এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। ৪৬ বছর বয়সে ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে খেলতে নামবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী ফোরলির বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখার কথা নিশ্চিত করেছেন রাভেনার কোচ আন্দ্রেয়া মান্দোরলিনি। মাঠে ফিরেই গোল করার লক্ষ্যও ঠিক করেছেন রোনালদিনহো।
গত জুনে রাভেনা ক্লাবের মালিকানার একটি অংশ কিনে এর সঙ্গে যুক্ত হন সাবেক এই ব্যালন ডি’অরজয়ী ফুটবলার। তবে ২০১৫ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে সর্বশেষ পেশাদার ম্যাচ খেলার পর আবারও তাঁকে মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
রাভেনার কোচ মান্দোরলিনি জানিয়েছেন, ফোরলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই খেলবেন রোনালদিনহো। তবে কতক্ষণ মাঠে থাকবেন, তা দুজনে আলোচনা করে ঠিক করবেন। কোচের ভাষায়, আধুনিক ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড়কে দলের আক্রমণভাগের তিনজনের একজন হিসেবে খেলানো হবে।
শুক্রবার ইতালিতে পৌঁছেছেন রোনালদিনহো। তাঁকে একনজর দেখতে রাভেনার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে দর্শকদের জন্য অস্থায়ী গ্যালারিও তৈরি করা হয়েছে।
ইতালির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পুরোনো দিনের স্মৃতিও তুলে ধরেছেন এই ব্রাজিলিয়ান তারকা। ২০০৮ সালের ২৮ সেপ্টেম্বর ইন্টার মিলানের বিপক্ষে ডার্বি ম্যাচে এসি মিলানের হয়ে প্রথম গোল করেছিলেন তিনি। সেই গোলটি ছিল হেড থেকে, যা তাঁর বিশেষ শক্তির জায়গা নয়।
রোনালদিনহো বলেন, ইতালিতে তাঁর প্রথম গোলটি এসেছিল ডার্বি ম্যাচে। সেটি ছিল বিশেষ এক রাত, যা এসি মিলানের সমর্থকদের মনে থাকার কথা। এবারও ফোরলির বিপক্ষে তেমন কিছু ঘটবে কি না, তা নিয়ে আশাবাদী তিনি।
রোনালদিনহোর ক্যারিয়ারের শেষ অধ্যায় হতে পারে রাভেনার হয়ে এই ম্যাচ। পেশাদার ফুটবলে তাঁর গোলসংখ্যা ৩০০ ছোঁয়ার সুযোগও রয়েছে। ম্যাচে রাভেনা পেনাল্টি পেলে স্পট কিক নেওয়ার দায়িত্বও তাঁকেই দিতে চান সতীর্থ সিমোনে রাব্বি।




