আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল করার ঘটনা এখন এক ধরনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এবার দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ বাতিল করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কারণ হিসেবে তাঁরা জানিয়েছে, আফগানিস্তানে নারীদের মানবাধিকার নিয়ে তাঁরা চিন্তিত।
আইসিসির টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তানের কোনো নারী ক্রিকেট দল নেই। তালেবানরা ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকেই সেদেশের নারীদের খেলাধুলায় অংশগ্রহণ করা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এই কারণে আগের দুই সিরিজও বাতিল করেছিলো অস্ট্রেলিয়া।
ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)-এর অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিলো অস্ট্রেলিয়ার। আগস্ট মাসে মাঠে গড়াতে যাওয়া সেই সিরিজটা হওয়ার কথা ছিলো নিরপেক্ষ ভেন্যুতে। আফগানদের হোম সিরিজ হওয়ায় সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছিলো সংযুক্ত আরব আমিরাতের নাম।
এক বিবৃতিতে সিএ জানায়, ‘গত ১২ মাসে সিএ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করছে। সরকারের পরামর্শ হচ্ছে যে, আফগানিস্তানে নারীদের পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে। এ কারণেই আমরা আগের অবস্থাতেই থাকছি ও দ্বিপক্ষীয় সিরিজ বাতিল করছি।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















