কবে হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ?

লিওনেল মেসির অবসরের পর নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে আর্জেন্টিনা। উরুগুয়ের বিপক্ষে ২-১ গোলের হার দিয়ে শুরু হয়েছে তাদের নতুন পথচলার পরীক্ষা। এরই মধ্যে ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সম্ভাব্য লড়াই। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের মার্চের ফিফা উইন্ডোতে দেখা যেতে পারে দুই লাতিন পরাশক্তির মহারণ।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটি হলে দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও ব্রাজিল। ২০১৯ সালের পর এই প্রথম প্রীতি ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে দুই দলের।

এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দুই দেশের ফুটবল কর্তৃপক্ষই বড় এই ম্যাচ আয়োজনের বিষয়ে আগ্রহী বলে জানা গেছে। বিশ্বকাপ বাছাইপর্ব এবং যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৮ কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবেও ম্যাচটি গুরুত্বপূর্ণ হতে পারে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের সর্বশেষ প্রীতি ম্যাচটি হয়েছিল ২০১৯ সালের ১৫ নভেম্বর। সৌদি আরবের আল আওয়াল পার্কে অনুষ্ঠিত সেই ম্যাচে লিওনেল মেসির একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সেই ম্যাচের পর থেকে দুই দলের দ্বৈরথে আধিপত্য ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। পরবর্তী চার দেখায় আর্জেন্টিনার জয় তিনটি, অন্য ম্যাচটি হয়েছে ড্র। এই সময়ের মধ্যে কোপা আমেরিকার ফাইনাল এবং মনুমেন্তালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও ব্রাজিলকে হারিয়েছে আর্জেন্টিনা।

তবে ২০২৭ সালের মার্চে সম্ভাব্য এই মহারণ অনুষ্ঠিত হবে কি না, তা নির্ভর করছে চলমান আলোচনার চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। আপাতত তাই আর্জেন্টিনা-ব্রাজিল লড়াইয়ের অপেক্ষায় থাকতে হচ্ছে ফুটবলপ্রেমীদের।

spot_imgspot_img
spot_img

Related Articles