স্প্যানিশ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ একদিনেই নিজেদের স্কোয়াডে যুক্ত করল নতুন দুই খেলোয়াড়। সোমবার (১৪ জুলাই) ক্লাব দুইটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তাদের নতুন চুক্তির কথা।
রক্ষণভাগ শক্তিশালী করতে পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে লেফটব্যাক আলভারো কারেরাসকে ছয় বছরের চুক্তিতে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে কাতালান ক্লাব বার্সেলোনা দলে ভিড়িয়েছে সুইডিশ তরুণ উইঙ্গার রুনি বার্দগিকে, যার সঙ্গে চার বছরের চুক্তি করেছে তারা।
২২ বছর বয়সী আলভারো কারেরাসের পেশাদার ক্যারিয়ারের শুরুটাই হয়েছিল রিয়ালের যুবদল থেকে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড ও গ্রানাডা হয়ে শেষ দুই মৌসুম কাটিয়েছেন বেনফিকায়। প্রিমেইরা লিগে ৩২টি এবং চ্যাম্পিয়ন্স লিগে ১০টি ম্যাচ খেলেছেন এই স্প্যানিশ লেফটব্যাক। দেশের অনূর্ধ্ব-২১ দলের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্সেই নজর কেড়েছেন জাবি আলোনসোর।
রিয়ালের নতুন বস আলোনসো দলে দায়িত্ব নেওয়ার পর ডিফেন্সে বাড়তি গুরুত্ব দিচ্ছেন। এর আগে তিনি সেন্টারব্যাক ডিন হুইজসেন এবং লিভারপুলের তারকা রাইটব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে দলে টেনেছেন। ফারলাঁ মেন্দির ইনজুরি প্রবণতা ও ফ্রান গার্সিয়ার ফর্ম বিবেচনায় এবার লেফট ব্যাক মজবুত করতেই কারেরাসকেই বেছে নিলেন তিনি।
অন্যদিকে সুইডিশ উইঙ্গার রুনি বার্দগিকে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেন থেকে চার বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তির কথা জানিয়েছে ক্লাবটি।
বার্সা তার ট্রান্সফার ফি আনুষ্ঠানিকভাবে না জানালেও ইএসপিএন সূত্র জানিয়েছে, ২.৩৫ মিলিয়ন ডলারের প্রাথমিক চুক্তিতে এই তরুণকে দলে নেওয়া হয়েছে। কোপেনহেগেনের হয়ে ৮৪ ম্যাচে ১৫ গোল ও একটি অ্যাসিস্ট করেছেন বার্দগি। ইতোমধ্যে ডেনিশ লিগ ও দুটি কাপ শিরোপা জিতেছেন। চোটের ধাক্কা কাটিয়ে বার্দগি এখন দুর্দান্ত ফর্মে ফিরেছেন এবং ইউরোপের সম্ভাবনাময় ফরোয়ার্ডদের তালিকায় নিজের নাম লেখাচ্ছেন।
একই দিনে দুই প্রতিদ্বন্দ্বী ক্লাবের এমন চুক্তিতে উত্তাপ ছড়াচ্ছে ট্রান্সফার মার্কেট, দুই ক্লাবের ভক্তদের মধ্যেও আলোচনার ঝড়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















