লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের শেষটা আর খুব বেশি দূরে নয়। আর্জেন্টিনার হয়ে নিজের শেষ ম্যাচটি আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে খেলবেন ৩৯ বছর বয়সী এই মহাতারকা। প্রতিপক্ষ বেনিন। মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে এরই মধ্যে আবেগের আবহ তৈরি হয়েছে। সেই আবেগ আরও বাড়িয়ে দিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তাঁর মতে, মেসির মতো একজন কিংবদন্তিকে বিদায় জানানোর সঠিক সময় এখনই-পরে নয়।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, মেসির বিদায়ী ম্যাচে নিজে উপস্থিত থাকতে চান তিনি। কারণ ভবিষ্যতে তিনি নিজেই আর্জেন্টিনার কোচের দায়িত্বে থাকবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। তাই মেসির সঙ্গে এই শেষ মুহূর্তটি ভাগ করে নিতে চান তিনি।
স্কালোনির ভাষায়, মেসির মতো একজন খেলোয়াড়কে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া উচিত। আর্জেন্টিনার কোচ মনে করেন, মেসি যে ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন, তা তাঁর মানুষের কাছ থেকেই পাওয়া উচিত। সময় পেরিয়ে গেলে সেই আবেগের মাত্রা কিংবা ‘জাদু’ একই রকম নাও থাকতে পারে। তাই মেসির বিদায়ী সংবর্ধনার জন্য এখনই উপযুক্ত সময়।
আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ অধ্যায় অবশ্য এমনিতেই ইতিহাসে লেখা হয়ে গেছে। সর্বশেষ বিশ্বকাপ ছিল তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। সেখানে আটটি ম্যাচই খেলেছেন তিনি, গোল করেছেন আটটি। আর্জেন্টিনার জার্সিতে মেসি শেষ করেছেন সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে-১২৫ গোল নিয়ে। এর মধ্যে বিশ্বকাপেই তাঁর গোল ২১টি।
মেসির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবেও দেখেন স্কালোনি। তাঁর মতে, মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও মেসি যে প্রভাব তৈরি করেছেন, সেটিই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। এমন একজন খেলোয়াড় আবার কবে ফুটবল বিশ্ব পাবে, তা নিয়েও সংশয় স্কালোনির। তাই আর্জেন্টিনার কোচের বার্তা-মেসিকে এখন উপভোগ করার সময়।

মেসির বিদায়ের পাশাপাশি আলোচনায় রয়েছে তাঁর ব্যক্তিগত আরেকটি সম্ভাব্য অর্জন। আটবার ব্যালন ডি’অর জেতা এই ফরোয়ার্ড এবারও পুরস্কারটির জন্য মনোনীত হয়েছেন। আগামী ২৬ অক্টোবর ঘোষণা হওয়ার কথা ব্যালন ডি’অরের বিজয়ীর নাম। স্কালোনির মতে, সর্বশেষ বিশ্বকাপে মেসির পারফরম্যান্সের পর এই পুরস্কার নিয়ে তাঁর পক্ষে নতুন করে বলার তেমন কিছু নেই। পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলে বলে মনে করেন আর্জেন্টিনার কোচ।
স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনার কোচ হিসেবে থাকার ইচ্ছা তাঁর রয়েছে। তবে এ নিয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করতে হবে। আর্থিক নাকি ক্রীড়া-কোন বিষয়টি চুক্তি নবায়নে বড় ভূমিকা রাখবে, এমন প্রশ্নের জবাবে স্কালোনির উত্তর, ‘দুটোরই কিছুটা।’
স্কালোনিকে রেখে দেওয়ার দাবি এরই মধ্যে এসেছে আর্জেন্টিনার খেলোয়াড়দের কাছ থেকেও। নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরোসহ বেশ কয়েকজন প্রকাশ্যে তাঁর থাকার পক্ষে মত দিয়েছেন। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর অধিনায়কের আর্মব্যান্ডও এখন রোমেরোর হাতে।
স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত কয়েক বছরে সাফল্যের এক নতুন অধ্যায় লিখেছে। ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের পাশাপাশি ২০২২ সালে কাতার বিশ্বকাপও জিতেছে দলটি। সেই সাফল্যের ধারাবাহিকতার মধ্যেই এবার শুরু হয়েছে নতুন প্রজন্মের দিকে তাকানোর প্রক্রিয়া।


