Home Blog Page 79

খেলোয়াড়দের মারামারিতে অজ্ঞান রেফারি

0

গ্যালারিতে থাকবে উন্মাদনা আর মাঠে থাকবে কৌশলগত লড়াই। একটা প্রীতি ম্যাচের আমেজ এমন শান্ত স্নিগ্ধতাই দাবি করে। কিন্তু কখনো কখনো প্রীতি ম্যাচে এই আবহাওয়াটা থাকে অনুপস্থিত। তেমনই এক ঘটনা ঘটেছে মেটজ ও ফরচুনা সিটার্ডের মধ্যকার লড়াইয়ে। সবকিছু ঠিকঠাকভাবে শুরু হলেও সেই সৌহার্দ্যের পরিবেশ মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে। আর তাতেই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা।

ঘটনার সূত্রপাত্র ম্যাচের ৩৯তম মিনিটে। সে সময়ে ফরচুনার প্রতিশ্রুতিশীল তরুণ ফরোয়ার্ড লেকিনসিও জিফিককে প্রতিপক্ষের এক ফুটবলার পেছন থেকে বিশ্রীভাবে জার্সি টেনে ধরলে আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে দুই দল। শুরু হয়ে যায় সংঘাত। সংঘাতের রোষানলে প্রীতি ম্যাচটি তার গাম্ভীর্য হারিয়ে উত্তপ্ত এক থিয়েটারে পরিণত হয়।

দুই দলের খেলোয়াড়রা যখন সংঘাতে জড়ায় তখন রেফারি তাদের থামিয়ে থাকেন। মেটজ ও ফরচুনা সিটার্ডের মধ্যকার লড়াইয়ে দায়িত্বপ্রাপ্ত রেফারিও সেই ভূমিকায় নেমেছিলেন। কিন্তু ঘটনা ঘটে উল্টো।

উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে শান্তির বার্তা নিয়ে দুই দলের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছিলেন প্রধান রেফারি মাথিল্ড ডেমন। কিন্তু উন্মাদনার সেই ঝড়ে তিনি নিজেই হয়ে উঠলেন প্রধান শিকার। খেলোয়াড়দের অন্ধ ধাক্কাধাক্কিতে ভারসাম্য হারিয়ে ঘাসের ওপর লুটিয়ে পড়েন তিনি; মাথায় প্রচণ্ড চোট পেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকেন মাঠে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর কনকাশন নিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

রেফারির এই বিদায়ে মাঠে নেমে আসে এক অদ্ভুত অনিশ্চয়তা। প্রশ্ন আসে- ম্যাচ কি বাতিল হয়ে যাবে? কিন্তু তা হয়নি। ফুটবলের নাটকীয়তা সেখানেই থেমে থাকেনি। প্রথমার্ধের সহকারী রেফারিদের একজন বাঁশি হাতে মূল পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হন। কিন্তু সহকারী রেফারির খালি স্থানটি পূরণে এগিয়ে আসে এক অবিশ্বাস্য ঘটনা-গ্যালারি থেকে নেমে আসেন এক সাধারণ দর্শক! কোনো পেশাদারিত্বের তকমা না থাকলেও হাতে লাইন্সম্যানের পতাকা হাতে নিয়ে নিপুণভাবে অফসাইডের দায়িত্ব সামলান তিনি।

অনাকাঙ্ক্ষিত এই ঝড়ের পর মেটজ ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়লেও, ম্যাচটি স্মরণীয় হয়ে রইল অনভিপ্রেত সংঘাত আর মাঠের রূপকথাতুল্য পরিবর্তনের জন্য। ড্যানি বুইসের শীর্ষ শিষ্যদের সামনে এখন পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ডাচ লিগ ‘এরিডিভিসি’ অভিযাত্রার চ্যালেঞ্জ; তবে সেই লড়াইয়ের আগে মেসের বিপক্ষের এই অগ্নিপরীক্ষা তাদের প্রাক-মৌসুম স্মৃতিতে এক কালির দাগ এঁকে দিল।

