বিশ্বকাপে প্রথম ম্যাচে ড্র করে সতীর্থদের নতুর বার্তা দিয়েছেন ভিনিসিউস। কোচ কার্লো আনচেলত্তির মতো সতীর্থদের উন্নতির তাগিদ দিয়েছেন এই তারকা ফরোয়ার্ড।
রোববার ভোরে পিছিয়ে পড়া ব্রাজিলকে পয়েন্ট এনে দেওয়া ভিনিসিউস জুনিয়র সতীর্থদের বল দখলে রাখার তাগিদ দিয়েছেন। কোচ কার্লো আনচেলত্তির মতো এই তারকা ফরোয়ার্ডও বলেছেন, এগিয়ে যেতে হলে খেলায় উন্নতি করতে হবে তাদের।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচটিতে ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর, দারুণ নৈপুণ্যে সমতা টানেন ভিনিসিউস জুনিয়র।
ড্র করে ম্যাচ শেষে ছোট্ট কথায় ভিনিসিউস জানান তার প্রতিক্রিয়া।‘আমাদের বল দখলে রাখতে হবে। আমার মনে হয় না, এই মুহূর্তে অনেক কিছু বলার আছে। আমি মনে করি, আমাদের অনেক উন্নতি করতে হবে।’
প্রথমার্ধের নিষ্প্রভ ফুটবলের পর দ্বিতীয়ার্ধে কিছুটা উন্নতি করে ব্রাজিল। এতে বড় ভূমিকা রাখেন কাসেমিরো ও ইবানেজের জায়গায় বদলি নামা ফাবিনিয়ো ও দানিলো। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হলো ক্লাব ফুটবলে দারুণ সাফল্য পাওয়া আনচেলত্তির। দুয়েকটা প্রশ্নের উত্তরে অসহিষ্ণু শোনাল তাকে। বিশেষ করে আরও আগে বদল করা প্রসঙ্গে।
এছাড়া তিনি বলেন,‘ ৪৫তম মিনিটে দুই জনকে বদল করা হয়, ৬১তম মিনিটে আরেকজন। আপনি কি শুনতে পাচ্ছেন আমি যা বলছি? দুই জন বদলি নামাই ৪৫তম মিনিটে এবং আরেকজন ৬১তম মিনিটে। আমার মনে হয় না, বদলি নামানোর ক্ষেত্রে আমরা দেরি করেছি।”
কাসেমিরো বা ইবানেজের সমালোচনা করেননি আনচেলত্তি। শুরুর একাদশ নিয়েও কোনো আক্ষেপ নেই তার। ৩৪ বছর বয়সী কাসেমিরোর এই মুহূর্তে কোনো ক্লাব নেই। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার চুক্তি শেষ। ইবানেজ খেলছেন সৌদি প্রো লিগে। তাদের পাশে দাঁড়ালেন ব্রাজিল কোচ।
‘এরা ভালো খেলোয়াড়। আমি মনে করি, আমি সঠিক সিদ্ধাই নিয়েছি। ম্যাচ শুরু করেছে এমন কোনো খেলোয়াড়ের কোনো সমালোচনা আমি নেব না। আমি মনে করি, সমালোচনা হতে পারে পুরো দলের, তারা প্রথমার্ধে ভালো খেলেনি।;
উল্লেখ্য’ বাংলাদেশ সময় আগামী শনিবার সকালে পরের ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। ওই দিনই ভোরে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে মরক্কো।
