চ্যাম্পিয়ন পার্টি না করেই ঢাকায় বাবর আজম। পাকিস্তান সুপার লিগ পিএসএলে শিরোপা জয়ের পর মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তাই তো সুযোগ পাননি চ্যাম্পিয়ন পার্টি করারও। সেই সিরিজে অংশ নিতে গতকাল সোমবার রাত ১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন তিনি।
বাবরের সঙ্গে এসেছে টেস্ট সিরিজের স্কোয়াডের আরক সদস্য খুররম শাহজাদও। পেশাওয়ার জালমির হয়ে পিএসএল শিরোপা জয়ের পর এবার নতুন লক্ষ্য ঠিক করেছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান।
আবারও তিন সংস্করণের জাতীয় দলেই থিতু হতে চান তিনি। ক্যারিয়ারে বেশিরভাগ সময় তিন সংস্করণে পাকিস্তানের ব্যাটিং লাইন আপের প্রধান ভরসা ছিলেন বাবর। কিন্তু জাতীয় দলে এখন আর আগের মতো পারফরম্যান্স করতে পারছেন না তিনি।
তাতে নড়বড়ে হয়ে পড়েছে তার জায়গা। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেই যেমন দলের চাওয়া পূরণ করতে ব্যর্থ হন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। ২০ ওভারের ক্রিকেটে বাবরের ব্যাটিংয়ের ধরন নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন।
বিশ্বকাপে দল সেমি-ফাইনালে ব্যর্থ হওয়ার পর, প্রবল সমালোচনার শিকার হতে হয় তাকে। প্রবল চাপ নিয়েই এবারের পিএসএল শুরু করেন তিনি। সেখানে নিজেকে মেলে ধরে সমালোচনার কিছুটা হলেও জবাব দিতে পেরেছেন বাবর।
পিএসএলে দুটি সেঞ্চুরি ও তিন ফিফটিতে সর্বোচ্চ ৫৮৮ রান করেন বাবর। স্ট্রাইক রেটেও উন্নতি হয়েছে তার। ১৪৫.৯০ স্ট্রাইক রেটে পিএসএলের আর কোনো আসরে ব্যাটিং করতে দেখা যায়নি তাকে।
৫৮৮ রান করে একটি রেকর্ডও স্পর্শ করেছেন বাবর, প্রতিযোগিতাটির এক আসরে ফাখার জামানের গড়া আগের সর্বোচ্চ রানের কীর্তি; ২০২১-২২ মৌসুমে ১৩ ইনিংসে ৫৮৮ রান করেছিলেন ফাখার।
রোববারের ফাইনালে অবশ্য গোল্ডেন ডাক মারেন বাবর। তবে অ্যারন হার্ডির চমৎকার অলরাউন্ড পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ২০১৭ সালের পর পিএসএলের দ্বিতীয় শিরোপা জেতে পেশাওয়ার।
ফিরে পাওয়া ছন্দ সামনেও ধরে রাখতে মরিয়া বাবর। আর এই ফর্ম কাজে লাগিয়ে দেশের হয়ে সব সংস্করণেই রানের ফোয়ারা ছোটাতে চান তিনি।
পাকিস্তানের হয়ে আলো ছড়ানোর সুযোগ শিগগিরই পাচ্ছেন বাবর। আগামী ৮ মে শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে তাদের দুই ম্যাচের টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের প্রথম ম্যাচ শুরু আগামী শুক্রবার।
সাদা পোশাকে দীর্ঘদিন সেরা চেহারায় নেই বাবর। সবশেষ টেস্ট সেঞ্চুরি পান তিনি ২০২২ সালের ডিসেম্বরে, নিউ জিল্যান্ডের বিপক্ষে। পরের ৩০ ইনিংসে পঞ্চাশই ছুঁতে পারেন কেবল চারবার।
আর ওয়ানডেতে নিজের খেলা সবশেষ সিরিজে অবশ্য একটি সেঞ্চুরি করেছিলেন বাবর। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ওই শতকের আগে তিন অঙ্কের স্বাদ পেয়েছিলেন তিনি ২০২৩ সালে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















