদর্শন করেন। ব্যানারটিতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’ খেলাধুলার কোনো আসরকে খেলাধুলা বহির্ভূত প্রদর্শনী বা প্রচারের জন্য ব্যবহার করলে তাতে শৃঙ্খলাবিধির স্পষ্ট লঙ্ঘন হতে পারে বলে ফিফা জানিয়েছে। ২০১৪ সালে একবার স্লোভেনিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচের আগে ফুটবলাররা একই ধরনের ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনাকে ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল।

সারকথায় বলা যায়, আর্জেন্টিনার বিপক্ষে এতসব অভিযোগ প্রমান হলে ফিফা কি পুরোপুরি শাস্তি প্রদান করবে নাকি কিছুটা ছাড় দিয়ে ব্যবস্থা নিবে তা এক টা প্রশ্ন থেকেই যায়।  

নতুন দায়িত্বে আবার বাংলাদেশে ফিরছেন মারিও ভিল্লাভারায়ন

প্রায় ছয় বছর বাংলাদেশ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মারিও ভিল্লাভারায়ন। জাতীয় দলের ফিটনেস ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই শ্রীলঙ্কান বিশেষজ্ঞ এবার ফিরছেন নতুন দায়িত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে নিয়োগ দিয়েছে রিহ্যাব ম্যানেজার হিসেবে।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের একাধিক ক্রিকেটারের চোট, বিশেষ করে লিটন কুমার দাসকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রম নিয়ে নানা আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, পুনর্বাসন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই ভিল্লাভারায়নকে ফিরিয়ে আনা হয়েছে।

তামিম বলেন, মেডিকেল বিভাগকে আরও দক্ষ ও কার্যকর করে তোলার পরিকল্পনা রয়েছে বোর্ডের। তার ভাষায়, সংশ্লিষ্টরা ভালো না খারাপ-সেটি নয়, বরং পুরো ব্যবস্থাপনাকেই আরও উন্নত করা প্রয়োজন। সেই লক্ষ্যেই রিহ্যাব ম্যানেজার হিসেবে মারিও ভিল্লাভারায়নকে নিয়োগ দেওয়া হয়েছে।

চান্দিকা হাথুরুসিংহের প্রথম মেয়াদে, ২০১৪ সালে বাংলাদেশ দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে দায়িত্ব নেন ভিল্লাভারায়ন। পরে প্রধান কোচ পরিবর্তন হলেও তিনি দায়িত্বে বহাল ছিলেন। তার কাজে সন্তুষ্ট ছিল বিসিবি, ফলে কয়েক দফায় নবায়ন হয় তার চুক্তি।

তবে ২০২০ সালের শুরুতে তার বাংলাদেশ অধ্যায়ের ইতি ঘটে। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কাজ করার জন্য তিনি ছুটি চাইলেও বিসিবি তাতে সম্মতি দেয়নি। এরপর বোর্ড ছেড়ে আইপিএলে যোগ দেন তিনি। পরবর্তী সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এবং শ্রীলঙ্কাসহ বিভিন্ন জায়গায় স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। নতুন চুক্তিতে আইপিএলের সময় ছুটির সুযোগ থাকবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি।

খেলোয়াড়ি জীবনেও সফল ছিলেন ভিল্লাভারায়ন। ডানহাতি এই পেসার ১১৬টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছেন ৩৭৮ উইকেট। এক ইনিংসে তার সেরা বোলিং ১৫ রানে ৯ উইকেট। শ্রীলঙ্কা ‘এ’ দলে খেললেও জাতীয় দলে সুযোগ হয়নি। পরে অস্ট্রেলিয়ায় কোচিং শিক্ষা গ্রহণ করে পেশাদার স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে ক্যারিয়ার গড়ে তোলেন।

ভবিষ্যতে প্রয়োজন হলে বিদেশি ফিজিও নিয়োগ দেওয়ার কথাও জানিয়েছেন তামিম। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রয়োজন অনুযায়ী নতুন পদক্ষেপ নেওয়া হবে, যাতে খেলোয়াড়দের চিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা আরও উন্নত হয়।

এদিকে সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের চোট ব্যবস্থাপনা নিয়ে যে প্রশ্ন উঠেছে, তারও জবাবদিহি নিশ্চিত করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। লিটন কুমার দাস ও শেখ মেহেদী হাসানকে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচক কমিটি, মেডিকেল বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে-ফিটনেস নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও কেন লিটনকে জিম্বাবুয়ে সফরে পাঠানো হয়েছিল এবং পরে কীভাবে ভিন্ন ধরনের মেডিকেল রিপোর্ট সামনে এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বোর্ড।

তামিমের ভাষায়, দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে তার পরিচয় যাই হোক না কেন, জবাবদিহির মুখোমুখি হতে হবে। অতীতে নির্বাচক, ফিজিও ও মেডিকেল বিভাগের সবাইকে একসঙ্গে জবাবদিহির আওতায় আনার নজির খুব একটা ছিল না বলেও উল্লেখ করেন তিনি।

লিটনের চোট প্রসঙ্গে তামিম আরও বলেন, এভারকেয়ার হাসপাতালের স্ক্যান রিপোর্টেও উল্লেখযোগ্য কোনো সমস্যা ধরা পড়েনি। তবে চিকিৎসা ও পরীক্ষার মান আরও উন্নত করতে বর্তমান ব্যবস্থার পাশাপাশি বিকল্প চিকিৎসা প্রতিষ্ঠান খুঁজে দেখছে বিসিবি।

 এক্সিলেন্স সেন্টার নির্মাণে নতুন পরিকল্পনা বিসিবির

সঙ্গে দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়নে বহুল প্রতীক্ষিত এক্সিলেন্স সেন্টার নির্মাণের কাজ দ্রুত শুরু করার ঘোষণা দিয়েছে বোর্ড। বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে এসব সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

সভা শেষে বিসিবির প্রধান তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। বোর্ড সভায় আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এক্সিলেন্স সেন্টার নির্মাণ। তামিম বলেন, আগের নকশা বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। তাই আন্তর্জাতিক প্রতিষ্ঠান পপুলাসকে নতুন করে নকশা তৈরির অনুরোধ করা হয়েছে। বিসিবির নিজস্ব অর্থায়নে এক্সিলেন্স সেন্টার নির্মাণ করা হবে, আর পূর্বাচল আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য সরকারের সহযোগিতা নেওয়া হবে।

তাঁর ভাষ্য, আড়াই থেকে তিন বছরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য রয়েছে। সেখানে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধা, আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো এবং বিসিবির প্রশাসনিক কার্যালয় থাকবে। ২০৩১ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে এই প্রকল্প বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় মাইলফলক হবে বলে আশা করছে বোর্ড। মেডিকেল বিভাগ নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তামিম।

লিটন দাসের ইনজুরি ব্যবস্থাপনা নিয়ে সিলেক্টর ও মেডিকেল বিভাগের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। একই সঙ্গে রিহ্যাব ম্যানেজার হিসেবে মারিও ভিল্লাভারায়ানকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতাল নির্বাচন এবং এমআরআই রিপোর্টিং ব্যবস্থাও নতুন করে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি। কোচ নিয়োগ প্রক্রিয়ায়ও বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিবি। জেলা ও বিভাগীয় পর্যায়ে কোচ নিয়োগে নতুন করে বিজ্ঞপ্তি দেওয়া হবে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে এবং কোনো ধরনের তদবির গ্রহণ করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

ওয়ানডে অধিনায়ক লিটন

আগামী২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে লিটন দাসের ওপর আস্থা রাখল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভা শেষে এসব সিদ্ধান্ত জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল। সভা শেষে বিসিবির প্রধান তামিম বলেন, বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই নেতৃত্ব কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে। বোর্ড এখন তিন ফরম্যাটে তিনজন অধিনায়কের পরিবর্তে দুইজন অধিনায়কের নীতিতে বিশ্বাসী।

সে অনুযায়ী লিটন দাস সাদা বলের (ওয়ানডে ও টি-টোয়েন্টি) নেতৃত্বে থাকবেন এবং টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন নাজমুল হোসেন শান্ত।’

