Home Blog Page 77

১৪ উইকেটের নাটকীয় দিনে জমে উঠল ত্রিনিদাদ টেস্ট

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন ছিল বোলারদের দখলে। দিনজুড়ে ১৪ উইকেটের পতনে ম্যাচে নাটকীয় মোড় আসে। ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস রেকর্ড গড়া স্পেলে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দিলেও দিনের শেষ হাসি হাসে সফরকারীরাই।

দিনের শুরুতে ৩ উইকেটে ১৯৯ রান নিয়ে ব্যাট করতে নামে পাকিস্তান। অপরাজিত ৮৮ রান থেকে ইনিংস শুরু করে শান মাসুদ ১৬৩ বলে ব্যক্তিগত সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। তবে একসময় ৩ উইকেটে ২৪৪ রান করা পাকিস্তান হঠাৎই ধসে পড়ে। মাত্র ৩৮ রানের ব্যবধানে শেষ সাত উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয় তারা।

এই ধসের নায়ক ছিলেন জাস্টিন গ্রেভস। প্রথম দুই ওভারে ৯ রান দেওয়ার পর টানা পাঁচটি মেডেন ওভারে পাঁচ উইকেট শিকার করেন তিনি। বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরুর পর টেস্ট ক্রিকেটে টানা পাঁচ মেডেন ওভারে পাঁচ উইকেট নেওয়ার নজির এটিই প্রথম। গ্রেভস টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেটের স্বাদ পান। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৯ রানের লিড নেয়।

তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকরা। মোহাম্মাদ আব্বাস দুর্দান্ত স্পেলে ৭ ওভারে ৭ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়ে শুরুতেই চাপে ফেলেন ক্যারিবিয়ানদের। পরে মোহাম্মাদ আলি, আমির জামাল ও খুররাম শাহজাদও নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তেজনারাইন চান্দারপল ৩৫ রান করেন। দিনের শেষদিকে শামার জোসেফ ১৩ বলে তিন ছক্কায় অপরাজিত ২২ রান করে দলকে কিছুটা স্বস্তি দেন।

তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১২৬ রান। তাদের সামগ্রিক লিড ১৫৫ রান, হাতে রয়েছে মাত্র তিন উইকেট। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন অনেকটাই পাকিস্তানের দিকে ঝুঁকে রয়েছে।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩১১

পাকিস্তান ১ম ইনিংস: ৮০.১ ওভারে ২৮২/১০

ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ৪৩ ওভারে ১২৬/৭

ওয়েস্ট ইন্ডিজ লিড ১৫৫

অবিশ্বাস্য বোলিংয়ে ৫ উইকেট, কোনো রানই দেননি জাস্টিন গ্রিভস

0

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে অবিশ্বাস্য এক বোলিং স্পেলে কোনো রান না দিয়েই ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস।

নিজের ১৭তম টেস্ট খেলতে নামা গ্রিভস ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্টে ৫ উইকেটের দেখা পেয়েছেন। তার দুর্দান্ত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩১১ রানের জবাবে পাকিস্তান ২৮২ রানে অলআউট হয়ে যায়।

৩২ বছর বয়সী বার্বাডিয়ান এই ক্রিকেটারের বোলিং স্পেলটি আরও বেশি স্মরণীয়, কারণ দিনের শুরুতে ৬ ওভার বল করে ২৭ রান দিয়েছিলেন তিনি, কিন্তু কোনো উইকেট পাননি। এরপর টানা পাঁচটি মেডেন ওভারে ৫ উইকেট তুলে নেন গ্রিভস।

গ্রিভস বলেন, ‘আমি যখন বোলিংয়ে আসি, অধিনায়ক রস্টন চেজ শুধু বলেছিলেন, “তুমি যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে বল করছ, সেটাই চালিয়ে যাও” এবং দলের জন্য কিছু উইকেট নেওয়ার চেষ্টা করতে। বল একটু নড়াচড়া করছিল এবং আমি তার পুরস্কার পেয়েছি।’

‘যখনই আমার হাতে বল আসে, দল আমার কাছ থেকে একজন নির্ভরযোগ্য খেলোয়াড়ের মতো দায়িত্বশীল পারফরম্যান্স আশা করে। কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে আনার চেষ্টা করি।’

