Home Blog Page 82

বালক বিভাগে সিলেট, বালিকা বিভাগে রাজশাহী ফাইনালে

0

নতুন কুঁড়ি ফুটবল ২০২৫-২৬

নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬ এর বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট বিভাগ বরিশাল বিভাগকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। অপর সেমিফাইলালে বালিকাদের বিভাগে রাজশাহী বিভাগ ২-০ গোলে খুলনা বিভাগকে হারিয়ে বালিকা বিভাগের ফাইনালে উঠেছে। আজ মোহাম্মাদপুর শারিরিক শিক্ষা কলেজ মাঠে দিনের প্রথম দুটি সেমিফাইনালে আশা জাগানিয়া ফুটবল খেলেছে বালক বালিকারা। তবে খেলা শেষে বালক বিভাগে সিলেট, বালিকা বিভাগে রাজশাহী জয়ী হয়ে ফাইনালে উঠেছে।

বালক বিভাগে সিলেট, বালিকা বিভাগে রাজশাহী ফাইনালালে
খুলনাকে হারিয়ে রাজশাহীর বালিকাদের উল্লাস

শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় সিলেট শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে খেলে। প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় রাফি গোল করে প্রথম সিলেটকে এগিয়ে নেন এরপর ২৯ মিনিটের মাথায় বক্সের ভেতর থেকে রিহাদ বাঁ পায়ে কোনাকুনি শটে বল জালে জড়ালে ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে সিলেট বিভাগ। দ্বিতীয়ার্ধে বরিশাল বিভাগ গোল পরিশোধে মরিয়া হলেও খেলায় প্রাধান্য বিস্তার করতে পারেনি। দ্বিতীয়ার্ধে রিহাদ নিজের ২য় গোর করলে উল্টো আরো একটা গোল হজম করে ০-৩ গোলে পিছিয়ে পড়ে বরিশাল বিভাগ। কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে অনেকটা স্ট্রাইকার দেব মন্ডলের উপর নির্ভর করে বরিশাল আক্রমণগুলো করেছে কিন্তু অধিকাংশ সময়ই অন টার্গেটে শট নিতে পারেনি আক্রমণ ভাগের খেলোয়াড়রা। বারবার ব্যর্থ হলেও ৫৬ মিনিটের সময় রংপুর বিভাগের ডিফেন্ডারের ভূলে বল পেয়ে দেব মন্ডল চমৎকার ফিনিশিংয়ে নিজের এবং দলের পক্ষে একমাত্র গোল করে আশা জাগিয়েছিলেন। তবে ততক্ষণে সময় ফুরিয়ে গেছে। খেলার অতিরিক্ত সময়ে কর্নার থেকে আসা জাগলেও গোলে কনভার্ট করতে পারেনি বরিশাল বিভাগ ফলে সেমিফাইনাল থেকেই ছিটকে পড়ল বরিশাল বিভাগ।

দিনের ২য় সেমিফাইনালে বালিকাদের বিভাগে রাজশাহী বিভাগ ২-০ গোলে খুলনা বিভাগকে পরাজিত করে ফাইনালে উঠে। খেলার পথমার্ধে কোন গোল না হলেও আক্রমন এবং পাল্টা আক্রমনে শেষ হয় তবে আক্রমনের ধার কিছুটা হলেও রাজশাহী এগিয়ে ছিল। রাজশাহীর আলেয়া একবার ফিরতি বলে ফাঁকা পেয়েও বল জালে জড়াতে পারেননি। তবে রাজশাহী বেশিরভাগ আক্রমন ছিল ডান প্রান্ত দিয়ে। দ্বিতীয়ার্ধে উভয় দল গোলের জন্য মরিয়া হয়ে খেললেও ভারি মাঠে স্বাভাবিক খেলা খেলতে পারছিলেন না তবে সেখানেই থেমে থাকেননি রাজশাহীর মেয়েরা। খেলার অন্তিম মুহুর্তে রাজশাহীর ফারিহা প্রথম গোল করে ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রায় সেরে ফেললেও শেষ বাঁশি বাজার আগ মুহুর্তে জিন্নাত মেহেরুন ২য় গোল করে খুলনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন আর তাতেই রাজশাহীর ফাইনালে যাওয়া নিশ্চিত হয়। আগামী ২৭ জুলাই বালক বিভাগের ২য় সেমিফাইনালে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে জয়ী দলের সাথে সিলেট ফাইনাল খেলবে। অপরদিকে রাজশাহীর বালিকারা ফাইনাল খেলবে বালিকাদের ২য় সেমিফাইনালে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের মধ্যে জয়ী দলের সাথে।

