চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে । বিশ্বকাপের গ্রুপ ‘এ’ তে টিকে থাকার লড়াইয়ে দুই দলই জয়ের জন্য মাঠে নেমেছিল, তবে শেষ পর্যন্ত এক পয়েন্ট করে ভাগ করে নিতে হয় তাদের।

শুরুটা ছিল একেবারে ঝড়ের মতো। মাত্র ৫০ সেকেন্ডের মাথায় প্যাট্রিক শিকের সামনে দারুণ সুযোগ আসে, কিন্তু তিনি হেডে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন। সেই সুযোগ নষ্টের পরও খুব বেশি সময় নেয়নি চেক প্রজাতন্ত্র। ৬ মিনিটের আগেই মিশাল সাদিলেক গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলটিই এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দ্রুততম গোল।

প্রথমার্ধে এরপর আর কোনো দলই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। তারা আক্রমণের গতি বাড়িয়ে চেক ডিফেন্সে চাপ তৈরি করতে থাকে।

ম্যাচের মোড় ঘোরে ৮১ মিনিটে। বক্সের ভেতর চেক ডিফেন্ডার পাভেল সাল্কের হাতে বল লাগলে পেনাল্টি পায় দক্ষিণ আফ্রিকা। সেই স্পটকিক থেকে গোল করে সমতা ফেরান তেবোহো মোকোয়েনা।

শেষ দিকে জয় তুলে নিতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকা। যোগ করা সময়ে তারা একটি ভালো আক্রমণও তৈরি করে, তবে আর গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত ম্যাচ ১-১ গোলে শেষ হয়।

এই ড্রয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল। এর আগে ২০১০ সালে নিজেদের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্সকে হারিয়েছিল তারা।

এই ফলাফলের পর গ্রুপ ‘এ’-তে চেক প্রজাতন্ত্র আছে তৃতীয় স্থানে, আর দক্ষিণ আফ্রিকা অবস্থান করছে চতুর্থ স্থানে।

Exit mobile version