আলভারেজ ইস্যুতে বার্সার অবস্থান স্পষ্ট: বল আর্জেন্টাইন তারকার কোর্টে

0

পোলিশ তারকা রবার্ট লেফানদোভস্কির দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে আর্জেন্টিনার তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের ওপর চোখ পড়েছে বার্সেলোনার। তবে আতলেতিকো মাদ্রিদের এই তারকা ফুটবলারকে ন্যু ক্যাম্পে নিয়ে আসতে বড় অঙ্কের অর্থ ঢালতে প্রস্তুত থাকলেও একতরফা চাপ মেনে নিতে নারাজ কাতালান ক্লাবটি। ক্লাবের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্য ১০ কোটি ইউরোর যে প্রাথমিক প্রস্তাব তারা দিয়েছে, সেখান থেকে আর এক ইউরোও বাড়ানো হবে না। অন্যদিকে নিজেদের অন্যতম মূল হাতিয়ারকে এই মূল্যে হাতছাড়া করতে একেবারেই ইচ্ছুক নয় আতলেতিকো মাদ্রিদ।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, আলভারেজকে কেন্দ্র করে দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার মূল্য নিয়ে এমন টানাটানি তৈরি হলেও বার্সেলোনা শিবিরে এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। ক্লাবটির নীতিনির্ধারকদের মতে, দলটির আক্রমণভাগে ইতিমধ্যেই যথেষ্ট গভীরতা ও বিকল্প উপস্থিত রয়েছে।

হ্যান্সি ফ্লিকের আগ্রহ

চলতি দলবদলে ইংলিশ উইঙ্গার অ্যান্থনি গর্ডন এবং জার্মান তরুণ করিম আদিয়েমি দলে যোগ দেওয়ায় বার্সার আক্রমণভাগ আগের চেয়ে অনেক বেশি ধারালো হয়ে উঠেছে। তা ছাড়া বর্তমান স্কোয়াডে থাকা ফেরান তোরেস, দানি ওলমো এবং রাফিনিয়ার মতো বহুমুখী ফুটবলারদের প্রত্যেকেই প্রয়োজনে সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে দায়িত্ব সামলাতে সক্ষম।

হুলিয়ান আলভারেজ

অবশ্য বার্সেলোনার হেড কোচ হান্সি ফ্লিক আলভারেজকে দলে পেতে বেশ আগ্রহী। কিন্তু ক্লাবের পরিচালনা পর্ষদ বর্তমান আর্থিক পরিস্থিতিতে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে নয়। আতলেতিকো মাদ্রিদ যেহেতু আলভারেজের দলবদল ফি নিয়ে নিজেদের দাবিতে অনড়, তাই বার্সা কর্তৃপক্ষ আপাতত ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণের কৌশল নিয়েছে।

সবকিছু এখন আলভারেজের ওপর নির্ভর করছে

বার্সেলোনাভিত্তিক সাংবাদিক আশরাফ বেন আইয়াদ তাঁর ফেসবুক প্ল্যাটফর্মে ইঙ্গিত দিয়েছেন যে, এই ট্রান্সফার জট ছাড়ানোর পুরো বিষয়টি এখন নির্ভর করছে স্বয়ং আলভারেজের ইচ্ছার ওপর। আতলেতিকো মাদ্রিদ যেহেতু তাদের অবস্থান থেকে বিন্দুমাত্র সরবে না, তাই বল এখন পুরোপুরি আর্জেন্টাইন তারকার কোর্টে। আলভারেজ যদি নিজে উদ্যোগী হয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য আতলেতিকো কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেন, তবেই কেবল এই দলবদল আলোর মুখ দেখতে পারে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপ ফুটবলে আলভারেজ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে চমৎকার এক গোল করেছিলেন। তার গোল ম্যাচের তো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের সেরা গোল হিসেবে খ্যাতি পেয়েছে। ১-১ গোলে অমীমাংসিত ম্যাচ যখন টাইব্রেকারের দিকে যাচ্ছিল তখন আলভারেজ দূরপাল্লার বাঁকানো শটে গোল করেন। পরে তার সঙ্গে যোগ দেন লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-১ গোলে জয় পায়।