‘টেস্ট ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট পেয়ে আমি সত্যিই খুব খুশি। তবে ম্যাচে এখনো অনেক কাজ বাকি।’

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে গ্রিভসের প্রথম শিকার ছিলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। দুর্দান্ত এক সেটআপের পর ৬৪তম ওভারে ১০৯ রানে বোল্ড হন তিনি।

ওভার দ্য উইকেট থেকে বাঁহাতি ব্যাটার মাসুদের অফ স্টাম্পের বাইরে বল করেন গ্রিভস। এরপর একটি ডেলিভারি ভেতরের দিকে ঢুকলে ভুল লাইনে খেলতে গিয়ে বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করে।

পরের ওভারেই আমের জামালের মিডল স্টাম্প উপড়ে ফেলেন গ্রিভস। দুর্দান্ত এক ডেলিভারিতে জামালের ডিফেন্স ভেদ করে স্টাম্প উড়িয়ে দেন এই পেসার।

এরপর আলী উসমানকে এলবিডব্লিউ করে ফেরান গ্রিভস। পরে মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরান তিনি। ফলে মাত্র ৩৮ রানের ব্যবধানে পাকিস্তানের শেষ ৭ উইকেটের পতন ঘটে।

তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজ তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১২৬ রান করেছে। এতে তাদের লিড দাঁড়িয়েছে ১৫৫ রানে। ফলে ম্যাচটি এখন দারুণ উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।

বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক – ইতালির কোচ হচ্ছেন না আন্দ্রে পিরলো

0

রুশ বেটিং প্রতিষ্ঠান ফনবেটের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে ইতালি জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন আন্দ্রেয়া পিরলো। যদিও ইতালিয়ান ফুটবল ফেডারেশন, এফআইজিসি আনুষ্ঠানিকভাবে তাকে কোচ হিসেবে নিয়োগের ঘোষণা দেয়নি, তবে পিরলোর নিয়োগ প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছিল।

তবে গত কয়েক দিনে পিরলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক নিয়ে ইতালিতে ব্যাপক সমালোচনা শুরু হয়। ৪৭ বছর বয়সী সাবেক এই ইতালি তারকা গত বছরের অক্টোবরে রাশিয়ার বেটিং প্রতিষ্ঠান ফনবেটের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব নেন। এরপরই কয়েকজন ইতালিয়ান রাজনীতিক এফআইজিসি’র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন।

পিরলোর সঙ্গে ফনবেটের সম্পর্ক নিয়ে বিতর্ক আরও তীব্র হয় গত বছর। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফনবেট আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে সাবেক সতীর্থ মার্কো মাতেরাজ্জির সঙ্গে অটোগ্রাফও দেন পিরলো। অনুষ্ঠানে রুশপন্থী পপ তারকা শামানও পারফর্ম করেন।

এ নিয়ে ইতালির রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। মধ্যপন্থী আজিওনে দলের নেতা কার্লো ক্যালেন্ডা বলেন, ২০২২ সালের পর যারা রাশিয়ার প্রচারণায় যুক্ত ছিলেন বা আছেন, তাদের জাতীয় দলের দায়িত্বে থাকা উচিত নয়।

বিতর্কের মধ্যে সোমবার ইনস্টাগ্রাম পোস্টে পিরলো জানান, তিনি আর ইতালি জাতীয় দলের কোচ হওয়ার প্রার্থী নন। নিজের অবস্থান পরিষ্কার করে সাবেক এই মিডফিল্ডার বলেন, দুবাইয়ের ইউনাইটেড এফসিতে কোচ হিসেবে তার পেশাগত সহযোগিতা ছিল সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াভিত্তিক। এর সঙ্গে রাজনৈতিক কোনো অর্থ জুড়ে দেওয়া তার এমন বিশ্বাসকে নিজের ওপর আরোপ করা, যা তিনি কখনো প্রকাশ করেননি।

