সাফ চ্যাম্পিয়নশীপ-২০২৬
ভুটানের বিপক্ষে বাংলাদেশের ১-০ গোলের জয়ে নায়ক মোহাম্মদ ইব্রাহিম। বদলি হিসেবে মাঠে নেমে তাঁর করা ৬৯ মিনিটের একমাত্র গোলেই জয় পায় বাংলাদেশ। তবে জয় সূচক গোলের পর সতীর্থদের সঙ্গে আনন্দে মাতার বদলে কেন কেঁদেছিলেন ফরোয়ার্ড ইব্রাহিম? কেনই বা চোখের জলে আবেগ প্রকাশ করে আনন্দ ভাগ করেছিলেন? ম্যাচের পর দিন প্র্যাকটিসে জানা গেল সেই কান্নার রহস্য!
ম্যাচের পর ইব্রাহিমের কান্না নিয়ে তৈরি হয় কৌতূহল। ম্যাচের পরের দিন অনুশীলনের পর সেই আবেগের কারণ জানিয়েছেন তিনি। জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা এবং দলে থেকেও খেলার সুযোগ না পাওয়ার কঠিন দিনগুলোর স্মৃতি তাঁকে আবেগাপ্লুত করেছিল।
ইব্রাহিম বলেন, ‘অনেক দিন ধরে আমি দলের মধ্যে আসা-যাওয়ার মধ্যে ছিলাম। মাঝেমধ্যে দলে থাকলেও খেলতে পারতাম না। গোল করার পর ওই খারাপ মুহূর্তগুলো বেশি মনে পড়ছিল।’
এদিকে মাঠে নামার আগেই গোলের সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা করেছিলেন ইব্রাহিম। বক্সের ভেতরে বল পাওয়ার সম্ভাব্য জায়গাগুলো খেয়াল করছিলেন তিনি। সুযোগ পেয়ে সেটিই কাজে লাগিয়েছেন।
জাতীয় দলে যে পজিশনেই সুযোগ পান, খেলতে প্রস্তুত ইব্রাহিম। ১১ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেও গোল করে দলের জয়ে অবদান রাখতে চান এই ফরোয়ার্ড।