টানা দ্বিতীয়বার এমএলএস অল-স্টার গেমে খেলছেন না মেসি

0

টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকারের (এমএলএস) ঐতিহ্যবাহী ‘অল-স্টার গেম’ মিস করতে যাচ্ছেন সাবেক বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। তবে গত মৌসুমের মতো এবার আর কোনো শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে হচ্ছে না এই আর্জেন্টাইন অধিনায়ককে। এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এমএলএস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, মেসিকে এবার অল-স্টার গেম থেকে পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর জন্য তাকে কোনো নিষেধাজ্ঞা পোহাতে হবে না।

গত মৌসুমে অল-স্টার গেমে অংশ না নেওয়ার কারণে এমএলএস-এর নিয়মানুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন মেসি। লিগের সেই সিদ্ধান্তকে ‘অত্যন্ত কঠোর ও নির্দয়’ বলে আখ্যা দিয়েছিলেন ইন্টার মায়ামির সহ-মালিক জোর্হে মাস। সেই সঙ্গে তিনি জানান, লিগের এই শাস্তিতে মেসি নিজে মারাত্মক ক্ষুব্ধ ও হতাশ হয়েছিলেন। তবে চলতি ২০২৬ মৌসুমে এসে লিগ কর্তৃপক্ষ তাদের অবস্থান শিথিল করেছে।

বিশ্বকাপ ফুটবলই কারণ

এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে সাম্প্রতিক সমাপ্ত বিশ্বকাপ ফুটবল। গত ১৯ জুলাই বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে অংশ নিয়েছিলেন লিওনেল মেসি এবং তার ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো দি পল। বিশ্বকাপ পরবর্তী খেলোয়াড়দের অতিরিক্ত শারীরিক ও মানসিক চাপ এবং তাদের পর্যাপ্ত বিশ্রামের কথা বিবেচনা করেই এমএলএস ও এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে সিদ্ধান্ত পরিবর্তন করেছে। নতুন সমঝোতা অনুযায়ী, বিশ্বকাপ শেষে খেলোয়াড়রা ক্লাবে ফিরলে তাদের শারীরিক সক্ষমতা ও বিশ্রামের প্রয়োজনীয়তা পর্যালোচনা করে অনুশীলনে ফেরার সময়সীমা নির্ধারণ করা হবে। এই নিয়মের আলোকেই মেসি ও দি পল দুজনকেই ২০২৬ অল-স্টার গেম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিশ্বকাপ ফাইনাল শেষে লিওনেল মেসি ও সতীর্থ রদ্রিগো দি পল

বিশ্বকাপের পর থেকে ইন্টার মায়ামির হয়ে শিকাগো ফায়ার এবং সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দুটিতেও মাঠে নামেননি মেসি ও দি পল। মূলত ফুটবলারদের স্বার্থরক্ষাকারী বৈশ্বিক সংস্থা ‘ফিফপ্রো’ ও ফিফার মধ্যকার চুক্তি অনুযায়ী, প্রতিটি মৌসুম শেষে ফুটবলারদের জন্য ২১ দিনের বাধ্যতামূলক বিশ্রামের নিয়ম রয়েছে, যা এখানে অনুসরণ করা হচ্ছে।

আরও যারা খেলছেন না

মেসি ও দি পল ছাড়াও দক্ষিণ আফ্রিকান ডিফেন্ডার ম্বেকেজেলি এমবোকাজি এবং চলতি মৌসুমের গোল্ডেন বুট দৌড়ে শীর্ষে থাকা হুগো কাইপার্সকে অল-স্টার গেম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কাইপার্স সম্প্রতি মেক্সিকান ক্লাব মোন্তেরেইতে স্থানান্তরিত হওয়ার কারণে অল-স্টার দল থেকে বাদ পড়েছেন। এই চার ফুটবলারের শূন্যস্থান পূরণে মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কিউবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিঙ্কারনাগেলকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মেসি না থাকলেও বুধবারে উত্তর ক্যারোলিনার শার্লটে মেক্সিকান লিগ ‘লিগা এমএক্স অল-স্টার্স’-এর মুখোমুখি হবে এমএলএস অল-স্টার দল।

টিভিতে আজকের খেলা: ২৭ জুলাই ২০২৬

গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের প্রথম টেস্টের তৃতীয় দিন আজ।

