যে কারণে পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিল আইসিসি

পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিল আইসিসি ! টেস্ট ক্রিকেটে সময়টা মোটেই ভালো যাচ্ছে না পাকিস্তানের। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার শাস্তির কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও আরও পিছিয়ে পড়েছে দলটি। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে মন্থর ওভার রেটের কারণে পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান ১১ ওভার কম বল করেছে। শাস্তি হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১১ পয়েন্ট হারিয়েছে তারা। একই অপরাধে পাক খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম করার জন্য দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। সর্বোচ্চ জরিমানার পরিমাণ ৫০ শতাংশ। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রতি ওভার কম করার জন্য একটি করে পয়েন্ট কাটা হয়।

আইসিসির ম্যাচ রেফারি রাঞ্জান মাদুগালের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফলে এ বিষয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ইংল্যান্ড সফরেও সাফল্যের মুখ দেখেনি পাকিস্তান। তিন টেস্টের সিরিজে একটি ম্যাচেও হার এড়াতে পারেনি তারা। এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৮ উইকেটে হারের মধ্য দিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ হয়েছে পাকিস্তান।

লিডসে প্রথম টেস্টে হারের পরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আট থেকে নয় নম্বরে নেমে গিয়েছিল পাকিস্তান। এবার ১১ পয়েন্ট হারানোর পর তাদের পয়েন্টের হার দাঁড়িয়েছে মাত্র ৪.৬৩ শতাংশে। তাদের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্টের হার ২০.৮৩ শতাংশ।

আইসিসিতে পাকিস্তানের সামনে কঠিন পথ

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে পাকিস্তানের সামনে এখনো দুটি সিরিজ রয়েছে। নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ২০২৭ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে তারা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী সিরিজ বাংলাদেশের বিপক্ষে, আগামী অক্টোবরেই। চলতি চক্রে এখন পর্যন্ত নয়টি টেস্ট খেলেছে পাকিস্তান। জয় পেয়েছে মাত্র দুটিতে। একের পর এক ব্যর্থতায় দলটিতে পরিবর্তনও এসেছে বড় পরিসরে।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টে ১৯৪ রানে হারের পর মোহাম্মাদ রিজওয়ান, সালমান আলী আগা ও ইমাম-উল-হাকসহ সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠানো হয়। একই সঙ্গে টেস্ট দলের প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মাঠের ব্যর্থতার সঙ্গে এবার পয়েন্ট কাটার শাস্তি পাকিস্তানের টেস্ট পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles