জিম্বাবুয়ে সফর শেষে বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। এবার অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ডারউইন ও ম্যাকেতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের দলে চোট কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড এবং অভিজ্ঞ অফ স্পিনার নাথান লায়ন।
সফরে আগামী ১৩ থেকে ১৭ আগস্ট ডারউইনে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এরপর ২২ থেকে ২৬ আগস্ট ম্যাকেতে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এই দলে সবচেয়ে বড় খবর তিন অভিজ্ঞ ক্রিকেটারের প্রত্যাবর্তন। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা কামিন্স, হ্যাজলউড ও লায়ন এখন পুরোপুরি ফিট হয়ে দলে ফিরেছেন।
অভিজ্ঞ ওপেনার উসমান খাজাকে এবার আর দেখা যাবে না। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তিনি এই সিরিজের জন্য বিবেচনায় ছিলেন না।
সর্বশেষ সিডনি টেস্টে স্কোয়াডে থাকা মাইকেল নেসার, টড মারফি ও ব্রেন্ডান ডগেট মূল ১৩ সদস্যের দলে জায়গা পাননি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা সম্প্রসারিত দলের সঙ্গে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন এবং প্রয়োজনে সিরিজ শুরুর আগে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে।
দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি কামিন্স, হ্যাজলউড ও লায়নের প্রত্যাবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘প্যাট, জশ এবং নাথানের দলে ফেরায় আমরা খুবই আনন্দিত। গত কয়েক মাসে তারা নিজ নিজ চোট থেকে ফিরে আসার জন্য ব্যক্তিগতভাবে এবং আমাদের স্পোর্টস সায়েন্স ও মেডিকেল দলের সঙ্গে অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে।’
বর্তমান স্কোয়াডে ১৩ জন থাকলেও প্রয়োজন হলে পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে বলেও জানান বেইলি, ‘যদিও এটি ১৩ সদস্যের দল, তবুও ম্যাচের আগে প্রয়োজন হলে পরিবর্তনের জন্য আরও কিছু খেলোয়াড় প্রস্তুত এবং উপলব্ধ রয়েছে।’
আগামী এক বছরে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে আরও অনেক ক্রিকেটারের সুযোগ আসতে পারে বলেও মনে করেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক, ‘আগেও আমরা বলেছি, আগামী ১২ মাসে ব্যস্ত ক্রিকেট সূচির কারণে সব সংস্করণেই অনেক খেলোয়াড়ের সামনে সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে অস্ট্রেলিয়া। অন্যদিকে বাংলাদেশও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো শুরু করে টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাবে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডঃ প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, জেক ওয়েদারাল্ড এবং বিউ ওয়েবস্টার।