কমনওয়েলথ গেমস
৫ম দিন
বেলা ১টা, সনি স্পোর্টস ২

ক্রিকেট
ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২
নামিবিয়া-নেপাল
বেলা ৩টা, ফ্যানকোড

তারুবা টেস্ট-৩য় দিন
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান
রাত ৮টা, পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড

দ্য হানড্রেড
সাউদার্ন-এমআই লন্ডন (নারী)
রাত ৮টা, স্টার স্পোর্টস ২

সাউদার্ন-এমআই লন্ডন (পুরুষ)
রাত ১১-৩০ মি., স্টার স্পোর্টস ২

হৃদয়ের আগমনে ঘুরে দাঁড়াল জাফনা, ব্যাটে-বলে সাকিব -হৃদয়ের দাপটে ৯৩ রানের বড় জয়

0

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের জার্সিতে অভিষেকটা দারুণভাবেই রাঙালেন তাওহীদ হৃদয়। তার আগমনের ম্যাচেই জয়ের পথে ফিরেছে জাফনা। ক্যান্ডি রয়্যালসকে ৯৩ রানের বড় ব্যবধানে হারানো ম্যাচে ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলেছেন হৃদয়, আর বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান।

ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন জাফনা অধিনায়ক ভানুকা রাজাপক্ষে। একাদশে সুযোগ পান দুই বাংলাদেশি সাকিব ও হৃদয়। তবে ব্যাট করতে নামতে হৃদয়কে অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। উদ্বোধনী জুটিতে দুর্দান্ত ব্যাটিং করে দলকে শক্ত ভিত গড়ে দেন অভিষকা ফার্নান্দো ও কামিল মিশারা।

১২.৫ ওভারে ১২৯ রান যোগ করে এই জুটি। ৩৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৬৬ রান করে প্রথম ব্যাটার হিসেবে ফেরেন অভিষকা। এরপর ক্রিজে এসে মিশারার সঙ্গে ৩১ রানের জুটি গড়েন হৃদয়। ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৮ রান করে বিদায় নেন মিশারা।

ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন হৃদয়। মাঝের ওভারগুলোতে ক্যান্ডির নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি কিছুটা কমে গেলেও শেষ দিকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলের সংগ্রহ বড় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২১ বলে ২টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৩৫ রান করেন এই ডানহাতি ব্যাটার। শেষ ওভারে তার ব্যাট থেকেই আসে ১৯ রান। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান তোলে জাফনা।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ক্যান্ডি রয়্যালস। দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন সাকিব আল হাসান। শুরু থেকেই কৃপণ বোলিং করেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ইনিংসের ১৩তম ওভারে তিনি ফিরিয়ে দেন অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলীকে।
সাকিব ৩ ওভারে মাত্র ১৮ রান দিয়ে একটি উইকেট নেন। চতুর্থ ওভার করার আগেই অলআউট হয়ে যায় ক্যান্ডি। মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

৯৩ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাফনা কিংস। পাঁচ ম্যাচ শেষে এটি দলটির তৃতীয় জয়। আর জাফনার জার্সিতে প্রথম ম্যাচেই ব্যাট হাতে হৃদয় এবং বল হাতে সাকিবের অবদান দলটির জন্য হয়ে উঠেছে বড় প্রাপ্তি।

কমনওয়েলথ গেমসে কোয়ার্টার ফাইনালে রাকিব

0

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের জন্য সুখবর এনে দিয়েছেন বক্সার রাকিব হোসেন। পুরুষদের ৫৫ কেজি ব্যান্টামওয়েট বিভাগের দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিয়ে জায়গা করে নিয়েছেন কোয়ার্টার ফাইনালে। তবে সাঁতারে প্রত্যাশিত ফল পাননি বাংলাদেশের দুই প্রতিনিধি।

রোববার (২৬ জুলাই) স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত লড়াইয়ে পাপুয়া নিউ গিনির মাইকেল ইনোইনোকে হারিয়ে শেষ আট নিশ্চিত করেন রাকিব। দারুণ এই জয়ের পর বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা তাকে অভিনন্দন জানান এবং সামনে আরও ভালো করার জন্য উৎসাহ দেন।

