নেশনস লিগে নরওয়ের কাছে হার ওয়েলসের

নরওয়ের কাছে ৩-১ গোলে হেরে উয়েফা নেশনস লিগের শীর্ষ স্তর থেকে ছিটকে গেছে ওয়েলস। ওসলোতে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুই গোল করে ওয়েলসের স্বপ্নে বড় ধাক্কা দেন আন্তোনিও নুসা ও আন্দ্রেয়াস শেলডারুপ। শেষ দিকে ডেভিড ব্রুকস একটি গোল শোধ করলেও শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে নরওয়ের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড।

এই হারে নেশনস লিগের গ্রুপ এ৪-এ তলানিতে থাকা নিশ্চিত হয়েছে ওয়েলসের। মঙ্গলবার নিজেদের মাঠে পর্তুগালের বিপক্ষে শেষ ম্যাচের ফল যা-ই হোক, গ্রুপের চতুর্থ স্থান থেকে আর ওপরে ওঠার সুযোগ নেই তাদের। ছয় পয়েন্ট নিয়ে ডেনমার্ক ও নরওয়ের সমান হওয়ার সম্ভাবনা থাকলেও দুই দলের বিপক্ষেই মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে ওয়েলস।

ফলে আগামী মার্চে অবনমন এড়াতে প্লে-অফ খেলতে হতে পারে দলটিকে। অন্যদিকে গ্রুপে তৃতীয় কিংবা তার ওপরে থাকতে পারলে ইউরো ২০২৮ বাছাইপর্বে শীর্ষ বাছাইয়ের সুবিধা পাওয়া যেত। তাতে ইউরোপের শক্তিশালী দলগুলোর মুখোমুখি হওয়ার ঝুঁকিও কমত।

ম্যাচের শুরু থেকেই লড়াইয়ে ছিল ওয়েলস। দুই মিনিটের মাথায় হ্যারি উইলসন গোলের সুযোগ পেলেও ব্রেনান জনসনের ক্রস ঠিকমতো কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধে নরওয়ের আক্রমণভাগের প্রাণভোমরা হালান্ডকে অনেকটাই নিষ্ক্রিয় রাখতে সক্ষম হয় সফরকারীরা। বিরতির আগে ড্যানিয়েল জেমসের জোরালো শট ঠেকিয়ে নরওয়েকে রক্ষা করেন গোলরক্ষক এগিল সেলভিক।

নেশনস লিগে নরওয়ের কাছে হার ওয়েলসের
গোলদাতা আর্লিং হালান্ড

দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫৯ মিনিটে কর্নার থেকে আসা বল ওয়েলসের রক্ষণভাগ ঠিকমতো সামলাতে পারেনি। জুলিয়ান রাইয়ারসনের কর্নার থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ শটে জাল খুঁজে নেন নুসা। এরপর ৬৮ মিনিটে হালান্ডের পাস থেকে কাছাকাছি দূরত্বে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বদলি খেলোয়াড় শেলডারুপ।

দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ওয়েলস। দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেছিলেন ইথান আমপাদু। তবে তাঁর প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন সেলভিক। ম্যাচের ৭৯ মিনিটে হ্যারি উইলসনের সঙ্গে দারুণ বোঝাপড়ায় গোল করে ওয়েলসের আশার আলো জ্বালান বদলি খেলোয়াড় ডেভিড ব্রুকস।

নেশনস লিগে হালান্ডের গোলসংখ্যা ২৩

কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমানোই সার হয়েছে ওয়েলসের। ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে বক্সের মধ্যে আন্দ্রেয়াস শেলডারুপকে ফাউল করেন কনর রবার্টস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি হালান্ড। জাতীয় দলের হয়ে ৬০ ম্যাচে এটি তাঁর ৬৬তম গোল। পাশাপাশি নেশনস লিগে নিজের গোলসংখ্যা বাড়িয়ে ২৩-এ নিয়ে যান নরওয়ের এই তারকা।

spot_imgspot_img
spot_img

Related Articles