লিটনকে দায়িত্ব দেওয়ার কারণ ব্যাখ্যা করে তামিম বলেন, তাঁর নেতৃত্বগুণ, দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার পারফরম্যান্স বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাদা বলের দলের সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।

মেহেদী হাসান মিরাজকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়ে বিসিবি সভাপতি বলেন, এটি কোনোভাবেই তাঁর প্রতি অসম্মান নয়। বরং বোর্ড মনে করে, একজন ক্রিকেটার হিসেবে মিরাজকে আরও বেশি প্রয়োজন। গত পাঁচটি সিরিজের মধ্যে চারটিতে নেতৃত্ব দিয়ে সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সে আরও উন্নতির সুযোগ রয়েছে।

বিশ্বকাপে রাজনীতি ও সহিংসতার অভিযোগে বিপাকে আর্জেন্টিনা

0

বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয়েছে মাঠে। এবার মাঠের বাইরের দুই বিতর্কিত ঘটনাকে ঘিরে শাস্তির মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা। বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ (ইসলাস মালভিনাস) ইস্যুতে রাজনৈতিক বার্তাসংবলিত ব্যানার প্রদর্শন এবং ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে পড়ার অভিযোগে তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই দুটি ঘটনাকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, সব পক্ষের বক্তব্য ও প্রমাণ পর্যালোচনা করে পরে শৃঙ্খলাভঙ্গের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। ম্যাচ শেষের বাঁশি বাজার পর মাঠেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রথমে আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং স্পেন অধিনায়ক রদ্রির মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন লিয়ান্দ্রো পারদেস স্পেনের এরিক গার্সিয়াকে ধাক্কা দেন। পরে গাভি প্রতিবাদ করতে এগিয়ে এলে তাঁর সঙ্গেও শারীরিক সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে পারদেসের বিরুদ্ধে।

প্রশ্ন উঠেছে আর্জেন্টিনা দলের খেলোয়াড়সুলভ মানসিকতার

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে প্রশ্ন উঠেছে আর্জেন্টিনা দলের খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে। সেই ঘটনার জেরেই পারদেস, নাহুয়েল মোলিনা এবং আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

স্পেনের বিপক্ষে খেলা শেষে মারামারিতে আর্জেন্টিনার খেলোয়াড়রা

এর আগেই সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আরেকটি বিতর্কে জড়িয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচ শেষে খেলোয়াড়রা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত একটি ব্যানার প্রদর্শন করেন। বিষয়টি নিয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ ফিফার দৃষ্টি আকর্ষণ করলে তদন্ত শুরু করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার নিয়ম অনুযায়ী, ফুটবলের মাঠে রাজনৈতিক বার্তা বা রাজনৈতিক কর্মকাণ্ড নিরুৎসাহিত করা হয়। সেই নীতিমালার আলোকে আর্জেন্টিনার বিরুদ্ধে রাজনৈতিক বার্তা প্রদর্শনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।

বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত

ফিফার শৃঙ্খলা কমিটি উভয় ঘটনায় সংশ্লিষ্ট খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শুনে পরবর্তী সিদ্ধান্ত নেবে। অভিযোগ প্রমাণিত হলে খেলোয়াড়দের ব্যক্তিগত নিষেধাজ্ঞা, আর্থিক জরিমানা কিংবা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এমনও দাবি করা হয়েছে যে, ফকল্যান্ড ইস্যুর জেরে আর্জেন্টাইন ফুটবলারদের বিরুদ্ধে যুক্তরাজ্য নিজস্ব প্রশাসনিক পদক্ষেপ বিবেচনা করতে পারে। তবে এ ধরনের সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শুধু খেলোয়াড়ই নন, আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধেও তদন্ত চালাচ্ছে ফিফা। ফাইনাল চলাকালে বৈষম্যমূলক মন্তব্য, গ্যালারি থেকে বস্তু নিক্ষেপ এবং অসদাচরণের অভিযোগও পর্যালোচনা করা হচ্ছে।