ইন্টার মিলান ধন্যবাদ জানাতেই পারে উদিনেসকে। সোমবার রাতে জুভেন্টাসকে যে হারিয়ে দিয়েছে এই দলটা। অ্যাওয়ে ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে উদিনেস। এতে করে শিরোপার লড়াইয়ে জুভেন্টাস বেশ পিছিয়ে পড়েছে। চাপ কমেছে ইন্টার মিলানের ওপর। শিরোপা লড়াইয়ে এখন তাদের সামনে পথ অনেকটা পরিস্কার।
জুভেন্টাস এখন ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ইন্টার মিলানের পয়েন্ট ৬০। তারা জুভেন্টাস থেকে একটা ম্যাচ কম খেলেছে। এই হারের ফলে এখন জুভেন্টাসের সামনে দ্বিতীয় স্থান ধরে রাখাও একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসি মিলানের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র ১।
গত শনিবার ইন্টার মিলান ১-০ গোলে রোমাকে হারায়। পরদিন রোববার এসি মিলান একই ব্যবধানে হারায় নাপোলিকে।
উদিনেসের বিপক্ষে স্পষ্ট ফেভারিট ছিল জুভেন্টাস। মাঠেও তাদের আধিপত্য ছিল। কিন্তু ২৫ মিনিটে জুভেন্টাসের রক্ষণভাগের এক ভুলকে কাজে লাগিয়ে উদিনেস খেলায় ব্যবধান গড়ে নেয়। এই ব্যবধান জুভেন্টাস আর দূর করতে পারেনি। দ্বিতীয়ার্ধে জুভেন্টাস গোল পরিশোধে এতটাই মরিয়া হয়ে আক্রমণ চালিয়েছে যে, উদিনেস বলের খুব একটা দেখা পায়নি। তবে রক্ষণভাগের কাজটা ভালোভাবে তারা পালন করেছে।
জুভেন্টাসের জন্য এই হার বড় একটা ধাক্কা। এর আগে উদিনেসকে তারা চারবার হারিয়েছে। এ সময়ে একটা গোলও হজম করেনি। এবার গোল হজম করেছে তবে তা আর শোধ করতে পারেনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















