১৯৮২ বিশ্বকাপের যে কলঙ্কিত ম্যাচের কারণে বদলে যায় ফিফার নিয়ম । ১৯৮২ বিশ্বকাপের যে কলঙ্কিত ম্যাচের কারণে বদলে যায় ফিফার নিয়ম । ফুটবল বিশ্বকাপের ইতিহাসে কিছু ম্যাচ শুধু ফলাফলের জন্য নয়, বিতর্কের কারণেও চিরস্মরণীয় হয়ে আছে। ১৯৮২ বিশ্বকাপের এমনই একটি ম্যাচ ছিল পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার মধ্যকার লড়াই, যা পরে পরিচিতি পায় “ডিসগ্রেস অব গিজন” নামে। আর এই এক ম্যাচের পরই বিশ্বকাপের নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়েছিল ফিফা।
১৯৮২ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়েছিল আলজেরিয়া। আর নিজেদের প্রথম ম্যাচেই তারা বড় অঘটন ঘটিয়ে তৎকালীন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ও দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন পশ্চিম জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দেয়। বিশ্বকাপ ইতিহাসে এটিই ছিল প্রথমবার, যখন কোনো আফ্রিকান ও আরব দেশ বিশ্বকাপে কোনো ইউরোপীয় দলকে হারায়।
সেই গ্রুপে ছিল পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, আলজেরিয়া ও চিলি।
ম্যাচগুলোর ফলাফলে তিন ম্যাচ শেষে আলজেরিয়ার পয়েন্ট দাঁড়ায় ৪, কারণ তখন জয়ে দেওয়া হতো ২ পয়েন্ট। তাদের সব ম্যাচ শেষ হয়ে গেলেও বাকি ছিল পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়ার শেষ ম্যাচ।
সমীকরণটা ছিল খুব স্পষ্ট। যদি পশ্চিম জার্মানি ১-০ কিংবা ২-০ ব্যবধানে জেতে, তাহলে গোল ব্যবধানে পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া দুই দলই পরের রাউন্ডে উঠে যাবে, বাদ পড়বে আলজেরিয়া।
ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিটে পশ্চিম জার্মানির স্ট্রাইকার হর্স্ট হ্রুবেশ গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এরপরই ম্যাচের দৃশ্যপট পুরো বদলে যায়। বাকি প্রায় ৮০ মিনিট দুই দল কার্যত আক্রমণ বন্ধ করে দেয়। কেউ ঝুঁকি নেয়নি, দ্রুতগতির খেলা হয়নি, এমনকি গোল করার বাস্তব কোনো চেষ্টাও দেখা যায়নি। মাঝমাঠে ধীরগতির পাস চালাচালির মধ্যেই শেষ হয় ম্যাচ।

স্পেনের গিজনের এল মোলিনন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা এই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন। অনেকে সাদা রুমাল নাড়াতে থাকেন, আলজেরিয়ার সমর্থকরা খেলোয়াড়দের দিকে টাকা উঁচিয়ে ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন। এমনকি জার্মান ও অস্ট্রিয়ান ধারাভাষ্যকাররাও প্রকাশ্যে বিরক্তি জানান। পরে জানা যায়, অস্ট্রিয়ার এক ধারাভাষ্যকার দর্শকদের টেলিভিশন বন্ধ করে দেওয়ার পরামর্শও দিয়েছিলেন।
ম্যাচ শেষে আলজেরিয়া আনুষ্ঠানিকভাবে ফিফার কাছে অভিযোগ করে।
তাদের দাবি ছিল, দুই দল ইচ্ছাকৃতভাবে এমন ফল ধরে রেখেছে যাতে দুজনেই পরের রাউন্ডে যেতে পারে। তবে সরাসরি ম্যাচ ফিক্সিংয়ের প্রমাণ না থাকায় ফিফা ফলাফল পরিবর্তন করেনি। ফলে বিদায় নিতে হয় আলজেরিয়াকে।
এরপর বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ম্যাচটিকে ফুটবলের জন্য লজ্জাজনক ঘটনা হিসেবে তুলে ধরে। সেই থেকেই ম্যাচটি পরিচিত হয়ে যায় “ডিসগ্রেস অব গিজন”, “শেম অব গিজন” কিংবা “নন অ্যাগ্রেশন প্যাক্ট অব গিজন” নামে।
এই ঘটনার পর বড় সিদ্ধান্ত নেয় ফিফা। ১৯৮৬ বিশ্বকাপ থেকে একই গ্রুপের শেষ দুই ম্যাচ একই সময়ে আয়োজন বাধ্যতামূলক করা হয়, যাতে কোনো দল আগে অন্য ম্যাচের ফল জেনে নিজেদের কৌশল বদলানোর সুযোগ না পায়।
মজার ব্যাপার হলো, ২০২৬ বিশ্বকাপে আবারও আলজেরিয়া ও অস্ট্রিয়া একই গ্রুপে পড়ায় ৪৪ বছর আগের সেই বিতর্কিত ম্যাচটি নতুন করে আলোচনায় এসেছে। আর সেটিই মনে করিয়ে দিচ্ছে, ১৯৮২ সালের সেই ম্যাচ শুধু একটি বিতর্ক ছিল না, বরং সেটিই বদলে দিয়েছিল বিশ্বকাপের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















