Home Blog Page 83

টিভিতে আজকের খেলা, ২৫ জুলাই ২০২৬

আজ শনিবার (২৫ জুলাই, ২০২৬ ইং) বিশ্ব ক্রীড়াঙ্গনে রয়েছে ব্যস্ত সূচি। ক্রিকেটে লঙ্কা প্রিমিয়ার লিগে মাঠে গড়াবে দু’টি ম্যাচ। এ ছাড়া আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ভারত। ত্রিনিদাদের তারুবায় শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজ। অন্যদিকে গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনের প্রতিযোগিতা।

ক্রীড়াপ্রেমীদের জন্য টেলিভিশনের পর্দায় দিনভর থাকছে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ ও ইভেন্ট। এক নজরে দেখে নেওয়া যাক আজকের খেলার সময়সূচি।

ক্রিকেট

লঙ্কা প্রিমিয়ার লিগ
গল বনাম ক্যান্ডি
সরাসরি: বিকেল সাড়ে ৩টা
চ্যানেল: টি স্পোর্টস

ডাম্বুলা বনাম কলম্বো
সরাসরি: রাত ৮টা
চ্যানেল: টি স্পোর্টস

ক্রিকেট বিশ্বকাপ লিগ-২
নেদারল্যান্ডস বনাম নামিবিয়া
সরাসরি: বিকেল ৩টা
চ্যানেল: ফ্যানকোড

দ্বিতীয় টি-টোয়েন্টি
জিম্বাবুয়ে বনাম ভারত
সরাসরি: বিকেল ৫টা
চ্যানেল: ফ্যানকোড

তারুবা টেস্ট, প্রথম দিন
ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান
সরাসরি: রাত ৮টা
চ্যানেল: পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড

দ্য হানড্রেড

নারী বিভাগ
সানরাইজার্স বনাম ব্রেভ
সরাসরি: বিকেল ৪টা
চ্যানেল: স্টার স্পোর্টস ২

পুরুষ বিভাগ
সানরাইজার্স বনাম ব্রেভ
সরাসরি: সন্ধ্যা সাড়ে ৭টা
চ্যানেল: স্টার স্পোর্টস ২

কমনওয়েলথ গেমস

তৃতীয় দিন
সরাসরি: দুপুর ১টা
চ্যানেল: সনি স্পোর্টস ২

এশিয়ান গেমস টি-২০ ক্রিকেটে বাংলাদেশ সরাসরি নকআউটে

0

এশিয়ান গেমস ক্রিকেট ২০২৬

এ বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত ২০২৬ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মত বাংলাদেশও সরাসরি নকআউট পর্বে খেলবে। এই ৪ দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে খেলবে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

২৩ জুলাই এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের গ্রুপ চূড়ান্ত করে ড্র অনুষ্ঠিত হয়েছে। পুরুষ বিভাগে ১০টি দল শিরোপার জন্য লড়বে আর নারী বিভাগে অংশ নেবে মোট ৮টি দল। মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে। ভারত- জাপান, বাংলাদেশ-চীন, শ্রীলঙ্কা- মালয়েশিয়া এবং পাকিস্তান- থাইল্যান্ড কোয়ার্টারে একে অপরের বিপক্ষে খেলবে। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।

অপরদিকে টি-টোয়েন্টি সংস্করণের এই আসরে ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্ট। প্রথম পর্বে ‘এ’ গ্রুপে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, মালয়েশিয়া ও ওমান খেলবে। দুই গ্রুপের শীর্ষ ২টি করে দল সরাসরি মূল পর্বে অর্থাৎ নকআউটে খেলবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়া সিটিতে।

সর্বশেষ আসর ২০২৩ সালের এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের উভয় ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছিল ভারত। সেবার পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার খেলার পর বৃষ্টিতে ম্যাচ পন্ড হয়ে যায়। র‌্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে শ্রেয়তর অবস্থানে থাকায় ভারতকে স্বর্ণপদক বিজয়ী ঘোষণা করা হয়। মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনার পদক জিতে নিয়েছিল ভারতীয় মেয়েরা। আর বাংলাদেশ ছেলেদের ক্রিকেট ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল।

লামিনে ইয়ামালের ‘ভুল’ – একটি ছোট ব্র্যান্ডের বাজিমাত

0

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, মাঠে লড়াই দুই জায়ান্টের, আর গ্যালারি ও টিভি পর্দায় নজর বিশ্বের প্রায় ১০০ কোটি ফুটবলপ্রেমীর। এমন মহারণে এক সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ব্র্যান্ডগুলো যেখানে কোটি কোটি ডলার ঢালতে প্রস্তুত থাকে, সেখানে এক পয়সা খরচ না করেই কেল্লাফতে করে ফেলল জার্মানির এক ছোট্ট স্ট্রিটওয়্যার ব্র্যান্ড!

ঘটনাটি গত ১৯ জুলাই ২০২৬-এর বিশ্বকাপ ফাইনালের। হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তোলে স্পেন। কিন্তু এই ঐতিহাসিক ম্যাচের বিজয়ের আনন্দের মাঝেই বিজ্ঞাপনী দুনিয়ায় ঘটে যায় এক অভূতপূর্ব ‘দুর্ঘটনা’।

জার্সির ফাঁকে লুকানো ‘সিক্সপিএম’

ম্যাচজুড়ে স্পেনের ১৯ বছর বয়সী তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল নিজের স্বাভাবিক অভ্যাসবশত বেশ কয়েকবার জার্সি উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন। আর ঠিক তখনই ক্যামেরার ক্লোজ-আপ শটে ধরা পড়ে তার আন্ডারওয়্যারের বর্ডার। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা ছিল একটি ব্র্যান্ডের নাম, ‘6PM’।

বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরার আগেই এই দৃশ্য দেখে ফেলেন প্রায় ১০০ কোটি দর্শক। আর তাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল পড়ে যায়।

দর্শকরা লোগোটি শনাক্ত করার পরপরই জার্মানির ফ্রাঙ্কফুর্টভিত্তিক স্ট্রিটওয়্যার ব্র্যান্ড ‘6PM’-এর ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েন। রাতারাতি আকাশছোঁয়া হয়ে যায় তাদের বক্সার শর্টসের চাহিদা। মাত্র কয়েকদিনের মধ্যেই তাদের পুরো ইনভেন্টরি ফাঁকা হয়ে যায়!