ইতালির জাতীয় দলের কোচ নিয়োগ ও পুনর্গঠনের দায়িত্বে থাকা এফআইজিসি -এর টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং তার উপদেষ্টা লিওনার্দোও পদত্যাগ করতে পারেন বলে খবর এসেছে। এর আগে বিশ্বকাপে টানা তিনবার জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালির ফুটবলে বড় ধরনের পরিবর্তনের দাবি উঠেছিল।

পিরলোর আগে ইতালির কোচ হওয়ার জন্য পেপ গার্দিওলা ও কার্লো আনচেলত্তির সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল বলে জানা গেছে। তবে তাদের কাউকেই রাজি করানো সম্ভব হয়নি। এখন আন্তোনিও কন্তে ও রবার্তো মানচিনির নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

২০২০ ইউরো জেতানো মানচিনি পরবর্তীতে ইতালিকে কাতার বিশ্বকাপে তুলতে ব্যর্থ হয়ে দায়িত্ব ছাড়েন এবং পরে সৌদি আরবের কোচ হন। এবার তার হাতেই আবার ইতালির দায়িত্ব তুলে দেওয়া হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

বিশ্বকাপে সেরা গোল কেপ ভার্দের কাবরালের

0

ফুটবল বিশ্বকাপে ডেভিড বনাম গোলিয়াথের মতো কেপ ভার্দে ও আর্জেন্টিনার রোমাঞ্চকর লড়াইয়ে চোখধাঁধানো এক গোলে স্টেডিয়াম স্তব্ধ করে দেন লোপেস কাবরাল। নক আউট পর্বের ম্যাচটির অতিরিক্ত সময়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ড্রিবল করে এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করে টপ কর্নারে বল পাঠান কেপভার্দিয়ান এই ফুটবলার।

বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের ডিফেন্ডার কাবরালের করা চমৎকার গোলটি সমর্থকদের ভোটে ‘গোল অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছে। এক পোস্টে এ নিয়ে বিষদ বিবরণ দিয়েছে ফিফা।

উজবেকিস্তানের এলদোর শোমুরোদভ এবং হাইতির উইলসন ইসিদোরের দুর্দান্ত গোল দুটিকে পেছনে ফেলে সেরা হয়েছেন কাবরাল। এর মাধ্যমে ম্যাক্সি রদ্রিগেজ, দিয়েগো ফরলান, হামেস রদ্রিগেজ, বেনজেমা পাভার্ড এবং রিচার্লিসনের মতো তারকাদের পাশে নাম লেখালেন তিনি।

কাবরাল যা বললেন

সেই অবিশ্বাস্য গোল নিয়ে কাবরাল বলেন, ‘প্রতিপক্ষকে ড্রিবল করে পার হওয়ার মুহূর্তেই সামনে কিছুটা খালি জায়গা দেখি এবং মনে মনে ভাবি, ‘একবার শট নেওয়া যাক’। আমি দুই পায়েই ভালো শট নিতে পারি। স্পেস পেয়ে টপ কর্নার লক্ষ্য করে শটটি নিখুঁতভাবে নিয়েছিলাম।’

‘শট নেওয়ার পর যখন তাকিয়ে দেখলাম বল একদম টপ কর্নারে যাচ্ছে, তখন নিজেরই বিশ্বাস হচ্ছিল না। ভাবছিলাম, ‘আমি এটা কী করলাম!’ সতীর্থরা উল্লাসে চিৎকার করছিল, মাথায় হাত দিয়ে বিশ্বাস করার চেষ্টা করছিল। সবাই আনন্দে ভেসে যাচ্ছিল’-যোগ করেন তিনি।

গোলের পর কাবরাল

মিয়ামি স্টেডিয়ামের ৬৫ হাজার দর্শক এবং বিশ্বজুড়ে লাখ লাখ ফুটবলপ্রেমী সেই অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হন। শেষ বত্রিশের লড়াইয়ে কেপ ভার্দে ৩-২ গোলে হারে। ম্যাচে যখন কেপ ভার্দে ২-১ গোলে পিছিয়ে তখন কারবাল গোলটি করে খেলায় সমতায় ফেরান। গোল করার পর কাবরাল বাঁধভাঙা উল্লাসে গ্যালারির দিকে দৌড় দেওয়ার মুহূর্তেই তার মা তেরেসা জ্ঞান হারান!