১৯ বছরের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে পেতে রিয়ালের দৌড়ঝাঁপ, লড়াইয়ে পিএসজি ও লিভারপুল

0

ইউরোপিয়ান ফুটবলে দলবদলের বাজারে এখন সবচেয়ে আলোচিত নাম ১৯ বছর বয়সী আইভরিয়ান উইঙ্গার ইয়ান দিয়োমান্দে। আরবি লাইপজিগের এই বিস্ময় তরুণকে সান্তিয়াগো বার্নাব্যুতে ওড়াতে জোর তৎপরতা চালাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে তাঁকে দলে ভিড়ানোর লড়াইয়ে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি ও ইংলিশ পরাশক্তি লিভারপুলও।

প্রস্তাব প্রত্যাখ্যান ও আকাশচুম্বী ট্রান্সফার ফি

জার্মান সংবাদমাধ্যম বিল্ড ও স্কাই জার্মানি-র তথ্যমতে, দিয়োমান্দের জন্য রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে প্রায় ১০ কোটি ইউরোর (অ্যাড-অনসহ) আনুষ্ঠানিক প্রস্তাব দিলেও তা একবাক্যে ফিরিয়ে দিয়েছে লাইপজিগ।

  • লাইপজিগের দাবি: তারা এই ফরোয়ার্ডের বিনিময়ে অন্তত ১৩ কোটি ইউরো চাইছে। তবে সমঝোতার মাধ্যমে এটি ১২ কোটি ইউরোর কাছাকাছি নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে।
  • অন্যান্য ক্লাবের অবস্থা: এর আগে ইংলিশ ক্লাব লিভারপুল ১০ কোটি ইউরোর প্রস্তাব দিলেও তা ব্যর্থ হয়। অন্যদিকে পিএসজি তরুণের সঙ্গে ব্যক্তিগত শর্তে ইতিবাচক আলোচনা করলেও এখনো লাইপজিগকে আনুষ্ঠানিক লিখিত প্রস্তাব দেয়নি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, রিয়ালের প্রবেশের পর দলবদলের পুরো গতিপথই বদলে গেছে।

কেন ইউরোপিয়ান জায়ান্টদের নজরে দিয়োমান্দে?

লেগানেস থেকে মাত্র এক বছর আগে লাইপজিগে যোগ দিয়ে বুন্দেসলিগায় হইচই ফেলে দেন দিয়োমান্দে। ২০২৩-২৪ মৌসুমে ৩৩ ম্যাচে ১২টি গোলের পাশাপাশি ৯টি অ্যাসিস্ট করে দলকে লিগে তৃতীয় স্থানে তুলতে বড় ভূমিকা রাখেন তিনি।

আইভরি কোস্টের হয়ে ৪ ম্যাচ খেলা এই ফরোয়ার্ড দুই প্রান্তেই সমান কার্যকর। ক্ষিপ্র গতি, অসাধারণ ড্রিবলিং এবং দুই পায়েই দারুণ ফিনিশিংয়ের ক্ষমতার কারণে তাঁকে ইউরোপের অন্যতম সেরা তরুণ প্রতিভা ধরা হচ্ছে।

দিয়োমান্দের আগমনে অনিশ্চিত হয়ে যাবেন ব্রাহিম দিয়াজ!