উল্লেখ্য, ২০১৬ সালে মাত্র ২১ বছর বয়সে ব্র্যান্ডটি শুরু করেছিলেন আশরাফ আইত বুজালিম। বাবা-মায়ের স্মুদি শপে কাজের পাশাপাশি বিজনেস এডমিনিস্ট্রেশনে পড়াশোনা করার সময় শখের বশে এটি চালু করেছিলেন তিনি। সেই ব্র্যান্ডটিই আজ গ্লোবাল নজরে।

        বিশ্বকাপ ফাইনাল ২০২৬: এক নজরে '6PM' ভাইরালিটি
┌─────────────────────────┬──────────────────────────────────────────┐
│ ঘটনা                    │ লামিনে ইয়ামালের জার্সির ফাঁকে '6PM' লোগো │
├─────────────────────────┼──────────────────────────────────────────┤
│ আনুমানিক দর্শক সংখ্যা   │ ১০০ কোটি+ (বিশ্বজুড়ে)                    │
│ বিজ্ঞাপনী খরচ           │ ০ টাকা (পেইড স্পনসরশিপ ছিল না)           │
│ ফলাফলের প্রভাব          │ মাত্র কয়েক দিনে পুরো স্টক আউট!           │
└─────────────────────────┴──────────────────────────────────────────┘

এটি কি আসলেই অঘটন, নাকি স্মার্ট চাল?

সবচেয়ে বড় বিষয় হলো, এটি কোনো প্রাতিষ্ঠানিক স্পনসরশিপ ছিল না। ইয়ামাল বা স্পেন ফুটবল ফেডারেশনের সঙ্গে ‘6PM’-এর কোনো চুক্তিই ছিল না। ইয়ামাল কেবল নিজের অভ্যাসবশত পোশাকটি পরেছিলেন।

তবে ফুটবলের ইতিহাসে এমন ‘বিজ্ঞাপনী দুর্ঘটনা’ প্রথম নয়। ২০১২ ইউরোতে ডেনমার্কের নিকলাস বেন্টনার (Nicklas Bendtner) গোল করে জার্সি তুলে তার আন্ডারওয়্যারে থাকা স্পনসর ‘প্যাডি পাওয়ার’ (Paddy Power)-এর লোগো দেখান। উয়েফা (UEFA) সাথে সাথে বেন্টনারকে ১ লাখ ইউরো জরিমানা করে। কিন্তু প্যাডি পাওয়ার আনন্দের সাথে সেই জরিমানা দিয়ে দেয় এবং একে তাদের ইতিহাসের ‘সেরা বিজ্ঞাপন’ বলে আখ্যা দেয়।

ফিফা-উয়েফার কড়া নিয়ম ও জরিমানার অংক

ফিফা এবং উয়েফার ‘ক্লিন কিট’ (Clean Kit) নিয়ম অনুযায়ী, মাঠের অফিসিয়াল স্পনসর ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের লোগো প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। আন্ডারগার্মেন্টসও এই নিয়মের আওতাভুক্ত।

কিন্তু হিসাব বলছে ভিন্ন কথা! ৩০ ইউরোর একটি বক্সার শর্টস প্যাকের বিক্রির সাথে তুলনা করলে, বেন্টনারের মতো ১ লাখ ইউরো জরিমানা খেলেও তা মাত্র ৩,৩০০টি প্যাক বিক্রির সমান। অথচ ইয়ামালের এই মুহূর্তটি ভাইরাল হওয়ার পর ট্রফি বিতরণ শেষ হওয়ার আগেই তার চেয়ে বহুগুণ বেশি পণ্য বিক্রি করে ফেলে ‘6PM’!

ফিফা যেখানে কোটি কোটি ডলারের বিনিময়ে অফিশিয়াল স্পনসরদের কাছে মাঠে একচেটিয়া প্রচারের গ্যারান্টি দেয়, সেখানে ইয়ামালের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ফিফার কড়া ‘এনফোর্সমেন্ট মডেল’ নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে।

দেশীয় ব্র্যান্ড ও নতুন মার্কেটিং শিক্ষা

গবেষকদের মতে, বড় বাজেটের মেগা-ক্যাম্পেইনের চেয়েও ‘অর্গানিক ভাইরালিটি’ এবং ‘রাইট টাইম, রাইট প্লেস’ ধারণা কতটা শক্তিশালী হতে পারে, এটি তার বড় প্রমাণ। বাংলাদেশের ক্ষেত্রেও ক্রিকেট বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো মঞ্চে খেলোয়াড়দের অগোচরে ব্যবহার করা কোনো স্থানীয় ব্র্যান্ডের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটতে পারে।

অবশ্য, ইয়ামাল বা স্পেন ফুটবল ফেডারেশন এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ঘটনাটি শতভাগ দুর্ঘটনাবশত নাকি নেপথ্যে অন্য কোনো পরিকল্পনা ছিল—তা হয়তো সময়ই বলবে। তবে ফিফা যদি শেষ পর্যন্ত কোনো জরিমানাও ঠুকে দেয়, ততক্ষণে ‘6PM’ তাদের কাঙ্ক্ষিত লাভের গুড় ঘরে তুলে নিয়েছে!