শেষ পর্যন্ত জয় পায়নি কেপভার্দে

অতিরিক্ত সময়ের খেলায় কাবরাল গোল করে সমতায় ফেরালেও শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় পায় ৩-২ গোলে। আর্জেন্টিনার পাওয়া শেষ গোলটি ছিল আত্মঘাতি। নাটকীয় এ জয়ের পর শেষ ষোলোতে পৌঁছায় আর্জেন্টিনা। একে একে তারা মিসর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায়। সম্ভাবনা তৈরি হয় টানা দ্বিতীয় শিরোপা জয়ের। কিন্তু শিরোপার দেখা পায়নি আর্জেন্টিনা। রহস্যময় ফাইনালে তাদেরকে ১-০ গোলে হারিয়ে স্পেন শিরোপা জয় করে নেয়। ফাইনালে আর্জেন্টিনার খেলা নিয়ে প্রশ্নের শেষ নেই।

তারৌবা টেস্টে বোলারদের দাপট, তৃতীয় দিনে ১৪ উইকেটের পতন

0

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনেই তারৌবার উইকেট যেন পুরোপুরি বোলারদের হয়ে কথা বলল। সারাদিনে ১৪ উইকেটের পতনে ম্যাচের নিয়ন্ত্রণ বারবার হাতবদল হয়েছে। কখনো পাকিস্তান, কখনো ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থেকেছে। তবে দিনের খেলা শেষে ৭ উইকেটে ১২৬ রান তুলে ১৫৫ রানের লিড নিয়ে সামান্য সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় দিনের শুরুতে ভালো অবস্থানেই ছিল পাকিস্তান। তিন উইকেট ১৯৯ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলো সফরকারীরা। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩১১ রানের কাছাকাছিও পৌঁছে গিয়েছিল সফরকারীরা। অধিনায়ক শান মাসুদ ও সালমান আলি আগা ধৈর্যশীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। এদিন নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন মাসুদ। ১০৯ রানের ইনিংসে ছিল দৃঢ়তা ও দায়িত্বশীলতার ছাপ। ইমাম-উল-হকও করেন ৬৩ রান।

তবে মধ্যাহ্নভোজের আগে হঠাৎই বদলে যায় ম্যাচের চিত্র। প্রথমে শামার জোসেফের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন সালমান আলি আগা। এরপর জাস্টিন গ্রিভসের দুর্দান্ত স্পেলে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং। মাসুদকে বোল্ড করার পর একে একে আমের জামাল, অভিষিক্ত আলি উসমান ও মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে নিজের ক্যারিয়ারের প্রথম টেস্ট পাঁচ উইকেট পূর্ণ করেন গ্রিভস। তাঁর ২৭ রানে ৫ উইকেটের বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থেমে যায় ২৮২ রানে।

প্রথম ইনিংসে ২৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেও ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তিতে থাকতে দেননি পাকিস্তানের অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। নতুন বলে নিখুঁত লাইন ও লেংথে বোলিং করে দ্রুত ফিরিয়ে দেন ব্র্যান্ডন কিং ও কেভেম হজকে। পরে আমির জানগুও ফিরে গেলে মাত্র ৩০ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর ত্যাগনারাইন চন্দরপল ও জাস্টিন গ্রিভস ধৈর্যের সঙ্গে ব্যাট করে গুরুত্বপূর্ণ জুটি গড়েন। তবে পাকিস্তানের বোলাররা নিয়মিত চাপ ধরে রাখায় বড় জুটি গড়া সম্ভব হয়নি। খুররম শাহজাদের বলে আক্রমণাত্মক খেলতে গিয়ে বোল্ড হন শাই হোপ। এরপর আমের জামাল চন্দরপলকে ফিরিয়ে পাকিস্তানকে আবারও ম্যাচে ফেরান। শেষদিকে আব্বাস ও শাহজাদ আরও দুটি উইকেট তুলে নিলে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আবারও নড়বড়ে হয়ে পড়ে।

তবে দিনের শেষ ভাগে শামার জোসেফের ঝড়ো ব্যাটিং স্বাগতিকদের কিছুটা স্বস্তি এনে দেয়। আমের জামালের এক ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে দ্রুত রান তুলেন তিনি। ২২ রানে অপরাজিত থাকা জোসেফের সঙ্গে কেমার রোচও দিন শেষ করেন উইকেটে থেকে। দুজনের ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি ওয়েস্ট ইন্ডিজের লিড ১৫৫ রানে নিয়ে গেছে।