অন্যদিকে, টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে অনুষ্ঠিত সাঁতারের ইভেন্টে নিজেদের সেরা পারফরম্যান্সের কাছাকাছিও যেতে পারেননি বাংলাদেশের দুই সাঁতারু।

নারীদের ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনিয়া আক্তার ১ মিনিট ৭.৭০ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন। তার ব্যক্তিগত সেরা সময় ১ মিনিট ৫.০৫ সেকেন্ড হলেও এবার সেই পারফরম্যান্স ছুঁতে পারেননি। ৭১ জন প্রতিযোগীর মধ্যে তার অবস্থান হয় ৬১তম।

পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে সুকুমার রাজবংশী ৩০.৯০ সেকেন্ড সময় নেন। নিজের হিটে দ্বিতীয় হলেও সামগ্রিকভাবে ৫৮ জন প্রতিযোগীর মধ্যে ৪৪তম স্থানে শেষ করেন তিনি। এর আগে এই ইভেন্টে তার ব্যক্তিগত সেরা সময় ছিল ২৯.৯২ সেকেন্ড।

একদিকে রাকিব হোসেনের কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশের জন্য নতুন আশার আলো জ্বালিয়েছে, অন্যদিকে সাঁতারে দুই প্রতিযোগী নিজেদের সেরা ছন্দে ফিরতে না পারায় হতাশাই সঙ্গী হয়েছে বাংলাদেশ শিবিরের।

নতুন কুঁড়ি স্পোর্টস – সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী

২ মে সিলেটে যে যাত্রার শুরু হয়েছিল, তার সফল সমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল সোমবার। পর্দা নামতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর জাতীয় পর্বের। দেশের দশটি অঞ্চলের প্রায় ১৭০০ ক্রীড়াবিদ, কর্মকর্তাদের অংশগ্রহণে গত ২০ জুলাই মাঠে গড়িয়েছিল জাতীয় পর্বের খেলা। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল।

আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় শুরু হতে যাওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

প্রধানমন্ত্রী সমাপনী দিনে নতুন কুঁড়িদের সঙ্গে সময় কাটানোর আগ্রহ প্রকাশ করেছেন। বিকেল চারটায় ভেন্যুতে আগমনের পর তিনি বালিকা বিভাগের ফুটবল ফাইনাল ম্যাচের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন, যে ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল। এই ফাইনাল শেষে তিনি বালক ও বালিকাদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করবেন। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর থিম সং-এর সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করবেন প্রধানমন্ত্রী।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম-এর স্বাগত বক্তব্যের পর বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। শেষে গুরুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখবেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি।

বক্তব্য পর্ব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন ও বিজয়ীদের সঙ্গে অফিসিয়াল ফটো সেশনে অংশ নেবেন প্রধান অতিথিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিরা।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সকল উপজেলা ও জেলার প্রায় এক লাখ সত্তর হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নেন। এরপর জাতীয় পর্ব হয় রাজধানীর ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে।


নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর বিভিন্ন ডিসিপ্লিনে যারা প্রতিভার প্রমাণ রেখেছেন তাদেরকে ইতিমধ্যে বাছাই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বাছাইকৃতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।

সরকারের এই মহতী উদ্যোগের অন্যতম উদ্দেশ্য কোমলমতি শিশুদের গ্যাজেট আসক্তি ও মাদকাসক্তি থেকে মুক্ত করে মাঠমূখী করা।

ম্যাককালামের বিদায়ের পর অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিক

0

ইংল্যান্ড ক্রিকেটে অস্থিরতা যেন কাটছেই না। অ্যাশেজে ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিপক্ষেও টেস্ট সিরিজ হেরেছে দল। এর মধ্যেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকস। সবশেষ চার বছর দায়িত্ব পালন করা প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককলামকেও সরিয়ে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

আগামী ১৯ আগস্ট পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন দীর্ঘদিনের সহকারী কোচ ও ইংল্যান্ডের সাবেক ওপেনার মার্ক ট্রেসকোথিক। তবে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন জো রুট।

নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় ইসিবি শুরুতে অ্যান্ডি ফ্লাওয়ারকে প্রধান প্রার্থী হিসেবে বিবেচনা করেছিল। কিন্তু তিনি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সঙ্গে নিজের দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই দৌড় থেকে সরে দাঁড়ান।

এরপর আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থীর সঙ্গে আলোচনা চালিয়েছে ইসিবি। তবে তড়িঘড়ি করে কাউকে দায়িত্ব দিতে চায় না বোর্ড। পাকিস্তান সিরিজের পর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করাই তাদের লক্ষ্য।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, পাকিস্তান সিরিজ শুরুর আগেই নতুন কোচ নিয়োগের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতিতে ট্রেসকোথিকেরই অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন প্রায় নিশ্চিত।

এদিকে ইংলিশ কোচ নিয়োগের সিদ্ধান্ত হলে গ্ল্যামারগানের প্রধান কোচ রিচার্ড ডসনের নামও আলোচনায় রয়েছে। আর বিদেশি কোচের দিকে ঝুঁকলে ইসিবির পছন্দের তালিকায় আছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।

পাকিস্তান সিরিজে ইংল্যান্ডের পারফরম্যান্স এবং অন্তর্বর্তী কোচ ট্রেসকোথিকের কাজই হয়তো নির্ধারণ করে দেবে, ভবিষ্যতে দলটির নেতৃত্বে কে বসবেন।

দুইবার ডাক পেয়েও হয়নি অভিষেক, তৃতীয় সুযোগে ভাগ্য খুলছে মুশফিক হাসানের?

0

টেস্ট দলে ডাক পেয়েছিলেন একবার নয়, দুবার। কিন্তু চোট আর ভাগ্যের নির্মম পরিহাসে অভিষেকের স্বপ্ন পূরণ হয়নি মুশফিক হাসানের। অবশেষে আবারও জাতীয় দলের টেস্ট স্কোয়াডে ফিরেছেন এই তরুণ পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন তিনি, আর এবার তার সামনে অপেক্ষা বহু প্রতীক্ষিত অভিষেকের সম্ভাবনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দল ঘোষণা করেছে। চোটের কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন নাহিদ রানা। আর সেই শূন্যস্থানেই সুযোগ মিলেছে ২৩ বছর বয়সী মুশফিকের। ভাগ্যের অদ্ভুত পরিহাস, ২০২৪ সালে নাহিদ রানার কারণেই একাদশে সুযোগ পাননি তিনি। এবার সেই রানার ইনজুরিই খুলে দিল জাতীয় দলের দরজা।
দল ঘোষণার পর নিজের অনুভূতি জানাতে গিয়ে উচ্ছ্বাস লুকাননি মুশফিক।

‘আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। এটা আমার জন্য বড় একটা সুযোগ। সুযোগ পেলে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ভালো কিছু হবে,’ জাগো নিউজকে বলেন তিনি।

শুধু নাহিদ নন, প্রথম টেস্টে শরিফুল ইসলামের খেলাও অনিশ্চিত। ফলে একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও বেড়েছে মুশফিকের। তবে এসব নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি। তার লক্ষ্য একটাই, সুযোগ পেলে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দেখানো।

‘অনেক দিন ধরেই পরিশ্রম করছি। গত কয়েকটি সিরিজেও দলের সঙ্গে অনুশীলন করেছি। সুযোগ পেলে ভালো করার চেষ্টা করব,’ বলেন এই ডানহাতি পেসার।
অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতাও রয়েছে মুশফিকের। গত বছর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ডারউইনে খেলেছিলেন তিনি। এবার জাতীয় দলের প্রথম টেস্টও হবে একই ভেন্যুতে। তাই কন্ডিশনের সঙ্গে পরিচিত থাকাকে বাড়তি সুবিধা হিসেবেই দেখছেন তিনি।

‘গত বছর ডারউইনে খেলেছিলাম। তাই কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা আছে। ওই অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে। ম্যাচের আগে আরও কয়েকদিন সময় আছে, প্রস্তুতিটা আরও ভালোভাবে নিতে পারব,’ বলেন মুশফিক।

