চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়। আজ শনিবার হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান তিনি।
হৃদয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের এক জটিল রক্তের ক্যানসারে আক্রান্ত ছিলেন। দীর্ঘদিন ধরে এই রোগের সঙ্গে লড়াই করছিলেন তরুণ এই ক্রিকেটার। তবে শেষ পর্যন্ত বাঁচানো গেল না তাকে।
হৃদয়ের চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২ জুলাই বিসিবি কার্যালয়ে তার বাবার হাতে চিকিৎসার খরচ হিসেবে ৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু ও বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
সম্ভাবনাময় এই তরুণ ক্রিকেটারের অকালমৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার ও স্বজনদের মধ্যে। হৃদয়ের মৃত্যুতে শোকাহত দেশের ক্রিকেটসংশ্লিষ্টরাও।