তিন দিনের লড়াই শেষে ম্যাচ এখনও দুই দলের জন্যই উন্মুক্ত। চতুর্থ দিনের প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজ কতটা লিড বাড়াতে পারে, আর সেই লক্ষ্য তাড়ায় পাকিস্তান কেমন শুরু করে—সেটিই নির্ধারণ করে দিতে পারে ইতিহাসের প্রথম তারৌবা টেস্টের ভাগ্য।

বিশ্বকাপে আরও বেশি দলকে সুযোগ দিতে চায় আইসিসি

0

টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক রূপ দিতে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। প্রস্তাব অনুযায়ী, ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বর্তমান ২০ দলের পরিবর্তে ২৪টি দল অংশ নিতে পারে। ক্রিকেটের প্রসার এবং অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর জন্য আরও বেশি সুযোগ সৃষ্টি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে সংস্থার নীতিনির্ধারকেরা ধাপে ধাপে বিশ্বকাপের পরিধি বাড়ানোর বিষয়ে ইতিবাচক। ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ৩২-এ উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনাও রয়েছে। তবে প্রতিযোগিতার মান অক্ষুণ্ন রাখতে এক ধাপে এত বড় পরিবর্তনের বদলে ধীরে ধীরে দল বাড়ানোর পথেই হাঁটতে চায় আইসিসি।

গত দুই বিশ্বকাপে দল ছিল ২০টি

গত দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল অংশ নিয়েছে। এর আগে ২০২২ সাল পর্যন্ত এই আসরে খেলত ১৬টি দেশ। সাম্প্রতিক সময়ে নেপাল, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্রের মতো অ্যাসোসিয়েট সদস্য দেশগুলোর প্রতিযোগিতামূলক পারফরম্যান্স আইসিসিকে নতুন করে ভাবতে উৎসাহিত করেছে। তাদের বিশ্বাস, বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ বাড়লে নতুন দেশগুলোতে ক্রিকেটের জনপ্রিয়তা এবং প্রতিযোগিতার মান আরও উন্নত হবে।

জনপ্রিয় খেলায় বিশ্বকাপে অংশ নেওয়া দলের সংখ্যা বেশি

বিশ্বের অন্যান্য জনপ্রিয় খেলার বিশ্বকাপেও সাধারণত ২৪ বা তার বেশি দল অংশ নেয়। ফুটবলের বিশ্বকাপে ইতোমধ্যেই দলসংখ্যা বৃদ্ধি করেছে ফিফা। একটা সময়ে মাত্র ২৪ দল নিয়ে বিশ্বকাপ ফুটবলের আসর বসলেও সংখ্যা বাড়তে বাড়তে তা বর্তমানে ৪৮ দলে এসে পৌঁছেছে। ভবিষ্যতে অংশগ্রহণকারী দলের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করছে ফিফা। যদিও এ বিষয়ে বিরোধিতাও রয়েছে।

টি-টোয়েন্টি ট্রফি

এদিকে আগামী দুটি অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি এবং এশিয়ান গেমসে নিয়মিত উপস্থিতি নতুন নতুন দেশে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াচ্ছে। আইসিসির ধারণা, সেই আগ্রহ ধরে রাখতে বৈশ্বিক আসরে অংশগ্রহণের সুযোগও বাড়ানো প্রয়োজন।

তবে ২০২৮ ও ২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলসংখ্যা বাড়ানোর সম্ভাবনা নেই। এই দুটি আসর ২০ দল নিয়েই অনুষ্ঠিত হওয়ার কথা। সম্প্রতি আইসিসির বোর্ড সভায় ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটে পরিবর্তনের প্রস্তাব অনুমোদনের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিধি সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। ২০২৮ সালের বিশ্বকাপ ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষষ্ঠিত হবে। অংশ নেওয়া ২০ দলকে পাঁচভাগে ভাগ করা হবে। প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে।