  • ব্রাহিম দিয়াজের ভবিষ্যৎ: দিয়োমান্দে আসলেও মরক্কোন তারকা ব্রাহিম দিয়াজকে বিক্রি করছে না রিয়াল। কোচিং স্টাফের পরিকল্পনায় তিনি এখনো গুরুত্বপূর্ণ।
  • এজেন্সি সংক্রান্ত সুবিধা: দিয়োমান্দের খেলোয়াড় ব্যবস্থাপনা সংস্থা ‘রক নেশন স্পোর্টস’, যারা রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রেরও দায়িত্ব সামলায়। এতে রিয়ালের সমঝোতা করতে কিছুটা সুবিধা হতে পারে।
  • ইতিহাস গড়ার সুযোগ: চুক্তিটি সম্পন্ন হলে তা হবে লাইপজিগের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় বিক্রির রেকর্ড।
  • লেগানেসের লাভ: চুক্তি থেকে মোটা অঙ্কের অর্থ পেতে যাচ্ছে দিয়োমান্দের সাবেক ক্লাব স্প্যানিশ লেগানেস। দলবদলের শর্ত অনুযায়ী, ট্রান্সফার ফি-র ১০ শতাংশ অর্থ সরাসরি তাদের পকেটে যাবে।

তবে লাইপজিগের স্পোর্টিং ডিরেক্টর মার্সেল শেফার জানিয়েছেন, ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকা এই আইভরিয়ানকে অন্তত আরও এক মৌসুম ধরে রাখতে চুক্তি বাড়ানোর চেষ্টা করছেন তারা।

নতুন ক্লাবে যোগ দিলেন ভার্দের সেই ভোজিনিয়া

0

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসা কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনিয়া নতুন ঠিকানার খুব কাছাকাছি। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। ক্লাবটির সভাপতি আনিবাল মোসা জানিয়েছেন, খুব শিগগিরই ভোজিনিয়া চিলিতে পৌঁছে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

বিশ্বকাপ শুরুর আগে পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় ভোজিনিয়া ছিলেন ফ্রি এজেন্ট। তবে বিশ্বকাপে অসাধারণ গোলরক্ষণ, গুরুত্বপূর্ণ সেভ এবং নেতৃত্বগুণের কারণে তিনি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা দ্রুত বেড়ে যায় এবং সমর্থকদের ভোটে নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা করে নেন তিনি।

যদিও কোলো কোলোর সঙ্গে চুক্তি এখনও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি, তবুও ক্লাবটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনিয়ার কোঁকড়ানো চুলের ইঙ্গিত দিয়ে একটি পোস্ট প্রকাশ করেছে। এতে তাঁর দলে যোগ দেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। ভোজিনিয়া নিজেও জানিয়েছেন, তিনি এমন একটি ক্লাবে খেলতে চান, যেখানে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন করা হবে, শুধুমাত্র প্রচারণার জন্য নয়।

ভোজিনিয়ার নতুন ক্লাবে যোগ দেওয়ার খবরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনেকেই মনে করছেন, তাঁর সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের অনেক শিশুকে গোলরক্ষক হতে অনুপ্রাণিত করবে। ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহামও সামাজিক যোগাযোগমাধ্যমে এই সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, “দ্য বেস্ট”।

উল্লেখ্য, ১৯২৫ সালে প্রতিষ্ঠিত কোলো কোলো চিলির সবচেয়ে সফল ও জনপ্রিয় ফুটবল ক্লাব। ৩৪টি লিগ শিরোপার পাশাপাশি ১৯৯১ সালে কোপা লিবার্তাদোরেস জয় করা একমাত্র চিলিয়ান ক্লাবও এটি। বর্তমানে আর্জেন্টাইন কোচ ফার্নান্দো অর্তিজের অধীনে খেলছে দলটি, যেখানে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদালের মতো তারকারাও।

নবীকে বাদ দিয়ে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড

অভিজ্ঞ মোহাম্মদ নবীকে বাদ দিয়ে আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড ঘোষণা। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে নবী ছাড়াও নেই বিলাল সামি এবং ফরিদ মালিক।

আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর।

তবে দলে ফেরানো হয়েছে বাঁহাতি পেসার ফজলহক ফারুকীকে। এছাড়া রাখা হয়েছে ইয়ামিন আহমেদজাই এবং সেলিম সাফিকে। সর্বশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে নবী ছাড়াও নেই বিলাল সামি এবং ফরিদ মালিক।

সবশেষ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছিল আফগানিস্তান। কিছুদিন আগেই ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদি। এবারের স্কোয়াডে শহীদিকে রাখা হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়া রহমত শাহের অধীনে প্রথম সিরিজ হতে যাচ্ছে এটি। যেখানে রহমানউল্লাহ গুরবাজ থাকবেন সহ-অধিনায়কের দায়িত্বে।

আগামী ৫ আগস্ট প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে আয়ারল্যান্ড-আফগানিস্তান পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। ৭ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দুই ওয়ানডে হবে মাঘেরামাসনের ব্রেডি ক্রিকেট ক্লাব মাঠে।

সিরিজের বাকি তিন ওয়ানডে যথাক্রমে ১০, ১২ এবং ১৫ আগস্ট। শেষের তিন ওয়ানডের ভেন্যু বেলফাস্টের সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৫ মিনিটে।

আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াডঃ রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, ডারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল, নানগেয়াল খারোটি, রশিদ খান, এএম গাজানফার, ইয়ামিন আহমেদজাই, সেলিম সাফি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি।

অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণাই বাংলাদেশের অর্জন-শান্ত

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার পূর্ণশক্তির দল ঘোষণা করাকে বড় অর্জন হিসেবে দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, লাল বলের ক্রিকেটে বাংলাদেশের উন্নতির স্বীকৃতিই মিলেছে এই সিদ্ধান্তে। যদিও চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) অংশ হওয়ায় অস্ট্রেলিয়ার জন্য সিরিজটির গুরুত্বও কম নয়।

আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইনজুরি কাটিয়ে ফেরা অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে নিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

গতকাল মিরপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্ত বলেন, বাংলাদেশের বিপক্ষে আগে অনেক দলই নতুন খেলোয়াড়দের সুযোগ দিত বা পরীক্ষা-নিরীক্ষা চালাত। এবার সেই চিত্র বদলেছে।

‘আমি বলব, এটা আমাদের দলের জন্য বড় অর্জন। তারা পূর্ণশক্তির দল ঘোষণা করেছে। এতে করে নিজেদেরও যাচাই করার দারুণ সুযোগ পাব আমরা। তাদের স্কোয়াড দেখলেই বোঝা যায়, তারা আমাদের মোটেও হালকাভাবে নিচ্ছে না,’ বলেন বাংলাদেশের অধিনায়ক।

তবে বাস্তবতা হলো, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজটি চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে প্রতিটি টেস্টই গুরুত্বপূর্ণ। সে কারণেই অস্ট্রেলিয়ার সেরা দল নিয়ে নামার সিদ্ধান্তে খুব একটা বিস্ময়ের সুযোগ নেই।

বিদেশের মাটিতে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্সও খুব উজ্জ্বল নয়। শেষ পাঁচটি টেস্ট সিরিজের মধ্যে কেবল পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় পেয়েছে দল। ওয়েস্ট ইন্ডিজে সিরিজ ড্র করলেও ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষেও একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে পরাজিত হয়েছে।

অবশ্য ঘরের মাঠে টেস্টে আত্মবিশ্বাসী বাংলাদেশ। চলতি বছরের মে মাসে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চারে উঠে আসে শান্তর দল। যদিও এই চক্রে এখনো বেশির ভাগ ম্যাচ বাকি রয়েছে।

অস্ট্রেলিয়া সফরের আগে দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা পেসার নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে টেস্টে পাওয়া সাইড স্ট্রেইনের কারণে তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে প্রশ্নের জবাবে শান্ত বলেন, এমন সিদ্ধান্ত ফিজিও, ট্রেনার ও টিম ম্যানেজমেন্ট যৌথভাবে নেন এবং তাঁরাই বিষয়টি দেখছেন।