দল ঘোষণার আগে কোচিং স্টাফ বা অধিনায়কের সঙ্গে বিশেষ কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। ‘রানিং সেশনের সময় সামান্য কথা হয়েছে, এর বাইরে আলাদা করে কিছু হয়নি,’ যোগ করেন এই পেসার।
জাতীয় দলে এটি অবশ্য তার প্রথম ডাক নয়। ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট স্কোয়াডে ছিলেন। এরপর ২০২৪ সালে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও সুযোগ পান। কিন্তু প্রতিবারই চোট কিংবা পরিস্থিতির কারণে অভিষেক অধরাই থেকে যায়।
এত বাধা পেরিয়েও পাশে থাকার জন্য বিসিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিক।

‘অনেকবারই চোটে পড়েছি, শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছি। কিন্তু বিসিবি সবসময় আমার পাশে ছিল। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ,’ বলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ৫৭ উইকেট নিয়েছেন মুশফিক। তিনবার ইনিংসে পাঁচ উইকেট শিকারের পাশাপাশি তার সেরা বোলিং ৭৩ রানে ৮ উইকেট।

দুইবার খুব কাছে গিয়েও জাতীয় দলের সাদা জার্সিতে নামা হয়নি। এবার তৃতীয় সুযোগে অপেক্ষার অবসান ঘটে কি না, সেটাই এখন দেখার।

বড় জয় দিয়ে শুরু ইরাওলার, তবে গোমেজের চোটে দুশ্চিন্তায় লিভারপুল

0

নতুন মৌসুমের প্রস্তুতিতে জয় পেয়েই যাত্রা শুরু করেছে লিভারপুল। তবে প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে জয়ের আনন্দের মাঝেই বড় ধাক্কা খেয়েছে অলরেডরা। দলের অধিনায়ক ও ইংলিশ ডিফেন্ডার জো গোমেজ ম্যাচের শুরুতেই চোট পেয়ে মাঠ ছাড়ায় দুশ্চিন্তায় পড়েছেন নতুন কোচ আন্দোনি ইরাওলা।

শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সান্ডারল্যান্ডকে ৪-২ গোলে হারিয়েছে লিভারপুল। দলের হয়ে গোল করেন কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেদেরিকো কিয়েসা এবং লুইস কৌমাস।
তবে ম্যাচের অষ্টম মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে বাধ্য হন সেন্টার-ব্যাক জো গোমেজ। তার দ্রুত মাঠ ছাড়ায় রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ইরাওলাকে।

এমনিতেই লিভারপুলের ডিফেন্সে খেলোয়াড় সংকট রয়েছে। নতুন যোগ দেওয়া জেরেমি জ্যাকেট এখনো পুরোপুরি ফিট নন। কাঁধের চোট কাটিয়ে ধীরে ধীরে দলে ফিরছেন তিনি। অন্যদিকে জিওভান্নি লিওনিও দীর্ঘমেয়াদি ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন।
ম্যাচ শেষে গোমেজের চোট নিয়ে হতাশা প্রকাশ করেন ইরাওলা।

‘সম্ভবত সবচেয়ে খারাপ খবর হলো ম্যাচের শুরুতেই এমন একটি চোট পাওয়া। পুরো অনুশীলন পর্বে আমরা কাউকে হারাইনি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রথম ম্যাচেই জোকে হারালাম,’ বলেন লিভারপুল কোচ।
জেরেমি জ্যাকেটকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না বলেও জানিয়েছেন তিনি।

‘জেরেমির ক্ষেত্রে আমরা ধীরে এগোচ্ছি। কাঁধের চোটের কারণে সে অনেক মাস মাঠের বাইরে ছিল। তাই তাকে নিয়ে কোনো তাড়াহুড়া করতে চাই না। আশা করছি, যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে সে খেলতে পারবে এবং ধীরে ধীরে ম্যাচ ফিটনেস ফিরে পাবে,’ যোগ করেন ইরাওলা।

নতুন কোচের অধীনে জয় দিয়ে প্রস্তুতি শুরু করলেও, মৌসুম শুরুর আগেই রক্ষণভাগে চোটের মিছিল লিভারপুলের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।