বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এক সিরিজে মুখোমুখি হতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে আগামীকাল। ম্যাচকে সামনে রেখে আজ জোহানেসবার্গে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সেখানে বাংলাদেশের প্রতি নিজেদের শ্রদ্ধা ও সমীহের কথা স্পষ্টভাবেই জানিয়েছেন তিনি।
বাভুমা বলেন, বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না দক্ষিণ আফ্রিকা। বরং প্রতিপক্ষ হিসেবে তাদের যথেষ্ট গুরুত্ব দিচ্ছে দলটি। এ প্রসঙ্গে প্রোটিয়া অধিনায়কের ভাষ্য, ‘হ্যাঁ, আমরা তাদের অনেক সম্মান করছি। আমাদের ব্যাটাররাও বাংলাদেশকে যথেষ্ট সমীহ করে। তারা অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে স্বাগতিকদের চাপে ফেলতে সক্ষম হয়েছিল।’
এদিকে উইকেটে পেসারদের জন্য বাড়তি সুবিধা থাকলেও ম্যাচের শেষ দিকে স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বাভুমা। তার মতে, অতিরিক্ত গরমের কারণে উইকেট শুষ্ক হয়ে উঠতে পারে, যা স্পিনারদের জন্য সহায়ক হবে।
বাভুমা বলেন, ‘এখানে এখন অনেক গরম। ফলে ম্যাচের শেষ দিকে স্পিনাররা কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে। পেসাররা এখানে বরাবরই উইকেটশিকারী হিসেবে কার্যকর। তাই খুব বেশি ভিন্ন কিছু হবে বলে মনে করি না। তবে গরমের কারণে উইকেট বেশি শুষ্ক হয়ে যেতে পারে এবং তখন স্পিনাররা ম্যাচে প্রভাব রাখতে পারে।’
বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি দল হিসেবে আরও উন্নতি করাই দক্ষিণ আফ্রিকার মূল লক্ষ্য বলে জানিয়েছেন অধিনায়ক। বাভুমার মতে, ভবিষ্যতের হিসাব না করে আপাতত সামনের চ্যালেঞ্জেই মনোযোগ দিতে চায় তার দল।
তিনি বলেন, ‘বাংলাদেশ সিরিজে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিজেদের অবস্থান ধরে রাখা এবং একই সঙ্গে দল হিসেবে আরও উন্নতি করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামনে কী আছে সেদিকেই মনোযোগ দেওয়া। আমরা নিজেদের প্রক্রিয়ার ওপর গুরুত্ব দিচ্ছি এবং যে লক্ষ্যগুলো অর্জন করতে চাই, সেগুলো পূরণে কাজ করছি।’