দলীয় সূত্র জানিয়েছে, রানা বর্তমানে তীব্র ব্যথা অনুভব করছেন না। তবে চিকিৎসকদের চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। নির্বাচক কমিটির একজন সদস্য জানিয়েছেন, দ্বিতীয় টেস্টের আগে ফিট হলেও তাঁকে দলে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট।

রানার বিকল্প হিসেবে ভাবা হচ্ছে ইবাদত হোসেনকে। পারিবারিক কারণে শুরুতে সফর থেকে সরে দাঁড়ালেও বর্তমানে ইতালিতে আছেন এই পেসার। প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে অস্ট্রেলিয়ার ভিসা–সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে পারলে তাঁকে দলে অন্তর্ভুক্ত করা সম্ভব।

আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ডারউইনে প্রথম টেস্টের আগে ৬ আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট, ম্যাকেতে।

বরফ গলছে বাংলাদেশ ভারত সম্পর্কের!

অবশেষে বাংলাদেশে-ভারত কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ফলে ভারতের প্রস্তাবিত বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ক্রিকবাজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ভূ-রাজনৈতিক পরিমণ্ডলের সাম্প্রতিক কিছু ইতিবাচক পরিবর্তনের পর স্থগিত থাকা এই সফরটি আলোর মুখ দেখতে পারে।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আগামী সেপ্টেম্বরে আয়োজিত হতে যাওয়া ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। এই কূটনৈতিক উদ্যোগের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও।

ফলে সংশ্লিষ্ট মহল মনে করছে, ভারত সরকারের এই ইতিবাচক অবস্থানের কারণে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে দুদেশের মধ্যকার ছয় ম্যাচের সাদা বলের সিরিজটি (তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি) শেষ পর্যন্ত মাঠে গড়াতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগামী ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের সঙ্গে এই সিরিজটি আয়োজন করতে আগ্রহী। তবে মাঠের লড়াই শুরু হওয়ার বিষয়টি এখনো সম্পূর্ণ নিশ্চিত নয়।

গত ১৪ জুলাই বিসিবি তাদের মিডিয়া স্বত্ব বিক্রির প্রক্রিয়া (ইওআই) স্থগিত করেছিল, যার নতুন কোনো আপডেট এখনো সামনে আসেনি। তা ছাড়া সফরটি চূড়ান্ত হবে কি না, তা নির্ভর করছে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর।

এর আগে ২০২৪ সালে পূর্বের নির্ধারিত সূচি অনুযায়ী ভারতীয় দলের বাংলাদেশ সফরের কথা ছিলো। কিন্তু তখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতি ছিলো উত্তপ্ত। ভারতীয় দল সিরিজটি তখন স্থগিত করে ২০২৫ সাল পর্যন্ত।

এরপর আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম সরানোর প্রেক্ষিতে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ‘নিরাপত্তার কারণ’দেখিয়ে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পরে বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলে স্কটল্যান্ড। তৎকালীন ক্রিকেট বোর্ড ও সরকারের সিদ্ধান্তটি চরম সমালোচিত হয়েছিলো।

এই সিদ্ধান্তের বিপরীতে থাকা ও বিশ্বকাপ খেলার পক্ষে থাকা তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হয়েছে। বর্তমান বিসিবির কর্মকর্তারা ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন। এই বাস্তবতায় সিরিজটি আলোর মুখ দেখতেও পারে।

 ভারত যদি বাংলাদেশে সফরে আসে, তবে তার সরাসরি প্রভাব পড়বে প্রস্তাবিত ভারত-আফগানিস্তান সিরিজের ওপর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ভারতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ‘হোম’ টি-টোয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করেছিল। বাংলাদেশ সফর নিশ্চিত হলে আফগানদের এই সিরিজ অন্তত কয়েক দিন হলেও পিছিয়ে দিতে হবে।

অবশ্য সময় পিছিয়ে নেওয়ার সুযোগও খুব সীমিত। ২৪ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমস এবং ২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের খেলা রয়েছে।