এলপিএলে জাফনা কিংসে যোগ দিচ্ছেন তাওহীদ হৃদয়

0

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়ছে। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহানের পর এবার টুর্নামেন্টে খেলতে যাচ্ছেন তাওহীদ হৃদয়। জাফনা কিংসে যোগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন এই ডানহাতি ব্যাটার।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই দলে ইতোমধ্যেই খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফলে জাফনা কিংসে এবার দুই বাংলাদেশিকে একসঙ্গে দেখা যাবে।

এলপিএলের প্লেয়ার্স ড্রাফটে হৃদয়ের ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার মার্কিন ডলার। তবে ড্রাফটে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেয়নি। টুর্নামেন্ট শুরু হওয়ার পর দলবদলের সুযোগে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।

তবে মাঠের পারফরম্যান্সের আগেই আলোচনায় এসেছে জাফনা কিংস। টুর্নামেন্ট শুরুর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় ভারতীয় মালিকানাধীন প্রতিষ্ঠানকে সরিয়ে দিয়ে ফ্র্যাঞ্চাইজিটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

এটি হবে এলপিএলে হৃদয়ের তৃতীয় আসর। ২০২৩ সালে জাফনা কিংসের জার্সিতে ৬ ম্যাচে একটি অর্ধশতকের সাহায্যে ১৫৫ রান করেছিলেন তিনি। সেই আসরে তার স্ট্রাইক রেট ছিল ১৩৫.৯৬। তবে ২০২৪ মৌসুমটি ভালো কাটেনি। ডাম্বুলা সিক্সার্সের হয়ে তিন ম্যাচ খেলেও দুই ইনিংসে করতে পেরেছিলেন মাত্র ১ রান।

এর আগে গল গ্যালান্টসের হয়ে খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছেন নুরুল হাসান সোহান। ইনজুরিতে ছিটকে পড়া লিটন কুমার দাসের পরিবর্তে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে গল গ্যালান্টসের হয়ে তাসকিন আহমেদেরও খেলার কথা ছিল। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজের প্রস্তুতির কথা বিবেচনা করে এলপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এই পেসার। তার পরিবর্তে রিপন মণ্ডলকে নেওয়ার গুঞ্জন থাকলেও এ বিষয়ে এখনো বিসিবির কাছে আনুষ্ঠানিক কোনো আবেদন আসেনি।

২৩ বছর পর পেস আক্রমনে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ

0

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস লাভের পর বাংলাদেশ ১৫৯টি টেস্ট ম্যাচ খেলেছে তবে অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলেছে মাত্র ৬টি যার মধ্যে বাংলাদেশ ২০১৭ সালে ২ ম্যাচ টেস্ট সিরিজের ১ম টেস্ট মিরপুরে ২০ রানে জিতেছিল। বাংলাদেশ প্রথম ইংনিংসে ২৬০ রানের পর ২য় ইনিংসে ২২১ রান করেছিল। অস্ট্রেলিয়া ২১৭ ও ২৪৪ রান। তবে পরের টেস্টে চট্টগ্রামে বাংলাদেশ ৭ উইকেটে হেরে সিরিজ ড্র করে। অপরদিকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে মাত্র দুটি টেস্ট ম্যাচ খেলেছে তাও আবার ২০০৩ সালে যার প্রথমটিতে ইনিংস ও ১৩২ রানে এবং ২য়টিতে ইনিংস ও ৯৮ রানে হেরে সফর শেষ করেছিল। এই দুই সিরিজের মাঝে অবশ্য ২০০৬ সালে একবার ২ ম্যাচ টেস্ট সিরিজ খেলেছিল প্রথিমটিতে ফতুল্লায় ৩ উইকেটে এবং চট্টগ্রামে ইনিংস ও ৮০ রানে হেরে সিরিজে ধবল ধোলাই হয়েছিল। তাই এবার ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে চায় ভালভাবে প্রস্তুতি সেরে।

বাংলাদেশ বিগত কয়েকটি টেস্ট সিরিজে ভাল করলেও জিম্বাবুয়ের সাথে সর্বশেষ টেস্ট ম্যাচে ইনিংস ও ৮৫ রানে হেরে তুমুল সমালোচনার সম্মুখীন হয়। এই টেস্ট নিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ মোহাম্মাদ আশরাফুল বলেছেন টেস্ট টা আসলে আমাদের প্রস্তুতি নিয়ে খেলা হয়নি। কোন দেশের সাথে টেস্ট ম্যাচ খেলতে গেলে সময় নিয়ে আগে গিয়ে ওয়েদারের সাথে মানিয়ে নিয়ে দুই একটা প্রস্তুতি ম্যাচ খেলতে হয় সেটা প্রপারলি আমরা করতে পারিনি। তাই আগামী মাসে অস্ট্রেলিয়ার সাথে পূর্ণ প্রস্তুতি নিয়ে খেলতে চান টেস্ট সিরিজ। আর এ জন্য এবার সফরে ট্যুর ম্যাচ খেলতে চায় অস্ট্রেলিয়া একাদশের সাথে যেখানে অস্ট্রেলিয়ার মূল দলে খেলেছেন এমন ক্রিকেটাররাও আছেন যেমন- জশ ফিলিপে, স্যাম কন্সটাস এবং কার্টিস প্যাটারসনের মত ক্রিকেটার।

প্রস্তুতি ম্যাচ: ৬-৮ আগস্ট ২০২৬, ডারউইন।

প্রথম টেস্ট: ১৩-১৭ আগস্ট ২০২৬, মারারা ক্রিকেট গ্রাউন্ড, ডারউইন।

দ্বিতীয় টেস্ট: ২২-২৬ আগস্ট ২০২৬, গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনা, ম্যাককে।

