বিশ্বকাপের নকআউটে কেপ ভার্দেকে নিয়ে বেশ সতর্ক আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপের শেষ বত্রিশে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে এমন কথাই বলেছেন লিওনেল স্কালোনি। রোববার বিশ্বকাপের ‘জে’ গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা।
এই জয়ে গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউপে পা রেখেছে শিরোপাধারীরা। এ ম্যাচেও বদলি নামা অধিনায়ক লিওনেল মেসি গোল করেন। জর্ডানকে হারানোর পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মুখোমুখি হন স্কালোনি।
সেখানে আগামী ৪ জুলাই শেষ বত্রিশের লড়াইয়ে প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে নিজের সতর্ক অবস্থানের কথা তুলে ধরেছেন তিনি। এ বিষয়ে স্কালোনি বলেছেন, ‘তারা ভালো একটি দল। (গ্রুপ পর্বে) নিজেদের তিন প্রতিপক্ষের জন্যই তারা পরিস্থিতি কঠিন করে তুলেছিল। তারা বেশ শক্ত প্রতিপক্ষ। স্পেনের মতো ফেভারিট দল এবং উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে যেমনটা করেছে, আমাদের বিপক্ষেও তারা সেভাবেই কঠিন পরিস্থিতি তৈরি করবে।’
বিশ্বকাপের এবারের আসরে রীতিমতো বড় চমক দেখিয়ে নকআউটে এসেছে অভিষিক্ত কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি তারা, তিনটিই ড্র করেছে। শিরোপার অন্যতম দাবিদার স্পেন, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে এবং সৌদি আরবের মতো দলগুলোর বিপক্ষে দারুণ পারফর্ম করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে তারা।
তবে বিশ্বকাপে এখন পর্যন্ত দলটির খেলা দেখে সতর্ক থাকার কথা জানিয়েছেন স্কালোনি, ‘এই বিশ্বকাপে আমরা যা দেখছি, সেই বিবেচনায় আমাদের সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির, মানসম্পন্ন ও দারুণ একটি দল।’
জর্ডানের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে নয়টি পরিবর্তন আনেন আর্জেন্টিনা কোচ। তা সত্ত্বেও বিরতির আগে লো সেলসো ও লাউতারোর গোলে চালকের আসনে বসে পড়ে তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে জর্ডান একটি গোল শোধ করে লড়াই জমানোর আভাস দিলেও মেসির ফ্রি কিক জালে জড়ালে সব ধোঁয়াশা উড়ে যায়।
শিষ্যদের পারফরম্যান্স নিয়ে স্কালোনি বলেছেন, ‘আজকের ম্যাচটি এমন ছিল যেখানে আমরা কাউকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি এবং (যারা বিশ্রাম পেয়েছে তাদের জায়গায়) ওই পজিশনে খেলতে পারে এমন সম্ভাব্য খেলোয়াড়দের দেখে নিতে পেরেছি।’
উল্লেখ্য’ এবারের বিশ্বকাপেও শিরোপার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা। অবশ্য সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে মেসিরা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