সবার আগে নিজের দেশ-হাসান

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও অপেক্ষায় ছিলেন নিজেকে নতুন করে প্রমাণের। ইংলিশ কাউন্টি ও ভাইটালিটি ব্লাস্টে কেন্টের মন মাতানো পারফরম্যান্সের পর আলোচনায় চলে আসেন। আগামী মাসে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছেন পেসার হাসান। দেশের প্রয়োজনের সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগে দারুণ পারফলম্যান্স করেছেন তিনি।

গতি তারকা নাহিদ রানা চোট পাওয়ায় হাসানের কাঁধে এখন বাড়তি দায়িত্ব। তাসকিন আহমেদের পথ অনুসরণ করে এলপিএলকে ‘না’ বলে তাই ধরবেন দেশের বিমান। উদ্দেশ্য টেস্ট সিরিজের জন্য প্রস্তুত হওয়া। শ্রীলঙ্কার এলপিএলে বাংলাদেশি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘অবশ্যই, আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে।’

তিনি আরও বলেন,‘ কয়েকজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। আমরা খুবই পজিটিভ, খুব ভালো খেলার ব্যাপারে। আমাদের সেরাটা দিব। ভালো একটা জায়গা করে নিব।’

সব মিলে সময়টা তার ভালোই যাচ্ছে। কাউন্টির মতো দল যখন তাকে নিয়ে মাতামাতি করে, সহজেই বোধগম্য হাসান বল হাতে কতটা ছন্দে আছেন। তিনি বলেন, ‘এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইঞ্জুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইঞ্জুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার যাতে সুযোগ এলে মিস না করি।’

জাতীয় দলের খেলার জন্য এলপিএল মাঝপথে ছেড়ে যেতে তাই আক্ষেপের চেয়ে আনন্দই বেশি এই পেসারের। লক্ষ্মীপুরের এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

ফাইনাল কখনো জেতা যায়, কখনো যায়না: আনহেল দি মারিয়া

0

বিশ্বকাপের রেশ

বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল হেরেছে স্পেনের কাছে। কিন্তু আনহেল দি মারিয়ার চোখে ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বড় মুহূর্ত কোনটি জানেন? ভাবছেন ফাইনাল ম্যাচ? না ফাইনাল নয়, ইংল্যান্ডকে হারানো ম্যাচটাই দি মারিয়ার কাছে বড় জয়! তিনি মনে করেন সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২–১ গোলের জয়ই ছিল আর্জেন্টিনার মানুষের সবচেয়ে বড় জয় ও আনন্দ। তাই তাঁর কাছে ইংল্যান্ডকে হারানোর দিন বিশ্বকাপ শেষ হয়ে গেছে।

টিএনটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দি মারিয়া বলেন, ‘ইংল্যান্ডকে হারানো পুরো দেশের জন্যই ছিল অসাধারণ আনন্দের। আর সেটি আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। সবার প্রতি আমি চিরকৃতজ্ঞ।’

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা গিয়েছিল শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। নকআউটে কেপ ভার্দে, মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ে ১৯ জুলাইয়ের ফাইনালে লিওনেল মেসিদের পরাজয়ের পারফরম্যান্স সমর্থকদের হতাশ করে।

দি মারিয়া বিশ্বকাপের আর্জেন্টিনার খেলা নিয়ে খুবিই খুশি, তিনি বলেন ‘প্রতিটি ম্যাচেই আমাদের কষ্ট করতে হয়েছে। কিন্তু দলটা ভেতর থেকে সেই শক্তিটা খুঁজে বের করেছিল, যেটি শেষ পর্যন্ত তাদের জয় এনে দিয়েছে। ফাইনাল কখনো জেতা যায়, কখনো যায় না। এবার হয়নি, কিন্তু তারা নীল-সাদা পতাকাকে উঁচুতেই রেখেছে।’

মেসির স্ত্রী রোকুজ্জো, অভিনেত্রী কনির পোস্ট শেয়ার করে আর্জেন্টিনার পাশে দাঁড়ালেন।