বাংলাদেশ স্কোয়াড ঘোষনা না করলেও অস্ট্রেলিয়া ইতি মধ্যেই প্যাট কামিন্সকে অধিনায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট খেলোয়াড়ের নামের তালিকা প্রকাশ করেছে:প্যাট কামিন্স (অধিনায়ক) স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রীন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, নাথান এলিস, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ওয়াদারল্যান্ড, ওয়েবস্টার।

২০০৩ সালে বাংলাদেশ প্রথম টেস্টের ভেন্যু মারারায় প্রথম টেস্ট খেলে ইনিংস ও ১৩২ রানে হেরেছিল প্রথম ইনিংসে মাত্র ৯৭ রানে অলআউট হয়েছিল ব্যক্তিগত কোন ফিফটি ছাড়াই আবার ২য় ইনিংসে বাংলাদেশর মিঃ ফিফটি খ্যাত একমাত্র ফিফটি করেছিলেন এছাড়া ওপেনার হান্নান সরকার ৩৫ ও আল শাহরিয়ার ৩৬ রান করেছিলেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করে ৭উইকেটে ৪০৭ রানে ইনিংস ঘোষনা করেছিল, বাংলাদেশ দলের মাশরাফি ৩ এবং মন্জুরুল ও অলক কাপালি ১টি করে উইকেট পেয়েছিলিন। মোটামুটি মারারা স্টেডিয়ামের বাংলাদেশের সফলতা বলতে এতটুকুই।

অস্টেলিয়ার মাটিতে টেস্ট খেলেছেন এমন ক্রিকেটার বর্তমান বাংলাদেশ দলে দলে নেই ২০০৩ সালের ঐ সফরে বর্তমান নির্বাচক হাবিবুল বাশার এবং কোচ আশরাফুল, মাশরাফিও ছিলেন কিন্তু বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডব আমরা যাদের বলি তাদের মধ্যে কেই ই অবশ্য বর্তমান দলের মধ্যে নেই যিনি অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলেছেন। মুশফিক প্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি ১০০ টেস্ট খেলেছেন আবার সাকিব, তামিম কিংবা রিয়াদ তিনিও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলেননি ব্যাপারটি কেমন শোনায় তাইনা! তাই এবারের সিরিজ বাংলাদেশ একটু অন্যভাবে শুরু করতে চায়। ২০০৩ সালের ঐ সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে ভাল করেছিলেন হান্নান সরকার। মুশফিকের জন্য এটাই প্রথম এবং শেষ অস্ট্রেলিয়া সফর হতে পারে ক্যারিয়ারের।

টেস্ট ক্রিকেট জেতায় মূলত বোলাররা: কারন টেস্ট জিততে হলে আপনাকে প্রতিপক্ষের ২০টি উইকেট নিতেই হবে। নিউজিল্যান্ড এ বাংলাদেশ টেস্ট জয় করেছে এবার অস্ট্রেলিয়া জয়ের পালা। বাংলাদেশ এবার সবচেয়ে শক্তিশালী পেস অ্যাটাক নিয়ে যাচ্ছেন সম্ভবত যেমন-তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ ও নাহিদ রানা যদি তার ইনজুরি রয়েছে তারপরও তাকে হয়তো নিয়ে যাবে যদি ২য় টেস্ট খেলানো যায় তার জন্য, তবে ইবাদত যাচ্ছেন না তিনি ছুটি নিয়েছেন এবাদত বাবা হতে চলেছেন। ইবাদতের জন্য শুভ কামনা রইল।

সারকথায় বলা যায় ২৩ বছর পর এই সফর একদিকে যেমন অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়ের আশা অন্যদিকে মুফফিকের প্রথম টেস্ট হবে অস্ট্রেলিয়ার মাটিতে আবার ২০১৭ সালের পর দীর্ঘ বিরতির পর টেস্ট সিরিজ উভয় দেশের মধ্যে। অ্যদিকে তামিম ইকবাল অস্ট্রেলিয়া টেস্ট না খেললেও এবার তিনি বিসিবি বস হয়ে ক্রিকেটারদের বিশেষ করে মুশির মাঝে তিনি নিজেকে খুঁজে পেতে পারেন, যদি ভাল কিছু করতে পারেন আমার বিশ্বাস তামিম ও ভালো বোধ করবেন একজন ক্রিকেটারের মত। বাংলাদেশ দলের জন্য অগ্রিম শুভ কামনা রইল।

২৩তম কমনওয়েলথ গেমস শুরু গ্লাসগোতে।

0

কমনওয়েলথ গেমস ২০২৬

অবশেষে তীব্র আর্থিক সংকট ও অনিশ্চয়তার দুর করে স্কটল্যান্ডের গ্লাসগোতে পর্দা উঠেছে ২৩তম কমনওয়েলথ গেমসের। ২৩ জুলাই ওভো হাইড্রো অ্যারেনায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছৈ বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় কমনওয়েলথ গেমসের।

টানা ১১ দিন খেলা শেষে ২ আগস্ট পর্দা নামবে। আয়োজকরা জানিয়েছেন, বাজেট কমলেও গেমসের উত্তেজনা কমানো হয়নি; ৭৪টি দেশের প্রতিযোগীরা মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য চার প্রধান ভেন্যুতে লড়াই করবেন।

এবার প্রতিযোগীতার জন্য মোট ১০টি খেলা নির্বাচিত হয়েছে যথা- অ্যাথলেটিক্স এবং প্যারা-অ্যাথলেটিক্স (শুধুমাত্র ট্র্যাক অ্যান্ড ফিল্ড), সাঁতার এবং প্যারা-সাঁতার, শৈল্পিক জিমন্যাস্টিকস, ট্র্যাক সাইক্লিং এবং প্যারা-ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারোত্তোলন এবং প্যারা-পাওয়ারলিফটিং, বক্সিং, জুডো, বোল এবং প্যারা-বোল, ৩x৩ বাস্কেটবল এবং ৩x৩ হুইলচেয়ার বাস্কেটবল। 

