জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। তবে মাঠে নামার আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং এবং মিডল অর্ডারের প্রশংসা করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে মারক্রাম জানান, বাংলাদেশকে কোনোভাবেই হালকাভাবে দেখছে না তার দল। প্রথম ইনিংসে ৪০০ রান করার বিষয়টিকে বাংলাদেশের ভালো ব্যাটিংয়ের প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।
মারক্রাম বলেন, ‘তারা বেশ ভালো ব্যাটিং করেছে। প্রথম ইনিংসে ৪০০ রান করা যেকোনো দলের জন্যই বড় অর্জন। এমন সংগ্রহ দীর্ঘ সময় ম্যাচে টিকে থাকতে সাহায্য করে। মিডল অর্ডারে তাদের একটি বড় জুটি হয়েছিল। সেটি ভাঙার দিকেই আমাদের বিশেষ নজর থাকবে।’
বাংলাদেশের ব্যাটিং জুটি ভাঙতে নিজেদের পরিকল্পনার কথাও জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তবে কৌশল প্রকাশ করতে চাননি তিনি। মারক্রামের ভাষ্য, ‘কীভাবে তাদের জুটি ভাঙব, তা এখনই বলা সম্ভব নয়। তবে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং সেটি মাঠে বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করব। প্রথম টেস্টেও তারা ভালো খেলেছে। কয়েকটি ভালো বোলিং স্পেলও করেছে। বিশেষ করে ওয়ান্ডারার্সে ৪০০ রান করা তাদের জন্য দারুণ প্রচেষ্টা ছিল।’
বাংলাদেশের দুই ব্যাটার তাওহীদ হৃদয় ও লিটন দাসকে নিয়েও বাড়তি সতর্কতা রয়েছে দক্ষিণ আফ্রিকার। হৃদয়ের সাম্প্রতিক পারফরম্যান্স এবং প্রতিভার কথা উল্লেখ করে মারক্রাম বলেন, ‘হৃদয় এখানে ‘এ’ দলের হয়ে খেলেছে এবং সম্ভবত ট্রিপল সেঞ্চুরিও করেছিল। তাই আমরা আগে থেকেই জানতাম, সে অসাধারণ একজন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সম্প্রতি ভালো করেছে সে।’
লিটন ও হৃদয়কে বাংলাদেশের বর্তমান সময়ের অন্যতম ছন্দে থাকা ব্যাটার হিসেবে উল্লেখ করে মারক্রাম আরও বলেন, ‘লিটনের পাশাপাশি হৃদয়ও এখন দলের সবচেয়ে ফর্মে থাকা ব্যাটারদের একজন। তাই এই দুজনের উইকেট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচেও আমরা তাদের হালকাভাবে নিইনি। দ্বিতীয় ম্যাচে দ্রুত তাদের ফিরিয়ে দিতে আমাদের বোলাররা বেশ উজ্জীবিত।’