0

ফিফা বিশ্বকাপের রেশ

আমেরিকার অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে ‘পৃথিবীর সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে মন্তব্য করায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন। স্যামুয়েল যেন আলবিসেলেস্তাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন।

ক্রীড়া সংবাদমাধ্যম অলফুটবলের প্রতিবেদনে বলা হয়, এই সময় দেশের পক্ষে দাঁড়িয়ে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি শক্তিশালী বার্তা শেয়ার করেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী কনি আনসালদি।

কনির পোস্টটি মুহূর্তে ভাইরাল হযে যায়। পোস্টে হাজার হাজার কমেন্ট ও লাইক পড়ে আর্জেন্টাইন ও ভক্ত সমর্থকদের। আর্জেন্টাইন এই অভিনেত্রীর পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এ সময় রোজারিওতে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার।

 এ সময় মেসির স্ত্রী আন্তোনেলা আর্জেন্টিনার মানুষের মধ্যকার ঐক্য তুলে ধরতে বার্তাটি শেয়ার করেন। তাতে লেখা ছিল, ‘আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আর্জেন্টিনায় আমরা সবাই একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা একে অপরকে খেপাতে পারে বা সমালোচনা করতে পারে, কিন্তু বাইরের কেউ যদি আমাদের নামে কুৎসা রটায়, তবে আমরা অবশ্যই একে অপরকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হব।

চুক্তিতে থেকেও পাকিস্তান সিরিজে ‘না’ আলজারি জোসেফের

0

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার আলজারি জোসেফকে পাওয়া যাচ্ছে না। তবে তার অনুপস্থিতির কারণ নিয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দেওয়া তথ্যের সঙ্গে দলের প্রধান কোচ ড্যারেন স্যামির বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে।

স্কোয়াড ঘোষণার সময় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, ব্যক্তিগত কারণে পাকিস্তান সিরিজে থাকছেন না আলজারি। কিন্তু প্রথম টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে কোচ স্যামি জানান, চোট থেকে ফিরে স্কোয়াডে জায়গা পাওয়ার পরও নিজ সিদ্ধান্তে সিরিজে খেলতে রাজি হননি এই পেসার।

স্যামির ভাষ্য, আলজারির অনুপস্থিতি ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা। তিনি জানান, দলে থাকার জন্য নির্বাচিত হলেও শেষ পর্যন্ত খেলতে অস্বীকৃতি জানিয়েছেন এই পেসার।

তবে কেন আলজারি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ। বিষয়টি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এখতিয়ারে বলে উল্লেখ করে তিনি জানান, নির্বাচিত হওয়ার পর কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড় খেলতে অস্বীকৃতি জানালে এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বোর্ডের।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য ভালো ছন্দেই ছিলেন আলজারি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজে ছয়টি উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও কার্যকর পারফরম্যান্স করেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪১ রান দিয়ে চার উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই পেসার।

আলজারিকে ছাড়া পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণে মূল দায়িত্ব থাকবে শামার জোসেফ, কেমার রোচ ও জেইডেন সিলসের ওপর। পেস বোলিংয়ের বিকল্প হিসেবে স্কোয়াডে থাকছেন অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও কিমো পল।

স্পিন বিভাগে ওয়েস্ট ইন্ডিজের ভরসা জোমেল ওয়ারিকান। তার সঙ্গে রয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা জশুয়া বিশপ এবং অধিনায়ক রোস্টন চেজ।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫–২৭ চক্রের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জুলাই তারুবায় ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। ম্যাচটি শেষ হবে ২৮ জুলাই।

এরপর ২ আগস্ট থেকে পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি চলবে ৬ আগস্ট পর্যন্ত।

পাকিস্তান সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড

রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, টেগেনারাইন চন্দরপল, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, শাই হোপ, আমির জানগু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কার্ক ম্যাকেঞ্জি, কিমো পল, কেমার রোচ ও জেইডেন সিলস।