২০১৪ সালে গ্লাসগোতেই অনুষ্ঠিত হয়েছিল বৈশ্বিক এই আসর। মূল আয়োজক হিসেবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য অতিরিক্ত বাজেটের অজুহাতে হঠাৎ সরে দাঁড়ালে এবং পরবর্তীতে মালয়েশিয়া ও সিঙ্গাপুর না করে দিলে গেমসের ভবিষ্যৎ চিন্তা করে সেই সংকটকালে আসরটি টিকিয়ে রাখতে গ্লাসগো এগিয়ে আসে। তবে তা আয়োজনের খরচ ও ভেন্যু ব্যাপকভাবে কাটছাঁট করে একটি সম্পূর্ণ নতুন ও সাশ্রয়ী মডেলে করা হচ্ছে এবারের আসর।

কমনওয়েলথ গেমস ২০২৬
দেশের পতাকা হাতে বাংলাদেশী অ্যাথলেট

খরচ: আসরে ইভেন্ট সংখ্যা ও ভেন্যু দুটোতেই বড় ছাঁটাই করা হয়েছে খরচের কথা চিন্তা করে। ২০১৪ সালের আসরে ১৭টি খেলা থাকলেও এবার তা কমিয়ে আনা হয়েছে ১০টি খেলায়। এতে হকি ও সব ধরনের র‍্যাকেট স্পোর্টসের মতো জনপ্রিয় ইভেন্ট বাদ পড়ায় ক্রীড়ামোদী ও অ্যাথলেটদের মাঝে কিছুটা হতাশা দেখা দিয়েছে।

ভেন্যু: বড় পরিবর্তন। খরচের হিসাব মেলাতে ঐতিহ্যবাহী বড় স্টেডিয়ামের বদলে অপেক্ষাকৃত ছোট ও কার্যকর ভেন্যুকে বেছে নেওয়া হয়েছে। অ্যাথলেটিক্সের মতো সবচেয়ে বড় ড্র-কার্ড প্রতিযোগিতাটি এবার ৫২ হাজার ধারণক্ষমতার হাম্পডেন পার্কের বদলে মাত্র ১১ হাজার আসনবিশিষ্ট স্কটসটাউন স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে। এভাবেই সবকিছুতে খরচ সাশ্রয়ী করার জন্য কাট ছাঁট করা হয়েছে।

সম্প্রচার: টিভি সম্প্রচার ও টিকিটের চড়া দাম নিয়ে স্থানীয়দের মাঝে দেখা গেছে অসন্তোষ ১৯৫৪ সাল থেকে টানা ১৮টি আসর বিনা মূল্যে টিভিতে সম্প্রচার করে আসা দ্য ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) এবার স্বত্ব হারিয়েছে। সর্বোচ্চ দর হেঁকে সব খেলা সম্প্রচারের দায়িত্ব পেয়েছে পে-টিভি চ্যানেল ‘টিএনটি স্পোর্টস’। ফলে সরাসরি খেলা দেখতে দর্শকে ফি গুনে ‘এইচবিও ম্যাক্স’ অ্যাপে চোখ রাখতে হচ্ছে। 

টিকিট: আয়োজকরা জানিয়েছেন, পদকবিহীন সেশনগুলোর জন্য টিকিটের মূল্য ১৭ পাউন্ড এবং পদকপ্রাপ্ত ইভেন্টগুলোর জন্য ২৬ পাউন্ড থেকে শুরু হবে। অন্যদিকে সীমিত আসনের কারণে অ্যাথলেটিক্সের মতো জনপ্রিয় ইভেন্টগুলোর টিকিটের দাম হাঁকানো হচ্ছে তিন অঙ্কে। 

তবে মাঠের খেলা কেমন হবে এমন নানা প্রশ্ন এখন সবার মাঝে। গ্লাসগোর আইকনিক ফিনিয়েস্টন ক্রেনের আদলে নির্মিত কাল্পনিক ইউনিকর্ন ‘ফিনি’-কে মাস্কট করে আয়োজিত এই ছোট বাজেটের গেমস যদি সফল হয়, তবে ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন এই আসর ভবিষ্যতে অন্যান্য দেশের জন্য অলিম্পিক বা কমনওয়েলথের মতো বড় আসর আয়োজনের ক্ষেত্রে এক নতুন অর্থনৈতিক মডেল তৈরি করবে।

২০২৬ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন যে ১২ তারকা

0

প্রতিটি বড় টুর্নামেন্ট শেষেই নতুন কোনো অধ্যায়ের সূচনা হয়, আবার অনেকের জন্য তা নিয়ে আসে বিদায়ের সুর। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর আন্তর্জাতিক ফুটবলেও তেমনই এক রূপান্তরের ছোঁয়া লেগেছে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা থাকলেও ইতোমধ্যে বেশ কয়েকজন প্রতিষ্ঠিত তারকা ফুটবলার জাতীয় দলের জার্সি স্থায়ীভাবে তুলে রাখার ঘোষণা দিয়েছেন।

শিরোপাজয়ী স্পেনের কাছে যথাক্রমে ফাইনাল ও শেষ ষোলোতে হেরে রানার্সআপ আর্জেন্টিনা ও পর্তুগাল বিদায় নিলেও মেসি-রোনালদোর চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা এখনও ফুরায়নি। তবে বিশ্বমঞ্চের পর্দা নামার পরপরই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানা ১২ জন উল্লেখযোগ্য তারকার খতিয়ান তুলে ধরা হলো:

১. মানুয়েল নয়্যার (জার্মানি)