গোল্ডেন বুট নয়, বিশ্বকাপই ছিল স্বপ্ন: এমবাপে

0

বিশ্বকাপের সোনালী বুট জিতেছেন, ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। তবু কিলিয়ান এমবাপের কাছে সেই সাফল্যের আলোকে ম্লান করে দিয়েছে একটি অপূর্ণতা-ফ্রান্সের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে না পারার আক্ষেপ।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক আবেগঘন বার্তায় ফ্রান্স অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপ না জেতার কষ্ট তাঁকে দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে।

এবারের বিশ্বকাপে আট ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা। তবে সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নেওয়ায় শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় ফরাসিদের।

ট্রফি জিততে পারিনি, এটা কষ্টের

এমবাপে লিখেছেন, ‘আমরা কোনো দলীয় ট্রফি নিয়ে দেশে ফিরতে পারছি না। এটা কষ্টের, আর এই কষ্ট অনেক দিন থাকবে। আমি ভান করব না যে সব ঠিক আছে। গোল্ডেন বুট জিততে পেরে আমি গর্বিত, কিন্তু বিশ্বকাপ ট্রফি পাশে থাকলে এর মূল্য আরও অনেক বেশি হতো। হয়তো আমরা আপনাদের আরও সুন্দর একটি সমাপ্তি উপহার দিতে পারতাম। কিন্তু গল্পের শেষটা সব সময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে শুধু সর্বস্ব দিয়ে লড়াই করার সুযোগ, আর সেটাই আমরা করেছি।’

বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে নেমেছিল ফ্রান্স। গ্রুপ পর্বে শীর্ষস্থান দখলের পর নকআউটে সুইডেন, প্যারাগুয়ে ও মরক্কোকে হারিয়ে শেষ চারে ওঠে তারা। কিন্তু ডালাসে সেমিফাইনালে শেষ পর্যন্ত স্পেনের বাধা পেরোতে পারেনি।

বিশ্বকাপে গোলের পর কিলিয়ান এমবাপে

পুরো টুর্নামেন্টে ছয় ম্যাচে গোল করেছেন এমবাপে। সেনেগাল, ইরাক ও সুইডেনের বিপক্ষে জোড়া গোল করার পাশাপাশি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও দুইবার জালের দেখা পান তিনি। যদিও সেই ম্যাচে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থান নিয়েই বিশ্বকাপ শেষ করে ফ্রান্স।

সতীর্থদের সঙ্গে ভাগাভাগি কৃতিত্ব

গোল্ডেন বুটের কৃতিত্ব সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এমবাপে। তাঁর ভাষায়, ‘আমার সতীর্থদের ছাড়া এতগুলো গোল করা সম্ভব হতো না। তাদের দৌড়, পাস, পরিশ্রম আর দলীয় চেতনার কারণেই আমি এই পুরস্কার জিতেছি। তাই এই সম্মান পুরো দলের।’

তিনটি বিশ্বকাপে খেলার অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন ২০১৮ সালের বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। তিনি বলেন, ‘ছোটবেলায় স্বপ্ন ছিল অন্তত একবার বিশ্বকাপ খেলব। এখন তিনটি বিশ্বকাপ খেলেছি, একটি জিতেছি, আর এবার দেশের অধিনায়ক হওয়ার সম্মান পেয়েছি। এই অভিজ্ঞতা কখনো ভুলব না।’

সম্প্রতি ১৪ বছরের অধ্যায় শেষ করে ফ্রান্স দলের কোচের পদ ছেড়েছেন দিদিয়ের দেশম। বিদায়ী কোচ ও তাঁর সহকারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এমবাপে। পাশাপাশি দলের ফিজিও, ফিটনেস কোচ, রাঁধুনি, চালকসহ নেপথ্যে কাজ করা সবার অবদানের কথাও তুলে ধরেছেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রান্স দলকে সমর্থন জানানো সমর্থকদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন এই তারকা।

টিভিতে আজকের খেলা: ২৮ জুলাই ২০২৬

গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের প্রথম টেস্টের চতুর্থ দিন আজ।

কমনওয়েলথ গেমস
৬ষ্ঠ দিন
বেলা ১টা, সনি স্পোর্টস ২

ক্রিকেট
তারুবা টেস্ট-৪র্থ দিন
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
রাত ৮টা, পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড

লঙ্কা প্রিমিয়ার লিগ
কলম্বো-জাফনা
রাত ৮টা, টি স্পোর্টস

দ্য হানড্রেড
লিডস-ম্যানচেস্টার (নারী)
রাত ৮টা, স্টার স্পোর্টস ২

লিডস-ম্যানচেস্টার (পুরুষ)
রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস ২

বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পরই অবসর নিলেন রেফারি ভিনচিচ

0

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল পরিচালনার গৌরব অর্জনের মাত্র এক সপ্তাহ পরই রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করেছেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই ম্যাচ কর্মকর্তা।

স্লোভেনিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে ভিনচিচের অবসরের খবর নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার মধ্য দিয়েই তিনি নিজের পেশাদার ক্যারিয়ারের পর্দা নামিয়েছেন।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপের ফাইনালে দায়িত্ব পালন করেন ভিনচিচ। পুরো ম্যাচে তার আত্মবিশ্বাসী, নির্ভুল ও পেশাদার সিদ্ধান্ত প্রশংসা কুড়ায় ফুটবল মহলে।

বিশ্বকাপে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস) তাকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করেছে।

দীর্ঘ ক্যারিয়ারে ইউরোপীয় ও আন্তর্জাতিক ফুটবলের অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। তার উল্লেখযোগ্য দায়িত্বগুলোর মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল, ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড এবং ২০২২ উয়েফা ইউরোপা লিগের ফাইনাল, যেখানে খেলেছিল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও রেঞ্জার্স।

এ ছাড়া ২০১০ সাল থেকে বিশ্বকাপ বাছাইপর্ব, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং উয়েফার বিভিন্ন শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতায় নিয়মিত দায়িত্ব পালন করেছেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ও নিরপেক্ষ পারফরম্যান্সের কারণে ভিনচিচকে আধুনিক ফুটবলের সবচেয়ে নির্ভরযোগ্য রেফারিদের একজন হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বকাপের ফাইনাল পরিচালনার পর অবসরের সিদ্ধান্ত তার বর্ণাঢ্য ক্যারিয়ারে যোগ করেছে আরেকটি স্মরণীয় অধ্যায়।

৫৯ বছর বয়সেও গোল! ইতিহাস লিখেই চলেছেন ‘কিং কাজু’

0

বয়স যে কেবল একটি সংখ্যা, সেটিই যেন বারবার প্রমাণ করে চলেছেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি মিউরা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হিসেবে প্রায় চার বছর পর আবারও প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করে নতুন ইতিহাস গড়েছেন ৫৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ম্যাচে গোলের দেখা পান মিউরা। ম্যাচের ৫২তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশে দলের পঞ্চম গোলটি করেন তিনি। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফুকুশিমা।

এটি ছিল ২০২২ সালের নভেম্বরের পর মিউরার প্রথম প্রতিযোগিতামূলক গোল। সর্বশেষ তিনি সুজুকা পয়েন্ট গেটার্সের জার্সিতে এসি ওসাকার বিপক্ষে গোল করেছিলেন।

১৯৮৬ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে পেশাদার ক্যারিয়ার শুরু করেন মিউরা। এরপর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবেও খেলেছেন তিনি। জাপান জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা এই কিংবদন্তি ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

সম্প্রতি ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে থাকার মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন মিউরা। ফলে পেশাদার ফুটবলে তার ক্যারিয়ার গড়াবে ৪২তম মৌসুমে, যা বিশ্ব ফুটবলেও বিরল এক নজির।

জাপানি ফুটবলপ্রেমীদের কাছে ‘কিং কাজু’ নামে পরিচিত মিউরা ১৯৯৩ সালে জে-লিগ শুরুর পর থেকেই দেশটির ফুটবলের অন্যতম বড় প্রতীক। বয়স ৬০ ছুঁলেও এখনই থামার কোনো ইচ্ছা নেই তার। বরং মাঠেই থেকে আরও দীর্ঘ সময় খেলে যাওয়ার স্বপ্ন দেখছেন এই কিংবদন্তি ফুটবলার।