ফ্রান্স জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো স্কোয়াড ঘোষণা করেছেন জিনেদিন জিদান। আর প্রথম দল ঘোষণাতেই বড় চমক দিয়েছেন ফরাসি কিংবদন্তি। উয়েফা নেশন্স লিগের স্কোয়াডে জায়গা দিয়েছেন পাঁচ অনভিষিক্ত ফুটবলারকে।
জিদানের দলে ডাক পাওয়া পাঁচ নতুন মুখ হলেন রেনে স্ট্রাইকার এস্তেবান লেপল, লিভারপুলের সেন্টারব্যাক জেরেমি জ্যাক, কোমোর মিডফিল্ডার লুকাস দ্য কুনহা, ইন্টার মিলানের মিডফিল্ডার অ্যান্ডি ডিওফ এবং তুলুজের গোলরক্ষক গুইলোমে রেস্টেস। নেশন্স লিগেই তাঁদের ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক অভিষেক হতে পারে।
আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্ক, ২৮ সেপ্টেম্বর বেলজিয়াম, ২ অক্টোবর ইতালি এবং ৫ অক্টোবর আবার বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। সেই ম্যাচগুলো সামনে রেখেই ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন জিদান।
১৯৯৮ বিশ্বকাপে ফ্রান্সকে শিরোপা জেতানো জিদান জুলাইয়ে দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হন। দায়িত্ব নেওয়ার পর তাঁর প্রথম স্কোয়াডে অধিনায়ক কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে ও ব্র্যাডলি বারকোলার মতো নিয়মিত মুখেরা আছেন। বিশ্বকাপের দলে জায়গা না পাওয়া এদুয়ার্দো কামাভিঙ্গাকেও ফিরিয়েছেন নতুন কোচ।
তবে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অঁরেলিয়েঁ চুয়ামেনির জায়গা হয়নি এই দলে। এদিকে ৩৫ বছর বয়সী এনগোলো কান্তেকেও এবার ডাকেননি জিদান।
নতুন পাঁচ ফুটবলারকে নিয়ে জিদান বলেছেন, ‘এরা এমন খেলোয়াড়, যারা এখানে থাকার যোগ্য এবং তাদের আমি দেখতে চাই। সবাইকেই কাজে লাগানো হবে। খেলাটাই আমাকে অনুপ্রাণিত করে। আমি এই খেলোয়াড় ও দলটিকে খেলতে দেখতে চাই।’
ছোট স্কোয়াড রাখার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন জিদান। অন্যান্য দলের মতো বড় স্কোয়াড করার পথে হাঁটেননি তিনি।
দলে নতুন মুখদের মধ্যে আলোচনায় আছেন জেরেমি জ্যাক। ২১ বছর বয়সী এই সেন্টারব্যাক চলতি বছর ৮০ মিলিয়ন ডলারে লিভারপুলে যোগ দেন। ২৩ আগস্ট নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২–২ গোলে ড্র ম্যাচ দিয়ে ইংলিশ ক্লাবটির হয়ে অভিষেক হয় তাঁর। এরপর এখন পর্যন্ত মৌসুমের ছয় ম্যাচের সব কটিতেই খেলেছেন তিনি।
এদিকে ৩৮ বছর বয়সী করিম বেনজেমাকে অবসর ভেঙে জাতীয় দলে ফেরানোর সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন জিদান। কান্তের ক্ষেত্রেও তরুণদের সুযোগ দেওয়ার দিকেই জোর দিয়েছেন তিনি। ২০১৮ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডারের প্রশংসা করে জিদান জানিয়েছেন, তাঁর সঙ্গে আলোচনা করেই তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে।