  • বয়স: ৪০ বছর | ম্যাচ: ১২৮
  • পরিসংখ্যান: বিশ্বকাপে সর্বমোট ২৩টি ম্যাচ খেলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক।

অবসর ভেঙে জার্মানির হয়ে বিশ্বমঞ্চে ফিরেছিলেন ৪০ বছর বয়সী ন্যুয়ার। শেষ বত্রিশের ম্যাচে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে জার্মানির বিদায়ের পর এই বায়ার্ন মিউনিখ কিংবদন্তি চূড়ান্তভাবে অবসর নেন। ২০১৪ সালের বিশ্বকাপজয়ী এই তারকা দেশের হয়ে ১২৮টি ম্যাচ খেলে গ্লাভস জোড়া তুলে রাখলেন।

২. নেইমার জুনিয়র (ব্রাজিল)

  • বয়স: ৩৪ বছর | ম্যাচ: ১৩০ | গোল: ৮০
  • রেকর্ড: পেলের পর একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য নজির।

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হলো আক্ষেপ নিয়েই। নরওয়ের কাছে শেষ ষোলোতে হেরে বিদায় নেওয়া ম্যাচে ব্রাজিলিয়ানদের একমাত্র গোলটি করেন তিনি। ১৩০ ম্যাচে ৮০ গোল নিয়ে আন্তর্জাতিক অধ্যায় শেষ করলেও জাতীয় দলের হয়ে ২০১৩ কনফেডারেশনস কাপই তাঁর একমাত্র অর্জিত ট্রফি।

৩. রিয়াদ মাহরেজ (আলজেরিয়া)

  • বয়স: ৩৫ বছর | ম্যাচ: ১২০ গোল: ৪০ |

আলজেরিয়ার হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডের দোড়গোড়ায় দাঁড়িয়েও সেই স্বপ্ন অধরা রেখে বিদায় ঘোষণা করলেন রিয়াদ মাহরেজ। শেষ বত্রিশের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের পরপরই লেস্টার ও ম্যানচেস্টার সিটির সাবেক এই উইঙ্গার অবসরের সিদ্ধান্ত জানান।

৪. সাদিও মানে (সেনেগাল)

  • বয়স: ৩৪ বছর | ম্যাচ: ১৩২ | গোল: ৫৫

ইনজুরির কারণে ২০২২ আসর মিস করার পর ২০২৬ বিশ্বকাপে সেনেগালকে নেতৃত্ব দিতে মাঠে নেমেছিলেন সাদিও মানে। সেনেগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিলেও নিজের শেষ বিশ্বকাপে তিনি কোনো গোল পাননি।

৫. গুইলার্মো ওচোয়া (মেক্সিকো)

  • বয়স: ৪১ বছর | ম্যাচ: ১৫৩

নিজের ষষ্ঠ বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে মাঠে নামার সুযোগ পান ৪১ বছর বয়সী মেক্সিকান গোলরক্ষক ওচোয়া। ১৫৩তম ম্যাচটি খেলার মাধ্যমেই আন্তর্জাতিক ও ক্লাব উভয় ফুটবলেই ইতি টানার সংকেত দিলেন এই অভিজ্ঞ তারকা।

৬. নিকোলাস ওতামেন্দি (আর্জেন্টিনা)

  • বয়স: ৩৮ বছর | ম্যাচ: ১৩৯ | গোল: ০৮

স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচসহ আর্জেন্টিনার বিশ্বমঞ্চের লড়াইয়ে বড় ভূমিকা রাখেন ৩৮ বছর বয়সী সেন্ট্রাল ব্যাক নিকোলাস ওতামেন্দি। জাতীয় দলের হয়ে ১৩৯ ম্যাচ খেলার রেকর্ড নিয়ে বিদায় জানিয়ে ইউরোপ পর্ব শেষে তিনি যোগ দিচ্ছেন জন্মভূমির ক্লাব রিভার প্লেটে।

৭. মার্কো আরনাউটোভিচ (অস্ট্রিয়া)

  • বয়স: ৩৭ বছর | ম্যাচ: ১৩৭ | গোল: ৪৯

অস্ট্রিয়ার ফুটবল ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও গোলের মালিক মার্কো আরনাউটোভিচ। টুর্নামেন্টের গ্রুপ পর্বে ২টি গোল করা ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে দেশের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।

৮. প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র)

  • বয়স: ৩০ বছর | ম্যাচ: ৫৬ | গোল: ২৬

মাত্র ৩০ বছর বয়সে তালিকার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন চেক স্ট্রাইকার প্যাট্রিক শিক। চেক প্রজাতন্ত্র গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ায় শিকের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপটিই শেষ টুর্নামেন্টে পরিণত হয়।

৯. ক্রেইগ গর্ডন (স্কটল্যান্ড)

  • বয়স: ৪৩ বছর

স্কটল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক ক্রেইগ গর্ডন। ৪৩ বছর বয়সে বিশ্বকাপের পর একাধারে আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল জীবনের সমাপ্তি ঘোষণা করলেন তিনি।

১০. এনার ভ্যালেন্সিয়া (ইকুয়েডর)

  • বয়স: ৩৬ বছর | ম্যাচ: ১০০ | গোল: ৪৯

ইকুয়েডরের সর্বকালের সেরা গোলদাতা এননার ভ্যালেন্সিয়া ৪৯টি গোল নিয়ে অবসর গ্রহণ করেছেন। ৩টি বিশ্বকাপ (২০১৪, ২০২২ ও ২০২৬) মিলিয়ে ১০ ম্যাচে ৬টি গোল করার কৃতিত্ব রয়েছে ৩৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের।

১১. ফার্নান্দো মুসলেরা (উরুগুয়ে)

  • বয়স: ৪০ বছর | ম্যাচ: ১৩৭

২০২৪-এ বিদায় নিলেও পঞ্চম বিশ্বকাপ খেলতে পুনর্নির্বাচিত হয়েছিলেন ৪০ বছর বয়সী মুসলেরা। তবে স্পেনের বিপক্ষে গোল হজমের ভুলের পর মাঠ ছেড়ে উরুগুয়ের এই সর্বাধিক ম্যাচ খেলা গোলরক্ষক তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের পর্দা টানেন।

১২. জ্যাঁ-মিশেল সেরি (আইভরি কোস্ট)

  • বয়স: ৩৫ বছর | ম্যাচ: ৬৬ | গোল: চার

২০২৩ আফ্রিকা কাপ অব নেশনস (AFCON) বিজয়ী মিডফিল্ডার সেরি কুরাসাওয়ের বিপক্ষে গ্রুপ পর্বে নিজের প্রথম ও শেষ বিশ্বকাপ ম্যাচ খেলেন। ৩৫ বছর বয়সে ৬০টিরও বেশি আন্তর্জাতিক ক্যাপ ঝুলিতে পুরে অবসর গ্রহণ করলেন এই আইভোরিয়ান তারকা।

বিশ্বকাপ ফাইনালেই শেষ হলো ওতামেন্দির আর্জেন্টিনা-অধ্যায়

0

স্বপ্নের শেষটা রাঙানো হলো না। বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লড়াইয়ে স্পেনের কাছে হেরে আর্জেন্টিনা যেমন হারিয়েছে সোনালি মুকুট, তেমনি শেষ হয়েছে জাতীয় দলের জার্সিতে নিকোলাস ওতামেন্দির দীর্ঘ ও গৌরবময় পথচলাও। ফাইনালের কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টিনার অভিজ্ঞ এই সেন্টার-ব্যাক।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে প্রকাশ করা এক আবেগঘন ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী ওতামেন্দি। সম্প্রতি রিভার প্লেটে যোগ দেওয়া এই ডিফেন্ডার বলেন, ছোটবেলা থেকেই আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণ করাই তাঁর জীবনের সবচেয়ে বড় অর্জন।

বিদায়ী বার্তায় বিশ্বকাপ ফাইনালের স্মৃতিই সবচেয়ে বেশি উঠে এসেছে ওতামেন্দির কথায়। তিনি বলেন, ‌’ভাগ্য চেয়েছিল আমার শেষ ম্যাচটি হোক বিশ্বকাপের ফাইনাল। ফল আমাদের পক্ষে আসেনি। তবু মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি। আমি জানি, দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছি।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়াজুড়ে পাশে থাকা সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ওতামেন্দির ভাষায়, ‘জাতীয় সংগীত বাজলেই আপনারা আমাদের বুঝিয়ে দিয়েছেন, মাঠে শুধু ১১ জন ফুটবলার নয়, একই স্বপ্ন বুকে নিয়ে লড়ছে কোটি কোটি আর্জেন্টাইন।’

শুধু সমর্থক নয়, পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন এই ডিফেন্ডার। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশে রেখে গেছেন অনুপ্রেরণার বার্তা, ‘কখনো বিশ্বাস হারিয়ো না। বাধা আসবে, কঠিন সময় আসবে। কিন্তু এই জার্সি সব সময় তাদেরই সম্মান দেয়, যারা বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে এটিকে রক্ষা করে। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে।’

দলীয় অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে ফাইনাল ম্যাচ শেষে নিকোলাস ওতামেন্দি

বিদায়ের শেষ বাক্যটিই যেন তাঁর পুরো ক্যারিয়ারের সারসংক্ষেপ-‘শিরোপা ইতিহাসে জায়গা করে নেয়, কিন্তু এই আকাশি-সাদা জার্সির প্রতি ভালোবাসা চিরকাল বেঁচে থাকে।’

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক

২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর আর্জেন্টিনার হয়ে ১৩৯ ম্যাচ খেলেছেন ওতামেন্দি। চারটি বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছেন, খেলেছেন ২১টি বিশ্বকাপ ম্যাচ এবং করেছেন ৮ গোল। ২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। এছাড়া ফিনালিসিমা ও কোপা আমেরিকার সাফল্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অভিজ্ঞ এই ডিফেন্ডার।

বিশ্বকাপের মঞ্চে শেষ লড়াই করে বিদায় নেওয়া ওতামেন্দি তাই শুধু একজন ডিফেন্ডারের অবসর নন; আর্জেন্টিনার রক্ষণভাগের এক সাহসী, নির্ভরযোগ্য এবং সোনালি অধ্যায়েরও অবসান।

গার্দিওলাকে চাইছে ইতালি আপত্তি অলিম্পিক কমিটির সভাপতির

0

ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে পেপ গার্দিওলার নাম আলোচনায় থাকলেও বিদেশি কোচ নিয়োগের বিপক্ষে অবস্থান নিয়েছেন ইতালিয়ান অলিম্পিক কমিটির (কনি) সভাপতি লুসিয়ানো বুওনফিগলিও।

সেরি-আ’র বেশির ভাগ কোচ ইতালির

স্প্যানিশ এই কোচকে নিয়ে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) আলোচনা করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর ইতালীয় দৈনিক ‘কোরিয়েরে দেলা সেরা’-কে দেওয়া সাক্ষাৎকারে বুওনফিগলিও বলেন, জাতীয় দলের দায়িত্ব এমন একজনের হাতে থাকা উচিত, যিনি ইতালিয়ান ফুটবলের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন।

তার ভাষায়, ‘সেরি আ-র বেশির ভাগ কোচই ইতালিয়ান। জাতীয় দলের কোচকে তাঁদের সঙ্গে কাজ করতে হবে। তাঁরা মেধাবী, পেশাদার এবং আমাদের ফুটবল ঐতিহ্যের অংশ। তাহলে তাঁদের বাদ দেওয়া হবে কেন?’

তবে এফআইজিসি সভাপতি জিওভান্নি মালাগো জানিয়েছেন, ফুটবল ইতিহাসের অন্যতম সফল কোচ গার্দিওলাকে আনতে প্রয়োজন হলে আর্থিক দিক থেকেও বড় ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ফেডারেশন।

পেপ গার্দিওলা

অবশ্য মালাগো স্পষ্ট করে দিয়েছেন, গার্দিওলার সঙ্গে আলোচনা হলেও তাঁর নিয়োগ নিশ্চিত নয়। তিনি বলেন, ‘আলোচনা সফল হবেই, এমন নয়। অন্য প্রার্থীদের প্রতি কোনো অসম্মান দেখানো হচ্ছে না। তাঁদের সঙ্গেও আলোচনা চলছে। নতুন কোনো নাম যুক্ত হলেও চলমান প্রক্রিয়ার গুরুত্ব কমবে না।’

টানা তৃতীয়বার বিশ্বকাপে অনুপস্থিত

এপ্রিলে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া-হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা হারায় ইতালি। সেই ব্যর্থতার পর দায়িত্ব ছেড়ে দেন প্রধান কোচ জেন্নারো গাত্তুসো। এরপর থেকেই নতুন কোচের সন্ধানে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গার্দিওলা ছাড়াও সাবেক ইতালি কোচ রবার্তো মানচিনি এবং ইতালির কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোর নামও সম্ভাব্য কোচের তালিকায় রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ১১৬ বছরের জাতীয় দলের ইতিহাসে ইতালির দায়িত্বে বিদেশি কোচ ছিলেন মাত্র একজন। ১৯৬৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত আর্জেন্টাইন কোচ হেলেনিও হেরেরা ইতালিয়ান কোচ ফেরুচ্চিও ভালকারেজ্জির সঙ্গে যৌথভাবে আজ্জুরিদের দায়িত্ব পালন করেছিলেন।

ফিফার বিরুদ্ধে নৈতিক অভিযোগ আনতে চায় নরওয়ে ফুটবল ফেডারেশন

0

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনায় ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক নৈতিক অভিযোগ আনার উদ্যোগ নিয়েছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। সংস্থাটির সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, বিষয়টি তিনি ফেডারেশনের পরিচালনা পর্ষদের সভায় উত্থাপন করবেন এবং অনুমোদন পেলে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন।

ব্রিটিশ দৈনিক দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাভেনেস বলেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উচিত প্রকাশ্যে স্বীকার করা যে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করার সিদ্ধান্তটি ছিল একটি ভুল। তাঁর দাবি, ফুটবল অঙ্গনের অনেকেই জানেন যে সিদ্ধান্তটি যথাযথ প্রক্রিয়ায় হয়নি এবং এর পেছনে বাহ্যিক চাপ কাজ করেছে।

লাল কার্ড পেয়েও পরের ম্যাচে খেলা

বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন বালোগুন। তবে ফিফার শৃঙ্খলা কমিটি সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় তিনি বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেন।

ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানান, তিনি ইনফান্তিনোর কাছে বালোগুনের লাল কার্ডের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। পরে ট্রাম্প বলেন, ফিফা দারুণ সিদ্ধান্ত নিয়েছে। যদিও ইনফান্তিনো বরাবরই দাবি করে আসছেন, ফিফার বিচারিক সংস্থাগুলো স্বাধীনভাবে কাজ করে।

এভাবে নিয়ম পরিবর্তন বিপজ্জনক

ক্লাভেনেসের ভাষায়, ‘এভাবে নিয়ম পরিবর্তন করা অত্যন্ত বিপজ্জনক নজির। এতে ফুটবলের মৌলিক নীতিই ঝুঁকির মুখে পড়ে। রাষ্ট্রীয় নেতাদের চাপে যদি সিদ্ধান্ত বদলানো হয়, তাহলে ভবিষ্যতে রাজনৈতিক হস্তক্ষেপের সীমারেখাও পরিবর্তিত হবে।’

তিনি আরও প্রশ্ন তোলেন, এত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত একটি সিদ্ধান্ত কেন ফিফার শৃঙ্খলা কমিটির মাত্র একজন সদস্য নিয়েছিলেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল কামালি একাই বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত দেন।

যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের

ক্লাভেনেস বলেন, ‘যখন কোনো সিদ্ধান্তের ওপর বাইরের শক্তিশালী প্রভাব থাকার আশঙ্কা থাকে, তখন একাধিক ব্যক্তির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। একজনের হাতে এমন সিদ্ধান্ত দেওয়া ভুল ছিল।’

তিনি মনে করেন, বিষয়টি চাপা দিয়ে রাখা সম্ভব নয়, কারণ ফুটবল বিশ্বের অনেকেই এই ঘটনায় উদ্বিগ্ন। তাঁর আশা, এই বিতর্ক ভবিষ্যতে ফুটবলের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আলোচনা আরও জোরালো করবে।

দ্য টাইমস জানিয়েছে, ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দেওয়ার ঘটনায় যে নৈতিক অভিযোগ আগে থেকেই রয়েছে, ক্লাভেনেস চান বালোগুনের ঘটনাটিও সেই অভিযোগের সঙ্গে যুক্ত করা হোক।

এদিকে ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক এবং রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছেও একটি অভিযোগ জমা পড়েছে। গত মাসে নরওয়ে ফুটবল ফেডারেশনও ফিফার নৈতিকতা কমিটিকে এ বিষয়ে তদন্তের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে।

ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করেছে ইএসপিএন, তবে তাৎক্ষণিকভাবে সংস্থাটির কোনো মন্তব্য পাওয়া যায়নি।